বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ ইং
০৭:১৩ পি.এম
নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেছেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জানেন, একটি শিক্ষিত জাতিই দেশকে সামনের দিকে এগিয়ে নিতে পারে। সেজন্য বাজেটে শিক্ষাখাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার(২৫ জুন) সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ কাঞ্চন ইউনিয়নের কালাদীতে ‘বাসন্তী বিন্দু শর্মিলা দোয়ারকা প্রসাদ স্কুল’-এর জমি দান, ভিত্তিপ্রস্তর স্থাপন ও খেলার মাঠ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এমপি দিপু বলেন, শিক্ষার মানোন্নয়ন ও আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দেশের প্রতিটি অঞ্চলে শিক্ষার সুযোগ সম্প্রসারণের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি যোগ করেন, বিগত সরকার শিক্ষার নামে প্রহসন করেছে। বিগত ১৭ বছরে দেশের শিক্ষা ব্যবস্থার ব্যাপক ক্ষতি হয়েছে। বর্তমান সরকার সেই ক্ষতি কাটিয়ে একটি যুগোপযোগী ও মানসম্মত শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বিদ্যালয়ের জমি দাতা সমাজসেবক বিজয় কুমার মোদী, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনসহ স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বক্তারা বিদ্যালয়ের উন্নয়ন এবং শিক্ষার প্রসারে এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠান শেষে নবনির্মিত খেলার মাঠের উদ্বোধন এবং বিদ্যালয়ের ভবিষ্যৎ উন্নয়ন কার্যক্রমের শুভসূচনা করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চীনের বিনিয়োগের পাশাপাশি বাংলাদেশেরও রফতানির সুযোগ রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
বাংলাদেশ ও চীনের প্রধানমন্ত্রীর বৈঠক শেষে, বৃহস্পতিবার (২৫ জুন) স্থানীয় সময় রাত ৮টার দিকে চীনের বেইজিংয়ে জরুরি সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন তিনি।
মাহদী আমিন বলেন, ‘দুই দেশের প্রধানমন্ত্রীর ফলপ্রসূ আলোচনা হয়েছে। বিএনপি সরকারের সঙ্গে কাজ করতে দৃঢ়ভাবে আগ্রহ প্রকাশ করেছে চীন। ব্রিকসে যুক্ত করতে তারা সহযোগিতা করবে বলে জানিয়েছে।’
তিনি বলেন, ‘চীন বাংলাদেশের অবকাঠামোর উন্নয়নে অনেক বড় ভূমিকা রাখছে। তারা সর্বোচ্চ সহযোগিতা করবে। আমদানি ও রফতানি বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। চীনের সঙ্গে রফতানি বৈচিত্র্য বাড়ানো সম্ভব। চীনের যেমন বিনিয়োগ করার সুযোগ হয়েছে, আমাদেরও রফতানি করার সুযোগ রয়েছে।’
চীন রাষ্ট্রায়ত্ত, বেসরকারি প্রতিষ্ঠান আইটিসহ বিভিন্ন খাতে বিনিয়োগ করতে আগ্রহী উল্লেখ করে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র বলেন, ‘ব্যাংক খাতেও তারা ভূমিকা রাখতে চায়। বাংলাদেশে অফিস খোলার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে। ভিসা সহজ করার বিষয়ে আলোচনা হয়েছে।’
প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন বলেও জানান মাহদী আমিন।
প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, ‘প্রধানমন্ত্রীকে চীনের মতো এতোবড় দেশ যেভাবে সম্মান করলো, আমরা মুগ্ধ হয়েছি। আমাদের আশা থেকেও বেশি পেয়েছি।’
প্রধানমন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, ‘তারেক রহমানের নেতৃত্ব এবং গর্ভনেন্সের ওপর পূর্ণ আস্থা রয়েছে বলে জানিয়েছেন চীনা প্রধানমন্ত্রী।’
এদিন স্থানীয় সময় বিকেল ৫টায় রাষ্ট্রীয় অতিথি ভবন থেকে মোটর শোভাযাত্রা সহকারে প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের বেইজিংয়ের ঐতিহাসিক গ্রেট অব পিপলে পৌঁছালে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং তাকে স্বাগত জানান।
তারেক রহমানকে লালগালিচা দিয়ে অভিবাদন মঞ্চে নিয়ে যান লি কিয়াং। সশস্ত্র সালাম দেয় চীনের সশস্ত্র বাহিনীর সুসজ্জিত একটি চৌকস দল।
এ সময় দু’দেশের জাতীয় সংগীত বাজানো হয়। তোপধ্বনি দেয়া হয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিবাদন জানিয়ে। পরে দুই প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীর প্যারেড পরিদর্শন করেন।
বৈঠক শেষে দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ ও চীনের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বিষয়ক দুটি চুক্তি ও ১৩টি সমঝোতা স্মারক সই হয়।
শুধু চীনা প্রধানমন্ত্রী নয়, আজ দেশটির বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, নীতিনির্ধারকদের সঙ্গেও আলাদা কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর। এরপর শুক্রবার চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের সূচি রয়েছে। রাষ্ট্রীয় কর্মসূচি শেষে ওই দিনই ঢাকার উদ্দেশে যাত্রা করার কথা সরকার প্রধানের।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বর্তমানে সরকার মানবসম্পদ উন্নয়নের ওপর বেশি গুরুত্ব প্রদান করছে, এই বক্তব্যটি দিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন। তিনি আরো জানান, উচ্চশিক্ষা খাতে অবকাঠামো উন্নয়নের কর্মকাণ্ডও চলমান রয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) আয়োজিত ‘শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ’ কর্মসূচির পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন।
অধ্যাপক মামুন বলেছেন, বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য হলো উচ্চশিক্ষার রূপান্তরকে চিহ্নিত করা। সেই লক্ষ্যে একাডেমিক কার্যক্রমের উন্নয়ন, গবেষণায় অর্থায়ন বৃদ্ধি, এবং শিক্ষক প্রশিক্ষণের ওপর বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। এবং শিক্ষক ও প্রশাসনের দক্ষতা বৃদ্ধির জন্য এই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এই সব উদ্যোগ বিশ্ববিদ্যালয়গুলোর সেবার মান, স্বচ্ছতা, এবং জবাবদিহি বৃদ্ধি করতে সহায়ক হবে।
তিনি আরো উল্লেখ করেন যে, বিশ্ববিদ্যালয়গুলোকে আধুনিক ও দক্ষ প্রতিষ্ঠানে রূপান্তর করার জন্য ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির একটি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এ সংক্রান্ত বিষয়টিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ করছে ইউজিসি। উচ্চশিক্ষার মানোন্নয়ন এবং বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পেশাগত সক্ষমতা বৃদ্ধি করার লক্ষ্য নিয়ে, বিশ্বব্যাংকের সহযোগিতায় ‘হিট’ (Higher Education Acceleration and Transformation) প্রকল্পের মাধ্যমে এ প্রশিক্ষণ কর্মসূচিটি আয়োজন করা হচ্ছে।
অনুষ্ঠানে বাউবির আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জহির রায়হান, হিট প্রকল্পের প্রশিক্ষণ শাখার প্রধান অধ্যাপক সেলিনা জামান, এবং প্রোগ্রাম অফিসার সুলতানা রাজিয়া সহ অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পের পর জরুরি পরিস্থিতি মোকাবিলায় দেশটির রাষ্ট্রীয় টেলিযোগাযোগ প্রতিষ্ঠান সিএএনটিভি ৪৮ ঘণ্টার জন্য বিনামূল্যে ইন্টারনেট, ল্যান্ডলাইন টেলিফোন ও টেলিভিশন সেবা দেওয়ার ঘোষণা প্রদান করেছে।
প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে জানিয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে সাম্প্রতিক ভূমিকম্পের কারণে সৃষ্ট জরুরি পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সিএএনটিভি বলেছে, “জাতীয় ভূখণ্ডে সংঘটিত সাম্প্রতিক ভূমিকম্পের কারণে তৈরি হওয়া সংকটময় পরিস্থিতির প্রতিক্রিয়া হিসেবে এই বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”
ভূমিকম্পের পরে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে যোগাযোগ ব্যবস্থা সচল রাখা এবং সাধারণ মানুষকে প্রয়োজনীয় তথ্য পাওয়ার সুযোগ করে দেওয়াই এই উদ্যোগের মূল উদ্দেশ্য বলে জানানো হয়েছে কর্তৃপক্ষের তরফ থেকে।
ভেনেজুয়েলায় স্থানীয় সময় বুধবার আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পের পর দেশটির বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বড় ধরনের কম্পনের পর একাধিক আফটারশক অনুভূত হওয়ায় উদ্ধার তৎপরতা ও জরুরি যোগাযোগ ব্যবস্থার ওপর চাপ তৈরি হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, দুর্যোগের সময়ে টেলিযোগাযোগ ব্যবস্থা সচল থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে উদ্ধার অভিযান, পরিবারগুলোর মধ্যে যোগাযোগ এবং জরুরি তথ্য আদান-প্রদানে ইন্টারনেট ও টেলিফোন সেবা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সূত্র: সিএনএন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নরসিংদীতে একটি কুকুরের গলায় ইট বেঁধে সেতুর ওপর থেকে নদীতে ফেলে দেওয়ার জন্য এক যুবককে পুলিশ আটক করেছে। গত বৃহস্পতিবার(২৫ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওর সূত্র ধরে নরসিংদী সদর থানা পুলিশ অভিযুক্ত মোহাম্মদ আলীকে (২৫) আটক করে।
পুলিশ জানায়, আটককৃত যুবক মোহাম্মদ আলী (২৫) নরসিংদী সদর উপজেলার কামারগাঁও এলাকার বাসিন্দা এবং তিনি আব্দুর রবের ছেলে। বৃহস্পতিবার দুপুরে তাকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়।
নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম মামুন জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিও পুলিশের নজরে আসার পর তদন্ত কার্যক্রম শুরু করা হয়। ভিডিওতে দেখা যায়, একজন ব্যক্তি খালি গায়ে একটি কুকুরের গলায় রশি বেঁধে তার সঙ্গে একটি ইট সংযুক্ত করে, এরপর তিনি কুকুরটিকে নরসিংদীর নাগরিয়াকান্দি ব্রিজের ওপর থেকে নিচের নদীতে নিক্ষেপ করেন।
ভিডিওটি বৃহস্পতিবার “এনিমেল কমিউনিটি ওয়েলফেয়ার অব বাংলাদেশ” নামের একটি ফেসবুক আইডি থেকে প্রকাশিত হওয়ার পর এটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হলে নরসিংদী সদর থানা পুলিশ অভিযান চালিয়ে ভিডিওতে থাকা ব্যক্তিকে শনাক্ত ও আটক করে।
পুলিশ জানিয়েছেন, অভিযুক্তের বিরুদ্ধে প্রচলিত আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এদিকে, ঘটনাটি প্রকাশ্যে আসার পর প্রাণী নির্যাতনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। প্রাণী অধিকারকর্মীরা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
প্রাণীপ্রেমী এবং সচেতন নাগরিকদের মতে, এ ধরনের নির্মম ঘটনা শুধু প্রাণীর প্রতি নিষ্ঠুরতাই নয়, বরং বরং সমাজে সহিংস মানসিকতারও প্রতিফলন দেখা দেয়। তাই এ ঘটনায় দ্রুত ও কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