মঙ্গলবার, ১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৪:০২ পি.এম
কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ ইয়াছিন জানিয়েছেন, দেশে চার থেকে পাঁচ মাসের সার মজুদ বিদ্যমান। তিনি উল্লেখ করেন, সারের দাম বৃদ্ধি পাওয়ার অভিযোগটি সঠিক নয়। একটি সিন্ডিকেটের কারসাজির মাধ্যমে কৃত্রিমভাবে সারের সংকট তৈরি করার চেষ্টা করা হচ্ছে। এ সংকট সৃষ্টিকারীদের খুঁজে বের করার জন্য পুলিশ কাজ করছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা নগরীর শিল্পকলা অ্যাকাডেমিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লা মহানগর বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব মন্তব্য করেন।
কৃষিমন্ত্রী আরও বলেন, আগামী তিন বছরের মধ্যে বাংলাদেশ আমদানিনির্ভর মশলা চাষে স্বনির্ভর হয়ে উঠবে। প্রতিবছর দেশে প্রায় এক লাখ টন আদা আমদানি করতে হয়। তিনি জানান, আগামী দুই বছরের মধ্যে পেঁয়াজ, মরিচ, টমেটোসহ বিভিন্ন কৃষিপণ্য আমদানির প্রয়োজন না পড়ার জন্য চেষ্টা চলছে।
তিনি উল্লেখ করেন, প্রতিবছর দেশে পেঁয়াজ আমদানি করতে হতো। তবে চলতি বছর এখন পর্যন্ত কোনো পেঁয়াজ আমদানি করা হয়নি। তিনি আশা প্রকাশ করেন, আগামী দিনেও পেঁয়াজ আমদানি করতে হবে না; বরং বাংলাদেশ পেঁয়াজ রপ্তানি করতে সক্ষম হবে। ভবিষ্যতে কৃষিপণ্যই দেশের প্রধান রপ্তানিযোগ্য পণ্য হয়ে উঠবে।
সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু। সভাটি সঞ্চালনা করেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া এমপি প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক হাজী মোস্তাক মিয়া এবং কুমিল্লা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. রাজিউর রহমান রাজিব।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ক্ষমতার মজা চিরস্থায়ী নয় : হুইপ নিজান
‘একসময় আমরা মিছিল করতে পারতাম না, বাগানে বাগানে পালিয়ে ছিলাম। আজকে আমরা বুক ফুলিয়ে মিছিল করছি।
বর্তমানে বাধা দেওয়ার জন্য কোনো ব্যক্তি নেই, এমনকি দেওয়ার সাহসও নেই। এজন্য আমি বলি ক্ষমতাই ক্ষমতা, মজাই মজা। তবে এই মজা চিরস্থায়ী নয়।’
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুরের কমলনগরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান এ মন্তব্য করেন।
হুইপ নিজান আরো বলেন, ‘আমি অন্যদের সম্মান করি, বিরোধী মতকে সম্মান জানাই। কারণ আমাদের সরকারের বয়স এখন মাত্র ৬ মাস। সাড়ে ৪ বছর পর আবার নির্বাচন অনুষ্ঠিত হবে। সেদিন মানুষ ঠিক করে নেবে, আজকে যে মানুষের সঙ্গে আপনি খারাপ আচরণ করছেন, যে মানুষটাকে ধমক দিয়েছেন, ক্ষমতা দেখিয়েছেন, সাড়ে ৪ বছর পর আবার তার কাছে আমাদের যেতে হবে।
এটি গণতান্ত্রিক রাজনীতির পরিচয়।’
এই সংসদ সদস্য বলেন, ‘আমরা গণতান্ত্রিক রাজনীতির কথা বলব, ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলব। আমরা দুর্নীতির বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে কথা বলব। এই দেশের সম্পদ যারা বিদেশে পাচার করেছে, তাদের বিরুদ্ধে কথা বলব। ১৭ বছর আওয়ামী লীগ টিআর, কাবিখা লুট করেছে, মানুষ তাদের জবাব দিয়েছে।
