মঙ্গলবার, ১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৩:৫৯ পি.এম
চট্টগ্রাম, ১ সেপ্টেম্বর, ২০২৬ : অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী মন্তব্য করেছেন যে, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের উন্নয়ন, সমৃদ্ধি এবং আত্মমর্যাদাশীল রাষ্ট্র গঠনের যে স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্নের বাস্তবায়নের উদ্দেশ্যে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। প্রতিষ্ঠার পর থেকে বিএনপি জিয়াউর রহমানের আদর্শ ও দর্শনকে ধারণ করেই অগ্রসর হচ্ছে।
আজ ১ সেপ্টেম্বর, মঙ্গলবার সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রথম মাজারে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি সাংবাদিকদের এ মন্তব্য করেন।
অর্থমন্ত্রী আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেশপ্রেম, গণতন্ত্র, জাতীয়তাবাদ এবং মানুষের কল্যাণের রাজনীতিই বিএনপির শক্তির মূল উৎস। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে আমরা তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি এবং তাঁর আদর্শকে সামনে রেখে দেশ ও জনগণের জন্য কাজ করার প্রতিশ্রুতি দিচ্ছি।
আমির খসরু মাহমুদ চৌধুরী উল্লেখ করেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও রাজনৈতিক দর্শনকে আরো গভীরভাবে ধারণ করে বিএনপিকে ভবিষ্যতে আরও সুসংগঠিত, শক্তিশালী ও সমৃদ্ধ করে এগিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে। তাঁর দেখানো পথে গণতন্ত্র, মানুষের অধিকার এবং দেশের উন্নয়নের জন্য বিএনপি কাজ করে যাবে। জিয়াউর রহমান যে স্বপ্ন নিয়ে বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন, সেই স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠা আমাদের প্রধান লক্ষ্য।
এ সময় রাউজানের সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ শেষে দোয়া-মোনাজাতে অংশগ্রহণ করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ভোলা, ১ সেপ্টেম্বর, ২০২৬ : আজ ভোলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। এই উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং আলোচনা সভার আয়োজন করা হয়।
মঙ্গলবার বেলা ১১টা থেকে জেলার বিভিন্ন উপজেলায়, পৌরসভা এবং ইউনিয়ন বিএনপি ও তাদের অঙ্গ সংগঠনগুলোর উদ্যোগে এই কর্মসূচিগুলো অনুষ্ঠিত হয়। বিপুলসংখ্যক নেতা-কর্মী এতে অংশগ্রহণ করেন। এ সময় দলের নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।
আজ বেলা ১১টায় জেলা বিএনপি’র কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে শেষ হয়। র্যালিতে নেতা-কর্মীরা হাতে দলীয় পতাকা, ব্যানার এবং বিভিন্ন রঙের ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন এবং তারা দলের বিভিন্ন স্লোগান দেন।
এর আগে জেলা সদরের কালীনাথ রায়ের বাজারে দলীয় কার্যালয়ের সামনে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন দলের জেলা আহ্বায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর, সদস্য সচিব মো. রাইসুল আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ভোলা পৌরসভার সাবেক মেয়র মো. সফিউর রহমান কিরন, যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ ট্রুম্যান, হুমায়ুন কবির সোপান, লোকমান হোসেনসহ দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ ইয়াছিন জানিয়েছেন, দেশে চার থেকে পাঁচ মাসের সার মজুদ বিদ্যমান। তিনি উল্লেখ করেন, সারের দাম বৃদ্ধি পাওয়ার অভিযোগটি সঠিক নয়। একটি সিন্ডিকেটের কারসাজির মাধ্যমে কৃত্রিমভাবে সারের সংকট তৈরি করার চেষ্টা করা হচ্ছে। এ সংকট সৃষ্টিকারীদের খুঁজে বের করার জন্য পুলিশ কাজ করছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা নগরীর শিল্পকলা অ্যাকাডেমিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লা মহানগর বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব মন্তব্য করেন।
কৃষিমন্ত্রী আরও বলেন, আগামী তিন বছরের মধ্যে বাংলাদেশ আমদানিনির্ভর মশলা চাষে স্বনির্ভর হয়ে উঠবে। প্রতিবছর দেশে প্রায় এক লাখ টন আদা আমদানি করতে হয়। তিনি জানান, আগামী দুই বছরের মধ্যে পেঁয়াজ, মরিচ, টমেটোসহ বিভিন্ন কৃষিপণ্য আমদানির প্রয়োজন না পড়ার জন্য চেষ্টা চলছে।
তিনি উল্লেখ করেন, প্রতিবছর দেশে পেঁয়াজ আমদানি করতে হতো। তবে চলতি বছর এখন পর্যন্ত কোনো পেঁয়াজ আমদানি করা হয়নি। তিনি আশা প্রকাশ করেন, আগামী দিনেও পেঁয়াজ আমদানি করতে হবে না; বরং বাংলাদেশ পেঁয়াজ রপ্তানি করতে সক্ষম হবে। ভবিষ্যতে কৃষিপণ্যই দেশের প্রধান রপ্তানিযোগ্য পণ্য হয়ে উঠবে।
সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু। সভাটি সঞ্চালনা করেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া এমপি প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক হাজী মোস্তাক মিয়া এবং কুমিল্লা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. রাজিউর রহমান রাজিব।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ক্ষমতার মজা চিরস্থায়ী নয় : হুইপ নিজান
‘একসময় আমরা মিছিল করতে পারতাম না, বাগানে বাগানে পালিয়ে ছিলাম। আজকে আমরা বুক ফুলিয়ে মিছিল করছি।
বর্তমানে বাধা দেওয়ার জন্য কোনো ব্যক্তি নেই, এমনকি দেওয়ার সাহসও নেই। এজন্য আমি বলি ক্ষমতাই ক্ষমতা, মজাই মজা। তবে এই মজা চিরস্থায়ী নয়।’
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুরের কমলনগরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান এ মন্তব্য করেন।
হুইপ নিজান আরো বলেন, ‘আমি অন্যদের সম্মান করি, বিরোধী মতকে সম্মান জানাই। কারণ আমাদের সরকারের বয়স এখন মাত্র ৬ মাস। সাড়ে ৪ বছর পর আবার নির্বাচন অনুষ্ঠিত হবে। সেদিন মানুষ ঠিক করে নেবে, আজকে যে মানুষের সঙ্গে আপনি খারাপ আচরণ করছেন, যে মানুষটাকে ধমক দিয়েছেন, ক্ষমতা দেখিয়েছেন, সাড়ে ৪ বছর পর আবার তার কাছে আমাদের যেতে হবে।
এটি গণতান্ত্রিক রাজনীতির পরিচয়।’
এই সংসদ সদস্য বলেন, ‘আমরা গণতান্ত্রিক রাজনীতির কথা বলব, ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলব। আমরা দুর্নীতির বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে কথা বলব। এই দেশের সম্পদ যারা বিদেশে পাচার করেছে, তাদের বিরুদ্ধে কথা বলব। ১৭ বছর আওয়ামী লীগ টিআর, কাবিখা লুট করেছে, মানুষ তাদের জবাব দিয়েছে।
এখন আপনারা (বিএনপি) যদি একইভাবে কাজ করেন, আপনাদেরও মানুষ জবাব দেবে।’
নেতাকর্মীদের সতর্ক করে নিজান বলেন, ‘আপনারা আমাকে লক্ষ্য করবেন, অনুসরণ করবেন। আমি অনুসরণ করব আমার নেতা তারেক রহমানকে। তারেক রহমান এখনো ক্যান্টিনে ১৫০ টাকার ভাত খান। তিনি বড় চেয়ারে বসেন না, আমি কেন বসব? আপনাদের প্রথমে চিন্তা-চেতনার পরিবর্তন আনতে হবে। মুখোশধারী পরিবর্তন আনলে হবে না।’
তিনি আরো বলেন, ‘আমরা স্বৈরাচারের পতন ঘটিয়ে ক্ষমতায় এসেছি। তাই আমাদের সবাইকে সাবধান ও সংযত থাকতে হবে। আমরা যেন জনগণের মাঝে একই রূপে আবির্ভূত না হই, যেভাবে আওয়ামী লীগ আবির্ভূত হয়েছে।’
উপজেলা বিএনপির সভাপতি নুরুল হুদা চৌধুরীর সভাপতিত্বে আলোচনাসভায় বিশেষ অতিথি হিসেবে কমলনগর উপজেলা বিএনপির সহসভাপতি গোলাম কাদের, সাধারণ সম্পাদক এম দিদার হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক ইউছুফ পাটোয়ারী, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আমজাদ হোসেন, সদস্যসচিব আবু সাঈদ দোলন ও মহিলা দলের সভাপতি হোসনে আরা বাশারসহ দলটির সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ১ সেপ্টেম্বর, ২০২৬ : প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানিয়েছেন, বর্তমান সরকারের ধারাবাহিক কূটনৈতিক প্রচেষ্টার ফলস্বরূপ শিগগিরই মালয়েশিয়ার শ্রমবাজার খুলে যাবে।
তিনি উল্লেখ করেন, আগামী ছয় মাসের মধ্যে মালয়েশিয়া বাংলাদেশ থেকে প্রায় ২ লাখ জনশক্তি নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে। এর মধ্যে বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে ১০ হাজার কর্মী সম্পূর্ণ বিনামূল্যে (জিরো কস্টে) যাওয়ার সুযোগ পাবে।
আজ মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এই তথ্য প্রকাশ করেন।
তথ্য উপদেষ্টা আরও জানান, মালয়েশিয়ায় সম্পূর্ণ বিনামূল্যে কর্মী পাঠানোর ক্ষেত্রে প্রথম বহরটি সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)-এর মাধ্যমে বিশেষ চার্টার্ড ফ্লাইটে পাঠানো হবে। এর ফলে অভিবাসন ব্যয় পুরোপুরি শূন্যে নামিয়ে আনার একটি নতুন উদাহরণ সৃষ্টি হবে।
শ্রমবাজারের সিন্ডিকেট ভাঙা এবং রিক্রুটিং এজেন্সির সংখ্যা বৃদ্ধির বিষয়েও উপদেষ্টা মন্তব্য করেন, ‘মালয়েশিয়া সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ২৫টি রিক্রুটিং এজেন্সির অনুমোদন ছিল। কিন্তু বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের সময়ের অনিয়ম ও সিন্ডিকেটের সঙ্গে যুক্ত থাকা ব্যক্তির এজেন্সির নাম বাদ দিয়ে নতুন সুযোগ তৈরির জন্য বর্তমান সরকার দৃঢ় কূটনৈতিক অবস্থান গ্রহণ করেছে। সরকারের এই প্রস্তাবের প্রেক্ষিতে মালয়েশিয়া সরকার ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে।’
তিনি জানান, মালয়েশিয়া সরকারের অনুমোদিত ২৫টি রিক্রুটিং এজেন্সির বাইরে আরও ৩১২টি ‘অ্যাসোসিয়েট রিক্রুটমেন্ট এজেন্সি’ হিসেবে কর্মী প্রেরণের অনুমোদন দেওয়া হয়েছে। ফলে বোয়েসেলসহ মোট ৩৩৮টি রিক্রুটিং এজেন্সি এখন থেকে স্বচ্ছতার সাথে কর্মী পাঠাতে সক্ষম হবে। আগামী সেপ্টেম্বরের শেষ দিকে নতুন কর্মী পাঠানোর পাশাপাশি পূর্বে মালয়েশিয়ায় অবস্থানরত অনিবন্ধিত কর্মীদের নিবন্ধনের প্রক্রিয়াও চলমান রয়েছে।
ব্রিফিংয়ে সরকারের অন্যান্য উন্নয়নমূলক পদক্ষেপ ও নীতিগত সিদ্ধান্ত তুলে ধরে উপদেষ্টা আরও জানান, আগামী ১০ অক্টোবর থেকে পর্যায়ক্রমে সারাদেশে ৪১ লাখ পরিবারকে সামাজিক সুরক্ষার আওতায় ‘ফ্যামিলি কার্ড’ প্রদান শুরু হবে। বর্তমানে দেশে ১২ লাখ ৮৬১ হাজার মেট্রিক টন সারের পর্যাপ্ত মজুত রয়েছে। খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ৫৫ লাখ দরিদ্র পরিবারকে ১৫ টাকা মূল্যে প্রতি মাসে ৩০ কেজি করে চাল দেওয়া হচ্ছে।
ব্রিফিংয়ে জানানো হয়, দেশের গ্রামাঞ্চলে বিদ্যুৎ সংকট কাটাতে এবং ঢাকার বাইরে শিল্প-কারখানায় সরবরাহ বাড়াতে রাজধানীর ডেসকো ও ডিপিডিসি’র বিদ্যুৎ ব্যবহারে কাটছাঁট করে সারাদেশে লোডশেডিং সুষমভাবে বিতরণ করা হচ্ছে। আগামী দেড় থেকে দুই বছরের মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ও নতুন এফএসআরইউ চালুর মাধ্যমে দেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা রয়েছে।
উপদেষ্টা জানান, ই-রিকশা ও ব্যাটারিচালিত রিকশা চলাচলে সুনির্দিষ্ট স্পেসিফিকেশন ও নিবন্ধনের উদ্দেশ্যে স্থানীয় সরকার বিভাগের খসড়া বিধিমালা শিগগিরই ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে।
ব্রিফিংয়ে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ, তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কে এম আবদুল ওয়াদুদ এবং তথ্য অধিদপ্তরের উপ-প্রধান তথ্য কর্মকর্তা ফখরুল ইসলাম উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