১০:৩২ এম
নাজমুল হোসেন বিষয়টি মনের মধ্যে চেপে রেখেছিলেন। সংবাদমাধ্যমে বিষয়টি সামনে আসার পূর্বে ক্রিকেটারদের নিজেদের আলোচনায় অবশ্য টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের সমীকরণ উঠে এসেছিল।
তবে প্রকাশ্যে নিজেদের ভাবনা কিংবা প্রত্যাশার কথা বলার ক্ষেত্রে কেউ সেভাবে আগ্রহী ছিলেন না। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজপূর্ব সংবাদ সম্মেলনে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার পথে এই সিরিজের গুরুত্ব নিয়ে প্রশ্ন উঠেছিল। নাজমুলের উত্তর ছিল, তাঁরা প্রতিটি ম্যাচ ধরে এগোতে চান। যদিও ফাইনালের চাপ স্বীকার না করলেও বাস্তবতা ছিল ভিন্ন।
নাজমুলদের মাথায় ততদিনে ফাইনালের একটি ছবি আঁকা হয়ে গিয়েছিল। সেই স্বপ্ন পূরণের পথে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই যেকোনো মূল্যে দুটি টেস্টই জিততে চেয়েছিল বাংলাদেশ। সেই লক্ষ্য পূরণের তাড়নায় টিম ম্যানেজমেন্ট নিজেদের চেনা পথ থেকে সরে আসে।
আরও পড়ুন: বদরুন্নেসা কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত
সাফল্যের যে রেসিপি ধরে চলতি টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে এগোচ্ছিল বাংলাদেশ, সেটি বাদ দিয়ে পুরনো স্পিন সহায়ক উইকেটের পথে হাঁটা সেটিরই ধারাবাহিকতা। মিরপুরে সেই পরিকল্পনা কাজে আসেনি। বরং নিজেদের ফাঁদে নিজেরাই আটকে যায় বাংলাদেশ।
মিরপুরের ধাক্কা সামলে সিলেটে ঘুরে দাঁড়ানোর সুযোগ ছিল। কিন্তু সেখানেও ছবিটা বদলায়নি। বরাবরই পেসারদের সহায়ক হিসেবে পরিচিত সিলেটের উইকেটেও স্পিননির্ভর ক্রিকেট খেলতে চেয়েছিল বাংলাদেশ। পরিকল্পনা ছিল, ম্যাচের শেষ দুই দিনে স্পিনাররা হয়ে উঠবেন মূল অস্ত্র। কিন্তু বাস্তবে দেখা গেল উল্টো চিত্র। স্পিনের সেই প্রত্যাশিত ঘূর্ণি তো মিললই না, বরং ব্যাটাররাই শিরোনাম হয়েছেন। উইকেটের চরিত্র নিয়ে অবশ্য অনুযোগ ছিল বাংলাদেশ দলের। তাতে অবশ্য দুই টেস্টের সিরিজের পরিকল্পনার ঘাটতি ও ব্যর্থতা আড়াল হচ্ছে না।
অথচ এত দিন তিন সংস্করণের মধ্যে টেস্ট দলের পরিকল্পনা ও দল নিয়ে সবচেয়ে পরিষ্কার অবস্থানে থাকার কথাই শোনা গিয়েছিল টিম ম্যানেজমেন্টের কাছ থেকে। তাহলে হঠাৎ এমন ছন্দঃপতন কেন? উত্তর খুঁজতে গিয়ে সামনে আসছে পুরনো এক দুর্বলতা—চাপ সামলাতে না পারা। টিম ম্যানেজমেন্টের এক সদস্য যেমনটা বলছিলেন, ‘ফাইনালের ভূতটাই ক্রিকেটারদের মাথায় জেঁকে বসেছিল। সেই চাপটা হয়তো ওরা নিতে পারেনি। চারদিকে এটা নিয়ে এত আলোচনা হয়েছে যে জেতার জন্য ওরা অনেক বেশি মরিয়া হয়ে গিয়েছিল। সেটা ওদের নিয়মিত ছন্দ থেকে পিছিয়ে দিয়েছে।’
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ শুরুর আগে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের চারে ছিল বাংলাদেশ। সমীকরণটা এমন ছিল যে বাকি ছয় টেস্টের অন্তত চারটিতে জিততে পারলেই ফাইনাল খেলার সুযোগ থাকবে। সেই পথে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজটি ছিল স্বপ্নের বাতিঘর। অথচ সেই সিরিজই হেরে বসে আছে বাংলাদেশ। ফাইনালের স্বপ্ন পূরণের তাড়না শেষ পর্যন্ত দলকে বাস্তবতা থেকে কতটা দূরে সরিয়ে দিয়েছিল, এখন সেই প্রশ্নই বড় হয়ে উঠছে।
আরও পড়ুন: সোহান: মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা ও উদ্বেগ বাড়ছে
শুধু ফাইনালের হিসাব নয়, এর আগে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ড্রয়ের পর তৈরি হওয়া নেতিবাচক আলোচনাও দলের ওপর প্রভাব ফেলেছে বলে মনে করছেন দলসংশ্লিষ্ট ব্যক্তিরা। এক নির্বাচকের ভাবনা অন্তত তেমনই, ‘আফগানিস্তানের বিপক্ষে টেস্টটার পর এত বেশি নেতিবাচক আলোচনা হয়েছে যে সেটা মনোযোগে ব্যাঘাত ঘটিয়েছে, যা ক্রিকেটারদের ম্যাচ জিততে অতিরিক্ত মরিয়া করে তুলেছিল।’
কিন্তু প্রশ্ন হচ্ছে, আন্তর্জাতিক ক্রিকেটে চাপ তো থাকবেই। বিশেষ করে যখন সামনে থাকে বড় কোনো অর্জনের হাতছানি, তখন সেই চাপ আরো বাড়বে এটাই স্বাভাবিক। সেই চাপকে সঙ্গী করে এগিয়ে যাওয়ার মানসিকতা কি এখনো তৈরি করতে পারেনি বাংলাদেশ? বাড়তি কিছু করার চেষ্টায় নিজেদের স্বাভাবিক ক্রিকেটটাই যেন হারিয়ে ফেলেছিল বাংলাদেশ।
অধিনায়ক নাজমুলের ক্ষেত্রেও বিষয়টি স্পষ্ট। চলতি টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে বাংলাদেশের সাফল্যের অন্যতম কারিগর হিসেবে বিবেচিত হয়েছে তাঁর বিচক্ষণ নেতৃত্ব ও দৃঢ়তা। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ সিরিজে সেই পরিচিত নাজমুলকে খুঁজে পাওয়া যায়নি। মাঠে তাঁর সিদ্ধান্তে কখনো কখনো বাড়তি চেষ্টা চোখে পড়েছে। অথচ পরিস্থিতির দাবি ছিল, ঠাণ্ডা মাথায় পরিকল্পনা বাস্তবায়ন। অধিনায়কত্বের পাশাপাশি ব্যাট হাতেও দলকে ভরসা দিতে পারেননি তিনি। মিরপুরে দলের সবচেয়ে প্রয়োজনের মুহূর্তে ব্যর্থ হয়েছেন, সিলেটেও ব্যাটিং সহায়ক উইকেটে তাঁর ব্যাট কথা বলেনি। জেঁকে বসা চাপ হয়তো অধিনায়ককেও গ্রাস করেছিল!
আরও পড়ুন: চোট কাটিয়ে ভারতের বিপক্ষে ফিরলেন রাচিন-কনওয়ে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন