ঢাকা সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৭ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬ইং ১৭ই কার্তিক, ১৪৩২বাং

গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে রংপুরে যুবদলের সভা ও দোয়া মাহফিল


গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে রংপুরে যুবদলের সভা ও দোয়া মাহফিল

চব্বিশের গণঅভ্যুত্থানে ১৯ জুলাই রংপুরে শহীদ তিনজনের স্মরণে সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রংপুর মহানগর যুবদলের উদ্যোগে রবিবার বিকেলে রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজন করা হয় এই কর্মসূচির।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সিটি করপোরেশনের প্রশাসক এবং মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ-উন-নবী ডন।

মহানগর যুবদলের আহ্বায়ক নুরুন্নবী চৌধুরী মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নাজমুল আলম নাজু এবং মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির আলম নয়ন। এছাড়াও মহানগর যুবদলের সদস্য সচিব আতিকুল ইসলাম লেলিনের সঞ্চালনায় বক্তব্য প্রদান করেন স্বেচ্ছাসেবক দলের নেতা ওয়াহিদ মুরাদ, ইমরান আহমেদসহ অন্যান্য নেতারা।

আরও পড়ুন: সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক চলছে

স্মরণসভায় জুলাই আন্দোলনে শহীদ নগরীর জুম্মাপাড়ার ফল বিক্রেতা মেরাজুল ইসলামের স্ত্রী নাজমিন ইসলাম, পূর্ব শালবন এলাকার সবজি বিক্রেতা সাজ্জাদ হোসেনের মা ময়না বেগম এবং গণেশপুর এলাকার স্বর্ণশ্রমিক মোসলেম উদ্দিন মিলনের স্ত্রী দিলরুবা বেগম তাদের পরিবারের পাশে রাষ্ট্রকে দাঁড়ানোর সঙ্গে হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করার দাবি জানান।

সভা শেষে শহীদ মেরাজুল ইসলাম, সাজ্জাদ হোসেন ও মোসলেম উদ্দিন মিলনের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খুলনায় রেড ক্রিসেন্টের প্রকল্পের আওতায় পরিচ্ছন্নতা অভিযান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

০৯:৩১ পি.এম


খুলনায় রেড ক্রিসেন্টের প্রকল্পের আওতায় পরিচ্ছন্নতা অভিযান

 জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, জলাবদ্ধতা হ্রাস, দুর্যোগ ঝুঁকি কমানো এবং পরিচ্ছন্ন ও জলবায়ু সহনশীল নগর গড়ে তোলার লক্ষ্যে খুলনা নগরীতে ড্রেন পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করা হয়েছে।

এই কার্যক্রম খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) তত্ত্বাবধানে এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ক্লাইমেট-রিজিলিয়েন্ট ক্লিন সিটিজ (থ্রিসি) প্রকল্পের আওতায় বাস্তবায়ন করা হচ্ছে।

আজ রোববার ২১নং ওয়ার্ডের কাঠপট্টিতে আয়োজিত একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু এই কার্যক্রমের উদ্বোধন করেছেন।

উক্ত অনুষ্ঠানে কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, কেসিসি’র প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মো. আনিসুর রহমান, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি-খুলনা সিটি ইউনিটের ডিএডি রেক্সোনা খাতুন, সহকারী প্রকল্প ব্যবস্থাপক মো. আব্দুল মজিদ প্রমুখও উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিল থেকে ঝাঁপ দিয়ে ধর্ষণ মামলার ২ দোষীকে গ্রেপ্তার করল পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

০৯:৩২ পি.এম


বিল থেকে ঝাঁপ দিয়ে ধর্ষণ মামলার ২ দোষীকে গ্রেপ্তার করল পুলিশ

কুমিল্লার দেবীদ্বারে অষ্টম শ্রেণির এক মাদরাসাছাত্রীকে (১৫) প্রেমের প্রস্তাবে রাজি করাতে না পেরে সড়ক থেকে অটোরিকশাযোগে তুলে নিয়ে নিজ ঘরে পালাক্রমে ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (১৯ জুলাই) বিকেল ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ‍্য-প্রযুক্তির সহায়তায় ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ‘ডালপাড় বিলের’ মাঝ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন দেবীদ্বার পৌর এলাকার বারেরা গ্রামের মো. রমিজ মিয়ার ছেলে মো. সবুজ মিয়া (২৪), ও একই গ্রামের আবুল হোসেনের ছেলে মো. ইসমাইল (২৯)। তারা সম্পর্কে একে অপরের খালাতো ভাই।

স্থানীয় সূত্র জানায়, ৪ জুলাই সকাল সাড়ে ৮টায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার পৌর এলাকার বারেরা গ্রামের ফুলগাছতলা বাস স্টেশন থেকে ভুক্তভোগী কিশোরীকে তুলে নেয় অভিযুক্তরা।

ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে দালালের মাধ্যমে তিন লাখ টাকার বিনিময়ে ভুক্তভোগীর দাদির সঙ্গে ঘটনাটি মীমাংসার উদ্যোগ নেয় অভিযুক্তরা।

এদিকে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে ঘটনার চার দিন পর ৮ জুলাই পুলিশ ভুক্তভোগী ও ভুক্তভোগীর মা-বাবাকে থানায় ডেকে নেয়। পরে ওই দিন দুপুরে ভুক্তভোগী মা বাদী হয়ে যুবক সবুজ ও ইসমাইলকে অভিযুক্ত করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। পরে আজ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে অভিযানে নেতৃত্বদানকারী দেবীদ্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. মনিরুজ্জামান বলেন, ‘গোপন সংবাদ এবং তথ‍্য-প্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের অবস্থান নিশ্চিত করে অভিযানে যাওয়া হয়।

অভিযুক্তরা কসবার ডালটার বিলের মাঝখানে একেবারে নির্জন এলাকায় একটি খুপরি ভাড়া করে দিনের বেলায় অবস্থান করত এবং রাতেরবেলায় অন‍্যত্র চলে যেত। আমাদের উপস্থিতি টের পেয়ে ওরা বিলে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করে। ওই সময় আমরাও নৌকা থেকে ঝাঁপিয়ে পড়ে তাদের গ্রেপ্তার করতে সক্ষম হই।’

দেবীদ্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান (ওসি) বলেন, ‘মামলা দায়েরের পর থেকেই তাদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রাখি এবং মামলা দায়েরের ১১ দিনের মধ্যেই তাদের গ্রেপ্তারে সক্ষম হই। এরই মধ‍্যে ভিকটিমের ডাক্তারি পরীক্ষা এবং আদালতের ম্যাজিস্ট্রেটের নিকট ২২ ধারায় জবানবন্দি রেকর্ড করিয়ে নেওয়া হয়েছে।

অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ অব‍্যাহত আছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তোপের মুখে ডিনের দায়িত্ব ছাড়লেন জবির অধ্যাপক আইনুল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

০৯:৩৩ পি.এম


তোপের মুখে ডিনের দায়িত্ব ছাড়লেন জবির অধ্যাপক আইনুল

ছাত্রদল ও ছাত্রশক্তির তোপের মুখের মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সামাজিক বিজ্ঞান অনুষদের ডিনের পদ থেকে পদত্যাগ করেছেন অর্থনীতি বিভাগের অধ্যাপক আইনুল ইসলাম। বিশ্ববিদ্যালয় প্রশাসন নতুন ডিন হিসেবে নৃ-বিজ্ঞান বিভাগের অধ্যাপক শাওলী মাহবুবকে নিয়োগ দিয়েছে।

রবিবার বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন মোতাবেক সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত নৃ-বিজ্ঞান বিভাগের অধ্যাপক শাওলী মাহবুবকে পরবর্তী দুই বছরের জন্য ওই অনুষদের ডিন হিসেবে নিযুক্ত করা হলো। উল্লেখ করেছে যে ২০ জুলাই থেকে এই আদেশ কার্যকর হবে। শাওলী মাহবুব বিধিমোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধাদি পাবেন।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, অর্থনীতি বিভাগের অধ্যাপক আইনুল ইসলাম ডিনের দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসন তার আবেদন গ্রহণ করে নতুন ডিন নিয়োগ দেয়।

এর আগের দিন, বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে অধ্যাপক আইনুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের নিজের কক্ষে ছিলেন। এই সময় ছাত্রদল ও ছাত্রশক্তির নেতাকর্মীরা সেখান গিয়ে তার বিরুদ্ধে নানা স্লোগান দিয়ে তাকে কক্ষ থেকে চলে যেতে বলেন। উদ্ভূত পরিস্থিতিতে অধ্যাপক আইনুল ইসলাম এক পর্যায়ে সেখান থেকে চলে যান।

‘জুলাই অভ্যুত্থানবিরোধী’ হিসাবে উল্লেখ করে বিক্ষোভ করেন দুই ছাত্র সংগঠনের নেতারা। তারা প্রশ্ন তুলেন কেন তাঁকে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিনের দায়িত্ব দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গণমাধ্যমের স্বাধীনতার অপব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: অতিরিক্ত প্রেস সচিব

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

০৯:৩৩ পি.এম


গণমাধ্যমের স্বাধীনতার অপব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: অতিরিক্ত প্রেস সচিব

বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের পর থেকেই দেশে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে, এই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। একই সঙ্গে তিনি বলেছেন, গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি দায়িত্বশীলতাও সমানভাবে গুরুত্বপূর্ণ।

রোববার (১৯ জুলাই) বিএনপি সরকারের পাঁচ মাস পূর্তি উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আতিকুর রহমান বলেছেন, সরকার দায়িত্ব নেওয়ার পর সংবাদ প্রকাশে কোনো ধরনের প্রাতিষ্ঠানিক হস্তক্ষেপ করা হয়নি। চারিত্রিকভাবে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে এবং এটাই আমরা সবাই দেখতে পাচ্ছি। তবে স্বাধীনতার পাশাপাশি দায়িত্বশীল সাংবাদিকতার চর্চাও অপরিহার্য বলে মন্তব্য করেন তিনি।

সম্প্রতি শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনের সংবাদ পরিবেশনের প্রসঙ্গটি তুলে ধরে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব বলেন, কিছু ডিজিটাল প্ল্যাটফর্ম অতিরঞ্জিত ও উসকানিমূলক কনটেন্ট প্রচার করে পরিস্থিতিকে আরও উত্তপ্ত করেছে।

তিনি আরও বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে ঘিরে আইনগত সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ, ভুয়া ফটোকার্ড এবং গুজব ছড়িয়ে বিভ্রান্তি তৈরির অপচেষ্টা অব্যাহত রয়েছে।

গণমাধ্যমের স্বাধীনতায় সরকারের আস্থা রয়েছে উল্লেখ করে আতিকুর রহমান বলেন, “সেই স্বাধীনতার অপব্যবহার করে গুজব, অপপ্রচার কিংবা অস্থিতিশীলতা সৃষ্টি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”

তিনি মন্তব্য করেছেন, সব গণমাধ্যম তথ্য যাচাই করে দায়িত্বশীল ও পেশাদার সাংবাদিকতার চর্চা অব্যাহত রাখবে—এটাই সরকারের প্রত্যাশা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৩
মাগরিব ০৫:১৯
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%