শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং
০৫:০২ পি.এম
যুক্তরাষ্ট্রের চাপের মুখে ইরানের সঙ্গে স্থলসীমান্ত বন্ধ করতে রাজি হয়নি ইরাক, তুরস্ক ও পাকিস্তান। ওয়াশিংটনের কূটনৈতিক প্রচেষ্টা সত্ত্বেও দেশ তিনটি সীমান্ত বাণিজ্য বন্ধে সম্মতি দেয়নি। ফলে ইরানের স্থলপথে বাণিজ্য সীমিত করার মার্কিন প্রচেষ্টা বাধাগ্রস্ত হয়েছে।
যুক্তরাষ্ট্র প্রতিবেশী দেশগুলোকে সীমান্ত ক্রসিং বন্ধ করতে চাপ দিয়ে আসছে। কিন্তু ইরাক, তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে ইরানের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক থাকার কারণে তারা ওয়াশিংটনের দাবি মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছে।
ইরাক, তুরস্ক ও পাকিস্তান ছিল যুক্তরাষ্ট্রের চাপ প্রয়োগের প্রধান লক্ষ্য। তিনজন ইরাকি কর্মকর্তা এবং একজন মার্কিন কর্মকর্তা সংবাদমাধ্যমটিকে জানিয়েছেন, দেশগুলো বিভিন্নভাবে মার্কিন দাবির বিরোধিতা করেছে।
যুক্তরাষ্ট্রের এই উদ্যোগ ইরানের বিরুদ্ধে বৃহত্তর অর্থনৈতিক চাপ প্রয়োগের অংশ হিসেবে দেখা হচ্ছে। এর আগে দেশটির বন্দরে নৌ অবরোধ আরোপের পর এবার স্থলপথে পণ্য পরিবহন ও বাণিজ্য বন্ধের চেষ্টা করছে ওয়াশিংটন। এর ফলে প্রতিবেশী দেশগুলোকে কার্যত ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা কার্যকরে ভূমিকা রাখতে বলা হচ্ছে।
ইরাকের কর্মকর্তারা জানিয়েছেন, মার্কিন কূটনীতিকদের সঙ্গে নিয়মিত বৈঠকে বাগদাদকে ইরানের সঙ্গে থাকা সীমান্তের দুটি ছাড়া বাকি সব ক্রসিং বন্ধ করার অনুরোধ জানানো হয়েছিল। এসব বৈঠকে যুক্তরাষ্ট্রের আঞ্চলিক দূত থমাস ব্যারাকও অংশ নিয়েছিলেন।
তবে ইরাক যুক্তরাষ্ট্রের এ দাবি মেনে নেয়নি। যদিও ওয়াশিংটনকে সন্তুষ্ট করতে দেশটি সাময়িকভাবে এক বা দুটি সীমান্ত ক্রসিং বন্ধ করেছিল। এতে সীমান্তবর্তী এলাকায় বাণিজ্য বাধাগ্রস্ত হওয়ায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে।
ইরানের ওপর ইরাকের জ্বালানি নির্ভরতা দেশটির জন্য সীমান্ত বন্ধের সিদ্ধান্তকে আরো কঠিন করে তুলেছে। ইরাকে বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত প্রাকৃতিক গ্যাসের এক-তৃতীয়াংশের বেশি আসে ইরান থেকে। দীর্ঘ সময় সীমান্ত বন্ধ থাকলে দেশটির বিদ্যুৎ উৎপাদন ও অর্থনীতিতে বড় ধরনের প্রভাব পড়তে পারে।
তুরস্কও ইরানের সঙ্গে সীমান্তনীতি পরিবর্তনে কার্যত রাজি হয়নি। অন্যদিকে পাকিস্তান বিভিন্ন সময়ে সীমান্ত ক্রসিং বন্ধ ও চালু করেছে। ইসলামাবাদ এর পেছনে নিরাপত্তা পরিস্থিতি এবং আমদানি ব্যবস্থায় নতুন ইলেকট্রনিক পদ্ধতি চালুর বিষয়টিকে কারণ হিসেবে উল্লেখ করেছে।
পাকিস্তানের আনুষ্ঠানিক বার্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় ৩০০ কোটি ডলার। পাশাপাশি জ্বালানি সরবরাহের ক্ষেত্রেও ইরানের ওপর নির্ভরতা রয়েছে দেশটির। মার্কিন দাবি মেনে নিলে পাকিস্তানের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে।
যুক্তরাষ্ট্রের আলোচনায় যুক্ত একজন কর্মকর্তা স্বীকার করেছেন, সীমান্ত দিয়ে বাণিজ্য ও পণ্য চলাচল বন্ধ করা হলে ইরাক, পাকিস্তান ও তুরস্কের সীমান্তবর্তী জনগণের মধ্যে বড় ধরনের অসন্তোষ তৈরি হতে পারে। এমনকি পরিস্থিতি ‘গণবিদ্রোহের’ রূপ নিতে পারে বলেও সতর্ক করেছেন তিনি।
ওই কর্মকর্তা আরো বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের চাপ প্রয়োগের এই উদ্যোগে আঞ্চলিক অংশীদারদের মধ্যে ক্ষোভ বাড়ছে। বিশেষ করে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ এবং এর অর্থনৈতিক ও মানবিক প্রভাব নিয়ে প্রতিবেশী দেশগুলোর মধ্যে আগে থেকেই অসন্তোষ রয়েছে।
ইউরোপীয় কাউন্সিল অন ফরেন রিলেশনসের ইরানবিষয়ক বিশেষজ্ঞ এলি গেরানমায়েহ যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে মন্তব্য করেছেন, ওয়াশিংটনকে এখন অনেক ক্ষেত্রে ‘অনিশ্চিত ও অবিশ্বস্ত মিত্র’ হিসেবে দেখা হচ্ছে। তার কথায়, ‘ইরান তাদের প্রতিবেশী হয়েই থাকবে।’
কূটনৈতিক চাপ দিয়েও সীমান্ত বন্ধে প্রতিবেশী দেশগুলোকে রাজি করাতে না পেরে যুক্তরাষ্ট্র নতুন উদ্যোগ নিয়েছে। দেশটির সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ‘টাস্কফোর্স আয়রন গেট’ নামে একটি বিশেষ কর্মসূচি ঘোষণা করেছে।
ফ্লোরিডায় অবস্থানরত ২০ জন বেসামরিক ও সামরিক কর্মী নিয়ে এই টাস্কফোর্স গঠন করা হয়েছে। ইরানের স্থলসীমান্ত এবং কাস্পিয়ান সাগর দিয়ে পণ্য চলাচল নিয়ন্ত্রণ করাই এর লক্ষ্য।
এক মার্কিন সামরিক কর্মকর্তা জানিয়েছেন, টাস্কফোর্সের সদস্যরা নিজেরা সরাসরি কোনো সামরিক হামলা চালাবেন না। তবে সীমান্ত দিয়ে পণ্য চলাচল সীমিত করতে ইরানের প্রতিবেশী দেশগুলোকে নিজেদের বাহিনী মোতায়েনে উৎসাহিত করতে পারেন তারা।
এদিকে যুক্তরাষ্ট্রের নতুন উদ্যোগ মোকাবিলার উপায় নিয়ে আলোচনা করতে মঙ্গলবার ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি তেহরানে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেক্সেই দেদভের সঙ্গে বৈঠক করেছেন।
বিদেশি আগ্রাসনের মুখে ইরানের পাশে থাকার ঘোষণা দিয়েছেন ইরাকের ওয়াসিত প্রদেশের গভর্নর আলী হাসান সালিমুন। তিনি বলেছেন, ইরাকের সরকার কিংবা জনগণ—কেউই ইসলামি প্রজাতন্ত্র ইরানকে একা ছেড়ে যাবে না।
বৃহস্পতিবার ইরাকের কুত শহরে ইরানের ইলাম প্রদেশের গভর্নর আহমদ কারামির সঙ্গে এক যৌথ বৈঠকে তিনি এ কথা বলেন। সালিমুন বলেন, সাম্প্রতিক যুক্তরাষ্ট্র ও ইসরাইলি আগ্রাসনের সময় ইরানের জনগণ ও সশস্ত্র বাহিনী প্রমাণ করেছে, তারা বিদেশি শক্তির মোকাবিলা করতে সক্ষম।
বৈঠকে ইরাকের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ও স্বাগতবার্তাও ইরানি প্রতিনিধিদলের কাছে পৌঁছে দেন সালিমুন। তিনি বলেন, বিভিন্ন খাতে ইরানের সঙ্গে সহযোগিতা আরো জোরদার ও সম্প্রসারণে বাগদাদ দৃঢ়প্রতিজ্ঞ।
দুই দেশের সীমান্তবর্তী ইলাম ও ওয়াসিত প্রদেশের মধ্যে বাণিজ্য ও যোগাযোগ বাড়ানোর সম্ভাবনার কথাও তুলে ধরেন তিনি। বার্ষিক আরবাইন তীর্থযাত্রাকে দুই প্রদেশের সফল সহযোগিতার উদাহরণ হিসেবে উল্লেখ করেন সালিমুন। তার মতে, মাঠপর্যায়ের পরিদর্শন এবং যৌথ সিদ্ধান্তের মাধ্যমে বিভিন্ন সমস্যা সমাধান ও সমন্বয় বাড়ানো সম্ভব হয়েছে।
ইরান ও ইরাকের মধ্যে একটি যৌথ মুক্ত বাণিজ্য অঞ্চল প্রতিষ্ঠাকে অগ্রাধিকার দেওয়ার কথা জানান তিনি। বিশেষ করে ইলাম ও ওয়াসিতের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণের ওপর গুরুত্ব দেন। পর্যটন খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানোর পাশাপাশি একটি সমঝোতা স্মারকের মাধ্যমে যানবাহন চলাচল সহজ করার কথাও বলেন তিনি।
ইরানের ইলাম প্রদেশের সঙ্গে ইরাকের ৪৩০ কিলোমিটার সীমান্ত রয়েছে, যা দুই দেশের কোনো প্রদেশের মধ্যে দীর্ঘতম অভিন্ন সীমান্ত। ইরাকের সঙ্গে বাণিজ্য ও ধর্মীয় পর্যটনের ক্ষেত্রে এই প্রদেশের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিশেষ করে মেহরান আন্তর্জাতিক সীমান্ত টার্মিনাল দুই দেশের যাতায়াত ও বাণিজ্যের অন্যতম প্রবেশদ্বার।
বাগদাদ থেকে প্রায় ২৩০ কিলোমিটার দূরে অবস্থিত মেহরান ইরানের দিক থেকে ইরাকের রাজধানী ও দেশটির গুরুত্বপূর্ণ তীর্থস্থানগুলোতে যাওয়ার সবচেয়ে কাছের স্থলপথগুলোর একটি। অন্যদিকে ওয়াসিত প্রদেশের রাজধানী কুত মেহরান থেকে প্রায় ৯০ কিলোমিটার এবং ইলাম থেকে ১৮০ কিলোমিটার দূরে অবস্থিত।
সূত্র: প্রেস টিভি ও দ্য নিউইয়র্ক টাইমস
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দেশের চলমান জ্বালানি সংকটের মোকাবিলায় বায়োগ্যাসের গুরুত্ব তুলে ধরেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি জানিয়েছেন, বায়োগ্যাসের ব্যবহার বাড়ানোর লক্ষ্যে সরকার একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছে। আগামী এক মাসের মধ্যে দেশের প্রতিটি উপজেলায় এই কার্যক্রম ব্যাপকভাবে পৌঁছে দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে কুমিল্লার আদর্শ সদর উপজেলার আমড়াতলীর বানাশুয়ায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন, ঋণের চেক বিতরণ ও উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টিতে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে। যুব উন্নয়ন অধিদফতরের মাধ্যমে প্রশিক্ষণ নিয়ে তরুণরা নিজেদের স্বাবলম্বী করে তুলবে এবং তাদের পরিবারকেও স্বাবলম্বী করবে। এর ফলে দেশের অর্থনৈতিক অবস্থাও উন্নত হবে।
তিনি আরও উল্লেখ করেন, মাদক, বিভিন্ন ধরনের অপকর্ম এবং সামাজিক অবক্ষয় থেকে আগামী প্রজন্মকে রক্ষা করার জন্য খেলাধুলার পরিবেশ সৃষ্টি করা অপরিহার্য। এ লক্ষ্যে তরুণদের জন্য খেলাধুলার উপযোগী মাঠ তৈরি করার উদ্যোগ নেওয়া হবে।
যুব উন্নয়ন অধিদফতরের আয়োজনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজীব তালুকদার সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদদবাতুল বারী আবু, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম এবং যুব উন্নয়ন অধিদফতরের প্রকল্প পরিচালক এ কে এম মহিবুল ইসলামসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তাগণ ও জনপ্রতিনিধিরা।
অনুষ্ঠানের শেষে গ্রামীণ উদ্যোক্তাদের বায়োগ্যাস প্ল্যান্ট নির্মাণ ও সম্প্রসারণের জন্য ঋণের চেক বিতরণ করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
যশোর, ১৩ নভেম্বর, ২০২৬ : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, "সার বিতরণে কোনো ধরনের অনিয়ম করলে ছাড় দেওয়া হবে না।" তিনি উল্লেখ করেছেন যে, ডিলারের রাজনৈতিক পরিচয় বা অন্য কোনো পরিচয়কে বিবেচনায় না নিয়ে ডিলারশিপ বাতিল করা হবে এবং দোষীদের আইনের আওতায় আনা হবে।
আজ দুপুরে যশোর সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দুঃস্থ ও অসহায় পরিবার এবং দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মধ্যে এককালীন অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ অনুদান বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের অর্থায়নে প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী সদর উপজেলার ২০০ দুঃস্থ পরিবার ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীর হাতে ১০ হাজার টাকা করে মোট ২০ লাখ টাকা অনুদানের চেক তুলে দেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী যশোরের স্বাস্থ্যসেবা খাতে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের কথা তুলে ধরেন। তিনি জানান, "আগামী জুন থেকে যশোর করোনারি কেয়ার ইউনিট পূর্ণাঙ্গরূপে চালু হবে।" এছাড়া, সাধারণ মানুষের জন্য যশোর জেনারেল হাসপাতালে কিডনি ডায়ালাইসিস ইউনিট চালুর পরিকল্পনাও রয়েছে।
তিনি আরও বলেন, "অর্থের অভাবে যাতে কোনো মানুষের চিকিৎসা এবং মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়া বন্ধ না হয়, বর্তমান সরকার তা নিশ্চিত করতে চায়।"
সরকারি ভাতার ক্ষেত্রে স্বচ্ছতার উপর জোর দিয়ে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, "বিগত দিনে সরকারি ভাতার জন্য অর্থ লেনদেন বা জনপ্রতিনিধিদের কাছে ধরনা দিতে হলেও, এখন থেকে তা আর করতে হবে না।" তিনি সতর্ক করেন যে, ভাতার জন্য কেউ অর্থ লেনদেন করলে তিনি যেমন কার্ড পাবেন না, তেমনি যিনি অর্থ নেবেন তাকেও আইনের আওতায় আনা হবে।
তিনি বলেন, "আমরা প্রতিটি ক্ষেত্রে জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করতে চাই। আমি যেমন আপনাদের (জনগণ) কাছে জবাবদিহি করবো, সরকারি কর্মকর্তারাও আপনাদের কাছে জবাবদিহি করবে।"
যশোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহরিয়ার হকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক অনিরুদ্ধ কুমার রায়, জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাবেক সহ-সভাপতি গোলাম রেজা দুলু, সাবেক যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খান, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক আব্দার হোসেন খান, সাধারণ সম্পাদক আনজারুল হক খোকন ও সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক প্রমুখ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বরিশালে ৩০০ গ্রাম গাঁজাসহ আব্দুল জলিল আকন (৩৫) নামের এক ব্যক্তিকে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) আটক করেছে।
আটকের সময় তার কাছ থেকে ‘আজকের মানবজমিন’ নামক একটি পত্রিকার পরিচয়পত্রও উদ্ধার করা হয়। ওই পরিচয়পত্রে তিনি নিজেকে পত্রিকাটির প্রকাশক ও সম্পাদক হিসেবে উল্লেখ করেছেন।
শুক্রবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে বরিশাল নগরীর ১০ নম্বর ওয়ার্ডের চাঁদমারী খেয়াঘাট সড়কে অবস্থিত গাজি স-মিলের ভেতরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
বরিশাল মহানগর পুলিশের মিডিয়া সেল জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল ওই স-মিলে অভিযান পরিচালনা করে। এ সময় জলিল আকনকে ৩০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।
আটক জলিল আকন পটুয়াখালীর বাউফল উপজেলার ইন্দ্রকুল এলাকার মৃত মইনুদ্দিন আকনের ছেলে। বর্তমানে তিনি বরিশাল নগরীর ব্যাপ্টিস্ট মিশন রোডের একটি বাড়িতে ভাড়া থাকেন।
বরিশাল মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার (দক্ষিণ) সুশান্ত সরকার জানান, এই ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
তিনি আরও জানান, আটক ব্যক্তির কাছ থেকে উদ্ধার হওয়া পত্রিকার পরিচয়পত্রের সত্যতা, পত্রিকাটির প্রকাশনা এবং প্রকাশক-সম্পাদক হিসেবে তার পরিচয়ের বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বাকৃবি শাখা। অনুষ্ঠানে আট শতাধিক নবীন শিক্ষার্থী অংশ নেন।
শুক্রবার (১৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাকৃবি শাখা ছাত্রশিবিরের সভাপতি আব্দুল্লাহ আল মঈনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনটির সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় উচ্চশিক্ষা ও গবেষণাবিষয়ক সম্পাদক মো. ফখরুল ইসলাম এবং কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক আবু নাছির মো. ত্বোহা। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্রশিবিরের সাবেক সদস্য ও নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের উপহার হিসেবে ব্যাগ, জার্সি, বই, পানির বোতল ও কলম বক্স দেওয়া হয়। শিক্ষার্থীদের একাডেমিক ও পেশাগত জীবনের প্রস্তুতি নিয়ে দুটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। প্রথম আলোচনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা ভালো ফলাফল অর্জন, পরীক্ষার খাতায় উত্তর উপস্থাপনের কৌশল, উচ্চশিক্ষা এবং সহশিক্ষা কার্যক্রমের গুরুত্ব নিয়ে পরামর্শ দেন। দ্বিতীয় আলোচনায় সংগঠনটির সাবেক সদস্য ও বিভিন্ন পেশায় প্রতিষ্ঠিত ব্যক্তিরা করপোরেট খাতে সফলতা অর্জন, উদ্যোক্তা হওয়ার সম্ভাবনা এবং ব্যক্তিত্ব গঠনের বিষয়ে আলোচনা করেন। এ সময় তাঁরা সংগঠনটির অতীত ইতিহাসও তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে সিবগাতুল্লাহ সিবগা বলেন, আমরা এমন একটি প্রজন্ম, যে প্রজন্ম ৩৬ দিনের আন্দোলনের মাধ্যমে এই উপমহাদেশের সবচেয়ে বড় স্বৈরাচারকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি। আমাদের এই জাতি আবারও প্রমাণ করেছে, আমরা ব্রিটিশদের সঙ্গে ১৯০ বছর লড়াই করেছি, কখনো মাথা নত করিনি। আমরা এখনো কারও কাছে মাথা নত করব না।’
তিনি বলেন, ‘১৬ বছর আমরা নতজানু পররাষ্ট্রনীতি দেখেছি। কিন্তু আমরা চুপ করে বসে থাকিনি। পলাশীর যুদ্ধ, বক্সারের যুদ্ধ, ফকির-সন্ন্যাসী বিদ্রোহ, তিতুমীরের বাঁশের কেল্লার লড়াই, বালাকোটের যুদ্ধ ও ১৮৫৭ সালের সিপাহি বিদ্রোহসহ ইতিহাসের বিভিন্ন পর্যায়ে এ অঞ্চলের মানুষ প্রতিরোধ গড়ে তুলেছে। বাংলাদেশের মানুষ এখনো লড়াই করার মানসিকতা রাখে।’
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, শুধু একটি আন্দোলনের মধ্য দিয়ে পরিবর্তন আনা যথেষ্ট নয়। দেশের প্রতিটি ক্ষেত্রে নিজেদের যোগ্যতা ও দক্ষতা দিয়ে কাজ করতে হবে। অন্যায় ও আধিপত্যের বিরুদ্ধে অবস্থান নেওয়ার পাশাপাশি শিক্ষা, গবেষণা ও কর্মক্ষেত্রে নিজেদের প্রস্তুত করতে হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