ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং

দুই দশক পর কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী


দুই দশক পর কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী

কক্সবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১৩ জুন) রাতে কক্সবাজারের উদ্দেশে ঢাকা ছাড়বেন তিনি। আবার রোববার (১৪ জুন) রাতে ঢাকার উদ্দেশে রওয়ানা দেবেন।

চারদলীয় জোট আমলে দলের হয়ে কক্সবাজার যাওয়ার প্রায় দুই দশক পর আবার কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন ও দলীয় নেতা-কর্মীদের মাঝে ব্যাপক তৎপরতা ও প্রাণচাঞ্চল্য শুরু হয়েছে।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে চকরিয়া পৌর বাস টার্মিনালে আয়োজিত জনসভার মাঠ এবং নবগঠিত মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপনের সম্ভাব্য স্থান, কক্সবাজারে খালখনন উদ্বোধনসহ সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেছেন মন্ত্রী, সচিব ও জেলা প্রশাসন।

আরও পড়ুন: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাসপাতালে ড. আবদুল মঈন খানকে দেখা

শুক্রবার (৫ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চকরিয়ায় পৌঁছে কক্সবাজারের জেলা প্রশাসক এম এ মান্নান ও পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমানকে সঙ্গে নিয়ে চকরিয়া পৌরসভার বাস টার্মিনাল মাঠ, চকরিয়া উপজেলা এবং মাতামুহুরী উপজেলার নতুন প্রশাসনিক ভবন নির্মাণে বিবেচিত এলাকাগুলো ঘুরে দেখেন। জেলা প্রশাসনসহ সংশ্লিষ্টদের সঙ্গে নিয়ে পাতলিখাল খনন স্থান পরিদর্শন করে গেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

জেলা বিএনপি ও প্রশাসনের সূত্রমতে, ১৩ জুন রাত ৮টার বিমানে কক্সবাজারের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী। রাতে কক্সবাজার সার্কিট হাউজে অবস্থানের পর ১৪ জুন সারাদিনের টাইট প্রোগ্রাম রাখা হয়েছে। এদিন বেলা ১১টায় কক্সবাজার সদরের পিএমখালীতে ৪৮ বছর আগে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খনন করা পাতলিখাল পুনঃখনন উদ্বোধন এবং সংক্ষিপ্ত পথসভা করবেন তিনি।

দুপুর ১২টায় যাবেন ডুলাহাজারা সাফারি পার্ক। সেখানে বৃক্ষরোপণের মাধ্যমে দেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা এবং পার্ক ঘুরে দেখবেন। এরপর যাবেন জুলাই-২৪ আন্দোলনে কক্সবাজারের প্রথম শহীদ ওয়াসিমের কবর জিয়ারতে। জিয়ারত শেষে মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন এবং পরে পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপনে যাবেন প্রধানমন্ত্রী। এরপর জোহরের নামাজ-ভোজ ও বিশ্রাম শেষে বিকেল ৪টায় যাবেন চকরিয়ায় বিএনপি জনসভায়।

চকরিয়া পৌর বাস টার্মিনাল মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। জনসভা শেষে সন্ধ্যায় কক্সবাজার মেরিন ড্রাইভ ও সৈকত পরিদর্শন করবেন তিনি। এরপর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কক্সবাজারের সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হয়ে রাত ৯টার বিমানে ঢাকার উদ্দেশে কক্সবাজার ত্যাগ করবেন তারেক রহমান।

আরও পড়ুন: রিয়াদে হুতিদের হামলায় নিহত শাহেদের মরদেহ দেশে পৌঁছেছে

প্রধানমন্ত্রীর চকরিয়া-পেকুয়া সফর ও বিভিন্ন কর্মসূচিতে তার সঙ্গে থাকবেন চকরিয়া-পেকুয়া (কক্সবাজার-১) আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, কক্সবাজার-৩ সদর আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল প্রমুখ।

জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউছুপ বদরী বলেন, ‌‘প্রায় দুই দশক আগে চারদলীয় জোট আমলে কক্সবাজার এসেছিলেন তারেক রহমান। কিন্তু এখন আসছেন প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান হয়ে। এজন্য আমাদের উচ্ছ্বাসটা একটু বেশি।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সংসদের অধিবেশন মঙ্গলবার বিকেল ৩টা পর্যন্ত মুলতবি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৮ই জুন, ২০২৬ ইং

১১:০৩ পি.এম


সংসদের অধিবেশন মঙ্গলবার বিকেল ৩টা পর্যন্ত মুলতবি

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও বাজেট অধিবেশন আগামীকাল ৯ জুন, মঙ্গলবার বিকেল ৩টা পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়েছে।

আজ সোমবার ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এ মুলতবি ঘোষণা করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পবিপ্রবির রিজেন্ট বোর্ডের সদস্য হিসেবে মনোনীত হলো নয়ন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৮ই জুন, ২০২৬ ইং

১১:০৬ পি.এম


পবিপ্রবির রিজেন্ট বোর্ডের সদস্য হিসেবে মনোনীত হলো নয়ন

ভোলা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) রিজেন্ট বোর্ডের সদস্য হিসেবে মনোনীত হয়েছেন।

এ তথ্য জানানো হয়েছে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় কর্তৃক জারি করা একটি প্রজ্ঞাপনে।

প্রজ্ঞাপনে, যা সিনিয়র সহকারী সচিব ফাতিমা আজরিন তন্বী স্বাক্ষরিত, উল্লেখ করা হয়েছে যে, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১-এর সংশ্লিষ্ট ধারার আওতায় বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের সদস্য হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান দুইজন সংসদ সদস্যকে মনোনয়ন প্রদান করেন। এর মধ্যে একজন হলেন ভোলা-৪ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম নয়ন এবং অপরজন হলেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এ বি এম মোশাররফ হোসেন।

বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ড বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নির্বাহী ও নীতিনির্ধারণী পর্ষদ হিসেবে দায়িত্ব পালন করে। এ বোর্ড বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন নীতি প্রণয়ন, আর্থিক অনুমোদন, উন্নয়ন পরিকল্পনা গ্রহণ এবং প্রশাসনিক কার্যক্রমের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছে।

নুরুল ইসলাম নয়নের এমন মনোনয়নকে ভোলা জেলার জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখছেন স্থানীয় শিক্ষানুরাগী, সুশীল সমাজের প্রতিনিধিরা এবং রাজনৈতিক নেতাকর্মীরা।

এদিকে, রিজেন্ট বোর্ডের সদস্য হিসেবে নয়ন মনোনীত হওয়ায় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদারীপুরে ​জমি সংক্রান্ত বিরোধে প্রবাসীর পরিবারকে প্রাণনাশের হুমকি, প্রতিকার চেয়ে প্রশাসনের দ্বারস্থ

আন্তর্জাতিক ডেস্ক

​রিপোর্ট-শাহ্ জালাল সরদার, মাদারীপুর

সোমবার, ৮ই জুন, ২০২৬ ইং

১১:০৮ পি.এম


মাদারীপুরে ​জমি সংক্রান্ত বিরোধে প্রবাসীর পরিবারকে প্রাণনাশের হুমকি, প্রতিকার চেয়ে প্রশাসনের দ্বারস্থ

মাদারীপুরের ডাসার থানা এলাকায় ক্রয়কৃত পৈত্রিক ও ভোগদখলীয় সম্পত্তিতে পাঁচতলা ভবন নির্মাণ কাজে বাধা প্রদান, ১২ লক্ষ টাকার নির্মাণ সামগ্রী বিনষ্ট এবং দফায় দফায় মামলা দিয়ে একটি পরিবারকে নিঃস্ব করার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী ভূমিদস্যু চক্রের বিরুদ্ধে। শুধু তাই নয়, জমিতে নির্মাণ কাজ করতে গেলে গৃহবধূ ও তার পরিবারকে অকথ্য ভাষায় গালিগালাজসহ হত্যা করে লাশ গুম করার হুমকি দিচ্ছে প্রতিপক্ষরা।

ভুক্তিভোগী মোর্শেদা বেগম (৩৯) নামের এক গৃহবধূ গত ২৫ মে ডাসার থানায় এই বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। মোর্শেদা বেগম বরিশাল জেলার গৌরনদী থানার মেদাকুল (সালতা) গ্রামের বাসিন্দা মেহেদী হাসান কুদ্দুসের স্ত্রী।

অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী মেহেদী হাসান কুদ্দুস গত ২০২৪ সালে ডাসার থানার দক্ষিণ ভাউতলী এলাকায় সুধির কুমার দাস ও রমেশ চন্দ্র দাস গংদের নিকট থেকে ১০ শতাংশ এবং মোঃ সাইফুল ইসলাম গংদের নিকট থেকে তিন দাগে ৮৩ শতাংশ ও অন্য দাগে আরও ৮ শতাংশসহ মোট ১০১ শতাংশ জমি ক্রয় করেন। জমিটির বিআরএস খতিয়ান নম্বর যথাক্রমে ২৮২/১ (দাগ নং- ২০৬, ২০৮, ২১১) এবং খতিয়ান নম্বর ১৬১ (দাগ নং- ২০৭)।

জমি ক্রয়ের পর ভুক্তভোগী পরিবারটি বিপুল টাকা খরচ করে নাল জমিটি বালু দিয়ে ভরাট করেন। বর্তমানে সেখানে তাদের লাগানো ৫০০টি ফলদ গাছ, ২টি টিনের পাকা বসত ঘর, ১টি শেড ঘর ও পল্লী বিদ্যুতের মিটার রয়েছে, যা তারা দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন।

৯ বার মামলা করে হেরেও থামেনি প্রতিপক্ষ
মোর্শেদা বেগম জানান, তারা ওই জমিতে একটি পাঁচতলা ভবনের কাজ শুরু করলে স্থানীয় নূর জাহান বেগম (৬০), দেলোয়ার বেপারী (৬৫), জানে আলম বেপারী (৬০), ইব্রহিম বেপারী (৩০), শাহ আলম বেপারী (৫৫) এবং সাকিব বেপারী (৩২) সহ একদল কুচক্রী মহল বাধা প্রদান করে।

ভুক্তভোগী পরিবারের দাবি, প্রতিপক্ষরা গত ৩ বছর ধরে জমিটি জোরপূর্বক দখলের পাঁয়তারা করছে। তারা জমিটি নিয়ে মহামান্য আদালতে একে একে ৯টি মামলা দায়ের করে। যার মধ্যে উল্লেখযোগ্য মামলা নম্বরসমূহ হলো: পি-১৪৬১/২৫, পি-১০৬৪/২৫, দেওয়ানী মোকাদ্দমা নং-২৬৯/২৪, সি.আর-১২/২৬, মিস আপীল-৬২/২৫, ৬১৫/২৬ এবং ৯৬/২৫। বিজ্ঞ আদালত প্রতিবারই নথিপত্র ও সত্যতা যাচাই করে ভুক্তভোগী মেহেদী হাসান কুদ্দুসের পক্ষে রায় প্রদান করেন। কিন্তু আদালতের রায় অমান্য করে চক্রটি বারবার নতুন নতুন ভুয়া মামলা দিয়ে পরিবারটিকে হয়রানি করে আসছে।

১২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি ও গুমের হুমকি
বারবার মামলা ও নির্মাণ কাজে নিষেধাজ্ঞার কারণে সাইটে এনে রাখা ১০ লক্ষ টাকার রড এবং ২ লক্ষ টাকার সিমেন্টসহ মোট ১২ লক্ষ টাকার নির্মাণ সামগ্রী রোদ-বৃষ্টিতে ভিজে নষ্ট হয়ে যাচ্ছে।

