মোঃ মাহবুব আলম শাওন নওগাঁ জেলা প্রতিনিধি
০৪:৪৮ পি.এম
নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার, মোহাম্মদ তারিকুল ইসলাম মহোদয় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত নওগাঁ জেলার মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় অংশগ্রহণ করেন। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মহোদয়।
সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান, সড়ক নিরাপত্তা, নারী ও শিশু সুরক্ষা, চুরি-ডাকাতি প্রতিরোধ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং আসন্ন বিভিন্ন জাতীয় ও স্থানীয় কর্মসূচি শান্তিপূর্ণভাবে বাস্তবায়নের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পুলিশ সুপার মহোদয় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের গৃহীত বিভিন্ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
এ সময় তিনি জনগণের জানমাল রক্ষা, অপরাধ দমনে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি, মাদক ও সন্ত্রাসবিরোধী কার্যক্রম জোরদারকরণ এবং জনগণের সঙ্গে পুলিশের পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়াও সভায় উপস্থিত বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা নিজ নিজ প্রতিষ্ঠানের কার্যক্রম ও আইনশৃঙ্খলা সংশ্লিষ্ট বিষয়ে মতামত প্রদান করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
‘আমার বুক যারা খালি করেছে, আমার পুতেরে যারা খুন করেছে তাগর ফাঁসি চাই।’ রবিবার (১৪ জুন) দুপুর ১টায় ময়মনসিংহের গফরগাঁও প্রেস ক্লাবের সামনে একটি মানববন্ধনে নিহত কলেজছাত্র আশরাফুল আলম রবিনের (নাহিয়ান রবিন) বাবা এই কথা বলেন।
নিহত রবিনের মা শান্তা বেগম মানববন্ধনে এসে বলেন, ‘আমি কী লইয়া বাঁচবাম, কেডা আমারে মা ডাকব? আমার বাবারে যারা মারছে আমি তাগর ফাঁসি চাই।’
এছাড়া সাবেক কাউন্সিলর আলাল উদ্দিন সুলতান মন্তব্য করেন, ‘এই নৃশংস হত্যাকাণ্ডের বিচার যদি না হয়, তবে ভবিষ্যতে গফরগাঁওয়ের আইন-শৃঙ্খলার চরম অবনতি হতে পারে।’
গফরগাঁও থানার ওসি আ স ম আতিকুর রহমান বলেন, কলেজছাত্র রবিন হত্যার ঘটনায় জড়িত সন্দেহভাজন রাজীব নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে এক দিনের রিমান্ডে আনা হয়েছে।
ওসি আরো বলেন, রাজীবের বাসায় রক্তের দাগ পাওয়া গেছে। রক্তের নমুনা পরীক্ষার জন্য সংগ্রহ করে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।
প্রসঙ্গত, ৮ জুন দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পৌর শহরের মাজার বাড়ি সড়কে কলেজছাত্র আশরাফুল আলম রবিন জন্মদিন পালন করে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে আহত করে।
পরে রাত সাড়ে ৩টার দিকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রবিন মারা যান।
মানববন্ধনে নিহত রবিনের বন্ধু, পরিবারের লোকজন, আত্মীয়-স্বজন ও সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। মানববন্ধনের পর তারা বিক্ষোভ করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পাবনার আতাইকুলা থানার আরিয়াডাঙ্গী গ্রামে শ্লীলতাহানির অভিযোগের কারণে উত্তেজনার সৃষ্টি হওয়ায় অভিযুক্ত ব্যক্তির বাড়ি ও দোকানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
রবিবার (১৪ জুন) সকালে আড়িয়াডাঙ্গী উচ্চ বিদ্যালয় খোলার পর শিক্ষকদের, শিক্ষার্থীদের এবং স্থানীয় বাসিন্দাদের নিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয় আড়িয়াডাঙ্গী বাজারে।
এসময় তারা অভিযুক্তের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধন চলাকালীন এক পর্যায়ে উত্তেজিত জনতা অভিযুক্ত ব্যক্তির মুদি দোকান ও একটি চায়ের দোকানে ভাঙচুর চালায়। পরে তার বাড়িতে হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে বাড়ি ও দোকানে থাকা বিভিন্ন মালামাল পুড়ে গেছে।
এছাড়া কয়েকজন স্বজন ও প্রতিবেশীর বাড়িতেও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, আগুন লাগার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এই বিষয়ে স্থানীয় যুবদল নেতা অলিউল্লাহ বলেছেন, অভিযুক্ত ব্যক্তি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বখাটে, মাস্তান এবং মাদক কারবারি হিসেবে পরিচিত। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন।
