শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ ইং
১১:৪৯ পি.এম
নীলফামারীর সৈয়দপুরে মসজিদের পেছনের দেয়াল কেটে (সিঁধ কেটে) চুরির একটি ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে কামারপুকুর ইউনিয়নের কুজিপুকুর নাজিমুদ্দিনপাড়া বাইতুর রহমত জামে মসজিদে এই চুরির ঘটনা ঘটে।
দুর্বৃত্তরা মসজিদ থেকে নতুন আইপিএস, মাইকের মেশিন ও ব্যাটারি চুরি করে নিয়ে যায়। চুরি হওয়া মালামালের আনুমানিক মূল্য প্রায় ৮০ হাজার টাকা বলে জানা গেছে।
মসজিদ কমিটির সদস্য নাঈম জানান, বৃহস্পতিবার এশার নামাজ আদায়ের পর রাত ২টা পর্যন্ত মসজিদের আশপাশে লোকজনের উপস্থিতি ছিল। কিন্তু শুক্রবার (৩০ অক্টোবর) ফজরের নামাজ আদায় করতে এসে তারা মসজিদের পেছনের অংশে সিঁধ কাটা দেখতে পান। পরে তারা মসজিদের নতুন আইপিএস, মাইকের মেশিন ও ব্যাটারি খুঁজে পাননি।
মসজিদের সভাপতি আহমদ আলী সরকার বলেন, মসজিদটি টিনশেডের এবং এটি মহল্লাবাসীর দান ও সহযোগিতায় পরিচালিত হয়ে আসছে। এলাকার মানুষ অনেক কষ্ট করে অর্থ সংগ্রহ করে প্রায় ৮০ হাজার টাকা ব্যয়ে নতুন আইপিএস, ব্যাটারি ও মাইকের মেশিন কিনেছিলেন। কিন্তু রাতের আঁধারে সবকিছু চুরি হয়ে গেছে। তিনি দ্রুত চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
মসজিদের ইমাম হাফেজ মো. মোরসালিন মন্তব্য করেন, “একটি মসজিদের জন্য আইপিএস, ব্যাটারি ও মাইকের সরঞ্জাম অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
শুক্রবার (৩০ অক্টোবর) সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা জানান, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ প্রশাসন বদ্ধপরিকর।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কুড়িগ্রামের উলিপুর উপজেলার বাংলাদেশ ভাওয়াইয়া পরিষদ ভাওয়াইয়া গানের দীর্ঘ ইতিহাস ও সমৃদ্ধ ঐতিহ্য সংরক্ষণে নতুন মাইলফলকের দিকে এগোচ্ছে। সংগঠনটির জন্য প্রায় তিন কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে একটি স্থায়ী ও আধুনিক বহুতল ভবন।
১৯৯৩ সালে কুড়িগ্রামের উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের পাঁচপীর এলাকায় বাংলাদেশ ভাওয়াইয়া পরিষদ প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি একটি সাধারণ টিনের চালাঘরে ভাওয়াইয়া গানের চর্চা ও সাধনা চালিয়ে আসছে। এই সাদামাটা ঘর থেকেই গড়ে উঠেছেন দেশ-বিদেশে পরিচিত কয়েকশ ভাওয়াইয়া শিল্পী।
দীর্ঘদিন টিনের ঘরে কার্যক্রম পরিচালনার পর অবশেষে সংগঠনটির জন্য স্থায়ী ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে, যা নানা প্রতিকূলতা ও চড়াই-উতরাই পেরিয়ে বাস্তবায়িত হচ্ছে। স্থানীয় প্রশাসন, দেশের বিশিষ্ট শিল্পগোষ্ঠী ও ব্যক্তিদের সহযোগিতায় এই উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে। উল্লেখযোগ্যভাবে, দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ উল্লেখযোগ্য অঙ্কের অনুদান দিয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে আনুষ্ঠানিকভাবে ভবনটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
ভবনটির ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের পাঁচপীর এলাকায় কুড়িগ্রাম-চিলমারী সড়কের পাশে একটি বর্ণাঢ্য আলোচনা সভার আয়োজন করা হয়। স্থানীয় সমাজসেবী গেলাপ হোসেনের দান করা পাঁচ শতক জমিতে নির্মিত হবে ভবনটি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাওয়াইয়া পরিষদের সভাপতি অ্যাডভোকেট প্রদীপ কুমার রায়। স্বাগত বক্তব্য দেন সংগঠনটির সাধারণ সম্পাদক ও ভাওয়াইয়া একাডেমির পরিচালক ভূপতি ভূষণ বর্মা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বশীর আহমেদ। বক্তাদের মধ্যে ছিলেন উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী, ভাওয়াইয়া পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি রাজেন্দ্রনাথ রায়, বীর মুক্তিযোদ্ধা ও সলিডারিটির নির্বাহী পরিচালক হারুন অর রশিদ লাল, বিশিষ্ট সাহিত্যিক ও গীতিকার তৌহিদুর রহমান, কসিম উদ্দিন পরিষদের সভাপতি মাহবুবুর রহমান মমিন এবং জমিদাতা গেলাপ উদ্দিনের ছেলে এনামুর রহমান।
