বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং
১২:৫৮ পি.এম
নভেম্বর মাস আসলেই আতঙ্কে দিন কাটাতে হয় সাতক্ষীরার উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের। তাদের কাছে পানি উন্নয়ন বোর্ডের দুর্বল বেড়িবাঁধের উপর কোনো ভরসা নেই। প্রাকৃতিক দুর্যোগের সময় এই বেড়িবাঁধ ভেঙে যাওয়ার কারণে তারা সবকিছু হারিয়ে ফেলেন। তাই তারা টেকসই বেড়িবাঁধের দাবি তুলছেন। পানি উন্নয়ন বোর্ডের কর্তৃপক্ষ ষাটের দশকের ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধের বিষয়টি স্বীকার করে জানিয়েছেন, ঝুঁকিপূর্ণ এলাকায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের জন্য প্রকল্প পাঠানো হয়েছে। এই প্রকল্পগুলো বাস্তবায়িত হলে উপকূলীয় মানুষদের আতঙ্ক দূর হবে।
অতীতে অক্টোবর ও নভেম্বর মাসে সাতক্ষীরার সুন্দরবন সংলগ্ন উপকূলীয় অঞ্চলে বেশ কয়েকটি প্রলয়ংকরী এবং মাঝারি ধরনের ঘূর্ণিঝড় আঘাত হেনেছে।
২০১৯ সালের ৯ নভেম্বর ঘূর্ণিঝড় বুলবুল সুন্দরবনের বাংলাদেশ অংশে, বিশেষ করে দুবলার চর, হিরণ পয়েন্ট এবং খুলনা-সাতক্ষীরা উপকূলে আঘাত করে। এ সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় ১২০ কিলোমিটার। একইভাবে, ঘূর্ণিঝড় সিডর ২০০৭ সালের ১৫ নভেম্বর সুন্দরবনসহ দক্ষিণ উপকূলের ওপর দিয়ে বয়ে যায়। ঘূর্ণিঝড় ‘সিডর’ অত্যন্ত শক্তিশালী ও ধ্বংসাত্মক ছিল। এর বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ২৬০ থেকে ৩০৫ কিলোমিটার, যা উপকূলীয় এলাকায় ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি ঘটিয়েছিল। অক্টোবর মাসে ঘূর্ণিঝড় সিত্রাং এবং রেশমি আঘাত হেনেছিল।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ওয়াশিংটন ইতোমধ্যে বিভিন্ন দেশের সঙ্গে ২০টিরও বেশি বাণিজ্য চুক্তিতে পৌঁছেছে। পাশাপাশি, বিশ্বের প্রধান অর্থনীতির দেশগুলোর সঙ্গে আরও বেশ কিছু বাণিজ্য চুক্তির বিষয়ে আলোচনা চলছে। এসব চুক্তি শিগগিরই স্বাক্ষরিত হতে পারে বলে তিনি উল্লেখ করেন।
চীনে অনুষ্ঠিত এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনে বক্তব্য প্রদানকালে ট্রাম্প এসব তথ্য তুলে ধরেন।
তিনি জানান, নতুন বাণিজ্য চুক্তির আলোচনা চলমান দেশগুলোর মধ্যে সম্মেলনে অংশগ্রহণকারী কয়েকটি দেশও অন্তর্ভুক্ত রয়েছে।
ট্রাম্প বলেন, “খুব শিগগিরই বেশ কয়েকটি বড় দেশের সঙ্গে আমাদের অনেক বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হবে।”
এ সময়, সম্মেলনে উপস্থিত বিশ্বনেতাদের আতিথেয়তা দেওয়ার জন্য চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং তার স্ত্রী পেং লিইউয়ানকে ধন্যবাদ জানান মার্কিন প্রেসিডেন্ট।
আগের সন্ধ্যায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানের প্রশংসা করে ট্রাম্প বলেন, “গত রাত ছিল অবিশ্বাস্য। সত্যিই অসাধারণ একটি আয়োজন ছিল।”
এরপর শি জিনপিংয়ের উদ্দেশে ট্রাম্প বলেন, “আপনি অবিশ্বাস্য কাজ করেছেন। আপনি একজন অসাধারণ নেতা।”
এপেক সম্মেলনে ট্রাম্পের বক্তব্যে নতুন বাণিজ্য চুক্তির প্রতি যুক্তরাষ্ট্রের আগ্রহের বিষয়টি ফুটে উঠেছে, পাশাপাশি চীনা প্রেসিডেন্টের প্রতি তার প্রকাশ্য প্রশংসাও আলোচনার কেন্দ্রে ছিল।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) কর্তৃক আচরণবিধি ভঙ্গের কারণে শাস্তির আওতায় আসেন আফগানিস্তানের দুই ক্রিকেটার আব্দুল মালিক ও ইকরাম আলিখিল। তাদের উভয়ের বিরুদ্ধে তিরস্কার করা হয় এবং আইসিসির পক্ষ থেকে তাদের নামের পাশে একটি করে ডিমেরিট পয়েন্ট যুক্ত করা হয়েছে।
শারজাহতে অনুষ্ঠিত জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টে আম্পায়ারের সিদ্ধান্তের প্রতি অসন্তোষ প্রকাশ করে আচরণবিধি লঙ্ঘন করেন এই দুই ক্রিকেটার। আইসিসির আচরণবিধির ২.৮ ধারা অনুযায়ী, আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করা একটি অপরাধ হিসেবে গণ্য হয়।
আফগানিস্তানের দ্বিতীয় ইনিংসে দুটি ঘটনা ঘটে। ইনিংসের দ্বিতীয় ওভারে আউট হওয়ার পরও ক্রিজ ছাড়তে দেরি করেন মালিক। এ সময় তিনি আম্পায়ারের সিদ্ধান্তের প্রতি অসন্তোষ প্রকাশ করে অঙ্গভঙ্গি করেন।
অন্যদিকে, ইনিংসের ৫৪তম ওভারে ক্যাচ আউট হওয়ার পর দুই হাত ওপরে তুলে প্রতিক্রিয়া জানান ইকরাম। তিনিও ক্রিজ ছাড়তে সময় নেন।
এই দুই ঘটনার কারণে মালিক ও ইকরামের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করা হয়। উভয়েই নিজেদের অপরাধ স্বীকার করেছেন। ম্যাচ রেফারির প্রদত্ত শাস্তি মেনে নেয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
২৫ কোটি টাকা আত্মসাৎ করে হুন্ডির মাধ্যমে বিদেশে পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদকে ১৫ বছরের কারাদণ্ড প্রদান করেছে আদালত। একই সঙ্গে তাকে ৫০ কোটি টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) চট্টগ্রাম বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান এই রায় ঘোষণা করেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) কৌঁসুলি মোকাররম হোসাইন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
এই মামলায় জাবেদের স্ত্রী এবং ইউসিবিএলের সাবেক চেয়ারম্যান রুকমীলা জামানসহ ১৬ জনকে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। মামলার ৩৬ আসামির মধ্যে ১৭ জনের সাজা হয়েছে। বাকি ১৯ জনের বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ না থাকায় তাদের খালাস দেওয়া হয়েছে আদালতের পক্ষ থেকে।
১০ বছর করে সাজাপ্রাপ্ত অন্য আসামিরা হলেন, রুকমীলা জামান, মোহাম্মদ একরাম উল্লাহ, আবদুল হামিদ চৌধুরী, মোহাম্মদ মিছবাহুল আলম, আবদুল আজিজ, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মোহাম্মদ হোছাইন চৌধুরী, ইয়াছিনুর রহমান, ইউছুফ চৌধুরী, সাইফুল ইসলাম, বজল আহমেদ বাবুল, এম এ সবুর, সাবেক পরিচালক বশির আহমেদ, সৈয়দ কামরুজ্জামান, শাহ আলম ও এজিএম উৎপল পাল।
মামলার অভিযোগপত্র অনুযায়ী, আরামিট গ্রুপের প্রটোকল অফিসার ফরমান উল্লাহ চৌধুরীকে নামসর্বস্ব একটি প্রতিষ্ঠানের মালিক সাজিয়ে ইউসিবিএল থেকে ২৫ কোটি টাকা ঋণ অনুমোদন করানো হয়। পরে জাবেদ তার কর্মচারীদের মাধ্যমে ওই অর্থ উত্তোলন করেন। এরপর হুন্ডির মাধ্যমে বিদেশে পাচার করে সেখানে সম্পত্তি কেনার অভিযোগ রয়েছে।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, ২০১৯ সালের ১৩ অক্টোবর থেকে ২০২০ সালের ১৩ ফেব্রুয়ারির মধ্যে এসব ঘটনা ঘটে। চলতি বছরের ৫ জানুয়ারি আদালতে অভিযোগপত্র জমা দেয় দুদক। মামলার তদন্ত কর্মকর্তা দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. মশিউর রহমান চট্টগ্রাম মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
অভিযোগপত্রে জাবেদ, তার স্ত্রী রুকমীলা জামান, ব্যাংকটির সাবেক পরিচালক ও কর্মকর্তা এবং আরামিট গ্রুপের কর্মকর্তা-কর্মচারীসহ মোট ৩৬ জনকে আসামি করা হয়েছে। মামলায় সাক্ষী করা হয়েছে ৯২ জনকে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চট্টগ্রামের আনোয়ারায় চাতুরী চৌমুহনী এলাকায় ট্রাফিক পুলিশের একটি বক্সে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে বক্সের ভেতরে থাকা বেশ কয়েকটি প্লাস্টিকের চেয়ার পুড়ে যায়। আসবাবপত্রও ক্ষতিগ্রস্ত হয়েছে।
চাতুরী চৌমুহনী এলাকার ট্রাফিক পুলিশ বক্সের ইনচার্জ আশিকুল ইসলাম জানিয়েছেন, বুধবার রাতে দায়িত্ব পালন শেষে তারা ট্রাফিক বক্স থেকে চলে যান। পরে ফজরের সময় এসে বক্সের ভেতরে আগুন দেওয়ার চিহ্ন দেখতে পান। এ সময় বক্সের এক পাশের কাচ ভাঙা অবস্থায় পড়ে ছিল এবং ভেতরে থাকা কয়েকটি চেয়ার পুড়ে যায়। ঘটনার পর থেকে তারা সেখানে বসে দায়িত্ব পালন করতে পারছেন না।
আনোয়ারা থানার ওসি মো. জুনায়েত চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে অভিযান চালিয়ে ট্রাফিক পুলিশ বক্সের সামনে থেকে কয়েকজনসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোট আটজনকে আটক করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