০৩:১৬ পি.এম
খুলনার পাইকগাছা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকা রুটে পরিবহন চলাচল বর্তমানে বন্ধ রয়েছে। আওয়ামী লীগ কর্তৃক কার্যক্রম নিষিদ্ধ করার কারণে রোববার (২৯ নভেম্বর) সকাল থেকে পরিবহন কর্তৃপক্ষ পদ্মা সেতু রুটে পরিবহন চলাচল বন্ধ রেখেছে। এর ফলে দূরপাল্লার যাত্রীদের মধ্যে চরম ভোগান্তি সৃষ্টি হয়েছে।
পরিবহন কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, পাইকগাছা-ঢাকা রুটে প্রতিদিন অন্তত ২৫টি পরিবহন চলাচল করে। এর মধ্যে দিনে ১০টি এবং রাতে ১৫টি বাস চলাচল করে। পাইকগাছা, কয়রা, আশাশুনি, শ্যামনগর ও দাকোপসহ আশপাশের এলাকার শত শত দূরপাল্লার যাত্রী এই রুটে যাতায়াত করেন।
আওয়ামী লীগ কর্তৃক ২৯ ও ৩০ নভেম্বর লকডাউন ঘোষণা করার ফলে পরিবহন কর্তৃপক্ষ বিপাকে পড়েছে। রোববার সকাল থেকে বেশ কিছু পরিবহন বন্ধ রাখা হয়েছে। যদিও ফেরি পারাপার রুটে কিছু বাস চলাচল করছে, তবে পদ্মা সেতু রুটে কোনো পরিবহন রোববার সকালে ছেড়ে যায়নি। এর ফলে অনেক দূরপাল্লার যাত্রী ভোগান্তিতে পড়েছেন। অনেকের অগ্রিম টিকিট থাকলেও পরিবহন বন্ধ থাকায় কাউন্টার থেকে ফিরে যেতে হয়েছে।
আরও পড়ুন: ভোরে বিকট শব্দের পর নীলফামারীতে উদ্ধার হলো চারটি ককটেল সদৃশ বস্তু
দূরপাল্লার যাত্রী সাইফুল ইসলাম জানান, "সকালে বাসা থেকে বিদায় নিয়ে কাউন্টারে এসে শুনি পরিবহন চলাচল বন্ধ। ঢাকায় জরুরি যাওয়ার প্রয়োজন ছিল, কিন্তু পরিবহন বন্ধ থাকায় যেতে পারিনি।"
এ বিষয়ে পরিবহন স্ট্যান্ড কমিটির কোষাধ্যক্ষ ও লিটন ট্রাভেলসের ম্যানেজার শাহজাহান কবির বলেন, "লকডাউনের কারণে পদ্মা সেতু রুটে টুঙ্গিপাড়া এক্সপ্রেস, লিটন ট্রাভেলস, জয় ও স্টার ডিলাক্সসহ বেশ কয়েকটি পরিবহনের বাস চলাচল বন্ধ রয়েছে। এ কারণে যেসব যাত্রী টিকিট কেটেছিলেন, তাঁদের টাকা ফিরিয়ে দেওয়া হয়েছে।"
অন্যদিকে, লকডাউনের কারণে দূরপাল্লার ফেরি রুটসহ পাইকগাছা-খুলনা রুটে কোনো প্রভাব পড়েনি। খুলনা বাস-মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সহসভাপতি অমরেশ কুমার মণ্ডল জানিয়েছেন, এসব রুটে বাসসহ অন্যান্য যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
আরও পড়ুন: খুলনায় জেলা ও মহানগর পুলিশের অভিযানে ৪৯ জন গ্রেফতার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন