ঢাকা শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ইং ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

সীমান্তের এপারে কেউ অপতৎপরতা চালাতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ


সীমান্তের এপারে কেউ অপতৎপরতা চালাতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ মন্তব্য করেছেন, "সীমান্তের ওপারে কে কি করছে জানি না, তবে সীমান্তের এপারে কেউ অপতৎপরতা চালাতে পারবে না।"

তিনি শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন।

মন্ত্রী আরও জানান, সাম্প্রতিক কিছু সহিংসতায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মধ্যে অনেকেই আহত হয়েছেন। "কেউ কেউ গুরুতর আহত হয়েছে। কারো মাথায় ইনজুরি আছে, কারো ফ্রাকচার আছে। এদের অনেকেই চিকিৎসা নিয়েছেন। কিন্তু কারো কারো লম্বা সময় চিকিৎসা নিতে হবে। অনেকের বিশেষায়িত চিকিৎসা নিতে হবে।" তিনি উল্লেখ করেন, "এদের মধ্যে কয়েকজনকে পুলিশ পদকসহ অন্যান্যভাবে পুরস্কৃত করা হবে।"

আরও পড়ুন: জনগণের রায় উপেক্ষা করে জাতীয় ঐক্য সম্ভব নয়: জামায়াত আমির

মন্ত্রী বলেন, "পুলিশের চাকরির শুরুতেই আমাদের সদস্যরা সব পরিস্থিতি মোকাবিলা করতে প্রস্তুত থাকে। শ্রমিক আন্দোলনে আপনারা দেখেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আহত হয়েছে, কিন্তু তারা মজলুম ভাই-বোনকে আঘাত করেননি। এটা দেশ-বিদেশে প্রশংসিত হয়েছে।"

দেশে চলমান সহিংসতা সম্পর্কে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি মন্ত্রীর বার্তা জানতে চাইলে তিনি বলেন, "আইনশৃঙ্খলা বাহিনী সবসময় প্রস্তুত থাকে। তাদের কাজই এটা। আমরা ধরে নেই সবসময় কিছু না কিছু অস্থিরতা সৃষ্টি হতে পারে। সেজন্যই তো পুলিশ, সেজন্যই তো আইনশৃঙ্খলা বাহিনী, সে জন্যইতো স্বরাষ্ট্র মন্ত্রণালয়।"

মন্ত্রী জ্বালাও-পোড়াও নিয়ে প্রশ্নের উত্তরে বলেন, "কারো কারো কর্মসূচি থাকতে পারে। কিন্তু আমাদের শ্রমিক ভাইবোনরা অত্যন্ত সন্তুষ্ট। আপনারা লক্ষ্য করেছেন তারা মজুরি বোর্ডের ঘোষণাকে স্বাগত জানিয়েছে। শৃঙ্খলা রক্ষা করেছে। কিছু শ্রমিক নামধারী শ্রমিকদের মধ্যে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। আমার মনে হয় তারা সফল হবে না।" তিনি আরও বলেন, "আর যারা সীমান্তের ওপার থেকে জ্বালাও-পোড়াও করছে তারা দেশের দুই-একটা জায়গায় হয়তো মিছিল করেছে, আমি শুনেছি। এগুলো খুব বিছিন্ন ঘটনা।"

আরও পড়ুন: গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে শিক্ষা প্রতিষ্ঠানকে রাখতে আহ্বান প্রধানমন্ত্রীর

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোংলা-ঘাষিয়াখালী ক্যানেলের ভাঙন রোধে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেবে সরকার: পরিবেশ প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০২:৩৩ পি.এম


মোংলা-ঘাষিয়াখালী ক্যানেলের ভাঙন রোধে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেবে সরকার: পরিবেশ প্রতিমন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম জানিয়েছেন, মোংলা-ঘাষিয়াখালী আন্তর্জাতিক নৌ ক্যানেলের ভাঙন রোধ এবং তীরবর্তী জনপদ সুরক্ষায় সরকার একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করতে যাচ্ছে।

শনিবার (২৮ নভেম্বর) সকালে বাগেরহাটের রামপাল উপজেলার রমজাইপুর এলাকায় মোংলা-ঘাষিয়াখালী আন্তর্জাতিক নৌ ক্যানেলের ভাঙনকবলিত এলাকা সরেজমিন পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে এ মন্তব্য করেন।

