ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৮ জন


ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৮ জন

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৪৭ টি মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়েছে।

 

আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না

গ্রেপ্তারদের মধ্যে রয়েছে রমনা বিভাগে ৩৬ জন, লালবাগ বিভাগে ৩১ জন, ওয়ারী বিভাগে ৯১ জন, মতিঝিল বিভাগে ৪৮ জন, তেজগাঁও বিভাগে ৫১ জন, মিরপুর বিভাগে ১৩১ জন, গুলশান বিভাগে ৪৫ জন, উত্তরা বিভাগে ৫৯ জন, গোয়েন্দা বিভাগে ৪ জন ও সিটিটিসি বিভাগে ২ জন।

এ সময় তাদের কাছ থেকে ২টি দেশীয় তৈরি পাইপ গান, ২ রাউন্ড কার্তুজ, ৪ টি চার্জারে মোট ৩৯ রাউন্ড চায়না রাইফেলের গুলি, ১০ হাজার ২৭৮ পিস ইয়াবা, ১ কেজি ১৫০ গ্রাম গাঁজা, ৭০ বোতল স্কাফ, ১ টি চাকু, ১ টি কাঁচি, ১ টি ব্লেডের অংশ বিশেষ, ৫ টি মোবাইল ফোন, নগদ ৪ লাখ ৯৯ হাজার ৮৭০ টাকার ১ টি হাতের ঘড়ি, ১৫৬ পিস তাস, ১ টি ট্রাক, ১ টি মোটরসাইকেল ও ১ টি সিপিইউ উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন: আদাবরে যুবদল নেতাকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বুলবুল হত্যার বিচারের দাবিতে মদনপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং

১০:৫০ এম


বুলবুল হত্যার বিচারের দাবিতে মদনপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

নারায়ণগঞ্জ জেলার বন্দরের রিকশা গ্যারেজ মালিক ও ইসলামী আন্দোলনের নেতা জাহিদ হাসান বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা।

শুক্রবার (২১ আগস্ট) সকালে সাড়ে ৯টার দিকে মদনপুরের এলাকায় অবস্থান নিয়ে তারা বিক্ষোভ শুরু করেন। এ সময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা সড়কে টায়ার জ্বালান দেয়। এর ফলে মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়ে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

বিক্ষোভকারীরা হত্যাকাণ্ডে জড়িত সকল আসামিকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পরে পুলিশ ঘটনাস্থলে এসে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে মহাসড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ করে।

এদিকে, এর আগে বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত ১০টার দিকে বন্দরের সালেহনগর এলাকায় জাহিদ হাসান বুলবুল (৪৫) নামে রিকশা গ্যারেজ মালিককে কুপিয়ে হত্যা করা হয়। নিহত বুলবুল সালেহনগর শাহী মসজিদ এলাকার রাজা মাস্টারের ছেলে এবং ইসলামী আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন।

পরিবারের দাবি, ২০২৪ সালের আন্দোলনের সময়ে সালেহনগর এলাকায় বুলবুলের রিকশা গ্যারেজে লুটপাটের ঘটনায় তিনি বন্দর থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় সিফাতকে প্রধান আসামি করা হয়। অভিযোগ করা হয়, মামলাটি তুলে নিতে বিভিন্নসময় বুলবুলকে হুমকির সম্মুখীন হতে হয়েছে।

তারা জানান, বৃহস্পতিবার রাতে সালেহনগর এলাকায় বুলবুলকে পেয়ে সিফাত ও আরও কয়েকজন ফের মামলা তুলে নেওয়ার জন্য চাপ দেন। এই নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এরপর একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে বুলবুলকে কুপিয়ে গুরুতর আহত করে হামলাকারীরা পালিয়ে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ শহরের ১০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে, হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান অভিযুক্ত সিফাতকে পুলিশ গ্রেফতার করেছে।

বন্দর থানার ওসি জামাল হোসেন বলেছেন, “প্রধান অভিযুক্ত সিফাতকে রাতেই গ্রেফতার করা হয়েছে। আন্দোলনকারীদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।”

পুলিশ জানায়, হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান করছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিম-মাছের দাম চড়া, কমেছে মুরগির দর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং

১০:৫৬ এম


ডিম-মাছের দাম চড়া, কমেছে মুরগির দর

রাজধানীর বাজারে আবারও ডিমের দাম বেড়ে গেছে। এরই মধ্যে মুরগির বাজারে কিছুটা স্বস্তি এসেছে; সোনালি ও লেয়ার মুরগির দাম কমে গেছে। অন্যদিকে ব্রয়লার মুরগির দাম পূর্বের বাড়তি দামেই স্থিতিশীল রয়েছে। সবজির বাজারে বড় কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না; বেশিরভাগ সবজি ৫০ টাকার আশপাশে বিক্রি হচ্ছে।

শুক্রবার (২১ আগস্ট) রাজধানীর কারওয়ান বাজারসহ আশপাশের বেশ কয়েকটি বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বাজারে এসে ডিমের দাম শোনার পর হতাশ ক্রেতারা নিজেদের অভিব্যক্তি জানিয়েছেন। তাদের অভিযোগ, নিত্যপণ্যের বাড়তি দামের মধ্যে ডিম ছিল তুলনামূলক সাশ্রয়ী উৎস। কিন্তু বর্তমানে সেটির দামও বাড়তে থাকায় সংসারের খরচ সামলাতে খুবই সমস্যায় পড়তে হচ্ছে।

পারিজাত নামে এক ক্রেতা বলেন, 'ডিম এমন একটা খাবার, যেটা কমবেশি সব পরিবারই কিনে। কিন্তু একাধিকবার দাম বাড়ালে সাধারণ মানুষের ওপর চাপ পড়ে। বাজারের খরচ তো আর কমছে না।'

সাইফুল নামে আরেক ক্রেতা বলেন, 'মাংসের দাম অনেক বেশি। তাই ডিম কেনার চেষ্টা করছি। কিন্তু এখন ডিমের দামও বাড়তে থাকলে কম আয়ের মানুষের জন্য বাজার করা কঠিন হয়ে যাবে।'

সপ্তাহের ব্যবধানে প্রতি ডজনে ১০ টাকা বেড়ে লাল ডিম বর্তমানে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। আর প্রতি ডজনে ১০ টাকা বাড়িয়ে সাদা ডিম ১৪০ টাকায় বেচাকেনা হচ্ছে। ডিম বিক্রেতারা জানিয়েছেন, সরবরাহ ও পাইকারি বাজারের দামের ওপর নির্ভর করে খুচরা বাজারে দাম নির্ধারণ হচ্ছে।

ডিম বিক্রেতা সোলেয়মান জানান, 'পাইকারি বাজারে দাম বেড়েছে। যদি আমরা বেশি দামে কিনি, তবে খুচরাতেও বেশি দামে বিক্রি করতে হয়। সরবরাহ বাড়লে দাম আবার কমতে পারে।'

এদিকে মুরগির বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে। সপ্তাহের ব্যবধানে সোনালি ও লেয়ার মুরগির দাম প্রতি কেজিতে ২০ টাকা করে কমেছে। বর্তমানে সোনালি মুরগি ৩০০ থেকে ৩২০ টাকা এবং লেয়ার ৩৪০ থেকে ৩৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে ব্রয়লার মুরগির দাম পূর্বের উচ্চমূল্যেই রয়েছে। প্রতি কেজি ব্রয়লার বিক্রি হচ্ছে ১৯০ টাকায়।

মুরগি বিক্রেতা মনির জানান, 'সোনালি ও লেয়ারের সরবরাহ কিছুটা ভালো হওয়ায় দাম কমেছে। ব্রয়লারের ক্ষেত্রে তেমন পরিবর্তন নেই। বাজারে যে দামে আসছে, সে অনুযায়ীই আমাদের বিক্রি করতে হচ্ছে।'

অন্যদিকে সবজির বাজারে বড় ধরনের কোনো পরিবর্তন নেই। বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৫০ টাকার আশপাশে। বর্তমানে পটল ৫০ টাকা, করলা ৬০ টাকা, কচু ৫০ টাকা, ঢ্যাঁড়শ ৫০ টাকা, বরবটি ৫০ টাকা, টমেটো ৮০ টাকা, গাজর ১২০ টাকা এবং পেঁপে ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া প্রতি পিস লাউ ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে।

সবজি বিক্রেতারা বলেছেন, বাজারে সরবরাহ আরও বাড়লে দাম কমার সুযোগ রয়েছে। কারওয়ান বাজারের সবজি বিক্রেতা শাহাবুদ্দিন বলেন, 'এখন বেশিরভাগ সবজির সরবরাহ মোটামুটি ভালো। তাই দামও খুব বেশি বাড়েনি। বাজারে আরও বেশি সবজি এলে দাম আরও কিছুটা কমতে পারে।'

সবজি কিনতে আসা একজন ক্রেতা বলেন, 'সবজির দাম এখন মোটামুটি সহনীয় পর্যায়ে নেমেছে। পটল, ঢ্যাঁড়শ, বরবটি ৫০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। তবে টমেটো আর গাজরের দাম এখনো বেশি।'

তবে সবজিতে স্বস্তি থাকলেও মাছের বাজারে উল্টো চিত্র দেখা গেছে। বেড়েছে রুই ও কাতলার দাম। বর্তমানে প্রতি কেজি রুই মাছ ৩৪০ থেকে ৩৬০ টাকা এবং কাতলা ৩৮০ থেকে ৪০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

মাছ বিক্রেতারা জানিয়েছেন, সরবরাহ ও চাহিদার ওপর নির্ভর করে মাছের দাম উঠানামা করছে। এক বিক্রেতা বলেন, বড় মাছের সরবরাহ তুলনামূলক কম। তাই রুই-কাতলার দাম কিছুটা বেড়ে গেছে। বাজারে সরবরাহ বাড়লে দামও কমে আসবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ক্যালিফোর্নিয়ায় কোটি ডলারের প্রচারণা ঠেকিয়ে কংগ্রেসে মুসলিম নারী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং

১১:০০ এম


ক্যালিফোর্নিয়ায় কোটি ডলারের প্রচারণা ঠেকিয়ে কংগ্রেসে মুসলিম নারী

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ১৪তম নির্বাচনী এলাকা থেকে কংগ্রেস সদস্য হিসেবে নির্বাচিত হতে যাচ্ছেন ডেমোক্র্যাট প্রার্থী ও রাজ্য সিনেটর আয়েশা ওয়াহাব। সাবেক কংগ্রেস সদস্য এরিক সোয়ালওয়েলের শূন্য আসন পূরণে অনুষ্ঠিত বিশেষ নির্বাচনের দ্বিতীয় দফার ভোটে জয়ী হয়েছেন তিনি।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের সিদ্ধান্ত ডেস্কও আয়েশা ওয়াহাবের জয় নিশ্চিত করেছে।

এই জয়কে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ মনে করা হচ্ছে, কারণ নির্বাচনী প্রচারে তার প্রতিদ্বন্দ্বী মেলিসা হার্নান্দেজের পক্ষে ইসরায়েলপন্থী সংগঠনগুলোর সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন গোষ্ঠী বিপুল অর্থ ব্যয় করেছিল। এসব প্রচারণার বড় অংশে আয়েশা ওয়াহাবের জননিরাপত্তা ও অন্যান্য নীতির সমালোচনা করা হয়।

আয়েশা ওয়াহাব ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের প্রথম মুসলিম নির্বাচিত সিনেটর। এবারের নির্বাচনী প্রচারে তিনি স্বাস্থ্যসেবা ও শিশুযত্নের খরচ কমানো, বড় কোম্পানির অতিরিক্ত মূল্য নেওয়া ঠেকানো এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচি সুরক্ষার ওপর গুরুত্ব দেন।

ইসরায়েল ও গাজা যুদ্ধ নিয়ে সরাসরি প্রচারণা না চালালেও ওয়াহাব ইসরায়েলকে দেওয়া মার্কিন সামরিক সহায়তা কমানোর পক্ষে অবস্থান নিয়েছেন। এক প্রার্থী বিতর্কে তিনি গাজায় চলমান যুদ্ধকে গণহত্যা হিসেবে মনে করেন বলেও জানান।

অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী মেলিসা হার্নান্দেজ বলেন, ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে। তবে গাজায় ধ্বংসযজ্ঞ মাত্রা ছাড়িয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি।

নির্বাচনের আগে ইসরায়েলপন্থী সংগঠন আমেরিকান ইসরায়েল পাবলিক অ্যাফেয়ার্স কমিটির সঙ্গে সংশ্লিষ্ট রাজনৈতিক তহবিল প্রায় ২০ লাখ ডলার ব্যয় করে ওয়াহাবকে আক্রমণ করে বিজ্ঞাপন প্রচার করে। একই ধরনের আরেকটি গোষ্ঠী আরও প্রায় ১৯ লাখ ডলার ব্যয় করে। ওয়াহাবকে সমর্থনকারী একটি পাল্টা রাজনৈতিক তহবিলও ২ লাখ ডলারের বেশি ব্যয় করে।

বিপুল অর্থের এই প্রচারণার কারণে ওয়াহাবের আগের বড় ব্যবধান কমে প্রতিদ্বন্দ্বিতা অনেকটা কঠিন হয়ে ওঠে। জুনে অনুষ্ঠিত নির্বাচনের প্রথম দফায় তিনি হার্নান্দেজের চেয়ে ২৬ শতাংশ পয়েন্টে এগিয়ে ছিলেন। এর দুই সপ্তাহ আগে দুই বছরের পূর্ণ মেয়াদে জন্য অনুষ্ঠিত প্রাথমিক নির্বাচনে ওয়াহাব ২১ শতাংশ পয়েন্টে এগিয়ে ছিলেন।

