ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

নির্বাচনের আগে ‘বিজয়’ দেখাতে ইরানে হামলার পরিকল্পনা ট্রাম্পের


নির্বাচনের আগে ‘বিজয়’ দেখাতে ইরানে হামলার পরিকল্পনা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত কয়েক মাস ধরে চললেও, গত কয়েক সপ্তাহে ইরানে যুক্তরাষ্ট্রের হামলা হয়নি। এই সময়ের মধ্যে পরিস্থিতি তুলনামূলকভাবে শান্ত রয়েছে। একই সময়ে, যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের প্রচার চলছে। ধারণা করা হচ্ছিল, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৩ নভেম্বরের নির্বাচনের আগে এই শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রাখতে চাইবেন। কারণ, যুদ্ধের বিষয়টি সামনে এলে রিপাবলিকান প্রার্থীদের নির্বাচনী প্রচারে নেতিবাচক প্রভাব পড়তে পারে।

তবে পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নিতে পারে। প্রশাসনের দুই কর্মকর্তার তথ্য অনুযায়ী, মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালানোর সম্ভাব্য পরিকল্পনা তৈরি করতে পেন্টাগনকে নির্দেশ দিয়েছে হোয়াইট হাউস। কর্মকর্তাদের মতে, নির্বাচনের আগে জ্বালানির দাম কমানো এবং সংঘাতে অগ্রগতি দেখানোর জন্য ট্রাম্পের আগ্রহ এই পরিকল্পনার মাধ্যমে প্রতিফলিত হচ্ছে।

সম্ভাব্য হামলার পরিধি, লক্ষ্যবস্তু এবং হামলা চালানো হবে কি না—এসব বিষয়ে আলোচনা এখনও চলছে। মার্কিন কেন্দ্রীয় কমান্ড বা সেন্টকম এসব পরিকল্পনা তৈরি করছে।

আরও পড়ুন: কাতারের শান্তি প্রস্তাব নাকচ, মধ্যপ্রাচ্যে নতুন হামলার শঙ্কা

পরিকল্পনার সমর্থকরা স্বীকার করছেন যে, সীমিত হামলা একা ইরানকে আলোচনায় বসাতে, হরমুজ প্রণালিতে নিরাপদ নৌ চলাচল পুনঃস্থাপন করতে বা নির্বাচনের আগে জ্বালানির দাম কমাতে সক্ষম হবে না। তবে তাদের ধারণা, কয়েক মাসের অস্বস্তিকর শান্তির পর সামরিক পদক্ষেপ নিলে ট্রাম্প শক্ত অবস্থান দেখাতে এবং বিজয় দাবি করতে পারবেন।

এদিকে, এমন হামলা মধ্যপ্রাচ্যে থাকা প্রায় ৫০ হাজার মার্কিন সেনা এবং উপসাগরীয় মিত্রদের ইরানের পালটা হামলার ঝুঁকিতে ফেলবে। যুক্তরাষ্ট্রের অস্ত্রভান্ডারও চাপের মুখে পড়বে। বিশেষজ্ঞদের কেউ কেউ মনে করছেন, সীমিত ও অনির্ণায়ক হামলা মূল্যস্ফীতি কমানোর পরিবর্তে উল্টো বাড়িয়ে দিতে পারে।

ওয়েক ফরেস্ট বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক উইল ওয়ালডর্ফ বলেন, "সামরিক পদক্ষেপ এখন পর্যন্ত তেলের দাম কমাতে পারেনি; বরং এর বিপরীত প্রভাবই দেখা গেছে।"

ইরান যুদ্ধ শুরু হওয়ার পর অপরিশোধিত তেলের দাম দ্রুত বেড়ে বসন্তে ব্যারেলপ্রতি প্রায় ১১৮ ডলারে পৌঁছেছিল। গত মাসে তা সাময়িকভাবে ১০০ ডলার ছাড়ালেও বর্তমানে প্রায় ১০০ ডলারের কাছাকাছি রয়েছে। যুক্তরাষ্ট্রে গ্যাসের গড় দাম এখন প্রতি গ্যালন ৪ দশমিক ৩৭ ডলার, যা যুদ্ধ শুরুর আগে ৩ ডলারের সামান্য কম ছিল।

আরও পড়ুন: ক্ষমতা হারালেই কি গ্রেফতার হবেন নেতানিয়াহু?

এদিকে, ইরান হরমুজ প্রণালি দিয়ে চলাচলের চেষ্টা করা কয়েকটি জাহাজে হামলা চালিয়েছে। এতে কিছু জাহাজ মালিক গুরুত্বপূর্ণ এই নৌপথ ব্যবহারের বিষয়ে নতুন করে ভাবছেন। হোয়াইট হাউসের কর্মকর্তারা মনে করছেন, এসব হামলা ট্রাম্প প্রশাসনের ওপর চাপ তৈরির উদ্দেশ্যেই করা হচ্ছে।

একই সময়ে, ওয়াশিংটন ও তেহরান মধ্যস্থতাকারীদের মাধ্যমে পরোক্ষ আলোচনা চালিয়ে যাচ্ছে। তবে যুদ্ধবিরতি, হরমুজ প্রণালিতে মার্কিন অবরোধ প্রত্যাহার এবং নৌপথটি পুনরায় খুলে দেওয়ার শর্ত ও সময়সূচি নিয়ে বড় ধরনের মতপার্থক্য রয়ে গেছে।

ট্রাম্পের ঘনিষ্ঠ কয়েকজন উপদেষ্টার মতে, সংঘাত শুরুর পর ইরান বর্তমানে সবচেয়ে দুর্বল অবস্থায় রয়েছে। দেশটির অর্থনীতি নড়বড়ে, মূল্যস্ফীতি বাড়ছে এবং নেতৃত্বের মধ্যেও বিভ্রান্তি রয়েছে। তবে মধ্যবর্তী নির্বাচনের আগে হামলা চালালে ইরানকে চাপে ফেলার বদলে যুদ্ধ ও এর নেতিবাচক প্রভাব ভোটারদের সামনে আরও স্পষ্ট হয়ে উঠতে পারে—যা রিপাবলিকানদের জন্য ঝুঁকি তৈরি করতে পারে।

সূত্র: দ্য আটলান্টিক

আরও পড়ুন: ডিজেল রপ্তানি বাড়াতে চায় ভারত, শোধনাগারগুলো সক্ষমতা বাড়াচ্ছে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খুলনায় জিয়া হল কমপ্লেক্স নির্মাণের সম্ভাব্যতা যাচাই ও মতবিনিময় সভা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ ইং

১১:১৩ পি.এম


খুলনায় জিয়া হল কমপ্লেক্স নির্মাণের সম্ভাব্যতা যাচাই ও মতবিনিময় সভা

খুলনা, ৮ অক্টোবর, ২০২৬ : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে খুলনায় ‘জিয়া হল কমপ্লেক্স’ নির্মাণের সম্ভাব্যতা যাচাই ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকেলে নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে এই সভাটি অনুষ্ঠিত হয়। খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে খুলনা সিটি করপোরেশন ও খুলনা বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগ যৌথভাবে সভার আয়োজন করে।

সভায় আলোচনা করা হয় জিয়া হল কমপ্লেক্সে কী ধরনের সুযোগ-সুবিধা রাখা হবে এবং উপস্থিত সবার মতামত গ্রহণ করা হয়। মতামতের ভিত্তিতে জিয়া হল কমপ্লেক্সের নকশা প্রণয়ন করা হবে বলে সভায় জানানো হয়।

কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু সভায় বলেন, শিক্ষার্থীদের দাবি রয়েছে একটি আধুনিক সিনেপ্লেক্স, আধুনিক লাইব্রেরি এবং টপ ফ্লোরে ফুডকোর্ট রাখার বিষয়ে। সাংস্কৃতিক অঙ্গনের সঙ্গে সম্পৃক্ত বিশিষ্টজনরা আর্ট এক্সিবিশন আয়োজনের জন্য একটি আর্ট গ্যালারি, নৃত্যকলার জন্য একটি স্পেস এবং ওপেন নাট্যমঞ্চ রাখারও দাবি জানিয়েছেন। আমাদের লক্ষ্য হলো সবকিছুর সম্মিলন ঘটিয়ে একটি নান্দনিক স্থাপনা নির্মাণ করা।

শিববাড়ি মোড়কে নগরীর কেন্দ্রবিন্দু হিসেবে উল্লেখ করে তিনি বলেন, নাগরিকদের চাহিদা ও রুচিবোধের সাথে সমন্বয় রেখে এবং গুরুত্বপূর্ণ এই চত্বরের ট্রাফিক ব্যবস্থা পরিকল্পনায় রেখে জিয়া হল কমপ্লেক্সের নকশা প্রণয়নের ওপর তিনি গুরুত্বারোপ করেন।

সভায় কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, খুলনা বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের অধ্যাপক ড. খোন্দকার মাহফুজ উদ দারাইন, সহযোগী অধ্যাপক এস এম নাজিমউদ্দীন, কেসিসির সচিব মো. রেজা রশীদ, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ(কেডিএ)-এর প্রধান প্রকৌশলী কাজী মো. সাবিরুল আলম, কেসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা প্রমুখ উপস্থিত ছিলেন।

সভা শেষে উপস্থিত সবাই জিয়া হল কমপ্লেক্স নির্মাণের স্থান সরেজমিন পরিদর্শন করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিখোঁজের ৪ দিন পর রাজবাড়ীতে কলেজছাত্রের বস্তাবন্দি লাশ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ ইং

১১:১৩ পি.এম


নিখোঁজের ৪ দিন পর রাজবাড়ীতে কলেজছাত্রের বস্তাবন্দি লাশ উদ্ধার

রাজবাড়ীতে নিখোঁজের চারদিন পর চৌধুরী ফুয়াদ হাসান রোহান (২১) নামে এক কলেজছাত্রের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে সদর থানা পুলিশ।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যার দিকে রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের একটি মেহগনি বাগানের ভেতরের ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়।

রাজবাড়ী থানা পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (৫ অক্টোবর) বিকাল ৩টার দিকে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন রোহান।

নিহত রোহান রাজবাড়ী সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র এবং রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা মো. রোকনউদ্দিন চৌধুরীর নাতি।

রাজবাড়ী সদর থানার ওসি উত্তম কুমার ঘোষ রাতে যুগান্তরকে বলেন, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে রোহানের পাশের বাড়ির মেহগনি বাগানের মধ্যে ডোবা থেকে বস্তাবন্দি লাশটি উদ্ধার করা হয়েছে। ইতোমধ্যে পুলিশ কাজ শুরু করেছে। দ্রুত সময়ের মধ্যে এর কারণ উদঘাটন করতে পারব বলে আশা করছি।

কলেজছাত্র রোহানের মৃত্যুর ঘটনায় রাজবাড়ীর পুলিশ সুপার মীর মনির হোসেনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাশেদ খান শিশির মনিরকে একহাত নিলেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ ইং

১১:১৫ পি.এম


রাশেদ খান শিশির মনিরকে একহাত নিলেন

শহীদ আবরার ফাহাদ হত্যা মামলার আসামিদের পক্ষে আদালতে আইনি লড়াই করার জন্য আইনজীবী শিশির মনিরকে একহাত নেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খান।

তিনি জামায়াত-শিবিরের তীব্র সমালোচনা করে বলেন, "একদিকে খুনিদের পক্ষে আইনজীবী দাঁড় করানো, অন্যদিকে রাজপথে বিচারের দাবিতে কর্মসূচি পালন করা—তাদের এই চরম দ্বিমুখী রাজনীতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।"

বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহের ওয়াজির আলী স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে রাশেদ খান এসব মন্তব্য করেন।

তিনি আরও বলেন, "বুধবার শহীদ আবরার ফাহাদের হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং একই সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে রাজপথে সব সংগঠন নেমেছিল। ছাত্রদল, ছাত্র অধিকার পরিষদসহ অন্যান্য ছাত্র সংগঠন কর্মসূচি পালন করেছে। এমনকি ছাত্রশিবির ও এনসিপিও কর্মসূচি পালন করেছে; কিন্তু আমার মৌলিক প্রশ্ন হলো, আবরার ফাহাদের নির্মম খুনিদের আইনজীবী হয়েছিলেন শিশির মনির, যিনি জামায়াতের একজন শীর্ষ পর্যায়ের আইনজীবী। তিনি জামায়াতের মনোনীত এমপি প্রার্থী ছিলেন, দলের নীতিনির্ধারণী ফোরামে থাকেন এবং আন্তর্জাতিক মহলের সঙ্গে জামায়াতের গুরুত্বপূর্ণ বৈঠকগুলোতেও তাকে প্রতিনিধি হিসেবে তুলে ধরা হয়।"

শিবিরের কর্মসূচির সমালোচনা করতে গিয়ে রাশেদ খান প্রশ্ন তোলেন, "জামায়াতের আইনজীবী শিশির মনির যখন আবরার ফাহাদের খুনিদের বাঁচানোর লড়াইয়ে নামেন, তখন শিবির কোন নৈতিকতায় ও কোন লজ্জায় রাজপথে বিচার চেয়ে কর্মসূচি পালন করে?" তিনি বলেন, "জুলাই গণ-অভ্যুত্থানের সময় এই শিশির মনিররা কখনো রাজপথে নামেননি। এমনকি তার ফেসবুকে জুলাইয়ের পক্ষে কোনো পোস্ট ছিল কিনা তা নিয়েও সন্দেহ রয়েছে; তার প্রোফাইলটাও লাল করা হয়নি। জামায়াতের আমিরও তার প্রোফাইল লাল করেননি। অথচ আজ তারা জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়ার বড় বড় দাবি করছে।"

বিএনপির ভূমিকার কথা তুলে ধরে তিনি আরও বলেন, "জামায়াতের আমিররা গণ-অভ্যুত্থানের সময়ে রাজপথে নেমেছেন—এমন একটি ছবি বা ভিডিও তারা দেখাতে পারবে না; কিন্তু বিএনপির সর্বোচ্চ পর্যায় থেকে আন্দোলনের জন্য সর্বাত্মক চেষ্টা করা হয়েছে, যার প্রত্যক্ষ সাক্ষী সমন্বয়করা।"

রাশেদ খান বলেন, "আবরার ফাহাদের বাবাও সম্প্রতি স্পষ্ট করে বলেছেন যে, খুনিদের পক্ষে শিশির মনিরের মতো আইনজীবীর দাঁড়ানো অত্যন্ত অনাকাঙ্ক্ষিত ছিল। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে শিবির ছাত্রদলের পরিচয় নিয়ে টিকে ছিল। এখন প্রশ্ন জাগে, আবরারের প্রকৃত খুনিদের মধ্যে নামধারী ছাত্রলীগ পরিচয়ের আড়ালে কি শিবিরের কেউ জড়িত ছিল? তাদের রক্ষা করতেই কি জামায়াত আইনজীবী হিসেবে শিশির মনিরকে মাঠে নামিয়েছিল?"

জামায়াতের নেতৃত্বের প্রতি আহ্বান জানিয়ে রাশেদ খান বলেন, "আমি জামায়াতকে বলব, আপনারা যদি সত্যিকার অর্থেই আবরার ফাহাদের চেতনাকে ধারণ করেন, তবে খুনিদের আইনি সহায়তা দেওয়া শিশির মনিরকে দলে রাখতে পারেন না। তাকে অবিলম্বে জামায়াত থেকে বহিষ্কার করতে হবে। যে ব্যক্তি আবরারের খুনিদের পক্ষে দাঁড়ায়, সে জামায়াত করতে পারে না, বাংলাদেশের রাজনীতিতেও তার জায়গা হওয়া উচিত নয়। তাকে অবাঞ্ছিত ঘোষণা করা জামায়াত-শিবিরের নৈতিক দায়িত্ব ছিল; কিন্তু তারা তা না করে তাকে মনোনয়ন দিয়ে পুরস্কৃত করেছে।"

