০৫:০৪ পি.এম
বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক এবং মেডিকেল চেকআপ সেন্টারের লাইসেন্সের মেয়াদ সরকার এক বছর থেকে বৃদ্ধি করে দুই বছর করে দিয়েছে। চলতি ২০২৬-২৭ অর্থবছর থেকে নতুন এই সিদ্ধান্ত কার্যকর ধরা হয়েছে।
সোমবার (১০ আগস্ট) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের নির্দেশনার পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখা এই নতুন সিদ্ধান্তের কথা প্রকাশ করেছে।
নির্দেশনাতে বলা হয়েছে, দুই বছরের লাইসেন্স ফি এবং ভ্যাট একসঙ্গে সরকারি কোষাগারে জমা দিতে হবে এবং স্বাস্থ্য অধিদপ্তরের (HSM) ওয়েবসাইটে আবেদন করতে হবে। পাশাপাশি নতুন লাইসেন্সের জন্য পরিবেশ অধিদপ্তর থেকে অবস্থানগত ছাড়পত্র বা পরিবেশ ছাড়পত্র অনলাইনে গ্রহণ করতে হবে। নতুন প্রতিষ্ঠানের জন্য লাইসেন্স পাওয়ার পর, যেসব প্রতিষ্ঠান নারকোটিকস বা মাদকদ্রব্য ব্যবহার করে, তাদের জন্য প্রযোজ্য নারকোটিকস লাইসেন্স গ্রহণ করতে হবে।
আরও পড়ুন: আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চেষ্টা হলে জুলাই শহীদদের প্রতি প্রতারণা হবে: প্রধানমন্ত্রী
নির্দেশনা অনুযায়ী, পরিবেশ অধিদপ্তর এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সংশ্লিষ্ট লাইসেন্সও দুই বছরের জন্য কার্যকর করার ব্যাপারে ব্যবস্থা নিতে হবে।
নির্দেশনায় আরও উল্লেখ করা হয়েছে, স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য), সিভিল সার্জন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাগণ বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোকে নিয়মিত পরিদর্শন করবেন। পরিদর্শনের সময় যদি কোনো অনিয়ম বা শর্তের ব্যত্যয় ধরা পড়ে, তাহলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের লাইসেন্স স্থগিত বা বাতিল করা হতে পারে।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. মো. নূরুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে এই নির্দেশনা প্রদান করা হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, বিষয়টি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের অনুমোদনক্রমে জারি করা হয়েছে।
আরও পড়ুন: রাজবাড়ীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহতের ঘটনায় মামলা দায়ের
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন