ঢাকা মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৫শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ইং ২৫শে কার্তিক, ১৪৩২বাং

সোরিয়াসিস ছোঁয়াচে রোগ নয়, চিকিৎসার মাধ্যমে নিয়ন্ত্রণ সম্ভব: অধ্যাপক ডা. এফএম সিদ্দিকী


সোরিয়াসিস ছোঁয়াচে রোগ নয়, চিকিৎসার মাধ্যমে নিয়ন্ত্রণ সম্ভব: অধ্যাপক ডা. এফএম সিদ্দিকী

‘ত্বকের গণ্ডি পেরিয়ে মানুষটিকে দেখুন’ বা ‘লুক বিয়ন্ড মাই স্কিন’ এই প্রতিপাদ্য নিয়ে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) বিশ্ব সোরিয়াসিস দিবস-২০২৭ উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার, দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে সোরিয়াসিস অ্যাওয়ারনেস ক্লাব এবং বাংলাদেশ ডার্মাটোলজিস্ট সোসাইটির উদ্যোগে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক শোভাযাত্রার আয়োজন করা হয়। পরে সুপার স্পেশালাইজড হাসপাতালের লেকচার হল ৫০৭-এ একটি বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়।

শোভাযাত্রার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফএম সিদ্দিকী। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে শুরু হয়ে টিএসসি প্রদক্ষিণ করে ডি-ব্লকের পাশ দিয়ে সি-ব্লক ও কেবিন ব্লক হয়ে সুপার স্পেশালাইজড হাসপাতালে গিয়ে শেষ হয়। এতে বিশ্ববিদ্যালয়ের চর্ম ও যৌনরোগ বিভাগের বিভিন্ন পর্যায়ের শিক্ষক, চিকিৎসক, রেসিডেন্ট, কর্মকর্তা, নার্স ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।

আরও পড়ুন: শিল্পাঞ্চলে শ্রমিকদের জন্য ছয়টি ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল নির্মিত হবে: প্রধানমন্ত্রী

প্রধান অতিথির উদ্বোধনী বক্তব্যে অধ্যাপক ডা. এফএম সিদ্দিকী বলেন, সোরিয়াসিস একটি দৃশ্যমান ত্বকের রোগ। এই রোগে আক্রান্ত রোগীদের কাছ থেকে নিকটাত্মীয়, পরিবারের সদস্য, সমাজ বা কর্মক্ষেত্রের মানুষ অনেক সময় দূরে থাকতে চান। সোরিয়াসিস অ্যাওয়ারনেস ক্লাবের উদ্দেশ্য হচ্ছে মানুষকে সচেতন করা। এই রোগ কখনোই ছোঁয়াচে নয়। আক্রান্ত ব্যক্তিদের সঙ্গে এমন কোনো আচরণ করা উচিত নয়, যাতে তাঁরা নিজেদের বিচ্ছিন্ন বা অবহেলিত মনে করেন।

অধ্যাপক ডা. এফএম সিদ্দিকী আরও বলেন, এ রোগের একটি গুরুত্বপূর্ণ দিক হলো, এটি ত্বকে দৃশ্যমান হয়। এই রোগীদের এক-তৃতীয়াংশ আর্থ্রাইটিসে ভুগেন। যদি এই আর্থ্রাইটিস প্রাথমিক অবস্থায় শনাক্ত করা যায় এবং সঠিক চিকিৎসা প্রদান করা হয়, তবে তা ভালোভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব। সোরিয়াসিসও ভালোভাবে নিয়ন্ত্রণ করা যেতে পারে। তবে যদি তা করা না হয়, তাহলে আর্থ্রাইটিস মারাত্মক আকার ধারণ করতে পারে। তখন এটি মানুষের অঙ্গপ্রত্যঙ্গ ও মেরুদণ্ড আক্রান্ত করে এবং চলাচলের ক্ষেত্রে হুমকি হয়ে দাঁড়ায়।

তিনি বলেন, যুগের অগ্রগতির সঙ্গে অনেক আধুনিক চিকিৎসাপদ্ধতি এসেছে। এসব চিকিৎসা রোগীদের প্রদান করা গেলে সোরিয়াসিসে আক্রান্ত ব্যক্তিরাও সুন্দর ও স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন। এজন্য সাধারণ মানুষের মধ্যে এই রোগ সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে চিকিৎসক ও গণমাধ্যমকর্মীরা বার্তা ছড়িয়ে দেবেন। সোরিয়াসিস চিকিৎসার মাধ্যমে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রেখে স্বাভাবিক জীবনযাপন করা সম্ভব। এটি কখনোই ছোঁয়াচে রোগ নয়।

তিনি আরও বলেন, সোরিয়াসিস চিকিৎসার মাধ্যমে নিয়ন্ত্রণে রাখা সম্ভব। এ রোগে আক্রান্ত ব্যক্তিদের স্বাভাবিক জীবনযাপনে বাধা সৃষ্টি করা কিংবা তাঁদের প্রতি বৈষম্যমূলক আচরণ করার কোনো কারণ নেই। মনে রাখতে হবে, সোরিয়াসিস কোনোভাবেই ছোঁয়াচে রোগ নয়।

আরও পড়ুন: ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৬০

শোভাযাত্রায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, চর্ম ও যৌনরোগ বিভাগের চেয়ারম্যান ও মেডিক্যাল টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ডা. এম আবু হেনা চৌধুরী, বাংলাদেশ ডার্মাটোলজিস্ট সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. মুহাম্মদ মুনীর রশিদ, সোরিয়াসিস সচেতনতা ক্লাবের সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সামিউল হক, বিএমইউর চর্ম ও যৌনরোগ বিভাগের অধ্যাপক ডা. মোহাম্মদ জামাল উদ্দিন, সহযোগী অধ্যাপক ডা. লুবনা খন্দকার, সহযোগী অধ্যাপক ডা. একেএম রেজাউল হক, সহযোগী অধ্যাপক ডা. মোস্তাক মাহমুদ, সহযোগী অধ্যাপক ডা. শারমিন সুলতানা, ডা. মোহাম্মদ আবু নাছেরসহ উক্ত বিভাগের শিক্ষক ও চিকিৎসকরা।

সেমিনারে বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমি, রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. মো. হালিমুর রশীদ এবং বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন অফিসের পরিচালক অধ্যাপক ডা. এরফানুল হক সিদ্দিকী।

এসব কর্মসূচিতে দেশের বিভিন্ন স্থান থেকে অনেক ডার্মাটোলজিস্ট জুম মিটিংয়ের মাধ্যমে যোগদান করেন। তাঁরা সোরিয়াসিস রোগ, এর মেডিক্যাল ম্যানেজমেন্ট এবং আধুনিক চিকিৎসাপদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এসব কর্মসূচিতে দেশের ৩০০ জনের অধিক ডার্মাটোলজিস্ট অংশগ্রহণ করেন।

আরও পড়ুন: জুবাইদা-সোফির বৈঠকে নারীর ক্ষমতায়ন ও রোহিঙ্গা প্রত্যাবাসন গুরুত্ব পেল

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ পুলিশের ৮ উচ্চপদস্থ কর্মকর্তা স্থায়ীভাবে বরখাস্ত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৫:৩৩ পি.এম


বাংলাদেশ পুলিশের ৮ উচ্চপদস্থ কর্মকর্তা স্থায়ীভাবে বরখাস্ত

বাংলাদেশ পুলিশের ক্যাডারভুক্ত আটজন উচ্চপদস্থ কর্মকর্তাকে চাকরি থেকে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে দুই জন ডিআইজি, একজন অতিরিক্ত ডিআইজি, একজন সাবেক পুলিশ সুপার (এসপি) এবং তিনজন সহকারী পুলিশ সুপার (এসি/এএসপি) রয়েছেন।

শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপন জারি করে তাদের এই শাস্তি দেওয়া হয়।

বরখাস্তকৃত কর্মকর্তাদের মধ্যে রয়েছেন—ডিএমপির সাবেক অতিরিক্ত পুলিশ কমিশনার ও ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ, রাজশাহী রেঞ্জের সাবেক ডিআইজি মো. আনিসুর রহমান, হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি শ্যামল কুমার মুখার্জী, লক্ষ্মীপুরের সাবেক পুলিশ সুপার তারেক বিন রশীদ, ডিএমপির তেজগাঁও ট্রাফিক বিভাগের সাবেক সহকারী পুলিশ কমিশনার কাজী মিজানুর রহমান, ডিএমপির ট্রাফিকের সহকারী পুলিশ কমিশনার ফারহানা তাসকিন এবং সহকারী পুলিশ সুপার মো. মনিরুজ্জামান। (প্রজ্ঞাপন অনুযায়ী তালিকায় আটজনের মধ্যে সাতজনের সুনির্দিষ্ট নাম ও পরিচয় উল্লেখ রয়েছে)।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে কাজী মিজানুর রহমানকে নারীসংক্রান্ত অনৈতিক সম্পর্কের অভিযোগে এবং যশোরের সাবেক পুলিশ সুপার আনিসুর রহমানকে ‘ক্রসফায়ার’-এর নামে সাঈদুর রহমান নামের এক ব্যক্তিকে হত্যার অভিযোগে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উইম্বলডনের পর ভিয়েনাতেও ফেরিকে উড়িয়ে সেমিফাইনালে জভেরেভ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৫:৩৩ পি.এম


উইম্বলডনের পর ভিয়েনাতেও ফেরিকে উড়িয়ে সেমিফাইনালে জভেরেভ

উইম্বলডনের পর ভিয়েনা ওপেনেও আর্থার ফেরির বিপক্ষে দাপুটে জয় অর্জন করেছেন আলেক্সান্ডার জভেরেভ। অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে ব্রিটিশ তারকাকে ৬-০, ৬-২ গেমে পরাজিত করে সেমিফাইনালে প্রবেশ করেছেন জার্মান তারকা। ম্যাচটি শেষ করতে জভেরেভের সময় লেগেছে মাত্র ৫৯ মিনিট।

এবারের উইম্বলডনের সেমিফাইনালেও ফেরিকে হারিয়েছিলেন জভেরেভ। ভিয়েনায় কোয়ার্টার ফাইনালে তিনি শুরু থেকেই ছিলেন অপ্রতিরোধ্য। প্রথম সেটে ফেরিকে একটি গেমও জিততে দেননি। দ্বিতীয় সেটে ফেরি দুটি গেম জিতলেও, ম্যাচে ফেরার কোনো সুযোগ তৈরি করতে পারেননি। পুরো ম্যাচে জভেরেভ ১৯টি উইনার মেরেছেন।

২৯ বছর বয়সী জভেরেভ বর্তমানে ফ্রেঞ্চ ওপেন ও ইউএস ওপেনের চ্যাম্পিয়ন। সোমবার প্রকাশিতব্য র‍্যাঙ্কিংয়ে জ্যানিক সিনারের জায়গা নিয়ে বিশ্বের এক নম্বর খেলোয়াড় হতে যাচ্ছেন তিনি। বরিস বেকারের পর জভেরেভ হবেন বিশ্বের এক নম্বর হওয়া দ্বিতীয় জার্মান পুরুষ টেনিস খেলোয়াড়।

ম্যাচ শেষে ফেরির প্রশংসা করেছেন জভেরেভ। তিনি মন্তব্য করেন, "ফেরি তার আগের প্রতিপক্ষের তুলনায় ভিন্ন ধরনের খেলোয়াড়; শক্তির দিক থেকে হয়তো পিছিয়ে, কিন্তু কৌশলগতভাবে খুব ভালো এবং দারুণ দ্রুতগতির।" একই সঙ্গে ফেরিকে হতাশ না হয়ে কাজ চালিয়ে যাওয়ার পরামর্শও দিয়েছেন তিনি।

সেমিফাইনালে জভেরেভের প্রতিপক্ষ পঞ্চম বাছাই অ্যালেক্স দে মিনর। কোয়ার্টার ফাইনালে দে মিনর ইতালির মাত্তেও বেরেত্তিনিকে ৭-৬ (৭-৪), ৬-২ গেমে পরাজিত করেছেন। এটি চলতি বছরে জভেরেভের ১২তম সেমিফাইনাল।

এদিকে ভিয়েনা ওপেনের আরেক কোয়ার্টার ফাইনালে অ্যাড্রিয়ান মানারিনোকে ৬-২, ৬-৩ গেমে পরাজিত করে মৌসুমের শেষ আট খেলোয়াড়ের প্রতিযোগিতা এটিপি ফাইনালে জায়গা করে নিয়েছেন দানিল মেদভেদেভ। রুশ তারকার এটি ক্যারিয়ারে সপ্তমবারের মতো এই প্রতিযোগিতায় খেলার সুযোগ। ২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত টানা ছয়বার যোগ্যতা অর্জনের পর গত বছর বাদ পড়েছিলেন তিনি।

মেদভেদেভের সঙ্গে ইতিমধ্যে জভেরেভ, কার্লোস আলকারাস ও বেন শেলটনও এটিপি ফাইনালে জায়গা নিশ্চিত করেছেন। জ্যানিক সিনারও যোগ্যতা অর্জন করেছেন, তবে চোটের কারণে তিনি মৌসুমের শেষ প্রতিযোগিতায় খেলবেন না। ফলে আরও চারটি জায়গা এখনো খালি রয়েছে।

চলতি মৌসুমে দারুণ ছন্দে থাকা মেদভেদেভ ২০২৩ সালের পর প্রথমবারের মতো ৫০ জয়ের মাইলফলক পেরিয়েছেন এবং জিতেছেন চারটি শিরোপা। ভিয়েনায় মানারিনোর বিপক্ষে শুরু থেকেই নিয়ন্ত্রণ ধরে রেখে প্রথম সেট জেতেন তিনি। দ্বিতীয় সেটে ৩-৩ অবস্থায় প্রতিপক্ষের সার্ভ ভেঙে এগিয়ে যান এবং শেষ দিকে আবারও সার্ভ ভেঙে ম্যাচ নিশ্চিত করেন।

সেমিফাইনালে মেদভেদেভের প্রতিপক্ষ আলকারাস। স্প্যানিশ তারকা কোয়ার্টার ফাইনালে টমি পলকে ৬-৪, ৭-৬ (৭-২) গেমে হারিয়ে শেষ চারে উঠেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাম উপসর্গে আরও একজনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৮৪

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৫:৩৩ পি.এম


হাম উপসর্গে আরও একজনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৮৪

ঢাকা, ৩১ অক্টোবর, ২০২৬ : সারাদেশে হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু ঘটেছে। একই সময়ে, সারাদেশে হাম উপসর্গ এবং নিশ্চিত হামে আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ৮৪ জনে পৌঁছেছে।

আজ স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে হাসপাতালে আসা রোগীর সংখ্যা ছিল ৯৮৭ জন। গত ১৫ মার্চ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত এই সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ২৮ হাজার ৬৬০ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৯৭ জন এবং একই সময়ের মধ্যে গত ১৫ মার্চ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত নিশ্চিত হামরোগীর মোট সংখ্যা ২৩ হাজার ৮৬৭ জন। এই সময়ের মধ্যে হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ৩ হাজার ৫২৮ জন। সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৯৫ হাজার ৮৮ জন।

গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে একজনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত হাম উপসর্গে মোট ১ হাজার ১৪৭ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি এবং একই সময়ের মধ্যে গত ১৫ মার্চ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত নিশ্চিত হামে ১০৫ জনের মৃত্যু হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশের স্থিতিশীলতা ও জনগণের কল্যাণ সবার আগে : চিফ হুইপ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৫:৩৩ পি.এম


দেশের স্থিতিশীলতা ও জনগণের কল্যাণ সবার আগে : চিফ হুইপ

ঢাকা, ৩১ অক্টোবর, ২০২৬ : জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি মন্তব্য করেছেন, দেশের স্থিতিশীলতা ও গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষায় সকলের দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন। "দেশের স্থিতিশীলতা ও জনগণের কল্যাণ সবার আগে।"

তিনি উল্লেখ করেন, আন্দোলনের নামে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে জনগণকে জিম্মি করার প্রচেষ্টা গ্রহণযোগ্য নয়। "আন্দোলন করে সরকার গঠন করা যায় না। সরকার পরিবর্তনের একমাত্র গণতান্ত্রিক পথ নির্বাচন।"

নূরুল ইসলাম মনি আরো বলেন, যদি জনগণ সরকারের কর্মকাণ্ডে অসন্তুষ্ট হন, তবে পরবর্তী নির্বাচনে তাদের ভোটের মাধ্যমে নতুন সরকার গঠন করা হবে।

আজ শনিবার রাজধানীর কাকরাইলে আইডিইবি মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইডিইবি) ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চিফ হুইপ বলেন, "আন্দোলন করে কি সরকার হতে পারে? সরকার গঠনের পথ হলো নির্বাচন। যারা আন্দোলনের নামে অস্থির পরিবেশ তৈরি করার চেষ্টা করছেন, তাদের বুঝতে হবে, দেশের স্থিতিশীলতা ও জনগণের কল্যাণ সবার আগে।"

নূরুল ইসলাম মনি বলেন, "আমরা চাই দেশে গণতান্ত্রিক পরিবেশ বজায় থাকুক। প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার ভালো কাজ করলে জনগণ তার সুফল পাবে। আর সরকার ভালো কাজ করতে না পারলে পরবর্তী নির্বাচনে জনগণ তাদের ভোটের মাধ্যমে সিদ্ধান্ত নেবে। একটি শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের গণতান্ত্রিক ধারা প্রতিষ্ঠা করতে হবে।"

তিনি মন্তব্য করেন, রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে। কিন্তু নিজেদের মধ্যে বিরোধ ও সংঘাত তৈরি করলে তার সুযোগ নেবে অন্যরা। "আমরা নিজেরা ঝগড়া করার পরে পথ সুগম হবে কার? যারা আমাদের বিভক্ত দেখতে চায়, তাদের। দুই ভাই যখন ঝগড়া করে, তখন পাশের বাড়ির লোক সালিশ করতে আসে; কিন্তু সেই সুযোগে সে দুই ভাইয়ের সম্পত্তিই কিনতে চায়।"

চিফ হুইপ আরও বলেন, "দেশটা যদি ধ্বংস হয়, তাহলে আমরা পরবর্তী প্রজন্মকে কী জবাব দেব? ৫৪ বছরে আমরা অনেক সময় নিজেদের মধ্যে দ্বন্দ্বে জড়িয়েছি। এখন দেশকে এগিয়ে নেওয়ার সময়।"

জ্বালানি সংকট ও সাম্প্রতিক আন্দোলনের প্রসঙ্গে তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব মোকাবিলায় সরকার ভর্তুকি দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। "অথচ কৃত্রিম সংকট সৃষ্টি করে জনগণকে ভোগান্তিতে ফেলার অপচেষ্টা হচ্ছে।"

তিনি উল্লেখ করেন, "কিছু মানুষ এখনো কৃত্রিম সংকট তৈরি করে সরকারকে জিম্মি করতে চায়, দেশের ২০ কোটি মানুষকে জিম্মি করতে চায়। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে সচেতন হতে হবে।"

ডিপ্লোমা প্রকৌশলীদের উদ্দেশে চিফ হুইপ বলেন, দেশের উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতিতে প্রকৌশলীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। "দক্ষ ও শিক্ষিত জনশক্তিকে কাজে লাগিয়ে কর্মসংস্থান সৃষ্টি, অবকাঠামো উন্নয়ন এবং উপকূলীয় অঞ্চলের বিপুল সম্ভাবনাকে কাজে লাগাতে হবে।" বরিশাল বিভাগের সার্বিক উন্নয়নে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, "আপনারা দেশ গড়ার কারিগর। আপনাদের মেধা, জ্ঞান ও অভিজ্ঞতাকে দেশের উন্নয়নে কাজে লাগাতে হবে। আপনাদের যৌক্তিক দাবিগুলোর বিষয়ে আমি ব্যক্তিগতভাবে আন্তরিক উদ্যোগ গ্রহণ করব এবং প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরব।"

অনুষ্ঠানে আইডিইবির নেতৃবৃন্দ, ডিপ্লোমা প্রকৌশলী এবং বিভিন্ন পর্যায়ের আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%