বসুন্ধরা গ্রুপের পক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিদিনের কুড়িগ্রাম প্রতিনিধি খন্দকার একরামুল হক সম্রাট এবং নিউজ২৪-এর কুড়িগ্রাম প্রতিনিধি হুমায়ুন কবীর সূর্য।
বক্তারা আশা প্রকাশ করেন যে, আধুনিক বহুতল ভবনটি নির্মিত হলে কুড়িগ্রামে ভাওয়াইয়া গানের চর্চা আরও বেগবান হবে। নতুন প্রজন্মের শিল্পীরা উন্নত পরিবেশে সংগীতচর্চার সুযোগ পাবেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কুমিল্লার বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান রনি সরকারি দপ্তরের দরজায় সাধারণ মানুষের জন্য একটি ব্যতিক্রমী বার্তা টাঙিয়েছেন। তার কার্যালয়ের দরজায় লেখা রয়েছে, ‘অফিসে প্রবেশের জন্য অনুমতির প্রয়োজন নেই, জুতাসহ প্রবেশ করুন।’ এই উদ্যোগটি স্থানীয়দের মধ্যে প্রশংসা কুড়িয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে ইউএনওর কার্যালয়ের দরজায় এ বার্তা দেখা যায়। প্রবেশপথে নেমপ্লেটের পাশে টাঙানো বার্তায় জানানো হয়েছে, সেবাপ্রত্যাশীদের কক্ষে প্রবেশের আগে আলাদা অনুমতি নিতে হবে না কিংবা জুতা খুলে রাখতে হবে না।
উপজেলা প্রশাসন জানিয়েছে, এই উদ্যোগটি উপজেলা প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে দূরত্ব কমানোর উদ্দেশ্যে নেওয়া হয়েছে এবং সেবাপ্রত্যাশীদের ইউএনওর কাছে সহজে পৌঁছানোর সুযোগ করে দিতে এটি কার্যকর।
স্থানীয় বাসিন্দা রাকিবুল ইসলাম মন্তব্য করেছেন, অনেক সময় সরকারি কর্মকর্তাদের কাছে সহজে পৌঁছাতে না পেরে সাধারণ মানুষ সেবা থেকে বঞ্চিত হন। তিনি বলেন, "কেউ কেউ দালালের দ্বারস্থ হয়ে ভোগান্তিতে পড়েন। বরুড়া ইউএনওর কার্যালয়ের এই বার্তা মানুষের মধ্যে আস্থা বাড়াবে।"
আরেক স্থানীয় বাসিন্দা শওকত আলী বলেন, ‘এটি সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ। সরকারি অফিসে শৃঙ্খলা, নিয়মনীতি ও সৌজন্যবোধ বজায় রাখতে এমন নির্দেশনা প্রশংসার দাবিদার। ইউএনও মহোদয়ের প্রতি আন্তরিক শ্রদ্ধা ও শুভকামনা। আল্লাহ তাকে জনসেবায় আরও অবদান রাখার তৌফিক দিন।’
স্থানীয়দের মতে, সেবাপ্রত্যাশীদের ভোগান্তি কমাতে এবং সরকারি দপ্তরে মানুষের সহজ প্রবেশাধিকার নিশ্চিত করতে এমন জনবান্ধব উদ্যোগ প্রশাসনের সঙ্গে সাধারণ মানুষের যোগাযোগ আরও সহজ ও মানবিক করবে।
বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনি এ বিষয়ে বলেন, ‘সরকারি দপ্তর মানুষের সেবা দেওয়ার জন্য। সেবাপ্রত্যাশীরা যেন কোনো সংকোচ বা দ্বিধা ছাড়াই তাদের প্রয়োজনের কথা জানাতে পারেন, সে জন্যই কার্যালয়ের সামনে এ বার্তা দেওয়া হয়েছে। আমার কক্ষে আসতে আলাদা অনুমতির প্রয়োজন নেই, জুতা খুলেও প্রবেশ করতে হবে না। সবাই যেন সহজে প্রশাসনের কাছে এসে সেবা নিতে পারেন—এটাই আমার প্রত্যাশা।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
গ্লোবাল মিডিয়া অ্যান্ড ইনফরমেশন লিটারেসি (এমআইএল) উইক ২০২৬-এর সোশ্যাল অ্যাকশন প্রজেক্ট (এসএপি) ক্যাটাগরিতে তৃতীয় স্থান অর্জন করেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের একটি দল। একই আয়োজনে ক্যাম্পাস অ্যাম্বাসেডর ক্যাটাগরিতে দ্বিতীয় স্থান অধিকার করেছেন ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী এস এম মিফতাহুল ইসলাম মাহিন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ঢাকার ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির মঞ্জুর এলাহী অডিটোরিয়ামে বিশ্ব গণমাধ্যম ও তথ্য সাক্ষরতা সপ্তাহ উপলক্ষে আয়োজিত জাতীয় সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাদের এ স্বীকৃতি দেওয়া হয়। প্রতিযোগিতায় দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ২৪টি দল অংশগ্রহণ করে।
খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রকল্পটির শিরোনাম ছিল ‘Enhancing Media Literacy Among Homemakers in Khulna: Addressing Misinformation and Promoting Responsible Digital Media Use’। প্রকল্পটি খুলনার গৃহিণীদের মধ্যে গণমাধ্যম ও তথ্য সাক্ষরতা বাড়ানোর লক্ষ্যে বাস্তবায়িত হয়, যাতে ভুল ও বিভ্রান্তিকর তথ্য শনাক্ত করা এবং অনলাইনে তথ্যের সত্যতা যাচাইয়ের দক্ষতা তৈরি করা যায়।
প্রকল্প দলের তত্ত্বাবধায়ক ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের প্রধান সহযোগী অধ্যাপক মাজিদুল ইসলাম। তিনি অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করেন। পুরস্কার গ্রহণ করেন দলের নেতা এস এম মিফতাহুল ইসলাম মাহিন।
মাজিদুল ইসলাম মন্তব্য করেন, বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে গণমাধ্যম ও তথ্য সাক্ষরতা সবার জন্য অপরিহার্য। সঠিক তথ্য খুঁজে বের করার জন্য শিক্ষার্থীদের ভুল ও বিভ্রান্তিকর তথ্যের ভিড়ে সচেতন থাকতে হবে। এ ধরনের কর্মসূচিতে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা তথ্য ছড়িয়ে পড়ার প্রক্রিয়া এবং তা প্রতিরোধের উপায় সম্পর্কে শেখার সুযোগ পায়।
মিফতাহুল ইসলাম মাহিন বলেন, “এই অর্জন আমাদের পুরো দলের সম্মিলিত প্রচেষ্টা ও পরিশ্রমের ফল। প্রকল্পের মাধ্যমে গৃহিণীদের মধ্যে তথ্য যাচাইয়ের সচেতনতা তৈরি এবং দায়িত্বশীলভাবে ডিজিটাল মাধ্যম ব্যবহারের গুরুত্ব তুলে ধরার চেষ্টা করেছি আমরা।”
প্রকল্প দলের অন্যান্য সদস্যরা হলেন সানজিদা আক্তার, মো. নাঈম শেখ, তানিয়া তাবাসসুম, জাহিদা সুলতানা রিমা, আশরাফুল আলম, রুকাইয়া আফিয়া নেহা, আহমেদ মোস্তফা, সাবিনা ইয়াসমিন তিথি ও শেখ এশানুল হক।
‘Media and Information Literacy Skills for 21st-Century Youth’ শীর্ষক সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করেছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির তথ্য অধ্যয়ন বিভাগ। এতে সহযোগিতা করেছে ইউনেস্কো ঢাকা কার্যালয় ও মিডিয়া অ্যান্ড ইনফরমেশন লিটারেসি নেটওয়ার্ক বাংলাদেশ (MILNetBD)। সহায়তা প্রদান করেছে জাতিসংঘের নির্বাচনী সহায়তা প্রকল্প ‘ব্যালট’।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপদেষ্টা (পলিসি ও স্ট্র্যাটেজি) এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ড. জাহেদ উর রহমান। সভাপতিত্ব করেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন ও প্রতিষ্ঠাতা উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে ইউনেস্কোর প্রতিনিধি ও ঢাকা কার্যালয়ের প্রধান ড. সুসান ভাইজ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আশিক মোসাদ্দিক এবং ইউএনডিপি বাংলাদেশের জাতিসংঘের নির্বাচনী সহায়তা প্রকল্প ‘ব্যালট’-এর প্রধান কারিগরি উপদেষ্টা আন্দ্রেস দেল কাস্তিয়ো সানচেস।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ৩০ অক্টোবর, ২০২৬ : শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, গার্মেন্টস শিল্প খাতের শ্রমিকদের জন্য নতুন মজুরি নির্ধারণের উদ্দেশ্যে আগামী রোববার থেকে মজুরি বোর্ড গঠন এবং এর কার্যক্রম শুরু হবে।
আজ শুক্রবার রাতে রাজধানীর ইস্কাটন গার্ডেনে শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের কাছে এই তথ্য তুলে ধরেন।
শ্রমমন্ত্রী আশ্বস্ত করেছেন যে, শিল্পাঞ্চলে বাড়িভাড়া বৃদ্ধি না হওয়ার বিষয়টি নিশ্চিত করতে মন্ত্রণালয় এবং সরকার কাজ করবে।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার বাসসকে জানিয়েছেন, আজ শ্রমিকদের পক্ষ থেকে তাদের প্রতিনিধির নাম সংগ্রহ করা হয়েছে। আগামীকাল তারা চূড়ান্ত প্রতিনিধি নির্বাচন করে জানাবেন।
মজুরি বোর্ড গঠনের লক্ষ্যে আগামীকাল শনিবার শ্রম ভবনে গার্মেন্টস শিল্পমালিকদের সঙ্গে মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের বৈঠক অনুষ্ঠিত হবে বলেও জানান শ্রমসচিব।
তালাশ বিডি/মিডিয়া লিঃ