ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

তানোরে জমিজমা নিয়ে ছোটভাইয়ের আঘাতে বড়ভাইয়ের দাঁত ভাঙলেন, থানায় এজাহার


তানোরে জমিজমা নিয়ে ছোটভাইয়ের আঘাতে বড়ভাইয়ের দাঁত ভাঙলেন, থানায় এজাহার

রাজশাহীর তানোরে জমিজমা এবং পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে ছোটভাইয়ের বাঁশের খ্যাট্যার (বাঁশের লাঠি বা ফালি) আঘাতে বড়ভাইয়ের দুটি দাঁত ভেঙে যাওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভুক্তভোগী বড়ভাইয়ের ছেলে শামীম উদ্দিন (৩১) বাদী হয়ে ৮ জন নামধারীকে আসামী করে বৃহস্পতিবার ৮ অক্টোবর তানোর থানায় একটি লিখিত এহাজার দাখিল করেছেন।

এলাকাবাসী এবং এজাহার সূত্রে জানা যায়, তানোর পৌরসভার গোকুল গ্রামের বাসিন্দা নইমুদ্দিন ও তার ছোটভাই জফিরসহ তাদের চার ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা এবং পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় গত ১৬ সেপ্টেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে নইমুদ্দিনের বসত-বাড়ির উত্তর পার্শ্বে ভোগ-দখলীয় জমিতে অনধিকার প্রবেশ করে নীম গাছের ডাল কাটতে থাকে জফির মন্ডল ও তার অনুসারীরা। সেই সময় নীম গাছের ডাল কাটতে বাধা দিলে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। পরে এক পর্যায়ে জফিরসহ তার পক্ষের লোকজন নইমুদ্দিনের উপর হামলা চালায়। এতে তার দুটি দাঁত ভেঙে যায়।

নইমুদ্দিনের পুত্র শামীম উদ্দিন বলেন, "ঘটনার সময় আসামী জইমদ্দীন মন্ডলের হুকুমে জফির মন্ডল তার হাতে থাকা বাঁশের খ্যাট্যা দিয়ে আমার পিতাকে হত্যার উদ্দেশ্যে স্বজোরে মাথা বরাবর আঘাত করে। এসময় আমার পিতা মাথা সরিয়ে নেয়। ফলে উক্ত আঘাতটি আমার পিতার মুখে লেগে নিচের পাটির সামনের দুইটি দাঁত ভেঙ্গে মাটিতে পড়ে যায় ও গুরুতর রক্তাক্ত জখম হয়।"

আরও পড়ুন: টাইব্রেকারের রোমাঞ্চে চ্যাম্পিয়ন দ্বীপ স্পোর্টিং রয়েলস, জমজমাট আয়োজনে শেষ হলো ফুটসাল টুর্নামেন্ট–২০২৬

শামীম উদ্দিন তার এজাহারে উল্লেখ করেন, "আমার ছোট মা মোসা. রোকেয়া পিতাকে রক্ষার জন্য এগিয়ে গেলে মো. সুজন ছোট মাকে এলোপাথাড়িভাবে মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে ফোলা ও কালশিরা জখম করে। এছাড়াও আশিক রানা সজিব আমার ছোট মায়ের পরণের কাপড় চোপড় টানা হেঁচড়ায় বিবস্ত্র করে শ্লীলতাহানি ঘটায়।"

এসময় আমার পিতা ও ছোট মায়ের ডাক-চিৎকারে আমার প্রতিবন্ধী ভাই মো. আল-আমিন ঘটনাস্থলে এগিয়ে গেলে আশিক রানা সজিব নীম গাছের ডালদ্বারা এলোপাথাড়ি মারপিট করে। আমি আমার প্রতিবন্ধী ভাইকে রক্ষার করার জন্য এগিয়ে গেলে আসামী জইমদ্দীন মন্ডল ও চাম্পা বাঁশের লাঠি ও লোহার রডদ্বারা এলোপাথাড়ি মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে ফোলা, ছিলা ও কালশিরা জখম করে।

জফির মন্ডল এ বিষয়ে বলেন, "এক নীম গাছের ডাল কাটা নিয়ে তাদের ভাইদের মধ্যে দ্বন্দ্বের জের ধরে উভয়ের মধ্যে মারামারি হয়। এতে আমার ভাতিজা সুজন ও আমার ভাবী রওশনারা আহত হয়। এঘটনায় আমার ভাতিজা আশিক রানা বাদী হয়ে থানায় মামলা করে। তবে, মারামারির সময় নইমুদ্দিনের মুখে আঘাত পেয়ে তার দাঁত নাকি ভেঙ্গে গেছে শুনেছি।"

