০১:৪৯ পি.এম
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) জাতীয় দল কমিটি ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিতব্য ফিফা আসিয়ান কাপে অংশ নেয়ার জন্য আমন্ত্রণ গ্রহণে সম্মতি প্রদান করেছে।
আসন্ন আন্তর্জাতিক প্রীতি ম্যাচের প্রস্তুতির প্রেক্ষিতে এবং এই টুর্নামেন্টের উদ্বোধনী আসর থেকে ভারত সরে দাঁড়ানোর ফলে বাংলাদেশের সামনে নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে। আয়োজক ইন্দোনেশিয়ার আমন্ত্রণে বাংলাদেশ ইতিবাচক সাড়া দিয়েছে।
ফিফার অর্থায়নে আয়োজিত এই টুর্নামেন্টের প্রিমিয়ার ডিভিশনে আটটি দল অংশ নেবে। এই দলগুলো দুটি গ্রুপে বিভক্ত হবে এবং টুর্নামেন্টটি আগামী ৪ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: যাত্রাবাড়ীতে ছিনতাই সন্দেহে গণপিটুনিতে আহত যুবক নিশাত মিয়ার মৃত্যু
এনটিসির সদস্য ও বাফুফের নির্বাহী কমিটির সদস্য সৈয়দ হাসান কানন এই বিষয়ে বলেন, 'বাফুফে সভাপতি ও এনটিসির চেয়ারম্যান তাবিথ আউয়াল এনটিসির সদস্যদের জানার চেষ্টা করেছিলেন, আমরা ফিফা আসিয়ান কাপে অংশ নেব কি না, কিংবা ঢাকায় চার জাতির একটি টুর্নামেন্ট আয়োজন করব।'
তিনি আরও বলেন, 'বাংলাদেশ দলের আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতির অংশ হিসেবে ফিফা আসিয়ান কাপে অংশ নেওয়ার পক্ষে আমরা সর্বসম্মত মত দিয়েছি। কারণ সেখানে বাংলাদেশ আরও শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে খেলার সুযোগ পাবে।'
সাবেক জাতীয় গোলরক্ষক কানন যোগ করেন, 'এ ছাড়া বাংলাদেশ অংশগ্রহণ বাবদ অর্থও পাবে। আয়োজকেরা থাকা এবং বিমানভ্রমণের খরচ বহন করবে। তাই ঢাকায় চার জাতির টুর্নামেন্ট আয়োজনের তুলনায় এটি আমাদের জন্য ভালো সুযোগ।'
কানন জানান, এখন বাফুফে সভাপতি ও সচিবালয় আনুষ্ঠানিকভাবে অংশগ্রহণের সম্মতিপত্র পাঠানোসহ প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করবে।
আরও পড়ুন: গণভোটের রায় না মানলে তারেক রহমানের ক্ষমতায় থাকার অধিকার নেই: জুনায়েদ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন