ঢাকা বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৭শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ইং ২৭শে কার্তিক, ১৪৩২বাং

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ শনাক্ত করেছে ১৯টি ভুয়া ওয়েবসাইট


প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ শনাক্ত করেছে ১৯টি ভুয়া ওয়েবসাইট

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) ১৯টি ভুয়া ওয়েবসাইট শনাক্ত করেছে, যা দেশের প্রতিষ্ঠিত সংবাদপত্র ও টেলিভিশন চ্যানেলের অনুকরণে অপতথ্য ও প্রোপাগান্ডা ছড়ানোর অভিযোগে অভিযুক্ত। এ ছাড়া, সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য প্রচারকারী ৮০০টির বেশি ফেসবুক অ্যাকাউন্ট, ১০০টির বেশি এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নাম ও ছবি ব্যবহার করে পরিচালিত ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, পেজ ও গ্রুপ চিহ্নিত করা হয়েছে।

বৃহস্পতিবার, ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে, সংরক্ষিত আসনের সংসদ সদস্য শিরিন সুলতানার লিখিত প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের পক্ষ থেকে এসব তথ্য জানান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

সংসদে দেওয়া লিখিত উত্তরে জানানো হয় যে, গণমাধ্যমকর্মীদের পেশাগত দক্ষতা উন্নয়ন এবং অপপ্রচার, কুৎসা ও বিভ্রান্তিমূলক সংবাদ মোকাবিলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন পিআইবির ফ্যাক্ট চেক কার্যক্রম ‘বাংলাফ্যাক্ট’ এ পর্যন্ত ১ হাজার ১৭২টি ফ্যাক্ট চেক, বিশ্লেষণ, অনুসন্ধানী প্রতিবেদন এবং ভিডিও বা রিল প্রকাশ করেছে। এর মধ্যে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর প্রকাশিত হয়েছে ৫৫২টি প্রতিবেদন। বর্তমানে বাংলাফ্যাক্ট প্রতিদিন গড়ে ৩ থেকে ৫টি দাবির সত্যতা যাচাই করে প্রতিবেদন ও ভিডিও প্রকাশ করছে। এ ছাড়া, গণমাধ্যমকর্মীদের সুবিধার্থে শিগগিরই ‘ফ্যাক্ট চেক ম্যানুয়াল’ প্রকাশ করা হবে।

আরও পড়ুন: রাতে গ্রেফতার, সকালে জামিন পেলেন বড়লেখার আ.লীগ নেতা রফিকুল ইসলাম

সাংবাদিকদের প্রশিক্ষণের বিষয়ে প্রতিমন্ত্রী জানান, ২০২৫-২৬ অর্থবছরে পিআইবি দেশের ৬৪ জেলায় ৯৭টি প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন করে, যেখানে ৪ হাজার ৯৫ জন সাংবাদিক অংশ নেন। চলতি ২০২৬-২৭ অর্থবছরে ২২টি প্রশিক্ষণ ও কর্মশালায় ৭১৬ জন সাংবাদিককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এর মধ্যে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর তিন দিনব্যাপী ৪৪টি প্রশিক্ষণে অংশ নিয়েছেন ১ হাজার ৬৯১ জন সাংবাদিক। প্রতিটি প্রশিক্ষণে মাল্টিমিডিয়া সাংবাদিকতা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং ফ্যাক্ট চেক বিষয়ে বিশেষ সেশন রাখা হচ্ছে। পাশাপাশি গুজব মোকাবিলা, বিদ্বেষমূলক প্রচার বা হেটস্পিচ শনাক্ত করার কৌশল এবং সাংবাদিকতায় এআই ব্যবহারের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে দেশের প্রতিটি জেলায় সাংবাদিকদের জন্য এ ধরনের প্রশিক্ষণের আয়োজন করা হবে।

পিআইবির ডিজিটাল কার্যক্রম সম্পর্কে আরও জানানো হয় যে, প্রতিষ্ঠানটির অধীনে পরিচালিত ‘ফ্যাক্ট চেক ও মিডিয়া অ্যানালাইসিস কার্যক্রমের’ ডিজিটাল প্ল্যাটফর্‌ম হলো বাংলাফ্যাক্ট (www.banglafact.com)। এই ওয়েবসাইটের মাধ্যমে ফ্যাক্ট চেক, মিডিয়া অ্যানালাইসিস এবং ডিজিটাল লিটারেসি বিষয়ে ভিডিও ও অন্যান্য কনটেন্ট সংগ্রহ করা যাচ্ছে।

এছাড়া, সাংবাদিকদের উচ্চশিক্ষা ও দক্ষতা উন্নয়নে পিআইবিতে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে দুই বছর মেয়াদি মাস্টার্স এবং এক বছর মেয়াদি ডিপ্লোমা কোর্স চালু রয়েছে। দূরশিক্ষণ পদ্ধতিতে চারটি বিষয়ে ই-লার্নিং ও শর্ট কোর্সের সুযোগ থাকার পাশাপাশি গণমাধ্যম ও সাংবাদিকতার গুণগত মানোন্নয়নে তিন মাস মেয়াদি অর্ধশতাধিক শিক্ষামূলক ভিডিও তৈরি করে অনলাইনে বিনামূল্যে শেখার সুযোগ রাখা হয়েছে।

সংসদকে আরও জানানো হয় যে, সংবাদপত্র ও সাংবাদিকতা বিষয়ে পিআইবির স্বল্প ও দীর্ঘমেয়াদি গবেষণা কার্যক্রম চলমান রয়েছে। সম্প্রতি অতিথি গবেষণা কার্যক্রমের আওতায় দীর্ঘমেয়াদি গবেষণার জন্য চারজন গবেষককে গবেষণা বৃত্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পিআইবি গ্রন্থাগারে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক দৈনিক পত্রিকার কপি সংরক্ষণ করা হচ্ছে এবং ২০২৪ সালের ১ জুলাই থেকে ১০টি জাতীয় দৈনিক পত্রিকা ডিজিটাইজ করে সংরক্ষণ করা হচ্ছে।

আরও পড়ুন: পটুয়াখালীর মায়ের অভিযোগ, তিন ছেলের বিরুদ্ধে থানায় মামলা

এছাড়া, সাংবাদিকতা ও গণমাধ্যমবিষয়ক বই ও সাময়িকী প্রকাশের পাশাপাশি বিগত শাসনামলে গণমাধ্যম ব্যবহার করে কীভাবে বিরোধীদের দমন ও চরিত্রহনন করা হয়েছে, তা নিয়ে ‘বাংলাদেশে শিকারি সাংবাদিকতা’ এবং ‘শিকারি সাংবাদিকতা : নিশানায় খালেদা জিয়া’ শিরোনামে দুটি গবেষণাগ্রন্থ প্রকাশ করেছে পিআইবি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৌদিতে হামলার পর যৌথ প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকর করতে উদ্যোগ পাকিস্তানের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:১১ পি.এম


সৌদিতে হামলার পর যৌথ প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকর করতে উদ্যোগ পাকিস্তানের

সৌদি আরবে সাম্প্রতিক হামলার পর পাকিস্তানের সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী জানিয়েছেন, দেশটির সঙ্গে যৌথ প্রতিরক্ষা চুক্তি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি সৌদি আরবের বিমানবন্দর, বিভিন্ন শহর এবং বেসামরিক ও অর্থনৈতিক স্থাপনায় হামলার তীব্র নিন্দা জানান।

লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী বলেন, এসব হামলা সৌদি আরবের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার ওপর সরাসরি আঘাত। তিনি উল্লেখ করেন, এসব ঘটনা পুরো অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ।

তিনি আরও বলেন, সৌদি আরব এবং পবিত্র দুই মসজিদের নিরাপত্তা নিশ্চিত করা পাকিস্তানের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার। এ বিষয়ে পাকিস্তান কোনো ধরনের আপস করবে না।

অন্যদিকে, চলমান উত্তেজনা কমানো, সংযম প্রদর্শন এবং কূটনৈতিক আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির আহ্বান জানান তিনি।

লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেন, নতুন করে যুদ্ধ বা সংঘাত শুরু হলে তা কোনো পক্ষের জন্যই কল্যাণকর হবে না।

তিনি জানান, পাকিস্তানের সেনাসদস্যরা আগে থেকেই সৌদি আরবে বিভিন্ন দায়িত্বে নিয়োজিত রয়েছেন।