ড. শেখ ফরিদুল ইসলাম পরিদর্শনকালে বলেন, দেড় মাস আগে এই ভাঙন কবলিত এলাকা পরিদর্শনের পর নেওয়া উদ্যোগের অংশ হিসেবে রমজাইপুরে জিও ব্যাগ ফেলা হচ্ছে। তবে, এখানে ভাঙন খাড়া প্রকৃতির হওয়ায় জিও ব্যাগ ফেলার পরও তা ধসে পড়ছে। ক্যানেলের বাঁকগুলোর কারণে তীব্র স্রোতের আঘাতে অপর পাড়ে ভাঙন অব্যাহত রয়েছে। তাই বাঁকগুলো কীভাবে সোজা করা যায়, সেটিও সরেজমিনে দেখা হচ্ছে।

তিনি আরও জানান, পানি উন্নয়ন বোর্ড ও বিআইডব্লিউটিএ এখানে খনন কাজ করছে। তাদের সমন্বয়ে একটি যৌক্তিক ও স্থায়ী সমাধানে পৌঁছাতে হবে, যাতে এই জনপদের মানুষ ভাঙনের কবল থেকে মুক্তি পায়। ভাঙনের ফলে মানুষের বাড়িঘর ও কৃষিজমি বিলীন হয়ে যাচ্ছে, দিনশেষে তারা বেকার ও উদ্বাস্তুতে পরিণত হচ্ছে। তাদের পাশে দাঁড়ানো আমার নৈতিক দায়িত্ব। পানি উন্নয়ন বোর্ড প্রয়োজনীয় সমীক্ষা শেষে মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠালে আমরা দ্রুত দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করব।

এ সময় পরিবেশ প্রতিমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. মিরাজ মোল্লা, উপ-বিভাগীয় প্রকৌশলী (রায়েন্দা) মো. হুমায়ুন কবির এবং উপ-সহকারী প্রকৌশলী (ভূটিয়ামারী) হোসনেয়ারা জামিল সুমানা।

পরিদর্শন শেষে, প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম ভাঙনে ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিতে থাকা স্থানীয় পরিবারগুলোর সঙ্গে কথা বলেন, তাদের দুঃখ-দুর্দশার কথা শোনেন এবং সার্বিক খোঁজখবর নিয়ে পাশে থাকার আশ্বাস দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আফগানিস্তানে নারীদের নাম ব্যবহারে নিষেধাজ্ঞা, সরকারি নথিতে ‘বিবি’ সম্বোধনের নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০২:৩৪ পি.এম


আফগানিস্তানে নারীদের নাম ব্যবহারে নিষেধাজ্ঞা, সরকারি নথিতে ‘বিবি’ সম্বোধনের নির্দেশ

তালেবান কর্তৃপক্ষ আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বলখ প্রদেশে সরকারি নথিপত্র, চিকিৎসকের ব্যবস্থাপত্র এবং স্বাস্থ্যসেবা-সংক্রান্ত ফাইলগুলোতে নারীদের নাম ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করেছে। সরকারি কর্মচারী ও চিকিৎসাকর্মীদের নারীদের নামের পরিবর্তে ‘বিবি’ শব্দে সম্বোধন করার নির্দেশনা প্রদান করা হয়েছে। আফগানিস্তানে প্রচলিত দারি ও পশতু ভাষায় ‘বিবি’ শব্দটির অর্থ হচ্ছে ‘দাদি’ অথবা ‘বয়স্ক নারী’।

প্রতিবেদন অনুযায়ী, স্বাস্থ্যকর্মী এবং সরকারি প্রতিষ্ঠানের কর্মীদের নারীদের নাম ধরে না ডেকে ‘বিবি’ বলে সম্বোধন করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এভাবে নথিতে উল্লেখ করার নির্দেশনাও রয়েছে। অধিকারকর্মীরা মনে করছেন, এতে নারীদের ব্যক্তিগত পরিচয় ও মর্যাদা ক্ষুণ্ন হচ্ছে।