আতাইকুলা থানা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আইন নিজের হাতে না তুলে নেওয়ার জন্য সবাইকে অনুরোধ করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এলাকার অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবর রহমান বলেন, 'ঘটনাটি ১ জুনের। পরে ১২ জুন ভুক্তভোগীর মা বাদী হয়ে নারী নির্যাতন মামলা করেছেন। অভিযুক্ত কাশেম বর্তমানে পলাতক রয়েছে। মানববন্ধনের পর তার বাড়ি ও দোকানে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।'
তালাশ বিডি/মিডিয়া লিঃ
আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষাগুলোর জন্য সব কেন্দ্র সিসিটিভি ক্যামেরার নজরদারির আওতায় থাকবে। দেশজুড়েজুড়ে সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড কেন্দ্রগুলোর সিসিটিভি ক্যামেরার আইডি, পাসওয়ার্ড, ক্যামেরার ব্র্যান্ড, ডিভাইসের সিরিয়াল নম্বরসহ বিস্তারিত তথ্য চেয়েছে।
একইসঙ্গে নির্দেশনা দেয়া হয়েছে যে, সিসিটিভির ডিভিআর ও এনভিআরের সঙ্গে সার্বক্ষণিক ইন্টারনেট সংযোগ রাখতে হবে। তথ্যগুলো আগামী ২১ জুনের মধ্যে বোর্ডে পাঠানোর জন্য বলা হয়েছে।
রোববার (১৪ জুন) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানুর স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা উল্লেখ করা হয়েছে।
শিক্ষাবোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষা কেন্দ্রগুলোর সিসিটিভি ব্যবস্থার কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণের জন্য সংশ্লিষ্ট ডিভিআর ও এনভিআরের সঙ্গে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ নিশ্চিত করতে হবে। এর পাশাপাশি কেন্দ্রগুলোকে সিসিটিভি ক্যামেরার আইডি ও পাসওয়ার্ড, ক্যামেরার ব্র্যান্ড এবং ডিভাইসের সিরিয়াল নম্বরসহ প্রয়োজনীয় তথ্য আগামী ২১ জুনের মধ্যে [email protected] ঠিকানায় ই-মেইলে পাঠাতে বলা হয়েছে।
ই-মেইলের বিষয় হিসেবে ‘CCTV EIIN Number’ উল্লেখ করতে হবে। উদাহরণস্বরূপ ‘CCTV 888888’ লিখার নির্দেশনা দেয়া হয়েছে, যেখানে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানকে তাদের নিজেদের ইআইআইএন নম্বর ব্যবহার করতে হবে।
বোর্ড আরও জানিয়েছেন, এটি একটি অত্যন্ত জরুরি বিষয়। তাই নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় তথ্য পাঠাতে সকল পরীক্ষা কেন্দ্রকে অনুরোধ করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ওমানের দুকম বন্দরে নোঙর করা একটি জাহাজে থাকা ভারতীয় এক নাবিকের মৃত্যু ঘটেছে।
সেলেস্টিয়াল নামের ওই জাহাজটিতে ওই নাবিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরবর্তীতে তার মৃত্যু হয়।
স্থানীয় সময় শনিবার রাতে মাস্কটে অবস্থিত ভারতীয় দূতাবাস এ তথ্যটি জানিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে দূতাবাস জানায়, মরদেহ দ্রুত দেশে ফেরত পাঠানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ভারতের সরকারি তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে বিভিন্ন বাণিজ্যিক জাহাজে ৩ লাখেরও বেশি ভারতীয় নাবিক কর্মরত রয়েছেন। এর মধ্যে মধ্যপ্রাচ্যে ১৮ হাজারের বেশি ভারতীয় নাবিক কাজ করছেন।
এর আগে, ওমান উপকূলে একটি ট্যাংকারে মার্কিন হামলায় তিন ভারতীয় নাবিক নিহত হয়েছিলেন। এই ঘটনার মাত্র কয়েক দিন পর নতুন করে আরও এক নাবিকের মৃত্যুর ঘটনা ঘটল। আগের ওই হামলার ঘটনা ভারতে সাধারণ মানুষ এবং বিরোধী দলগুলোর মধ্যে তীব্র ক্ষোভ ও সমালোচনার জন্ম দিয়েছে।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, চলতি সপ্তাহের শেষের দিকে জি-সেভেন শীর্ষ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের সময় বিষয়টি উত্থাপনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে বিরোধী দলগুলো অনুরোধ জানায়।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জাহাজে হামলার ঘটনায় মার্কিন ‘চার্জ দ্য অ্যাফেয়ার্স’কে তলব করে বেসামরিক জাহাজের ওপর হামলার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এছাড়া হামলার প্রতিবাদে ভারতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের দূতকে দ্বিতীয়বারের মতো তলব করে প্রতিবাদ জানানো হয়েছে। তাও এক বিরল পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হয়েছে নয়াদিল্লির তরফ থেকে।
সূত্র: রয়টার্স
তালাশ বিডি/মিডিয়া লিঃ