জয়ের পর আয়েশা ওয়াহাব বলেন, এই এলাকার মানুষ বিদ্বেষমূলক প্রচারণায় প্রভাবিত না হয়ে তার কাজ ও অবস্থানের ওপর আস্থা রেখেছেন। তিনি এ জন্য নির্বাচনী এলাকার মানুষের প্রতি গর্ব প্রকাশ করেন।

ওয়াহাবের এই জয় ডেমোক্র্যাটিক দলের ভেতরে ইসরায়েল নীতি নিয়ে চলমান মতবিরোধের মধ্যেও গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। এর দুই সপ্তাহ আগেই মিশিগানে ইসরায়েলবিরোধী অবস্থানের জন্য পরিচিত প্রগতিশীল ডেমোক্র্যাট আবদুল এল-সাইয়েদ একটি গুরুত্বপূর্ণ প্রাথমিক নির্বাচনে জয় পেয়েছিলেন। ওই নির্বাচনে তাকে ঠেকাতে ইসরায়েলপন্থী গোষ্ঠী ৩ কোটি ডলারের বেশি ব্যয় করেছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে একই রাতে মিসৌরিতে ইসরায়েলপন্থী গোষ্ঠীর সমর্থন পাওয়া ডেমোক্র্যাট প্রার্থী ওয়েসলি বেল সহজ জয় পান। ফলে চলতি নির্বাচনী মৌসুমে ইসরায়েলপন্থী গোষ্ঠীগুলোর বিপুল অর্থ ব্যয়ের ফলাফল একরকম হচ্ছে না।

সোয়ালওয়েলের শূন্য আসনে ওয়াহাব

এরিক সোয়ালওয়েল যৌন অসদাচরণের অভিযোগের মধ্যে গত এপ্রিল মাসে কংগ্রেস সদস্যের পদ থেকে পদত্যাগ করেন। তার বিরুদ্ধে এক সাবেক কর্মী ধর্ষণের অভিযোগও করেছিলেন। সোয়ালওয়েল অবশ্য এসব অভিযোগ অস্বীকার করেছেন। পদত্যাগের পর তিনি ক্যালিফোর্নিয়ার গভর্নর পদে নিজের প্রার্থিতাও প্রত্যাহার করেন।

সোয়ালওয়েলের পদত্যাগের পর কংগ্রেসের আসনটি শূন্য হয়ে পড়ে। বিশেষ নির্বাচনে জয়ী হয়ে আয়েশা ওয়াহাব এখন ২০২৭ সালের শুরুতে নতুন কংগ্রেস শপথ নেওয়া পর্যন্ত এই আসনের প্রতিনিধিত্ব করবেন।

সানফ্রান্সিসকোর পূর্বাঞ্চল নিয়ে গঠিত এই নির্বাচনী এলাকা ডেমোক্র্যাটদের জন্য গুরুত্বপূর্ণ। বর্তমানে মার্কিন প্রতিনিধি পরিষদে রিপাবলিকানদের ২১৮টি এবং ডেমোক্র্যাটদের ২১২টি আসন রয়েছে। কয়েকটি আসন আবার শূন্য রয়েছে। ফলে ওয়াহাবের জয় প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটদের জন্য একটি অতিরিক্ত আসন এনে দিল।

তবে ওয়াহাব ও হার্নান্দেজের রাজনৈতিক লড়াই এখানেই শেষ হচ্ছে না। আগামী নভেম্বর মাসে একই দুই প্রার্থী পূর্ণ দুই বছরের মেয়াদের জন্য আবারও মুখোমুখি হবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কেরানীগঞ্জে দুই মাদকসেবীকে কারাদণ্ড দিল ভ্রাম্যমাণ আদালত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং

১১:০৪ এম


কেরানীগঞ্জে দুই মাদকসেবীকে কারাদণ্ড দিল ভ্রাম্যমাণ আদালত

ঢাকার কেরানীগঞ্জে মাদক বিরোধী অভিযান চালিয়ে জানে আলম ও শাহীন নামের দুই মাদক সেবিকে আটক করেছে উপজেলা প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

আজ বৃহস্পতিবার, ২০ আগস্ট, বিকেল ৫ টায় উপজেলার রোহিতপুর ইউনিয়নের সাহাপুর আশ্রয়ণ প্রকল্পে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কেরানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ভূঞা।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অভিযান চলাকালে আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত করার অভিযোগে জানে আলম ও শাহীন নামের দুই ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে মাদক ও ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জাম পাওয়া যায় বলে জানানো হয়। পরে তাদের স্বীকারোক্তির ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত জানে আলমকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা এবং শাহীনকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেন।

কেরানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ভূঞা বলেন, মাদকের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স জারি করেছে। মাদক কারবারি বা সেবনকারি কারো সাথে কোন আপোষ নেই। যে কেউ হোক, তাকে আইনের আওতায় আসতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%