এখন আপনারা (বিএনপি) যদি একইভাবে কাজ করেন, আপনাদেরও মানুষ জবাব দেবে।’
নেতাকর্মীদের সতর্ক করে নিজান বলেন, ‘আপনারা আমাকে লক্ষ্য করবেন, অনুসরণ করবেন। আমি অনুসরণ করব আমার নেতা তারেক রহমানকে। তারেক রহমান এখনো ক্যান্টিনে ১৫০ টাকার ভাত খান। তিনি বড় চেয়ারে বসেন না, আমি কেন বসব? আপনাদের প্রথমে চিন্তা-চেতনার পরিবর্তন আনতে হবে। মুখোশধারী পরিবর্তন আনলে হবে না।’
তিনি আরো বলেন, ‘আমরা স্বৈরাচারের পতন ঘটিয়ে ক্ষমতায় এসেছি। তাই আমাদের সবাইকে সাবধান ও সংযত থাকতে হবে। আমরা যেন জনগণের মাঝে একই রূপে আবির্ভূত না হই, যেভাবে আওয়ামী লীগ আবির্ভূত হয়েছে।’
উপজেলা বিএনপির সভাপতি নুরুল হুদা চৌধুরীর সভাপতিত্বে আলোচনাসভায় বিশেষ অতিথি হিসেবে কমলনগর উপজেলা বিএনপির সহসভাপতি গোলাম কাদের, সাধারণ সম্পাদক এম দিদার হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক ইউছুফ পাটোয়ারী, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আমজাদ হোসেন, সদস্যসচিব আবু সাঈদ দোলন ও মহিলা দলের সভাপতি হোসনে আরা বাশারসহ দলটির সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ১ সেপ্টেম্বর, ২০২৬ : প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানিয়েছেন, বর্তমান সরকারের ধারাবাহিক কূটনৈতিক প্রচেষ্টার ফলস্বরূপ শিগগিরই মালয়েশিয়ার শ্রমবাজার খুলে যাবে।
তিনি উল্লেখ করেন, আগামী ছয় মাসের মধ্যে মালয়েশিয়া বাংলাদেশ থেকে প্রায় ২ লাখ জনশক্তি নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে। এর মধ্যে বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে ১০ হাজার কর্মী সম্পূর্ণ বিনামূল্যে (জিরো কস্টে) যাওয়ার সুযোগ পাবে।
আজ মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এই তথ্য প্রকাশ করেন।
তথ্য উপদেষ্টা আরও জানান, মালয়েশিয়ায় সম্পূর্ণ বিনামূল্যে কর্মী পাঠানোর ক্ষেত্রে প্রথম বহরটি সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)-এর মাধ্যমে বিশেষ চার্টার্ড ফ্লাইটে পাঠানো হবে। এর ফলে অভিবাসন ব্যয় পুরোপুরি শূন্যে নামিয়ে আনার একটি নতুন উদাহরণ সৃষ্টি হবে।
শ্রমবাজারের সিন্ডিকেট ভাঙা এবং রিক্রুটিং এজেন্সির সংখ্যা বৃদ্ধির বিষয়েও উপদেষ্টা মন্তব্য করেন, ‘মালয়েশিয়া সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ২৫টি রিক্রুটিং এজেন্সির অনুমোদন ছিল। কিন্তু বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের সময়ের অনিয়ম ও সিন্ডিকেটের সঙ্গে যুক্ত থাকা ব্যক্তির এজেন্সির নাম বাদ দিয়ে নতুন সুযোগ তৈরির জন্য বর্তমান সরকার দৃঢ় কূটনৈতিক অবস্থান গ্রহণ করেছে। সরকারের এই প্রস্তাবের প্রেক্ষিতে মালয়েশিয়া সরকার ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে।’
তিনি জানান, মালয়েশিয়া সরকারের অনুমোদিত ২৫টি রিক্রুটিং এজেন্সির বাইরে আরও ৩১২টি ‘অ্যাসোসিয়েট রিক্রুটমেন্ট এজেন্সি’ হিসেবে কর্মী প্রেরণের অনুমোদন দেওয়া হয়েছে। ফলে বোয়েসেলসহ মোট ৩৩৮টি রিক্রুটিং এজেন্সি এখন থেকে স্বচ্ছতার সাথে কর্মী পাঠাতে সক্ষম হবে। আগামী সেপ্টেম্বরের শেষ দিকে নতুন কর্মী পাঠানোর পাশাপাশি পূর্বে মালয়েশিয়ায় অবস্থানরত অনিবন্ধিত কর্মীদের নিবন্ধনের প্রক্রিয়াও চলমান রয়েছে।
ব্রিফিংয়ে সরকারের অন্যান্য উন্নয়নমূলক পদক্ষেপ ও নীতিগত সিদ্ধান্ত তুলে ধরে উপদেষ্টা আরও জানান, আগামী ১০ অক্টোবর থেকে পর্যায়ক্রমে সারাদেশে ৪১ লাখ পরিবারকে সামাজিক সুরক্ষার আওতায় ‘ফ্যামিলি কার্ড’ প্রদান শুরু হবে। বর্তমানে দেশে ১২ লাখ ৮৬১ হাজার মেট্রিক টন সারের পর্যাপ্ত মজুত রয়েছে। খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ৫৫ লাখ দরিদ্র পরিবারকে ১৫ টাকা মূল্যে প্রতি মাসে ৩০ কেজি করে চাল দেওয়া হচ্ছে।
ব্রিফিংয়ে জানানো হয়, দেশের গ্রামাঞ্চলে বিদ্যুৎ সংকট কাটাতে এবং ঢাকার বাইরে শিল্প-কারখানায় সরবরাহ বাড়াতে রাজধানীর ডেসকো ও ডিপিডিসি’র বিদ্যুৎ ব্যবহারে কাটছাঁট করে সারাদেশে লোডশেডিং সুষমভাবে বিতরণ করা হচ্ছে। আগামী দেড় থেকে দুই বছরের মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ও নতুন এফএসআরইউ চালুর মাধ্যমে দেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা রয়েছে।
উপদেষ্টা জানান, ই-রিকশা ও ব্যাটারিচালিত রিকশা চলাচলে সুনির্দিষ্ট স্পেসিফিকেশন ও নিবন্ধনের উদ্দেশ্যে স্থানীয় সরকার বিভাগের খসড়া বিধিমালা শিগগিরই ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে।
ব্রিফিংয়ে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ, তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কে এম আবদুল ওয়াদুদ এবং তথ্য অধিদপ্তরের উপ-প্রধান তথ্য কর্মকর্তা ফখরুল ইসলাম উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কুড়িগ্রামের নাগেশ্বরীতে স্কুলের বাথরুমে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে পুলিশ এক সহকারী শিক্ষককে গ্রেপ্তার করেছে।
এটি ঘটেছে সোমবার (৩১ আগস্ট) উপজেলার রামখানা ইউনিয়নের দক্ষিণ রামখানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
গ্রেপ্তার হওয়া শিক্ষক আব্দুল মোতালেব ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং দক্ষিণ রামখানা ভূঁইয়াটারী এলাকার বাসিন্দা।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, সোমবার টিফিনের সময় ওই ছাত্রী বাথরুমে প্রবেশ করে। এ সময় আব্দুল মোতালেব তাকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করেন। ধস্তাধস্তির এক পর্যায়ে ওই ছাত্রী দৌড়ে বের হয়ে আসে এবং বিষয়টি অফিসে থাকা এক শিক্ষিকাকে জানায়। পরে এই ঘটনাটি স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়লে উত্তেজনা সৃষ্টি হয়।
অন্যদিকে, বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন স্কুলের প্রধান শিক্ষক নূর ইসলাম মিয়া ও স্থানীয় নেতা কাজী মোশারফ হোসেন। তারা মধ্যরাত পর্যন্ত দেনদরবার করেন। এ সময় স্থানীয় গণমাধ্যমকর্মীদের তথ্য সংগ্রহ করতেও বাধা প্রদান করেন তারা। পরে পুলিশ খবর পেয়ে মধ্যরাতে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে এবং ভিকটিমকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এরপর মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামূল হক প্রধান জানিয়েছেন, গ্রেপ্তার শিক্ষক মোতালেবকে বিকেলে আদালতে পাঠানো হয়েছে। ভিকটিম বর্তমানে থানা হেফাজতে রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ১ সেপ্টেম্বর, ২০২৬ : বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রকে আরো শক্তিশালী করার লক্ষ্যে তরুণ ও নতুনদের নিয়ে গঠিত এই ব্যবস্থাকে সহায়তা প্রদান করবে ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ)।
আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে সফররত আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এই তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
শামা ওবায়েদ উল্লেখ করেন, ‘আইপিইউ বাংলাদেশের গণতন্ত্রকে আরো শক্তিশালী করতে কাজ করবে এবং তাদের সহযোগিতা বৃদ্ধি করবে।’
তিনি আরও জানান, আইপিইউ প্রতিনিধি দল বাংলাদেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। তারা সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্য এবং নারী সংসদ সদস্যদের সঙ্গে আলোচনা করেছেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আইপিইউ নতুন সংসদকে ইতিবাচকভাবে দেখছে। বিশেষ করে উল্লেখযোগ্য সংখ্যক তরুণ ও প্রথমবার নির্বাচিত সংসদ সদস্যদের উপস্থিতি তাদের সন্তোষ প্রকাশে সহায়তা করেছে।
তিনি বলেন, ‘অনেক সংসদ সদস্য প্রথমবারের মতো নির্বাচিত হয়েছেন এবং তারা তুলনামূলকভাবে তরুণ। সংসদে তরুণদের প্রতিনিধিত্বও বেশি। তারা বিষয়টিকে খুবই ইতিবাচকভাবে দেখছেন।’
শামা ওবায়েদ জানান, আইপিইউ মহাসচিবের সঙ্গে আলোচনা চলাকালে বাংলাদেশি আইনপ্রণেতাদের দক্ষতা ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং বিশ্বজুড়ে অন্যান্য সংসদ সদস্যদের সঙ্গে যোগাযোগ জোরদার করার বিষয়টি গুরুত্ব পেয়েছে।
জেনেভায় আয়োজিত প্রশিক্ষণসহ আইপিইউ-এর বিভিন্ন সক্ষমতা বৃদ্ধির কর্মসূচিতে বাংলাদেশি সংসদ সদস্যদের আরো বেশি অংশগ্রহণে আগ্রহী বলেও তিনি জানান।
বৈঠকে উভয় পক্ষ গণতন্ত্র, মানবাধিকার, শান্তি ও স্থিতিশীলতা, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি), নারী ক্ষমতায়ন, লিঙ্গ সমতা এবং জলবায়ু সহনশীলতা নিয়ে আলোচনা করেছে। এসব বিষয় বর্তমান সরকারের অগ্রাধিকার বলে উল্লেখ করেন শামা।
তিনি বলেন, ‘সরকারের পক্ষ থেকে আমি আইপিইউ-এর সঙ্গে আরো নিবিড়ভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছি।’
আগামী মাসে তানজানিয়ায় আইপিইউ-এর একটি সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেখানে বাংলাদেশের স্পিকার এবং সংসদ সদস্যরা অংশগ্রহণ করবেন বলে তিনি জানান।
রোববার রাতে ঢাকায় পৌঁছান ফিলিপ। ২ সেপ্টেম্বর তার বাংলাদেশ ত্যাগ করার কথা রয়েছে।
সফরকালে আইপিইউ মহাসচিব বাংলাদেশ জাতীয় সংসদ পরিদর্শন করেন এবং সংসদ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।
এছাড়া তিনি শেরেবাংলা নগরে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন। সেখানে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান এবং এর পেছনের ঘটনাবলি সংক্রান্ত বিভিন্ন আলোকচিত্র, দলিলপত্র ও স্মৃতিচিহ্ন ঘুরে দেখেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