মোঃ শাহিন,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ ইং
০৫:২০ পি.এম
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মোবাইল ফোন, বিড়ির পাতা, মসলা এবং চোরাচালানে ব্যবহৃত যানবাহন জব্দ করা হয়েছে। জব্দকৃত এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ৪০ লাখ ৩৮ হাজার ৭০০ টাকা।আজ ২৬ অক্টোবর ২০২৬ তারিখ সকালে শিবগঞ্জ উপজেলার সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
৫৩ বিজিবি সূত্রে জানা যায়, ২৬ অক্টোবর ২০২৬ তারিখ সকাল ৭টা ১০ মিনিটে মনোহরপুর বিওপি’র একটি বিশেষ টহল দল
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামে অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ১৪৩টি বিভিন্ন প্রকার ভারতীয় স্মার্টফোন ও ১টি মোটরসাইকেল জব্দ করা হয়।এর কিছুক্ষণ পর, সকাল ৯টা ৫০ মিনিটে একই বিওপি’র নিয়মিত টহল দল দুর্লভপুর ইউনিয়নের বালুটুঙ্গী গ্রামে অপর একটি অভিযান পরিচালনা করে। ওই অভিযানে ১২০ কেজি ভারতীয় বিড়ির পাতা, ৩৩ কেজি বিড়ির মসলা এবং ১টি বাইসাইকেল জব্দ করা হয়।অভিযানে জব্দকৃত মোবাইল ফোন, মোটরসাইকেল, বিড়ির পাতা, মসলা ও বাইসাইকেল নিয়ম অনুযায়ী চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি বলেন, “ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, পুশইন প্রতিরোধ, মাদক এবং যেকোনো ধরনের অবৈধ চোরাচালান রোধে ৫৩ বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে এবং নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পিরোজপুরের কাউখালীতে মা ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬-এর অংশ হিসেবে কঁচা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা মৎস্য অধিদপ্তর। এ সময় নদীর পাঙ্গাসিয়া প্রান্ত থেকে প্রায় ৬ হাজার ২০০ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬২ হাজার টাকা।
সোমবার (২৬ অক্টোবর) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে এবং নৌ পুলিশের সার্বিক সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমানের নেতৃত্বে কঁচা নদীর বিভিন্ন পয়েন্টে তল্লাশি চালিয়ে এসব অবৈধ জাল উদ্ধার করা হয়।
পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে জব্দ করা জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযানের বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, “জাতীয় সম্পদ ইলিশ রক্ষা এবং মা ইলিশের নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করতে প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কেউ যাতে নদীতে জাল ফেলতে না পারে, সে লক্ষ্যে দিন-রাত সার্বক্ষণিক তদারকি ও অভিযান অব্যাহত রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঝিনাইদহ প্রেস ইউনিটির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক বিএম আনোয়ার হোসেন আর নেই। সোমবার দুপুরে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন। তাঁর আকস্মিক মৃত্যুতে সাংবাদিক সমাজসহ ঝিনাইদহের সাংস্কৃতিক অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
মৃত্যুকালে তিনি সাংবাদিকতা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। তিনি ঝিনাইদহের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন দীপায়ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিষ্ঠাতা হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