জার্মানিতে বসবাসরত আফগান নারী অধিকারকর্মী লালাহ ওসমানি এই পদক্ষেপটিকে নারীদের পরিচয় মুছে দেয়ার একটি পরিকল্পিত প্রচেষ্টা হিসেবে বর্ণনা করেছেন। তিনি মন্তব্য করেন, "একটি নামের মধ্যে একজন মানুষের ‘পরিচয়, কণ্ঠস্বর ও গল্প’ জড়িয়ে থাকে।" তিনি আরও বলেন, "কোনো মানুষকে অমানবিক করে তোলার প্রথম পদক্ষেপই হলো তার নাম কেড়ে নেয়া।"

তিনি যোগ করেন, "এটি মানুষকে অমানবিক করে তোলার একটি পরিকল্পিত প্রক্রিয়া। যখন কোনো শাসকগোষ্ঠী একজন নারীর নামের পরিবর্তে কোনো প্রাণীর নাম ব্যবহার করে, তখন তারা তার মানবিক সত্তা কেড়ে নেয়। তাকে নিছক একটি জৈবিক প্রাণী কিংবা কোনো পুরুষের সম্পত্তিতে পরিণত করে।"

বলখ প্রদেশে নারীদের নামে এই নিষেধাজ্ঞা জাতীয় পর্যায়ে ছড়িয়ে পড়তে পারে বলে ধারণা করছেন অধিকারকর্মীরা। কাবুলে কাজ করছেন এমন একজন নারী অধিকারকর্মী জুবাইদা আকবর বলেন, "নারীদের ওপর নিষেধাজ্ঞা আরোপের ক্ষেত্রে তালেবানরা ভীষণ সৃজনশীল।" তালেবান ক্ষমতায় ফেরার পর নারীদের অধিকার সীমিত করতে ১৪৪টির বেশি নির্দেশনা জারি করেছে বলেও তিনি মন্তব্য করেন।

গোত্রীয় প্রথা ও ধর্মীয় প্রেক্ষাপট

প্রকাশ্যে নারীদের নাম উচ্চারণ না করার প্রথার শিকড় গোত্রীয় ঐতিহ্যের মধ্যে নিহিত। এসব ঐতিহ্যে কোনো নারীর নাম প্রকাশ্যে উচ্চারণ করাকে পুরুষের সম্মানের প্রতি আঘাত হিসেবে দেখা হয়।

সরকারি নথিপত্রের বাইরেও বিয়ের আমন্ত্রণপত্র এবং সমাধিফলকে এই প্রথার প্রচলন রয়েছে। এসব ক্ষেত্রে নারীদের প্রায়ই নিজের নামে পরিচয় না দিয়ে কোনো পুরুষ আত্মীয়ের স্ত্রী বা মেয়ে হিসেবে উল্লেখ করা হয়।

কর্মী ও অধিকারকর্মীরা বলছেন, এটি মূলত সাংস্কৃতিক প্রথা, ইসলামের কোনো বিধান নয়। পবিত্র কোরআনের ১৯তম সূরার নাম ‘মারইয়াম’। ভার্জিন মেরির নামানুসারে এই সূরার নামকরণ করা হয়েছে এবং এতে ৩০ বারেরও বেশি তার নাম উল্লেখ রয়েছে।

২০২১ সালে তালেবান পুনরায় ক্ষমতায় ফেরার আগে যুক্তরাষ্ট্র-সমর্থিত সরকারের আমলেও নারীদের নাম প্রকাশ্যে উচ্চারণের ক্ষেত্রে সামাজিক বাধা ছিল। তবে এ বিষয়ে কোনো আইনি নিষেধাজ্ঞা ছিল না। পাসপোর্টে নারীদের নাম থাকত। পাশাপাশি নারীরা প্রকাশ্যে কাজ করতে পারতেন এবং নিজেদের নামেই অধিকারের পরিধি বাড়ানোর দাবিতে প্রচার চালাতে পারতেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পোল্যান্ডে রুশ ক্ষেপণাস্ত্র হামলা, কানাডা রাষ্ট্রদূতকে তলব করেছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০২:৩৪ পি.এম