এ বিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহামুদল হাসান বলেন, "একই পারিবারের মধ্যে জমিজমা নিয়ে দ্বন্দ্বে একপক্ষের অভিযোগে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। আরেক পক্ষের অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবসস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন: চরফ্যাশন রেসিডেন্সিয়াল মডেল কলেজে নবীনবরণ অনুষ্ঠিত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এআই ব্যবহারে নিয়ন্ত্রণ চায় বাংলাদেশ, ইউনেস্কোকে উদ্যোগ নিতে আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

১১:৩১ পি.এম


এআই ব্যবহারে নিয়ন্ত্রণ চায় বাংলাদেশ, ইউনেস্কোকে উদ্যোগ নিতে আহ্বান

বাংলাদেশ ইউনেস্কোর প্রতি আহ্বান জানিয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবস্থার দ্রুত পরিবর্তনের সঙ্গে তাল মেলাতে কার্যকর কৌশল গ্রহণের জন্য। একই সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থ সুরক্ষায় সংস্থাটির কার্যক্রমের আওতায় এআই ব্যবহারে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার প্রয়োজনীয় প্রক্রিয়া শুরুর বিষয়টি বিবেচনা করার আহ্বান জানানো হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) ফ্রান্সের প্যারিসে ইউনেস্কোর সদর দপ্তরে সংস্থাটির নির্বাহী বোর্ডের ২২৫তম অধিবেশনে বাংলাদেশের জাতীয় বিবৃতি উপস্থাপনকালে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক এই আহ্বান জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন ইউনেস্কো নির্বাহী বোর্ডের সভাপতি কাতারের নাসের বিন হামাদ আল হিনজাব।

বিবৃতিতে শিক্ষা সচিব উল্লেখ করেন, কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর ব্যবস্থার দ্রুত পরিবর্তনের সঙ্গে তাল মেলাতে ইউনেস্কোকে কার্যকর ও সময়োপযোগী কৌশল গ্রহণ করতে হবে। পাশাপাশি, ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থ রক্ষায় সংস্থাটির কর্মপরিধির মধ্যে এআই ব্যবহারের নিয়ন্ত্রণ প্রক্রিয়া শুরুর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।

বাংলাদেশের শিক্ষা খাতের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে আবদুল খালেক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার শিক্ষার পথে বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করতে বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণ করছে। শিক্ষার্থীদের বিদ্যালয়ে ভর্তির হার বাড়ানো এবং প্রাথমিক স্তর থেকেই তাদের নিয়মিত উপস্থিতি ও পড়াশোনা অব্যাহত রাখা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার।

জাতীয় শিক্ষাক্রমে খেলাধুলা অন্তর্ভুক্ত করার উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি। শিক্ষা সচিব বলেন, আধুনিক শিক্ষার লক্ষ্য কেবল পাঠ্যবইয়ের জ্ঞান অর্জন নয়; বরং শিক্ষার্থীদের বহুমাত্রিক গুণাবলিসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলা। এ লক্ষ্য সামনে রেখে জাতীয় শিক্ষাক্রমে ক্রীড়াকে আনুষ্ঠানিক বিষয় হিসেবে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি জানান, ইতোমধ্যে দেশব্যাপী যুব ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে ২০ লাখের বেশি শিক্ষার্থীকে সম্পৃক্ত করা সম্ভব হয়েছে।

শিক্ষা সচিব আরও বলেন, মাতৃভাষার গুরুত্ব বজায় রেখে বহুভাষিক শিক্ষার প্রসার এবং প্রাথমিক শিক্ষার ভিত্তি শক্তিশালী করার ওপর গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ। পাশাপাশি, শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করা এবং প্রয়োজনীয় সামাজিক সহায়তা দেওয়াও সরকারের অগ্রাধিকারের মধ্যে রয়েছে।

জলবায়ু পরিবর্তনের কারণে ঝুঁকিতে থাকা অঞ্চলের শিক্ষার্থীদের জন্য অন্তর্ভুক্তিমূলক শিক্ষার সুযোগ নিশ্চিত করার বিষয়েও গুরুত্বারোপ করেন আবদুল খালেক। তিনি বলেন, বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীর শিক্ষার্থীরা যাতে শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত না হয়, সে জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।

এ ছাড়া কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণের পরিসর বাড়ানো এবং বিনামূল্যে শিক্ষার সুযোগ সম্প্রসারণের মাধ্যমে নারীর ক্ষমতায়নেও বাংলাদেশ বিশেষ গুরুত্ব দিচ্ছে বলে জানান তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ছুটি ছাড়াই একটানা তিনদিন অফিসে অনুপস্থিত ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা মকদুবুল হক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

১১:৩১ পি.এম


ছুটি ছাড়াই একটানা তিনদিন অফিসে অনুপস্থিত ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা মকদুবুল হক

রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ খাদ্য গোডাউনের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, তিনি ছুটি না নিয়ে একটানা তিনদিন অফিসে অনুপস্থিত রয়েছেন।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে সরেজমিনে ভবানীগঞ্জ খাদ্য গোডাউনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মকদুবুল হক বিশ্বাসের অফিসে গিয়ে দেখা যায়, সেখানে অনুপস্থিতির এমন চিত্র। অফিসের মূল গেটে তালা ঝুলছে এবং প্রায় পৌনে এক ঘন্টা অপেক্ষা করার পরও কাউকে খুঁজে পাওয়া যায়নি। খাদ্য অধিদপ্তরের মত গুরুত্বপূর্ণ দপ্তরে এই অবস্থায় স্থানীয়রা হতভম্ব হয়ে পড়েছেন।

অভিযোগ রয়েছে যে, মকদুবুল হক বিশ্বাস প্রায় প্রতি সপ্তাহে বুধবার দুপুরের পর ছুটি ছাড়াই বাড়িতে চলে যান। ছুটি শেষে সপ্তাহের প্রথম দিন রোববার দেরিতে অফিসে আসেন। এর ফলে খাদ্য বিভাগের গুরুত্বপূর্ণ কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং অনিয়ম ও দুর্নীতির সুযোগ তৈরি হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্র জানাচ্ছে, বাগমারা উপজেলার ভবানীগঞ্জ খাদ্য গোডাউনের ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে মকদুবুল হক বিশ্বাস কর্মরত রয়েছেন। তবে স্থানীয়দের দাবি, তিনি অধিকাংশ সময় অফিসে ঠিকমত অবস্থান করেন না। অভিযোগ অনুযায়ী, গত সোমবার অফিস শেষে তিনি ছুটি না নিয়ে চলে যান এবং বৃহস্পতিবার পর্যন্ত একটানা তিনদিন কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। কর্মকর্তার অনুপস্থিতির কারণে কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি ব্যাহত হচ্ছে এবং অনিয়মের আশঙ্কা তৈরি হয়েছে। স্থানীয়দের দাবি, বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হলে খাদ্য বিভাগের কার্যক্রমে শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত হবে।

ছুটি না নেওয়ার বিষয়টি স্বীকার করে ভবানীগঞ্জ খাদ্য গোডাউনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মকদুবুল হক বিশ্বাস বলেন, "পারিবারিক সমস্যা ও অসুস্থতার কারণে ছুটি ছাড়াই বাড়িতে আসতে হয়েছে। আর কিছু জানার থাকলে আমার উধ্বর্তন কতৃপক্ষের সাথে কথা বলতে পারেন।"

এ বিষয়ে অতিরিক্ত দায়িত্বে থাকা বাগমারা উপজেলার খাদ্য নিয়ন্ত্রক মো: নুরুন্নবী জানান, "ভবানীগঞ্জ খাদ্য গোডাউনের ভারপ্রাপ্ত কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত থাকার বিষয়টি আমার জানা নেই। তিনি আমার কাছ থেকে ছুটি নেয়নি। বিষয়টি উধ্বতর্ন কতৃপক্ষের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"

রাজশাহী জেলা খাদ্য নিয়ন্ত্রক মো: এহসানুল হক যখন যোগাযোগ করলে, তিনি ছুটি না নেওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, "ছুটি না নিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা মকদুবুল হক বিশ্বাস বাড়িতে চলে গিয়েছে। কর্মস্থলে যোগদানের পর আবেদন করে ছুটি নিবেন।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

