ঢাকা শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ইং ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ঢাকায় মৃতদের স্মৃতি, জীবিতদের দীর্ঘশ্বাস


ঢাকায় মৃতদের স্মৃতি, জীবিতদের দীর্ঘশ্বাস

ঢাকা শহরের বাতাসে এখনো রানা প্লাজার মৃতদেহের গন্ধ অনুভূত হচ্ছে। সাভারের সেই ধ্বংসস্তূপ থেকে মাঝে মাঝে, সেলাই মেশিনের আওয়াজের মাঝে, আজও কেউ বলে ওঠে, ‘আমাকে বের করো, আমি এখনো বেঁচে আছি! আমার সন্তান অপেক্ষা করছে, আমাকে বাড়ি ফিরতে হবে।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের লাশকাটা ঘরের প্রতিটি কাটা শরীর যেন এক একটি অসমাপ্ত অভিযোগ। কিছু শরীরে সড়ক দুর্ঘটনার চিহ্ন, কিছুতে আগুনের ক্ষত, কিছুতে নির্মমতার ইতিহাস, আবার কিছুতে ভবনধসের আঘাত রয়েছে। যদি এই লাশগুলো কথা বলতে পারতো, তাহলে হয়তো ময়নাতদন্তের টেবিলেই বলতো, ‘আমাদের মৃত্যু কি নিছক দুর্ঘটনা, নাকি কারও অবহেলার দীর্ঘ ছায়া?’

এই শহরের প্রতিটি বড় দুর্ঘটনা যেন নতুন করে একটি লাশকাটা ঘর খুলে দেয়। সেখানে মানুষের শরীরের ব্যবচ্ছেদ হয়, আর বাইরে দাঁড়িয়ে থাকে স্বজনদের শেষ আশার ব্যবচ্ছেদ।

আরও পড়ুন: স্বামীকে হত্যাচেষ্টার অভিযোগে মমতা বেগম ১০ দিনের রিমান্ডে

পুরান ঢাকার নিমতলীর কথা মনে পড়ে। নিমতলীর আকাশে এখনো ভেসে বেড়ায় ২০১০ সালের রাসায়নিক আগুনে পুড়ে যাওয়া মানুষের বেঁচে থাকার আকাঙ্ক্ষার আর্তনাদ। সেই রাতের মৃত মানুষগুলো হয়তো বেঁচে থাকলে প্রশ্ন করতো, ‘আমরা তো শুধু বাঁচতে চেয়েছিলাম! একটি নিরাপদ রাত কি আমাদের প্রাপ্য ছিল না?’ আফসোস, নিমতলীর আগুন নিভে গেছে, কিন্তু সেই আগুন থেকে বেরিয়ে আসা প্রশ্নগুলো আর কখনো পুরোপুরি নিভে যায়নি। রাসায়নিকের গুদাম সরানোর প্রতিশ্রুতি এসেছিল, সময় পেরিয়েছে, আবারও আগুনের সম্মুখীন হতে হয়েছে এই শহরকে।

২০১৯ সালে পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টায় রাসায়নিকের আগুনে প্রাণ হারিয়েছিলেন ৭১ জন। আগুনে হারিয়ে যাওয়া প্রাণগুলো আজও তাদের আপন ঠিকানার নাম খুঁজে বেড়াচ্ছে। আগুনের ভেতর চিৎকার করে তারা হয়তো বলেছিল, ‘আমার হাতটা ধরো! আমাকে একা ফেলে যেয়ো না। আমি এখনো বাড়ি ফিরিনি, আমার জন্য কেউ অপেক্ষা করছে!’ কিন্তু সেদিন আগুনের কাছে কারও অপেক্ষার মূল্য ছিল না। পরদিন ঢাকা মেডিকেলের মর্গে জমা হলো একের পর এক দেহ। কিছু কিছু শরীর এতটাই পুড়ে গিয়েছিল যে পরিচয় শনাক্ত করতে ডিএনএ পরীক্ষার প্রয়োজন হয়েছিল। স্বজনেরা এসেছিলেন প্রিয় মানুষের মুখ খুঁজতে, অথচ ফিরে গিয়েছিলেন বুকভরা শূন্যতা নিয়ে। আগুন নিভে গেছে, পোড়া ভবনের জায়গায় নতুন জীবন শুরু হয়েছে, কিন্তু যাঁদের শরীর ছাই হয়ে গিয়েছিল, তাঁদের জন্য পৃথিবীর আর কোনো নতুন সকাল আসেনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বেইজিংয়ে সমাপ্ত হলো বিশ্ব চীনা ভাষা সম্মেলন-২০২৬

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:০৩ পি.এম


বেইজিংয়ে সমাপ্ত হলো বিশ্ব চীনা ভাষা সম্মেলন-২০২৬

‘ম্যান্ডারিন : শুধু একটি ভাষা নয়’ এই প্রতিপাদ্য নিয়ে চীনের রাজধানী বেইজিংয়ে অনুষ্ঠিত তিন দিনব্যাপী বিশ্ব চীনা ভাষা সম্মেলন ২০২৬ শেষ হয়েছে। সম্মেলনটি গত ১৫ নভেম্বর সমাপ্ত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চীনের ভাইস প্রেসিডেন্ট হান জং। সঞ্চালনার দায়িত্ব পালন করেন চীনের শিক্ষামন্ত্রী ড. হুয়াই চিনপেং।

হান জং তাঁর বক্তব্যে উল্লেখ করেন, চীনা ভাষার আদি ভূমি হিসেবে চীন সবসময় উন্মুক্ততা ও অন্তর্ভুক্তির নীতি অনুসরণ করে আসছে। তিনি বলেন, “চীন পারস্পরিক শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় এবং পারস্পরিক কল্যাণভিত্তিক সহযোগিতায় বিশ্বাসী।” চীন আন্তর্জাতিক চীনা ভাষা শিক্ষায় সহযোগিতা সম্প্রসারণের জন্য সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে।

তিনি আন্তর্জাতিক চীনা ভাষা শিক্ষার উন্নয়নের জন্য চারটি প্রস্তাব উপস্থাপন করেন। এই প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে—আন্তর্জাতিক চীনা ভাষা শিক্ষার সক্ষমতা বৃদ্ধি; চীন ও অন্যান্য দেশের মধ্যে মানবিক ও সাংস্কৃতিক সহযোগিতার ভিত্তি শক্তিশালী করা; বিভিন্ন সভ্যতার মধ্যে পারস্পরিক শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় এবং অভিন্ন উন্নয়ন উৎসাহিত করা; এবং চীনা ভাষার মাধ্যমে আন্তর্জাতিক সহযোগিতাকে আরো কার্যকরভাবে এগিয়ে নিয়ে যাওয়া।

বিশ্বের ১৬০টিরও বেশি দেশ ও অঞ্চল থেকে চীনা ভাষাপ্রেমী, শিক্ষাবিদ ও বিশেষজ্ঞরা এই সম্মেলনে অংশগ্রহণ করেন। চীনের বাইরে প্রায় ২১ কোটি মানুষ চীনা ভাষা শিখছেন বা ব্যবহার করছেন। তাঁদের অনেকের ভাষা শেখার যাত্রা শুরু হয় চীন সম্পর্কে কৌতূহল ও আগ্রহ থেকে। চীনা ভাষা শেখার মাধ্যমে তাঁরা দেশটির সংস্কৃতি সম্পর্কে জানার সুযোগও পাচ্ছেন।

বর্তমানে ৯২টি দেশ তাদের জাতীয় শিক্ষাব্যবস্থায় চীনা ভাষাকে অন্তর্ভুক্ত করেছে। চীনা ভাষা শুধু বিভিন্ন দেশের মানুষ ও সংস্কৃতির মধ্যে সংযোগ স্থাপন করছে না, বরং শিক্ষার সুযোগ, পেশাগত দক্ষতা অর্জন এবং ব্যক্তিগত ও কর্মজীবনের উন্নয়নের নতুন সম্ভাবনাও সৃষ্টি করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতে যোগব্যায়াম শিখতে এসে জাপানি নারী ধর্ষণের শিকার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:০৪ পি.এম