সর্বশেষ গত ১৯/০২/২০২৬ এবং ২৫/০৫/২০২৬ ইং তারিখ সকাল আনুমানিক ৯ ঘটিকার সময় ভুক্তভোগীরা পাঁচতলা ভবনের কাজ করতে গেলে বিবাদীরা দলবল নিয়ে কাজে বাধা দেয়। এ সময় বাধা দেওয়ার কারণ জানতে চাইলে প্রতিপক্ষরা ভুক্তভোগী পরিবারটিকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং জমিতে পা দিলে সবাইকে খুন করে লাশ গুম করে ফেলার প্রকাশ্য হুমকি দেয়। বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগী পরিবারটি।

ভুক্তভোগী মোর্শেদা বেগম বলেন,
"আমরা বৈধভাবে জমি কিনে, খাজনা-খারিজ দিয়ে ঘরবাড়ি তুলেছি। আদালতও আমাদের পক্ষে রায় দিয়েছেন। কিন্তু দেলোয়ার বেপারী ও জানে আলম বেপারীরা প্রতিনিয়ত আমাদের হুমকি দিচ্ছে। আমাদের ১২ লাখ টাকার মালামাল নষ্ট হয়ে গেল। আমরা এখন জানমালের নিরাপত্তাহীনতায় ভুগছি। আমরা প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার ও আইনি সহায়তা চাই।"


এই বিষয়ে ডাসার থানা পুলিশ জানায়, অভিযোগটি আমলে নেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বার্সেলোনার শিরোপা বাতিল করতে উয়েফার কাছে আইনি নথি জমা দিয়েছে রিয়াল

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ৮ই জুন, ২০২৬ ইং

১১:১৩ পি.এম


বার্সেলোনার শিরোপা বাতিল করতে উয়েফার কাছে আইনি নথি জমা দিয়েছে রিয়াল

নেগ্রেইরা কেলেঙ্কারির পটভূমিতে স্প্যানিশ ফুটবলে পুনরায় তোলপাড় শুরু হয়েছে। রিয়াল মাদ্রিদ এবার বার্সেলোনার ঐতিহাসিক শিরোপাগুলো বাতিল করার একটি চাঞ্চল্যকর দাবি উত্থাপন করেছে। প্রেসিডেন্টের পদে পুনর্নির্বাচনে এনরিকে রিকুয়েলমের বিরুদ্ধে বড় জয় অর্জন করা ফ্লোরেন্তিনো পেরেজ ইতোমধ্যে উয়েফার সদর দপ্তরে একটি বিস্তৃত আইনি নথি জমা দিয়েছেন।

৬৫-৩৫ ভোটের ব্যবধানে পুনর্নির্বাচিত হওয়ার পর, পেরেজ সরাসরি আক্রমণাত্মক অবস্থানে রয়েছেন। রিয়াল মাদ্রিদ আনুষ্ঠানিকভাবে উয়েফার কাছে একটি বিস্ফোরক আইনি ডসিয়ার প্রেরণ করেছে। মাদ্রিদের বিশ্বাস, অভিযোগের গুরুত্বের কারণে কেবল উয়েফাই একটি 'দৃষ্টান্তমূলক শাস্তি' দিতে সক্ষম।

আগের বিভিন্ন প্রতিবেদনে বার্সেলোনার ইউরোপীয় প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করার সম্ভাবনার কথা বলা হয়েছিল। তবে স্প্যানিশ সংবাদমাধ্যম এএস জানিয়েছে, রিয়াল মাদ্রিদ এবার আরও কঠোর পদক্ষেপের দাবি তুলেছে। তাদের মূল লক্ষ্য হল বার্সেলোনার অতীতের শিরোপাগুলোকে ইতিহাস থেকে সম্পূর্ণভাবে মুছে ফেলা।

এই পদক্ষেপ স্পেনের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবের সম্পর্কের সম্পূর্ণ ভাঙনের ইঙ্গিত বহন করছে। পেরেজ পূর্বে প্রকাশ্যে বলেছিলেন যে, দুই ক্লাবের মধ্যে সম্পর্ক কার্যত শেষ হয়ে গেছে।

এএস-এর তথ্য অনুযায়ী, উয়েফা সদর দপ্তরে পাঠানো প্রতিবেদনটি প্রায় ৫০০ পৃষ্ঠার। এতে রিয়াল মাদ্রিদের কর্মকর্তাদের দাবি রয়েছে যে, ২০ বছর ধরে চলা এমন একটি 'প্রাতিষ্ঠানিক দুর্নীতি' প্রমাণিত হয়েছে যা লা লিগার ফলাফলে প্রভাব ফেলেছিল।

নথিতে মৌসুমভিত্তিক বিশ্লেষণও অন্তর্ভুক্ত রয়েছে। রিয়াল মাদ্রিদের দাবি, রেফারিদের পক্ষপাতমূলক সিদ্ধান্তের কারণে তাদের কাছ থেকে বহু পয়েন্ট 'ছিনিয়ে নেওয়া হয়েছে'। পেরেজ অতীতে এমনকি নির্দিষ্টভাবে উল্লেখ করেছিলেন, 'শুধু এ মৌসুমেই আমাদের কাছ থেকে ১৬ থেকে ১৮ পয়েন্ট কেড়ে নেওয়া হয়েছে।'

এই তথ্য-প্রমাণগুলো উয়েফার সভাপতি আলেকসান্দার সেফেরিনের কাছে উপস্থাপন করে রিয়াল মাদ্রিদ বোঝাতে চাইছে যে, অভিযোগের মাত্রা এতটাই গুরুতর যে, শুধু জরিমানা বা সাময়িক নিষেধাজ্ঞা যথেষ্ট নয়।

সেফেরিন পূর্বে নেগ্রেইরা মামলাকে ফুটবলে তার দেখা সবচেয়ে গুরুতর ঘটনা হিসেবে বর্ণনা করেছিলেন। স্প্যানিশ আদালতের বিচারপ্রক্রিয়া চলার কারণে উয়েফা তাদের নিজস্ব তদন্ত স্থগিত রেখেছিল। তবে রিয়ালের নতুন ডসিয়ার জমা দেওয়ার ফলে বিষয়টি আবারও উয়েফার আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

সম্প্রতি, পেরেজ, সেফেরিন এবং ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর মধ্যে হওয়া বৈঠকগুলোও এই আনুষ্ঠানিক অভিযোগের প্রস্তুতির অংশ হিসেবে দেখা হচ্ছে।

যদিও উয়েফা এখনো স্পষ্ট করেনি যে, অতীতের ঘরোয়া শিরোপা বাতিল করার ক্ষমতা তাদের আছে কি না, তবুও সংস্থাটি বিষয়টির ওপর নজরদারি অব্যাহত রেখেছে। উল্লেখযোগ্যভাবে, তারা কখনোই বার্সেলোনাকে ঘিরে খোলা তদন্ত ফাইল পুরোপুরি বন্ধ করেনি।

এদিকে, আইনি লড়াইয়ের পাশাপাশি মাঠের দিক থেকেও বড় পরিবর্তনের পথে হাঁটছে রিয়াল মাদ্রিদ। আগামী কয়েক দিনের মধ্যে ক্লাবটি নতুন কোচ হিসেবে হোসে মরিনহোকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবে। এর মাধ্যমে মাঠের ভেতরে ও বাইরে আরও লড়াকু অবস্থানে ফেরার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

কোচ পরিবর্তনের পাশাপাশি, ক্লাবটি ইতোমধ্যেই লিভারপুল থেকে ইব্রাহিমা কোনাতে এবং ইন্টার মিলান থেকে ডেনজেল ডামফ্রিসকে দলে ভেড়ানোর চুক্তি সম্পন্ন করেছে। একই সাথে নিকো পাজকেও প্রথমদলে ফিরিয়ে আনা হয়েছে।

আক্রমণাত্মক দলবদল নীতি এবং আইনি লড়াই এই দুই পক্ষে এগোচ্ছে রিয়াল মাদ্রিদ। নতুন মেয়াদে ফ্লোরেন্তিনো পেরেজের লক্ষ্য স্প্যানিশ ফুটবলের ক্ষমতার ভারসাম্য স্থায়ীভাবে পরিবর্তন করা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৯
মাগরিব ০৫:২৬
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%