ইরানের সঙ্গে যোগাযোগ

ইরানের সঙ্গে যোগাযোগের বিষয়ে আহমেদ শরিফ চৌধুরী জানান, গত ২৬ অক্টোবর তেহরানে মক্কা যৌথ প্রতিরক্ষা জোটের প্রতিনিধিদের সঙ্গে ইরানের কর্মকর্তাদের বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।

বৈঠকের মূল উদ্দেশ্য ছিল মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমন, আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি এবং দেশগুলোর মধ্যে শান্তি ও নিরাপত্তা বজায় রাখার পথ তৈরি করা।

পাকিস্তান-সৌদি প্রতিরক্ষা চুক্তি

পাকিস্তান ও সৌদি আরবের মধ্যকার প্রতিরক্ষা সহযোগিতা প্রসঙ্গে সামরিক মুখপাত্র বলেন, গত বছর দুই দেশের মধ্যে একটি যৌথ কৌশলগত প্রতিরক্ষা চুক্তি ঘোষণা করা হয়। এর মাধ্যমে দুই দেশের সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতার একটি কাঠামো তৈরি হয়েছে।

তিনি আরও বলেন, পাকিস্তান-সৌদি আরবের প্রতিরক্ষা চুক্তি এবং মক্কা যৌথ প্রতিরক্ষা জোট—উভয়ই সম্পূর্ণ প্রতিরক্ষামূলক উদ্দেশ্যে গঠিত। কোনো দেশের বিরুদ্ধে আক্রমণ চালানো এ দুই উদ্যোগের লক্ষ্য নয়।

আহমেদ শরিফ চৌধুরীর মতে, ভবিষ্যতে পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ক নিজেদের যৌথ প্রতিরক্ষা সক্ষমতা, সামরিক সহযোগিতা এবং আঞ্চলিক স্থিতিশীলতা আরও জোরদার করতে আগ্রহী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পটুয়াখালীর মায়ের অভিযোগ, তিন ছেলের বিরুদ্ধে থানায় মামলা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:১১ পি.এম


পটুয়াখালীর মায়ের অভিযোগ, তিন ছেলের বিরুদ্ধে থানায় মামলা

পটুয়াখালীর বাউফলে মনোয়ারা বেগম নামের এক নারী থানায় তার তিন ছেলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। এই ঘটনাটি এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে।

মনোয়ারা বেগম উপজেলার দাসপাড়া ইউনিয়নের পূর্ব খাজুরবাড়িয়া গ্রামের মৃত শামসুল হক আকনের স্ত্রী। তার ৫ ছেলে এবং ৪ মেয়ে রয়েছে।

সূত্র জানায়, ২ বছর আগে মনোয়ারা বেগমের স্বামী একটি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে মারা যান। স্বামীর অসুস্থতার সময় চিকিৎসার খরচ বহন করতে তিনি ধারকর্জ নেন। এর ফলে, স্বামীর মৃত্যুর সময় তার উপর ৬ লাখ টাকার ঋণ হয়ে যায়। পরবর্তীতে তিনি জমি বিক্রি করে ওই ঋণ পরিশোধের চেষ্টা করেন; কিন্তু তার তিন ছেলে রুহুল আমিন, তানভীর ও মেহেদী জমি বিক্রিতে বাধা দেন। এই কারণে ভাই-বোন ও মায়ের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। বড় ছেলে মাইনুল হাসান এবং চার মেয়ে মায়ের পক্ষ নেওয়ায় তাদের প্রাণনাশের হুমকি দেন ওই তিন ভাই।

মনোয়ারা বেগম বলেন, "আমার স্বামীর ঋণ পরিশোধ এবং ছেলেমেয়েদের মধ্যে সম্পত্তি বণ্টন করতে দিচ্ছে না ৩ ছেলে। তারা সব সম্পত্তি নিজেরা জবরদখল করতে চায়। আমি সম্পত্তি বণ্টন করার কথা বলায় আমাকেও মেরে ফেলার হুমকি দিয়েছে তারা। বর্তমানে আমি, আমার বড় ছেলে ও মেয়েরা নিরাপত্তাহীনতায় ভুগছি। তিন ছেলের অত্যাচার ও হুমকির কারণে আমি বাড়ি ছেড়ে ভাড়া বাসায় আশ্রয় নিয়েছি। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছি।"

অভিযুক্ত রুহুল আমিন, তানভীর ও মেহেদী এসব অভিযোগ অস্বীকার করে বলেন, "আমাদের ফাঁসানোর জন্য নানা কৌশল অবলম্বন করছেন মা, বড় ভাই ও বোনেরা।"

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লিভার সুস্থ রাখতে কোন খাবার খাবেন, কোনগুলো এড়িয়ে চলবেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:১৩ পি.এম


লিভার সুস্থ রাখতে কোন খাবার খাবেন, কোনগুলো এড়িয়ে চলবেন

লিভার মানবদেহের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ। এটি রক্ত থেকে ক্ষতিকর পদার্থ অপসারণ, খাবার হজমে সহায়তা এবং শরীরের বিভিন্ন প্রয়োজনীয় কাজ সম্পাদন করে। তাই লিভারের সুস্থতা বজায় রাখতে খাবারের প্রতি সচেতনতা অপরিহার্য। তবে, শুধুমাত্র একটি বিশেষ খাবার খেলে লিভার পরিষ্কার বা ক্ষতিগ্রস্ত লিভার সেরে যাবে—এমন ধারণা সঠিক নয়। বরং দীর্ঘমেয়াদে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও জীবনযাপনই লিভারের সুস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

সম্প্রতি ভারতীয় গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট চিকিৎসক সৌরভ শেঠি লিভারের জন্য কোন খাবার ও পানীয় উপকারী, তা নিয়ে বিভিন্ন খাবার ও অভ্যাসের মূল্যায়ন করেছেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি পোস্টে লিভারের স্বাস্থ্য ভালো রাখতে কিছু খাবার ও অভ্যাসের পরামর্শ দিয়েছেন।

চিকিৎসক সৌরভ শেঠি ডিটক্স চা এবং শরীর পরিষ্কারের নামে প্রচারিত বিভিন্ন পানীয়কে ১০-এর মধ্যে মাইনাস ১০ নম্বর দিয়েছেন। তার মতে, "আপনার লিভারের আলাদা করে ডিটক্স করার প্রয়োজন নেই। লিভার নিজেই শরীরের ডিটক্সের কাজ করে।"

অন্যদিকে, ব্ল্যাক কফিকে তিনি ১০-এর মধ্যে ১০ নম্বর দিয়েছেন। তার মতে, নিয়মিত কফি পান করলে লিভারে ফাইব্রোসিস বা ক্ষত তৈরি হওয়ার ঝুঁকি কমতে পারে। এছাড়া, লিভারের ক্যানসারের ঝুঁকিও কম থাকার সঙ্গে কফি পানের সম্পর্ক পাওয়া গেছে।

লিভারের সুস্থতায় ভারোত্তোলন বা শক্তিবর্ধক ব্যায়ামের গুরুত্বও তিনি উল্লেখ করেছেন। এ ধরনের ব্যায়াম শরীরে ইনসুলিনের কার্যকারিতা বাড়াতে এবং লিভারে চর্বি জমা কমাতে সহায়তা করে। চিকিৎসকের মতে, ফ্যাটি লিভারের ক্ষেত্রে পেশির সুস্থতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রতিদিন শরীরের প্রতি কেজি ওজনের বিপরীতে ১ দশমিক ২ থেকে ১ দশমিক ৬ গ্রাম প্রোটিন গ্রহণের পরামর্শ দিয়েছেন সৌরভ শেঠি। পাশাপাশি, প্রতিদিন প্রায় ৩০ গ্রাম আঁশযুক্ত খাবার খেতে বলেছেন তিনি। তার মতে, আঁশ রক্তে শর্করা ও কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ, পেট ভরা রাখা এবং অন্ত্রের উপকারী জীবাণুর ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে।

ওজন কমানোর জন্য ব্যবহৃত জিএলপি-১ শ্রেণির ওষুধকে ১০-এর মধ্যে ৯ নম্বর দিয়েছেন চিকিৎসক। তিনি বলেন, এসব ওষুধ উল্লেখযোগ্য ওজন কমাতে এবং ফ্যাটি লিভারের অবস্থার উন্নতিতে সহায়তা করতে পারে। তবে চিকিৎসকের পরামর্শ ও তত্ত্বাবধান ছাড়া এসব ওষুধ ব্যবহার করা উচিত নয়।

অন্যদিকে, ফ্যাটি লিভারের চিকিৎসায় অশ্বগন্ধা সম্পূরক গ্রহণের বিষয়ে সতর্ক করেছেন তিনি। তার ভাষ্য, ফ্যাটি লিভার সারানোর ক্ষেত্রে অশ্বগন্ধার কার্যকারিতার প্রমাণ নেই। বরং বিরল কিছু ক্ষেত্রে এ ধরনের সম্পূরক গ্রহণের কারণে লিভারের ক্ষতির ঘটনা ঘটেছে।

অন্ত্রের সুস্থতায় যেসব অভ্যাস এড়িয়ে চলবেন

এর আগে অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে দৈনন্দিন জীবনের পাঁচটি সাধারণ অভ্যাস নিয়েও সতর্ক করেছিলেন চিকিৎসক সৌরভ শেঠি। তার মতে, শৌচাগারে বসে দীর্ঘ সময় মুঠোফোন ব্যবহার করলে পাইলসের ঝুঁকি বাড়তে পারে। কারণ এতে দীর্ঘক্ষণ বসে থাকতে হয়। মলত্যাগের সময় অতিরিক্ত চাপ দেওয়াও পাইলসের সমস্যা বাড়াতে পারে এবং শরীরের নিচের অংশের পেশিতে জটিলতা তৈরি করতে পারে।

তিনি শিমজাতীয় খাবার এড়িয়ে না যাওয়ার পরামর্শ দিয়েছেন। এসব খাবারে থাকা আঁশ অন্ত্রের উপকারী জীবাণুর বৃদ্ধি এবং নিয়মিত মলত্যাগে সহায়তা করে। শিম ও অন্যান্য ডালজাতীয় খাবার খেলে কোলন ক্যানসারের ঝুঁকিও কমতে পারে।

চিকিৎসক আরও বলেন, প্রতিদিন মলত্যাগ করলেই যে হজমপ্রক্রিয়া সুস্থ, তা নিশ্চিত নয়। মল শক্ত হওয়া, মলত্যাগে কষ্ট হওয়া কিংবা মলত্যাগের পরও পেট পুরোপুরি পরিষ্কার হয়নি বলে মনে হওয়া—এসব কোষ্ঠকাঠিন্যের লক্ষণ হতে পারে।

এ ছাড়া আইবুপ্রোফেন ও ন্যাপ্রোক্সেনের মতো ব্যথানাশক ওষুধ অতিরিক্ত বা অনুপযুক্তভাবে গ্রহণ করলে পাকস্থলীতে আলসার ও রক্তক্ষরণের ঝুঁকি তৈরি হতে পারে বলেও সতর্ক করেছেন তিনি।

সূত্র: এনডিটিভি হেলথ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাতে গ্রেফতার, সকালে জামিন পেলেন বড়লেখার আ.লীগ নেতা রফিকুল ইসলাম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:১৪ পি.এম


রাতে গ্রেফতার, সকালে জামিন পেলেন বড়লেখার আ.লীগ নেতা রফিকুল ইসলাম

বড়লেখা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক রফিকুল ইসলামকে বুধবার রাতে পুলিশ গ্রেফতার করেছে।

পুলিশ বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে তাকে বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিয়ে গেলে আদালত তাকে জামিনে মুক্তি দেয়।

আদালতের বেঞ্চ সহকারী রিপন আহমদ নিশ্চিত করেছেন যে আসামি রফিকুল ইসলাম সুন্দরের জামিন মঞ্জুর হয়েছে।

সূত্রে জানা গেছে, রফিকুল ইসলাম ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর ছাত্র সমন্বয়ক আবু হাসানের দায়েরকৃত মামলার পাশাপাশি সাম্প্রতিক একটি মারামারি মামলার আসামি। বুধবার (১১ নভেম্বর) রাতে পুলিশ পাখিয়ালাস্থ তার নিজ বাড়ি থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

বড়লেখা থানার ওসি মো. মনিরুজ্জামান খান সাবেক উপজেলা চেয়ারম্যান এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম সুন্দরকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার পুলিশ তাকে আদালতে পাঠিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%