ভারতে যোগব্যায়াম শিখতে এসে জাপানি নারী ধর্ষণের শিকার

যোগব্যায়াম প্রশিক্ষক (যোগা টিচার) হওয়ার প্রশিক্ষণের উদ্দেশ্যে গত সেপ্টেম্বরে জাপান থেকে ভারতের কেরালার ভারকালায় আসেন ৫৭ বছর বয়সী এক নারী। কিন্তু তাঁর শিক্ষাজীবনের অভিজ্ঞতা পরিণত হয় ভয়, হয়রানি এবং মানসিক যন্ত্রণার এক ভীতিকর দুঃস্বপ্নে।

অভিযোগ উঠেছে, ওই যোগব্যায়াম একাডেমির মালিক, যিনি অন্ধ্র প্রদেশের বাসিন্দা এবং ৩৯ বছর বয়সী, তাঁকে একাধিকবার যৌন নিপীড়নের শিকার হতে হয়েছে। ভুক্তভোগী নারীর অভিযোগের ভিত্তিতে বুধবার ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) ৬৪(২)(এম) ধারায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভারকালার ডিএসপি রমেশ কুমার পি ভি জানিয়েছেন, অভিযুক্তকে ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতে (জেলহাজতে) পাঠানো হয়েছে এবং ঘটনার অধিকতর তদন্ত চলছে।

ভুক্তভোগী ওই জাপানি নারীর অভিযোগ অনুযায়ী, গত ২৮, ৩০ ও ৩১ অক্টোবর—মোট তিনবার তিনি যৌন নিপীড়নের শিকার হন। শুক্রবার টাইমস অব ইন্ডিয়াকে (টিওআই) তিনি জানান, “গত ২৮ অক্টোবর রাতের খাবারের পর একাডেমির মালিক আমাকে ম্যাসাজ দেওয়ার প্রস্তাব দেন। এরপর তিনি আমাকে যোগা হলে নিয়ে গিয়ে যৌন নিপীড়ন করেন।”

তিনি আরও জানান, পরবর্তী দুটি ঘটনার মধ্যে একবার অভিযুক্ত ব্যক্তি তাঁর থাকার ঘরের দরজায় ক্রমাগত কড়া নেড়ে ভেতরে ঢুকে এবং অন্যবার নিজের কক্ষে ডেকে নিয়ে তাঁকে নিপীড়ন করেন। ওই নারী বলেন, “কোর্সের সনদ হারানো, প্রশিক্ষণের জন্য দেওয়া অর্থ এবং স্কুলের মাধ্যমে ব্যবস্থা করা আবাসন হারানোর ভয়ে আমি সে সময় তাঁর অনৈতিক আচরণের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে পারিনি।”

জানা গেছে, ওই নারী 'যোগা অ্যালায়েন্স' অনুমোদিত ৩০০ ঘণ্টার একটি যোগা টিচার ট্রেনিং (ওয়াইটিটি৩০০) কোর্সে ভর্তি হয়েছিলেন। তাঁর সঙ্গে আরও চারজন শিক্ষার্থী ওই কোর্সে অংশ নিয়েছিলেন।

ভুক্তভোগী আরও অভিযোগ করেন, অভিযুক্ত ব্যক্তি তাঁকে বারবার ফোন করতেন এবং তাঁর আবাসনে চলে আসতেন। ভারতে একা ভ্রমণরত একজন বিদেশি শিক্ষার্থী হওয়ায় সহায়তা ও থাকার জায়গা হারানোর ভয়ে তিনি আতঙ্কিত থাকতেন। তিনি বলেন, “যেদিন কোনো ক্লাস থাকত না, সেদিন নিজেকে অনিরাপদ মনে হওয়ায় আমি তিরুবনন্তপুরমের একটি শপিং মলে সারা দিন কাটিয়ে দিতাম।”

এই ভয়াবহ অভিজ্ঞতা তাঁর মানসিক স্বাস্থ্যের ওপর গভীর প্রভাব ফেলেছে বলে জানান তিনি। মনোযোগ ধরে রাখতে না পারা, হঠাৎ কান্নায় ভেঙে পড়া, মানসিক অস্থিরতা এবং তীব্র উদ্বেগে ভুগছেন তিনি। এ ছাড়া যৌনবাহিত রোগের (এসটিআই) পরীক্ষাসহ প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করিয়েছেন এবং পেশাদার মনোরোগ বিশেষজ্ঞের সহায়তা নিচ্ছেন বলেও জানান।

পাশাপাশি তাঁর অভিযোগ, প্রতিশ্রুতি অনুযায়ী তাঁর খাদ্যাভ্যাস উপযোগী খাবার সরবরাহ করতে ব্যর্থ হওয়া সত্ত্বেও একাডেমি কর্তৃপক্ষ তাঁকে প্রতিষ্ঠানটির পক্ষে ইতিবাচক রিভিউ দেওয়ার জন্য চাপ সৃষ্টি করেছিল।

ওই নারী বলেন, “আমি মনে করি সারা বিশ্বের মানুষের এই ঘটনাটি জানা উচিত। আমি আশা করি, এ নিয়ে কথা বলার মাধ্যমে আমি সচেতনতা তৈরি করতে পারব এবং অন্যদের সুরক্ষিত রাখতে পারব। যেসব বিদেশি শিক্ষার্থী ভারতে আসেন, তাঁরা বিশেষভাবে ঝুঁকির মধ্যে থাকেন; কারণ তাঁরা একা ভ্রমণ করেন, স্থানীয় আইন ও প্রক্রিয়া সম্পর্কে অপরিচিত থাকেন এবং আশপাশে তাঁদের পরিবার বা সহায়তার কোনো নেটওয়ার্ক থাকে না। এ ছাড়া ভাষার প্রতিবন্ধকতা তো আছেই; পাশাপাশি অসদাচরণের বিরুদ্ধে অভিযোগ করলে পড়াশোনা, সনদ, আবাসন বা আর্থিক বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হতে পারে—এমন ভয়ও তাঁদের কাজ করে।”

এদিকে এই বিতর্কের পর কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই স্কুল কর্তৃপক্ষ ক্লাস স্থগিত করেছে এবং ওই নারীকে সেখানে থাকা বা চলে যাওয়ার বিকল্প প্রস্তাব দিয়েছে। সেই সঙ্গে তাঁকে কোর্সের সনদ দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছে প্রতিষ্ঠানটি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রবাসীদের অর্জিত দক্ষতাকে দেশের কল্যাণে কাজে লাগাতে হবে: ডা. শফিকুর রহমান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:০৪ পি.এম


প্রবাসীদের অর্জিত দক্ষতাকে দেশের কল্যাণে কাজে লাগাতে হবে: ডা. শফিকুর রহমান

বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান প্রবাসীদের প্রতি আহবান জানিয়েছেন যে, অর্জিত জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতাকে নিজ দেশের কল্যাণে কাজে লাগাতে হবে।

তিনি মন্তব্য করেন, একজন মুসলমান পৃথিবীর যে প্রান্তেই বাস করুক না কেন, সর্বাবস্থায় তার ঈমান ও ইসলামী মূল্যবোধ অটুট রাখতে হবে। একইসঙ্গে, যে দেশে বসবাস করবেন, সে দেশের সার্বিক উন্নয়ন ও অগ্রগতিতে ইতিবাচক ভূমিকা পালন করা জরুরি।

শনিবার স্থানীয় সময় বিকাল ৪টায় অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক জনশক্তির উদ্যোগে আয়োজিত ‘রাষ্ট্র সংস্কারে প্রবাসীদের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির উল্লেখ করেন, প্রবাসীদের নিজেদের কর্মজীবন ও ব্যক্তিগত সাফল্যের মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে না; বরং নিজেদের অর্জিত দক্ষতা ও অভিজ্ঞতা দেশের কল্যাণে কাজে লাগানোর চেষ্টা করতে হবে। বিশেষ করে রাষ্ট্র সংস্কার, উন্নয়ন, শিক্ষা, প্রযুক্তি ও অর্থনৈতিক অগ্রগতিতে প্রবাসীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ রয়েছে।

তিনি আরো বলেন, প্রবাসে অবস্থান করলেও দেশের প্রতি দায়িত্ব ও ভালোবাসা অটুট রাখতে হবে। নিজেদের পেশাগত দক্ষতা, সততা, যোগ্যতা ও অভিজ্ঞতার মাধ্যমে বিদেশের মাটিতে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে হবে। সেইসাথে, দেশের মানুষের কল্যাণ ও রাষ্ট্রের উন্নয়নে নিজেদের সামর্থ্য অনুযায়ী অবদান রাখতে হবে।

তিনি আরও বলেন, প্রবাসীরা তাদের অর্জিত জ্ঞান, অভিজ্ঞতা ও দক্ষতা দেশের উন্নয়ন এবং রাষ্ট্র সংস্কারের কাজে কীভাবে কার্যকরভাবে কাজে লাগাতে পারেন, সে বিষয়ে আরও উদ্যোগী হওয়া প্রয়োজন।

সভায় জামায়াত আমিরের সফরসঙ্গী ডা. মোসলেহ উদ্দিন ফরিদ এমপি, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি এবং ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ডা. এস এম খালিদুজ্জামান উপস্থিত ছিলেন। এছাড়া সভায় অস্ট্রেলিয়ায় বসবাসরত সাবেক ছাত্রনেতা ও প্রবাসী বাংলাদেশিরাও অংশগ্রহণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আইসিজের রায় বাস্তবায়ন ও রোহিঙ্গাদের প্রত্যাবাসন চায় এনসিপি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:০৪ পি.এম


আইসিজের রায় বাস্তবায়ন ও রোহিঙ্গাদের প্রত্যাবাসন চায় এনসিপি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া রায়কে স্বাগত জানিয়েছে, যা ২০১৭ সালে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে সংঘটিত গণহত্যার ঘটনায় মিয়ানমারকে দায়ী করে। দলটি উল্লেখ করেছে যে, এই রায় আন্তর্জাতিক বিচারব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। তবে, রায়ের পূর্ণ বাস্তবায়ন, অপরাধীদের জবাবদিহি এবং রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করার প্রয়োজনীয়তা রয়েছে।

শনিবার এনসিপির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার কর্তৃক পাঠানো এক বিবৃতিতে এসব বিষয় তুলে ধরা হয়। বিবৃতিতে গাম্বিয়া এবং মামলায় হস্তক্ষেপকারী ১১টি রাষ্ট্রের প্রতি দীর্ঘ সাত বছরের আইনি লড়াইয়ে নেতৃত্ব দেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

এনসিপি জানায়, আদালত রোহিঙ্গাদের হত্যা, গুরুতর শারীরিক ও মানসিক ক্ষতি সাধন এবং জন্ম প্রতিরোধের উদ্দেশ্যে নেওয়া পদক্ষেপকে গণহত্যার কর্মকাণ্ড হিসেবে প্রতিষ্ঠা করেছে। আদালত এই কর্মকাণ্ডের পেছনে রোহিঙ্গা জনগণের একটি উল্লেখযোগ্য অংশকে ধ্বংস করার অভিপ্রায়ও খুঁজে পেয়েছে। একই সঙ্গে, গণহত্যা প্রতিরোধ ও অপরাধীদের শাস্তি নিশ্চিত করার বাধ্যবাধকতা পালনে ব্যর্থতার জন্য মিয়ানমারকে দায়ী করা হয়েছে।

এনসিপি মনে করে, এই রায় আন্তর্জাতিক আইন ও রাষ্ট্রীয় দায়বদ্ধতাকে আরও সুদৃঢ় করেছে। কোনো রাষ্ট্র সার্বভৌমত্ব বা অভ্যন্তরীণ নিরাপত্তার অজুহাতে গণহত্যার দায় এড়াতে পারে না। তবে রাষ্ট্রীয় দায়ের পাশাপাশি অপরাধে জড়িত ব্যক্তিদেরও জবাবদিহির আওতায় আনার প্রয়োজন রয়েছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, আইসিজের রায়ে মিয়ানমার রাষ্ট্রের আন্তর্জাতিক আইনগত দায় নির্ধারিত হয়েছে, যা ব্যক্তিবিশেষের ফৌজদারি দায় নয়। তাই উপযুক্ত বিচারিক প্রক্রিয়ায় অপরাধীদের তদন্ত, বিচার ও শাস্তি নিশ্চিত করতে হবে। ভবিষ্যতে এ ধরনের অপরাধের পুনরাবৃত্তি রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের প্রয়োজন রয়েছে।

এনসিপি বলেছে, রোহিঙ্গাদের ন্যায়বিচার শুধুমাত্র গণহত্যার স্বীকৃতির মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে না। তাদের নাগরিকত্ব ও মৌলিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা, ক্ষতিপূরণ, হারানো সম্পত্তি ও অধিকার পুনরুদ্ধার এবং নিজ ভূমিতে ফিরে যাওয়ার অধিকার নিশ্চিত করতে হবে। প্রত্যাবাসন প্রক্রিয়া হতে হবে স্বেচ্ছামূলক, নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই।

এ জন্য জাতিসংঘ, ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি), আসিয়ান, ইউরোপীয় ইউনিয়ন ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আইসিজের রায় বাস্তবায়নে সমন্বিত কূটনৈতিক ও আইনানুগ উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি মিয়ানমারের ওপর কার্যকর চাপ বজায় রাখা, অপরাধীদের জবাবদিহি নিশ্চিত করা এবং রোহিঙ্গাদের অধিকার ও নিরাপত্তা রক্ষায় আন্তর্জাতিক সহায়তা বাড়ানোর দাবি জানানো হয়েছে এনসিপি কর্তৃক।

বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক অংশীজনদের সঙ্গে সমন্বয় করে রায় বাস্তবায়ন, ক্ষতিপূরণ, নাগরিকত্ব পুনঃপ্রতিষ্ঠা ও নিরাপদ প্রত্যাবাসনে কূটনৈতিক তৎপরতা জোরদার করতে হবে। প্রত্যাবাসনের পূর্বশর্ত হিসেবে আরাকান রাজ্যে রোহিঙ্গাদের নিরাপত্তা, চলাচলের স্বাধীনতা, নাগরিক অধিকার ও জীবিকার নিশ্চয়তা আদায়ে মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রাখতে হবে। একই সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের মানবিক ও অর্থনৈতিক বোঝা লাঘবে আন্তর্জাতিক সহযোগিতা নিশ্চিত করতে হবে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশ দীর্ঘদিন ধরে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে আসছে। ২০২৪ সালে রাষ্ট্রীয় বাহিনী ও তৎকালীন শাসকগোষ্ঠীর হাতে ছাত্র-জনতার ওপর হত্যাযজ্ঞ ও নিপীড়নের অভিজ্ঞতা বাংলাদেশের জনগণকে রাষ্ট্রীয় সহিংসতা ও বিচারহীনতার ভয়াবহতা উপলব্ধি করতে শিখিয়েছে। এই অভিজ্ঞতা রোহিঙ্গাদের ন্যায়বিচার ও অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের প্রতি সংহতি আরও দৃঢ় করেছে।

তবে, এনসিপি উল্লেখ করে যে, রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানের মূল দায়িত্ব মিয়ানমারের। রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের পরিবেশ নিশ্চিত করতে হবে মিয়ানমারকেই।

বিবৃতিতে বলা হয়, আইসিজের রায় ন্যায়বিচারের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি। তবে রায়ের বাস্তবায়ন, অপরাধীদের জবাবদিহি, ক্ষতিগ্রস্তদের প্রতিকার এবং রোহিঙ্গাদের অধিকার পুনঃপ্রতিষ্ঠার মধ্য দিয়েই ন্যায়বিচার পূর্ণতা পাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৮
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৭ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%