১১:৩১ পি.এম


শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়

জরুরি রক্ষণাবেক্ষণ ও নির্মাণকাজের কারণে শনিবার (১০ অক্টোবর) রাজশাহী ও বগুড়ার কিছু এলাকায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) বগুড়ার বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এবং নেসকো রাজশাহীর বিমানবন্দর বিক্রয় ও বিতরণ বিভাগ থেকে পৃথক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

শনিবার বগুড়ার বেশ কিছু এলাকায় টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না।

নেসকো বগুড়ার বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জাহাঙ্গীরাবাদ ক্যান্টনমেন্ট সংলগ্ন সাসেক প্রকল্পের আওতায় ফুটওভার ব্রিজ নির্মাণের জন্য নেসকো বগুড়ার বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর আওতাধীন ৩৩ কেভি রহমান নগর এবং ৩৩ কেভি বনানী ফিডারসমূহ শাটডাউন করা হবে। আগামী ১০ অক্টোবর সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মোট ১০ ঘণ্টা এই দুই ফিডারের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, জরুরি নির্মাণকাজের জন্য বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখার জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে এবং সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের সহযোগিতা কামনা করা হয়েছে।

অন্যদিকে, শনিবার রাজশাহীর কিছু এলাকায় পর্যায়ক্রমে সাড়ে ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না।

নেসকো রাজশাহীর বিমানবন্দর বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে জানানো হয়েছে, আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিদ্যুৎ লাইনের নিকটবর্তী গাছের শাখা-প্রশাখা কর্তনের জন্য নেসকো রাজশাহীর ১১ কেভি বাগধানী ফিডারের আওতাধীন দুয়ারি, কুমড়াপুকুর ও বাগসারা এলাকায় শনিবার সকাল সাড়ে ৭টা থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত মোট ৩ ঘণ্টা এবং তেঘর থেকে বাগধানী এলাকা পর্যন্ত সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত মোট সাড়ে ৩ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

যদি নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হয়, তবে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ সচল করা হবে।

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে সাময়িক এই অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে নেসকো কর্তৃপক্ষ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আম ব্যবসায়ীদের ওপর হামলা, জড়িতদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

১১:৩২ পি.এম


আম ব্যবসায়ীদের ওপর হামলা, জড়িতদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আম ব্যবসায়ীদের ওপর হামলার ঘটনার পর, জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন উপজেলার চারটি আম ব্যবসায়ী সংগঠনের নেতারা। একই সঙ্গে, রহনপুর রেলস্টেশনসংলগ্ন কেডিসি পাড়া (শান্তিপাড়া) এলাকায় মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধ এবং অবৈধ বস্তি উচ্ছেদের দাবি জানানো হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) সকালে রহনপুর রেলস্টেশন আমবাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি উত্থাপন করা হয়। মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধ এবং বস্তি উচ্ছেদের দাবিতে আন্দোলনরত চারটি আম ব্যবসায়ী সংগঠন যৌথভাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আম ব্যবসায়ী উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক আতাউর রহমান বাবু। বক্তব্যে, তিনি আম ব্যবসায়ীদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি, কেডিসি পাড়া এলাকায় মাদক কারবার ও অসামাজিক কার্যকলাপ বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আসাদুল্লাহ আহমদ, তারিক আহমদ ও আশরাফুল ইসলাম, জামায়াত নেতা তরিকুল ইসলাম বকুল, রহনপুর আম আড়তদার সমবায় সমিতির সভাপতি শামীম রেজা ও সাধারণ সম্পাদক নাসিরউদ্দীন, রহনপুর আমচাষি সমিতির সহসভাপতি মজিবুর রহমান ও সাধারণ সম্পাদক আবু তালেব, ব্যবসায়ী নেতা আশরাফুল ইসলাম আশরাফ, আম ব্যবসায়ী আনোয়ার হোসেন ও হাবিবুর রহমান হবি, আম আড়তদার বহুমুখী সমিতির সভাপতি আকবর আলী ও সাধারণ সম্পাদক আরিফ রেজাসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা।

প্রসঙ্গত, গত মঙ্গলবার রাতে রহনপুর বিজিবি ক্যাম্পের সামনে কেডিসি পাড়া এলাকায় আম ব্যবসায়ীদের ওপর হামলার ঘটনা ঘটে। এ হামলায় পাঁচজন আম ব্যবসায়ী আহত হন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। হামলার পর, জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার এবং এলাকায় মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে সরব হয়েছেন আম ব্যবসায়ী সংগঠনের নেতারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%