ছাত্রনেতা সাদিক কায়েমের ভূমিকার প্রসঙ্গ টেনে রাশেদ খান বলেন, "ডাকসুর ভিপি দাবিদার সাদিক কায়েম আবরার ফাহাদ হত্যার বিচারের দাবিতে কর্মসূচির আয়োজন করছেন। জামায়াত-শিবির ঐতিহাসিকভাবেই এমন দ্বিমুখী রাজনীতি করে আসছে। বাংলাদেশে আবরার হত্যাকারীদের রক্ষাকারী শিশির মনিরদের পুনর্বাসিত হওয়ার কোনো সুযোগ নেই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রকাশ্যে ব্যবসায়ী মো. আজাদকে অপহরণ, সিসিটিভিতে ধরা পড়ল দৃশ্য

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ ইং

১১:১৬ পি.এম


প্রকাশ্যে ব্যবসায়ী মো. আজাদকে অপহরণ, সিসিটিভিতে ধরা পড়ল দৃশ্য

লক্ষ্মীপুরের কমলনগরে মো. আজাদ (৪০) নামে এক ব্যবসায়ীকে প্রকাশ্যে অপহরণের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার অন্যতম প্রধান বাণিজ্যিক কেন্দ্র হাজিরহাট বাজারে এই ঘটনা ঘটেছে।

বাজারের সিসিটিভি ক্যামেরায় অপহরণের পুরো দৃশ্য ধরা পড়েছে।

অপহৃত মো. আজাদ চর ফলকন ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আবদুল হক মাস্টারের ছেলে। তিনি হাজিরহাট দক্ষিণ বাজারে দীর্ঘদিন ধরে কনফেকশনারির ব্যবসা পরিচালনা করে আসছিলেন।

স্থানীয় সূত্র ও অপহৃতের পরিবার জানায়, সকাল ৮টার দিকে দোকানের মালিকানা দাবি করা স্থানীয় মনিরের নেতৃত্বে ৩-৪ জন যুবক একটি সিএনজিচালিত অটোরিকশা নিয়ে বাজারের দক্ষিণ মাথায় ওতপেতে থাকে। আজাদ বাড়ি থেকে এসে দোকানের সামনে পৌঁছামাত্র তাকে জোরপূর্বক টেনে হিঁচড়ে সিএনজিতে তুলে নিয়ে দ্রুত পালিয়ে যায় তারা। সিসিটিভি ফুটেজে দেখা যায়, কয়েকজন যুবক আজাদকে জোর করে সিএনজির মেঝেতে চেপে ধরে এলাকা ত্যাগ করছে।

ঘটনার পরপরই অটোরিকশার পেছনে লেখা নম্বরে যোগাযোগ করা হলে গাড়ির প্রকৃত মালিক গিয়াস উদ্দিন জানান, চুঙ্গার গোড়া এলাকার সায়েদুল হকের ছেলে ফারুক নামে এক চালক গত দুই বছর ধরে গাড়িটি ভাড়ায় চালাচ্ছেন। তবে অপহরণের ঘটনার পর থেকেই চালক ফারুকের মোবাইল ফোন বন্ধ রয়েছে।

অপহৃত আজাদের চাচা মো. আনোয়ার ক্ষোভ প্রকাশ করে বলেন, "দোকানের মালিকানা নিয়ে মনিরের কোনো বিরোধ থাকলে তা থাকতে পারে মূল মালিকের সঙ্গে। আমার ভাতিজা সেখানে শুধুই একজন নিরীহ ভাড়াটিয়া ব্যবসায়ী। সম্পূর্ণ অন্যায়ভাবে তাকে প্রকাশ্যে দোকান থেকে তুলে নেওয়া হয়েছে। আমরা অবিলম্বে আজাদকে জীবিত ও অক্ষত অবস্থায় উদ্ধারের জোর দাবি জানাচ্ছি।"

ঘটনার সত্যতা নিশ্চিত করে কমলনগর থানার এসআই মো. ফারুক জানান, পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়ার পরপরই অপহৃতকে উদ্ধারে সাঁড়াশি অভিযানে নেমেছে পুলিশ। সিএনজি মালিক, চালক ফারুক ও মূল অভিযুক্ত মনিরের বাড়িতে ইতোমধ্যে তল্লাশি চালানো হয়েছে। অপহৃত ব্যবসায়ীকে দ্রুত উদ্ধার এবং জড়িতদের গ্রেফতারে পুলিশের একাধিক দল মাঠে কাজ করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%