০৮:১৩ পি.এম
ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) সৌদি সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন যে, ২০২৭ সালের হজে বাংলাদেশের হজযাত্রীদের খরচ কমাতে ব্যাকআপ আবাসন পূর্বের মতো ১ শতাংশে বহাল রাখা হোক।
সোমবার (২০ জুলাই) দুপুরে রাজধানী গুলশানে সৌদি দূতাবাসে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহর সঙ্গে সাক্ষাৎকালে ধর্মমন্ত্রী এই অনুরোধ জানান।
জানা গেছে, ২০২৭ সালের হজে সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয় ব্যাকআপ আবাসন ২ শতাংশ নির্ধারণ করেছে। এতে হজ পালনের খরচ বাড়ার আশঙ্কা রয়েছে। এই কারণে, ২০২৬ সালের হজের মতো এবারও বাংলাদেশের জন্য ১ শতাংশ ব্যাকআপ আবাসন বহাল রাখার আহ্বান জানিয়েছেন মন্ত্রী।
আরও পড়ুন: বক্ষব্যাধি হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ
ধর্ম মন্ত্রণালয়ের এই অনুরোধের জবাবে সৌদি রাষ্ট্রদূত জানান যে, এ বিষয়ে একটি আধা-সরকারি পত্র (ডিএইচ) তিনি রবিবার (১৯ জুলাই) হাতে পেয়েছেন। বিষয়টি গুরুত্ব দিয়ে সুপারিশসহ সৌদি সরকারের কাছে ইতিমধ্যে তিনি তা পাঠিয়েছেন।
সাক্ষাৎকালে সৌদি রাষ্ট্রদূত বাংলাদেশের অংশ থেকে এ বছরের হজ ব্যবস্থাপনার ভূয়সী প্রশংসা করেন। এছাড়া, দ্বিপক্ষীয় যেকোনো বিষয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দ্রুত পদক্ষেপ ও সমন্বয়ের বিষয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।
জানা যায়, সৌদি সরকারের কাছে পাঠানো ওই আধা-সরকারি পত্রে ব্যাকআপ আবাসনের পাশাপাশি ক্যাটারিং ব্যবস্থা ঐচ্ছিক রাখা এবং মিনা-আরাফায় সার্ভিস প্যাকেজ ‘ডি’-এর মূল্যমানের অনুরূপ সার্ভিস প্যাকেজ-৩ এর সেবামূল্য নির্ধারণের প্রস্তাবও করা হয়েছে।
বৈঠকে ধর্মমন্ত্রী এ বছরের সুন্দর হজ ব্যবস্থাপনার জন্য অসামান্য ভূমিকা রাখায় সৌদি রাষ্ট্রদূত ও সৌদি সরকারকে ধন্যবাদ জানান। একই সঙ্গে দুদেশের মধ্যকার বিদ্যমান সুসম্পর্ক আরও সুসংহত করা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা হয়।
আরও পড়ুন: ধানমন্ডিতে আটক হলেন শেখ হাসিনার উপ-প্রেস সচিব শাখাওয়াত
এর আগে ধর্মমন্ত্রী গুলশানের সৌদি দূতাবাসে পৌঁছালে রাষ্ট্রদূত তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। বৈঠকে দুদেশের দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন