০৯:০৯ পি.এম
কুয়েতের একটি ফৌজদারি আদালত বাংলাদেশি এক প্রবাসীকে মৃত্যুদণ্ড প্রদান করেছে, যার কারণ হলো স্ত্রীর ব্যক্তিগত ছবি ফেসবুকে প্রকাশের জেরে বন্ধুকে হত্যার অভিযোগ। মঙ্গলবার (৩ নভেম্বর) আদালত পূর্বপরিকল্পিত হত্যার অভিযোগে এ রায় দেয়।
সংবাদমাধ্যম গালফ নিউজের একটি প্রতিবেদনে বুধবার (৪ নভেম্বর) এই তথ্য জানানো হয়।
প্রতিবেদনে কুয়েতের পাবলিক প্রসিকিউশনের উদ্ধৃতি দিয়ে বলা হয়, নিহত ব্যক্তি অভিযুক্ত বাংলাদেশির স্ত্রীর ব্যক্তিগত ছবি ফেসবুকে প্রকাশ করেছিলেন। একাধিকবার অনুরোধ করার পরও তিনি ছবিগুলো সরাতে অস্বীকৃতি জানান। এ ঘটনার ফলে দুই বন্ধুর মধ্যে বিরোধ সৃষ্টি হয়।
আরও পড়ুন: জানাজা থেকে ফেরার পথে গ্রেপ্তার ইউপি চেয়ারম্যান, অসন্তোষ জানালেন প্রতিমন্ত্রী
প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, ওই ঘটনার প্রতিশোধ নিতে হত্যার পরিকল্পনা করেন অভিযুক্ত। নিহত ব্যক্তি কর্মস্থলে রয়েছেন নিশ্চিত হওয়ার পর অভিযুক্ত ছুরি নিয়ে বাইরে অপেক্ষা করতে থাকেন। পরে নিহত ব্যক্তি বেরিয়ে এলে তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি ছুরিকাঘাত করেন। এতে তার মৃত্যু ঘটে।
আদালতে হত্যার দায় স্বীকার করে অভিযুক্ত জানান, নিহত ব্যক্তির সঙ্গে তার পূর্বে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। একবার বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়ে বন্ধু অনুমতি ছাড়া তার স্ত্রীর ছবি তুলেছিলেন। পরে সেসব ছবি ফেসবুকে প্রকাশ করা হয়।
অভিযুক্তের দাবি, ছবিগুলো প্রকাশের পর সেগুলোতে আপত্তিকর মন্তব্য আসতে শুরু করে। এজন্য তিনি বন্ধুকে ছবিগুলো মুছে ফেলতে অনুরোধ করেন। কিন্তু বন্ধু তা না করে আরও ছবি প্রকাশ করেন। এতে তার ও স্ত্রীর মধ্যে পারিবারিক বিরোধ সৃষ্টি হয়।
আদালতে অভিযুক্ত ব্যক্তি জানান, এ ঘটনার জেরেই তিনি প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেন।
আরও পড়ুন: মধ্যপ্রাচ্যের উদ্দেশে রওনা হলো যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ‘থিওডোর রুজভেল্ট’
মামলার সব পক্ষের বক্তব্য ও উপস্থাপিত প্রমাণ পর্যালোচনা শেষে আদালত অভিযুক্তকে পূর্বপরিকল্পিত হত্যার দায়ে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের আদেশ দেন।
সূত্র: গালফ নিউজ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন