ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

নাসিরনগরে ইমামের ঘরে দুর্ধর্ষ ডাকাতি, নগদ আড়াই লাখসহ প্রায় ৭ লাখ টাকার মালামাল লুট


নাসিরনগরে ইমামের ঘরে দুর্ধর্ষ ডাকাতি, নগদ আড়াই লাখসহ প্রায় ৭ লাখ টাকার মালামাল লুট

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাপরতলা ইউনিয়নের উড়িয়াইন গ্রামে একটি ইমামের বসতঘরে গভীর রাতে একটি দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা ঘরের তালা ভেঙে নগদ আড়াই লাখ টাকা, স্বর্ণালংকার, কাপড়-চোপড়, ঘরের ফ্যান, ফ্রিজে থাকা মাছ-মাংসসহ প্রায় ৭ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে, এ নিয়ে অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী মাওলানা হাবিবুর রহমান জানিয়েছেন, তিনি চাপরতলা এলাকার একটি মসজিদে ইমামতি করেন। ঘটনার সময় তার পরিবারের সদস্যরা শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়েছিলেন এবং তিনি কর্মস্থলে থাকায় বসতঘরে কেউ ছিলেন না। এই সুযোগে দুর্বৃত্তরা ঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।

মাওলানা হাবিবুর রহমান বলেন, “ডাকাতরা নগদ প্রায় আড়াই লাখ টাকা, স্বর্ণালংকার, কাপড়-চোপড়, ঘরের ফ্যান, এমনকি ফ্রিজে থাকা মাছ-মাংসও নিয়ে গেছে। সব মিলিয়ে প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।”

আরও পড়ুন: সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় মা-মেয়ের প্রাণ গেল পারিবারিক অনুষ্ঠানে যাওয়ার পথে

তিনি আরও বলেন, “মানুষের ঘরবাড়ির নিরাপত্তা কোথায়? আমি প্রশাসনের প্রতি অনুরোধ জানাচ্ছি, দ্রুত তদন্ত করে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হোক এবং লুট হওয়া মালামাল উদ্ধারের ব্যবস্থা করা হোক।”

এই ঘটনায় এলাকায় একটি চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রাও দোষীদের দ্রুত গ্রেপ্তার ও এলাকায় রাতের নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অর্থনীতি পুনরুদ্ধারে এডিপি বড় ভূমিকা রাখে: পরিকল্পনা প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

০৪:৫২ পি.এম


অর্থনীতি পুনরুদ্ধারে এডিপি বড় ভূমিকা রাখে: পরিকল্পনা প্রতিমন্ত্রী

বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নে সরকার অত্যন্ত গুরুত্ব দিচ্ছে, এই কথা জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি। তিনি উল্লেখ করেছেন, অর্থনীতি পুনরুদ্ধারে এবং উন্নতি সঞ্চারে এডিপি একটি বড় ভূমিকা রাখে। যদি এটি সঠিকভাবে করা হয়, তাহলে দেশি এবং বিদেশি নতুন বিনিয়োগের ক্ষেত্র তৈরি হবে।

বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে প্রতিমন্ত্রী সাংবাদিকদের সাথে ব্রিফিংয়ে এ মন্তব্য করেছেন। উক্ত সভা অনুষ্ঠিত হয় প্রধানমন্ত্রী এবং একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে।

সভায় ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকা ব্যয় সংবলিত মোট ৮টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে নতুন প্রকল্প রয়েছে ৩টি এবং সংশোধিত প্রকল্পের সংখ্যা ৫টি।

পরে ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বেশ কিছু প্রকল্পের বিষয়ে সরাসরি তদন্তের নির্দেশ দিয়েছেন। বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) তদন্ত রিপোর্টের ভিত্তিতে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি উল্লেখ করেন, আইএমইডি’র সাম্প্রতিক রিপোর্ট বর্তমানে পরীক্ষা করা হচ্ছে এবং প্রকল্প পরিচালক (পিডি) নিয়োগের নীতিমালার খসড়া নিয়ে আলোচনা চলছে। এগুলো সম্পন্ন হলে একটি পূর্ণাঙ্গ বাস্তবায়ন নির্দেশিকা তৈরি হবে, যা ভবিষ্যতে প্রকল্পগুলোর সুষ্ঠুভাবে পরিচালনায় সাহায্য করবে। নতুন সরকারের বর্তমান মেয়াদে অল্প সময়ের মধ্যে পুরনো কাজের ধারাবাহিকতা বজায় রেখে ইতিবাচক পরিবর্তনের চেষ্টা চালানো হচ্ছে। তবে আইনি বা নীতিগত পরিবর্তন রাতারাতি সম্ভব নয়; সমন্বয়ের মাধ্যমে একটি ভালো পরিবেশ তৈরির কাজ চলছে।

রেট শিডিউল বা দর তালিকা পর্যালোচনা প্রসঙ্গে তিনি বলেন, বিভিন্ন মন্ত্রণালয় বা সংস্থার (যেমন-এলজিইডি, স্বাস্থ্য মন্ত্রণালয়) আলাদা আলাদা রেট শিডিউল রয়েছে, যা প্রকল্পের ব্যয় নির্ধারণে ব্যবহার করা হয়। প্রধানমন্ত্রীর নির্দেশে একটি কমিটি গঠন করা হয়েছে, যেটি ইতিমধ্যে একাধিক বৈঠক করেছে।

খুব অল্প সময়ের মধ্যে এই রেট শিডিউলগুলো পর্যালোচনা করে সাধারণ এবং বিশেষ কাজের জন্য নতুন রেট শিডিউল তৈরি করা হবে, যেন সে অনুযায়ী প্রাক্কলন তৈরি করা যায়।

প্রকল্পে দীর্ঘসূত্রতা ও গাফিলতি প্রসঙ্গে সাকি বলেন, প্রকল্পের দীর্ঘসূত্রতার কারণে বাড়তি অপচয় ঘটে। এর পেছনে সমন্বয় ও জবাবদিহির অভাব এবং দায়িত্বহীনতা কাজ করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘আমি ভালো আছি, আগের পোস্টটি নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে’

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

০৪:৫৬ পি.এম


‘আমি ভালো আছি, আগের পোস্টটি নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে’

 

সামাজিক যোগাযোগমাধ্যমে রহস্যময় একটি পোস্টের পর বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চনের শারীরিক অবস্থা ও হাসপাতালে ভর্তি হওয়ার বিষয়টি নিয়ে ভক্তদের মধ্যে তীব্র উদ্বেগ তৈরি হয়েছিল। তবে, অবশেষে নিজের ব্লগে নতুন একটি পোস্টের মাধ্যমে তিনি সমস্ত গুঞ্জন উড়িয়ে দিয়েছেন এই প্রবীণ অভিনেতা।

তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, তিনি সম্পূর্ণ সুস্থ আছেন, কোনো হাসপাতালে ভর্তি হননি এবং তার কোনো অস্ত্রোপচারও হয়নি। পূর্বে লেখা পোস্টটি কেবল একটি বিষয় বোঝাতে উদাহরণস্বরূপ ছিল, যার কারণে ভুল বোঝাবুঝি হয়েছে।

গত রবিবার ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে পরাজয় ডে আর্জেন্টিনা ট্রফিটি হাতছাড়া করে। লিওনেল মেসির সেই পরাজয়ের পেক্ষিতে অমিতাভ বচ্চন রূপক অর্থে পূর্বের পোস্টটি লিখেছিলেন। বিষয়টি পরিষ্কার করে তিনি জানান, আমি ভালো আছি। আগের পোস্টটি নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে। আমি মাত্র একটি উদাহরণ দিচ্ছিলাম—অস্ত্রোপচার বা আইসিইউ থেকে বাড়ি ফেরার পর শারীরিক ও মানসিক অবস্থা সামলানোই সবচেয়ে কঠিন সময়।

তিনি আরও ব্যাখ্যা করার সময় বলেন, একজন চ্যাম্পিয়ন যখন হেরে যায়, তখন সেই পরাজয়ের পর নিজের মনকে সামলানোই সবচেয়ে কঠিন কাজ। আমি আর্জেন্টিনার পরাজয় এবং মেসি একজন চ্যাম্পিয়ন থাকা সত্ত্বেও হেরে যাওয়ার ব্যাপারটিকে উদ্ধৃত করেছিলাম। তবে মানুষ ভুল বোঝে ধরে নিয়েছে যে এটি ছিল আমার শারীরিক অবস্থার বিষয়। প্রত্যেক চ্যাম্পিয়নের জানা উচিত যে, সময়ের সঙ্গে সঙ্গে নতুন আরেকজন চ্যাম্পিয়ন উঠে আসে।

গত পোস্টের ব্যাখ্যা তুলে ধরে অমিতাভ আরও লিখেছেন, কোনো চ্যাম্পিয়নের পক্ষে এটা মেনে নেওয়া কঠিন যে অন্য কেউ তার স্থান দখল করেছে, কিন্তু এটাই জীবনের বাস্তবতা। কেউ যদি কোনো সমস্যা নিয়ে হাসপাতালে যায়, সেখান থেকে চিকিৎসা বা অস্ত্রোপচারের পর শরীর হয়তো সেরে আসে, কিন্তু পরবর্তীতে শরীরকে আগের অবস্থায় ফিরিয়ে নেওয়ার লড়াইটাই আসল পরীক্ষা। তবে একজন খাঁটি চ্যাম্পিয়ন আবার ফিরে আসে এবং নিজেকে পুনরুদ্ধারের জন্য লড়াই চালায়।

উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই অমিতাভের একের পর এক ব্লগ পোস্ট এবং এক্স-এর (সাবেক টুইটার) খুদে বার্তাকে কেন্দ্র করে তার ভক্তদের মনে শঙ্কা উদ্রেক হয়েছিল। সেই উদ্বেগের অবসান ঘটিয়ে এই বলিউড কিংবদন্তি স্পষ্ট করলেন যে তিনি একেবারেই সুস্থ রয়েছেন। তিনি শীঘ্রই বহুল জনপ্রিয় গেম শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’-র নতুন সিজন নিয়ে পর্দায় হাজির হতে যাচ্ছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইতালিতে ভাইয়ের হাতে ভাই খুন: আড়াই মাস পর দেশে ফিরল নয়নের মরদেহ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

০৫:০০ পি.এম


ইতালিতে ভাইয়ের হাতে ভাই খুন: আড়াই মাস পর দেশে ফিরল নয়নের মরদেহ

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার সোনারং ইউনিয়নের দক্ষিণ বেতকা এলাকা থেকে প্রবাসী যুবক নয়ন ফকির (২৫) ইতালিতে তার বড় ভাইয়ের হাতে নিহত হওয়ার প্রায় আড়াই মাস পর অবশেষে তার মরদেহ দেশে পৌঁছেছে। আজ বুধবার সকাল ১০টার দিকে নয়ন ফকিরের মরদেহ বাংলাদেশে আসে। পরে দুপুর ২টার দিকে টঙ্গীবাড়ী উপজেলার সোনারং ইউনিয়নের দক্ষিণ বেতকা ঈদগাহ কবরস্থানে জানাজা শেষে তাকে দাফন করা হয়। জানা যায়, গত ৩০ এপ্রিল ইতালির লেইজ শহরে পারিবারিক ও আর্থিক বিরোধের কারণে বড় ভাই হুমায়ুন ফকির (৩০) ছোট ভাই নয়ন ফকিরকে হত্যা করেন। হত্যাকাণ্ডের ঘটনার পর অভিযুক্ত হুমায়ুন ফকির ভিডিও কলে পরিবারের সদস্যদের কাছে হত্যার দায় স্বীকার করেন। স্থানীয় সূত্রে জানা গেছে, দুই ভাইয়ের মধ্যে দীর্ঘ সময় ধরে পারিবারিক কলহ, টাকাপয়সার লেনদেন এবং দ্বিতীয় বিয়ে-সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলছিল। এসব বিরোধের ফলস্বরূপ এ হত্যাকাণ্ড ঘটে বলে ধারণা করা হচ্ছে। উল্লেখ্য, হুমায়ুন ফকির স্থানীয় দেলোয়ার ফকিরের (৫৫) ছেলে। ঘটনাটির সংবাদ পেয়ে ইতালির স্থানীয় পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত হুমায়ুন ফকিরকে গ্রেফতার করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভাণ্ডারিয়ায় পূবালী ব্যাংকের উদ্যোগে ক্যাশলেস কাউন্টার উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

০৫:০১ পি.এম


ভাণ্ডারিয়ায় পূবালী ব্যাংকের উদ্যোগে ক্যাশলেস কাউন্টার উদ্বোধন

পিরোজপুরের ভাণ্ডারিয়ায়, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় এবং পূবালী ব্যাংক পিএলসি, ভাণ্ডারিয়া শাখার উদ্যোগে 'ক্যাশলেস ভাণ্ডারিয়া বাজার' গঠনের উদ্দ্যেশ্যে ভাণ্ডারিয়া ক্যাশলেস কাউন্টারের শুভ উদ্বোধন করা হয়েছে।

এই উপলক্ষে সকালে 'এক দেশ এক ছজ, লেনদেনে ইঅঘএখঅ ছজ' প্রতিপাদ্য নিয়ে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি ভাণ্ডারিয়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে, স্থানীয় সুপারি পট্টি এলাকায় এসে এক আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক পিএলসি ভাণ্ডারিয়া শাখার ব্যবস্থাপক মো. সোহরাব হোসেন। সভায় বক্তব্য রাখেন গ্রাহক ও ব্যবসায়ী নেতা মাসুদ রানা পলাশ, আলহাজ্ব বাদশা জোমাদ্দার, আব্দুস সালাম খোন্দকার, মো. মোশারেফ হোসেন সিকদার, মো. শহিদুল্লাহ তালুকদার, এবং ব্যাংকের ক্যাশ ইনচার্জ চন্দন কুমার বিশ্বাস সহ স্থানীয় অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা সভা শেষে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এর পর, ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে ক্যাশলেস কাউন্টারের উদ্বোধন করা হয়। ডিজিটাল ও ক্যাশলেস বাংলাদেশ গড়ার লক্ষ্যে আয়োজনের শেষ পর্যায়ে উপস্থিত শতাধিক ব্যবসায়ী ও গ্রাহকের মাঝে 'বাংলা কিউ.আর' ক্রেস্ট বিতরণ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%