পোল্যান্ডে রুশ ক্ষেপণাস্ত্র হামলা, কানাডা রাষ্ট্রদূতকে তলব করেছে

কানাডা পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে একটি পদক্ষেপ গ্রহণ করেছে। শুক্রবার (২৭ নভেম্বর) অটোয়ায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূতকে তলব করেছে কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয়। খবরটি এসেছে আনাদোলুর থেকে।

কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয় গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টের মাধ্যমে জানায়, পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা মস্কোর ‘বেপরোয়া আগ্রাসনের সর্বশেষ উদাহরণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, এ ধরনের কর্মকাণ্ড অনিচ্ছাকৃতভাবে বড় ধরনের সংঘাত ছড়িয়ে পড়ার ঝুঁকি বৃদ্ধি করছে।

কানাডা আরও জানায়, তারা মিত্র দেশগুলোর পাশে রয়েছে এবং ন্যাটোর ভূখণ্ডের প্রতিরক্ষা নিশ্চিত করা ও ইউক্রেনকে সহায়তা দেওয়ার বিষয়ে অটোয়া সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ।

এদিকে, পোল্যান্ডের আইনজীবীরা জানিয়েছেন, দেশটির আকাশসীমায় প্রবেশ করা রাশিয়ার তিনটি খ-১০১ ক্রুজ ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ শনাক্ত করা হয়েছে। শুক্রবার ইউক্রেনে রাশিয়ার হামলার সময় এই ক্ষেপণাস্ত্রগুলো পোল্যান্ডের আকাশসীমায় প্রবেশ করেছিল।

পোল্যান্ডের লুবলিন অঞ্চলের জেলা কৌঁসুলি কার্যালয় রোববার জানায়, পূর্বাঞ্চলীয় লুবলিন অঞ্চলের নোভি লিপোভিচ এবং দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সাবকারপাথিয়া অঞ্চলের রুদনিক ও মলোদিচ এলাকায় ক্ষেপণাস্ত্রের বিভিন্ন অংশ উদ্ধার করা হয়েছে।

কৌঁসুলিদের প্রাথমিক তদন্তে দেখা গেছে, তিনটি ক্ষেপণাস্ত্রই রাশিয়ার মস্কো অঞ্চলের দুবনা শহরে তৈরি হয়েছে। এগুলো চলতি বছরের অক্টোবর অথবা নভেম্বরে উৎপাদিত হয়েছিল।

পোল্যান্ডের আকাশসীমায় রুশ ক্ষেপণাস্ত্র প্রবেশের ঘটনায় ন্যাটোর সদস্য দেশগুলোর মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে রাশিয়ার সঙ্গে পশ্চিমা দেশগুলোর উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিক্ষাবিদ ও বুদ্ধিজীবীদের নিয়ে সংলাপে বসছে এনসিটিবি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০২:৩৫ পি.এম


শিক্ষাবিদ ও বুদ্ধিজীবীদের নিয়ে সংলাপে বসছে এনসিটিবি

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ‘কেমন শিক্ষাক্রম চাই’ শিরোনামে একটি সংলাপের আয়োজন করছে, যেখানে শিক্ষাবিদ, সাংবাদিক, বুদ্ধিজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজনদের মতামত গ্রহণ করা হবে।

এই সংলাপ রবিবার (২৯ নভেম্বর) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এতে অংশগ্রহণ করবেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী, সংশ্লিষ্ট উপদেষ্টা, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং দেশের বিশিষ্টজনরা।

সংলাপে উপস্থিত থাকার কথা রয়েছে শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা, শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিবের।

এছাড়া, প্রধানমন্ত্রীর প্রেসসচিব, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়) এবং দেশের প্রথিতযশা শিক্ষাবিদ, সাংবাদিক, বুদ্ধিজীবী, চিকিৎসক, প্রকৌশলী ও শিক্ষাসংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের অংশীজনদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।

এনসিটিবি সূত্রে জানা গেছে, সংলাপে অংশগ্রহণকারীরা দেশের জন্য প্রয়োজনীয় শিক্ষাক্রম নিয়ে নিজেদের মতামত ও পরামর্শ তুলে ধরবেন। শিক্ষার বর্তমান চাহিদা, বিদ্যমান শিক্ষাক্রমের অভিজ্ঞতা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য উপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০২
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%