বিএম আনোয়ার হোসেনের আকস্মিক মৃত্যুতে সহকর্মী সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর দীর্ঘদিনের সহকর্মী ও পরিচিতজনরা জানান, সাংবাদিকতা ও সাংস্কৃতিক অঙ্গনে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে।
তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে সাংবাদিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
মহান আল্লাহ তাআলা মরহুম বিএম আনোয়ার হোসেনকে ক্ষমা করে দিন, তাঁর কবরকে নূরে ভরিয়ে দিন এবং জান্নাতুল ফেরদৌস নসিব করুন। তাঁর শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দান করুন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশ পেলেই যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনী মধ্যপ্রাচ্যে ইরানের বিরুদ্ধে একটি বড় ধরনের সামরিক অভিযান শুরু করার জন্য প্রস্তুত রয়েছে। নির্দেশ পাওয়ার ৯৬ ঘণ্টার মধ্যে এই হামলা শুরু হতে পারে বলে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, যা দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের বরাত দিয়ে জানানো হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে সম্ভাব্য এই বড় আক্রমণের জন্য ইতিমধ্যে প্রয়োজনীয় সামরিক সদস্য ও সরঞ্জাম মোতায়েন করা হয়েছে। পূর্বে ইরানি রাডার বা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক কেন্দ্র লক্ষ্য করে সীমিত হামলা চালানো হয়েছিল, তবে এবারের সম্ভাব্য অভিযান তার চেয়ে অনেক বেশি বিস্তৃত হবে। মার্কিন সেন্ট্রাল কমান্ড ও পেন্টাগন ইতিমধ্যে ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনার পাশাপাশি জ্বালানি অবকাঠামোর মতো গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুর তালিকা চূড়ান্ত করেছে।
মার্কিন কর্মকর্তাদের ধারণা, ট্রাম্প মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পরেই এই হামলার চূড়ান্ত নির্দেশ দিতে পারেন। এক জ্যেষ্ঠ পেন্টাগন কর্মকর্তা সিএনএনকে জানিয়েছেন, "পেন্টাগন একটি পরিকল্পনা সংস্থা। প্রেসিডেন্টের আদেশ অনুযায়ী সামরিক বিকল্প তৈরি এবং তা বাস্তবায়ন করাই আমাদের কাজ।"
মার্কিন গোয়েন্দা পর্যালোচনায় সতর্ক করা হয়েছে যে, ওয়াশিংটন ও ইসরায়েল যদি যৌথ হামলা চালায়, তবে ইরান ও ইয়েমেনের হুথি বিদ্রোহীরা মধ্যপ্রাচ্যসহ অন্যান্য অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটি ও জনবলের ওপর তাৎক্ষণিক পাল্টা হামলা চালাবে। যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক ট্রাম্প প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সতর্ক করে জানিয়েছেন, মার্কিন নাগরিকদের ওপর হামলার পরিকল্পনা ইতিমধ্যে উন্নত ধাপে রয়েছে।
এই সম্ভাব্য হুমকির প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে অবস্থিত বিভিন্ন মার্কিন দূতাবাস থেকে কূটনৈতিক কর্মীদের সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। পাশাপাশি অঞ্চলে জরুরি নয় এমন অতিরিক্ত সামরিক সদস্য পাঠানোর সিদ্ধান্ত আপাতত স্থগিত করা হয়েছে।
আমেরিকান সামরিক উত্তেজনার মধ্যে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা সৌদি আরবের ‘ইস্ট-ওয়েস্ট’ খনিজ তেল পাম্পিং স্টেশন ও রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে নতুন করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট জানিয়েছে, তারা রাজধানী সানা থেকে রিয়াদ অভিমুখে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মাঝআকাশেই ধ্বংস করেছে। যুদ্ধের কারণে কৌশলগত হরমুজ প্রণালি অবরুদ্ধ থাকায় বিশ্ববাজারে তেলের সরবরাহ সংকট আরও প্রকট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
এদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানে নতুন করে আক্রমণের জন্য মরিয়া হয়ে উঠলেও ট্রাম্প তাকে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ অভিযানের জন্য অপেক্ষা করতে বলেছেন।
নেতানিয়াহু ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ), গোয়েন্দা সংস্থা মোসাদসহ সব সংস্থাকে ইরানের বর্তমান শাসনব্যবস্থার পতন ঘটানোর লক্ষ্য নির্ধারণ করে দিয়েছেন। তবে ইরানি পাল্টা ক্ষেপণাস্ত্র মোকাবিলায় মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সহযোগিতা প্রয়োজন হওয়ায় ইসরায়েল শেষ পর্যন্ত ট্রাম্পের সঙ্গে যৌথ সামরিক পদক্ষেপে সম্মতি দিয়েছে।
মার্কিন বিশ্লেষকদের মতে, মধ্যবর্তী নির্বাচনের পরপরই ডোনাল্ড ট্রাম্পের সবুজ সংকেত মিললে মধ্যপ্রাচ্যে একটি পূর্ণাঙ্গ ও দীর্ঘমেয়াদি নতুন যুদ্ধের সূচনা হতে পারে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ইরানের সঙ্গে ইসরাইল ও পশ্চিমা বিশ্বের মধ্যে চলমান চরম বৈরিতা এবং সামরিক সংঘাত সত্ত্বেও, তেহরানের ইহুদিদের দৈনন্দিন জীবন এবং শিক্ষা কার্যক্রমে একটি ভিন্ন চিত্র প্রকাশ পেয়েছে। তেহরানের একটি ইহুদি অধ্যুষিত বিদ্যালয়ে, ইহুদিদের ধর্মীয় প্রতীকের পাশে সম্মানের সঙ্গে টাঙানো রয়েছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছবি।
মার্কিন প্রভাবশালী আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন-এর একটি বিশেষ অনুসন্ধানী ভিডিও প্রতিবেদনে, ইরানের রাজধানী তেহরানের ইহুদিদের জীবনযাত্রার এই ব্যতিক্রমী ও বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে।
প্রতিবেদনে তেহরানের কেন্দ্রস্থলে অবস্থিত ‘মুসা ইবনে ইমরান’ বালক বিদ্যালয়ের পরিদর্শনের দৃশ্য দেখানো হয়েছে। সেখানে শ্রেণিকক্ষের দেয়ালে একদিকে ইহুদি সংস্কৃতির একটি প্রধান প্রতীক ঐতিহ্যবাহী মেনোরাহ এবং ঠিক তার পাশেই রয়েছে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির প্রতিকৃতি।
বিদ্যালয়টিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে প্রায় সকলেই ইহুদি ধর্মাবলম্বী। তবে সেখানে শিক্ষকতায় নিয়োজিত রয়েছেন ইহুদি ও মুসলিম উভয় সম্প্রদায়ের শিক্ষকেরা। ইরানি সাধারণ জাতীয় পাঠ্যক্রমের পাশাপাশি, শিক্ষার্থীরা সেখানে তাদের ধর্মীয় অনুশাসন এবং হিব্রু ভাষার পাঠ গ্রহণ করছে। ধর্মীয় উৎসবের নির্দেশিকাগুলোও তাদের ফার্সি ও হিব্রু—উভয় ভাষায় শিক্ষা দেওয়া হচ্ছে।
একইভাবে, ইহুদি বালিকা বিদ্যালয়ের পরিবেশেও ধর্ম এবং স্থানীয় সংস্কৃতির এক অদ্ভুত মেলবন্ধন তুলে ধরা হয়েছে। সেখানে শিক্ষার্থীরা ফার্সি জনপ্রিয় গানের সঙ্গে মেতে ওঠার পাশাপাশি নিয়ম মেনে হিজাব পরিধান করছে, যা দেশের নিয়ম অনুযায়ী সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য। শিক্ষার্থীরা স্পষ্টভাবে জানিয়েছেন, মুসলিম ও ইহুদিদের মধ্যে স্থানীয়ভাবে কোনো শত্রুতা নেই; বরং তারা পরস্পরের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে দীর্ঘদিন ধরে শান্তিতে বসবাস করে আসছে।
সিএনএন-এর প্রতিনিধি জানান, বাহ্যিকভাবে পশ্চিমা বিশ্বে ইরান সম্পর্কে যে ধরনের ধারণা প্রচলিত রয়েছে, তেহরানের ইহুদি স্কুলের এই দৃশ্যপট তার সম্পূর্ণ বিপরীত এবং অপ্রত্যাশিত।
তালাশ বিডি/মিডিয়া লিঃ