ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

ডেন্টাল ডিপ্লোমাধারীদের নিবন্ধনের দাবিতে সড়কে মানববন্ধন


ডেন্টাল ডিপ্লোমাধারীদের নিবন্ধনের দাবিতে সড়কে মানববন্ধন

সরকার অনুমোদিত চার বছর মেয়াদি ডেন্টাল ডিপ্লোমাধারীদের বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) মাধ্যমে পেশাগত নিবন্ধনের দাবিতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

এই মানববন্ধন শনিবার (১১ জুলাই) সকালে ১০টায় বাংলাদেশ ডেন্টাল পরিষদের উদ্যোগে পালিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণ করেন ঢাকা মহানগরসহ দেশের বিভিন্ন জেলা থেকে সরকারি ও বেসরকারি ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) শিক্ষার্থী, ডেন্টাল ডিপ্লোমাধারী এবং সংগঠনটির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা।

আরও পড়ুন: বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার ১৯ অক্টোবর

বক্তারা মানববন্ধনে বলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের একাধিক সিদ্ধান্ত এবং স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক নির্ধারিত কর্মপরিধির আলোকে চার বছর মেয়াদি ডেন্টাল ডিপ্লোমাধারীদের বিএমডিসির মাধ্যমে সীমিত পরিসরে পেশাগত নিবন্ধনের ব্যবস্থা করা সময়ের দাবি।

বাংলাদেশ ডেন্টাল পরিষদের মহাসচিব লায়ন মুহাম্মদ কামাল বলেন, রাষ্ট্র নিজেই চার বছর মেয়াদি ডেন্টাল ডিপ্লোমা শিক্ষা চালু করেছে। সরকার পাঠ্যক্রম প্রণয়ন, পরীক্ষা গ্রহণ, ক্লিনিক্যাল প্রশিক্ষণ ও সনদ প্রদানসহ সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে এই জনবল নিয়োগও দিয়েছে।

তারা উল্লেখ করেন, স্বাস্থ্য অধিদপ্তর ডেন্টাল ডিপ্লোমাধারীদের জন্য ১০টি কর্মপরিধি নির্ধারণ করেছে। কিন্তু দীর্ঘদিন ধরে তারা বিএমডিসির পেশাগত নিবন্ধন এবং প্রাইভেট প্র্যাকটিসের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। এই পদক্ষেপের কারণে হাজার হাজার প্রশিক্ষিত ডেন্টাল ডিপ্লোমাধারী কর্মসংস্থান সংকট, পেশাগত বৈষম্য ও অনিশ্চয়তার মধ্যে রয়েছেন।

আন্দোলনের অন্যতম সংগঠক মো. শাহাদাত হোসেন দাবি করেন, সমযোগ্যতাসম্পন্ন মেডিক্যাল অ্যাসিস্ট্যান্টরা বিএমডিসি আইনের ১৫ ধারা ও পঞ্চম তফসিল অনুযায়ী নিবন্ধনের সুযোগ পাচ্ছেন।

আরও পড়ুন: অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

তবে চার বছর মেয়াদি ডেন্টাল ডিপ্লোমাধারীরা একই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন, যা সংবিধানের ১৯, ২৬, ২৭ ও ৪০ অনুচ্ছেদের পরিপন্থী।

বক্তারা সরকারের কাছে দাবি করেন, অবিলম্বে বিএমডিসি আইন, ২০১০-এর ৩৫ ধারার আওতায় তফসিল সংশোধন অথবা একই আইনের ৩৬ ধারার আলোকে চার বছর মেয়াদি ডেন্টাল ডিপ্লোমাধারীদের জন্য পৃথক বিধিমালা প্রণয়নে পদক্ষেপ নিতে হবে।

মানববন্ধনে বক্তব্য দেন এমট্যাবের সভাপতি এ কে মুসা লিটন, মহাসচিব বিপ্লবুজ্জামান বিপ্লব, বাংলাদেশ মেডিক্যাল টেকনোলজি অ্যান্ড ফার্মেসি টিচার্স অ্যাসোসিয়েশনের সভাপতি হাফিজুর রহমান, মহাসচিব মো. আইনুল হক, হারুনুর রশীদ ও আওরঙ্গ খালেদ মোসান্না প্রমুখ।

সমাবেশ থেকে ঘোষণা দেওয়া হয়, অবিলম্বে দাবি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া না হলে আগামী ১৫ জুলাই কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। সেখান থেকে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান এবং পদযাত্রা কর্মসূচি পালন করা হবে।

আরও পড়ুন: বিএনপি সংস্কার কর্মসূচির সঙ্গে প্রতারণা করছে: সারোয়ার তুষার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হরমুজে নৌ-ফি প্রস্তাব বিবেচনায় ইউরোপ, বাধ্যতামূলক টোলে আপত্তি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০৭:০২ পি.এম


হরমুজে নৌ-ফি প্রস্তাব বিবেচনায় ইউরোপ, বাধ্যতামূলক টোলে আপত্তি

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের জন্য স্বেচ্ছাসেবী ভিত্তিতে নৌ-পরিচালনা সেবা ফি চালুর একটি প্রস্তাব নিয়ে আলোচনা করছে ইউরোপীয় দেশগুলো। তবে এই ফি যেন বাধ্যতামূলক না হয় এবং জাতিসংঘের আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (আইএমও)-এর সমর্থন পায়, সে বিষয়েও জোর দেওয়া হচ্ছে। দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ব্রিটেনের উপপ্রধানমন্ত্রী ডেভিড ল্যামি বলেছেন, হরমুজ প্রণালীতে বাধ্যতামূলক টোল আরোপ করা হলে তা বৈশ্বিক বাণিজ্যের জন্য ‘বিপর্যয়কর’ হবে। যদিও ব্রিটিশ সরকারের কয়েকজন মন্ত্রী মনে করেন, মালাক্কা প্রণালী বা ইংলিশ চ্যানেলের মতো প্রাকৃতিক নৌপথে নির্দিষ্ট নৌ-পরিচালনা সেবার জন্য স্বেচ্ছাসেবী ফি নেওয়ার নজির রয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্র ইরানের কাছে প্রকাশ্যে ঘোষণা দেওয়ার আহ্বান জানিয়েছে যে হরমুজ প্রণালি উন্মুক্ত থাকবে এবং সেখানে চলাচলকারী জাহাজের ওপর আর হামলা চালানো হবে না। ওয়াশিংটনের দাবি, তেহরানের অভ্যন্তরীণ ক্ষমতার দ্বন্দ্বের কারণেই এ বিষয়ে সমঝোতা বাস্তবায়ন কঠিন হয়ে পড়ছে।

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প আজ শুক্রবার (১১ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, অন্তর্বর্তী যুদ্ধবিরতি কার্যত শেষ হয়ে গেছে। তবে তিনি স্থায়ী সমাধানের লক্ষ্যে আলোচনা চালিয়ে যাওয়ার কথাও জানান। পরে তিনি ইরানকে সতর্ক করে বলেন, তার বিরুদ্ধে হত্যাচেষ্টা হলে ‘হাজারটি ক্ষেপণাস্ত্র’ ইরানকে লক্ষ্য করে প্রস্তুত রয়েছে।

এদিকে ওমান মালাক্কা প্রণালীর আদলে হরমুজ প্রণালীর জন্য একটি বিকল্প ব্যবস্থার প্রস্তাব তৈরি করেছে। ব্রিটিশ আইন বিশেষজ্ঞদের সহায়তায় প্রস্তুত করা এই পরিকল্পনা ব্যাখ্যা করতে ওমান তাদের বিশেষজ্ঞ দল তেহরানে পাঠানোর প্রস্তাবও দিয়েছে।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি শনিবার (১২ জুলাই) ওমান সফরে যাচ্ছেন। সফরে হরমুজ প্রণালীর নিরাপত্তা এবং জাহাজ চলাচল নিয়ে আলোচনা হবে।

ওমানের অবস্থান হলো, আন্তর্জাতিক আইন অনুযায়ী হরমুজ প্রণালীতে অবাধ নৌ-চলাচলের অধিকার নিশ্চিত করতে হবে এবং সেখানে বাধ্যতামূলক ট্রানজিট ফি আরোপ করা উচিত নয়। তবে নৌ-নিরাপত্তা, পরিবেশ সুরক্ষা, দূষণ রোধ এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় স্বেচ্ছাসেবী সেবাভিত্তিক অর্থায়ন ব্যবস্থা নিয়ে আলোচনা করা যেতে পারে।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি বলেছেন, আন্তর্জাতিক সামুদ্রিক আইন উপেক্ষা করে ইরানকে হরমুজ প্রণালীর ওপর একক নিয়ন্ত্রণ দেওয়া হলে ভবিষ্যতে যে কোনো উগ্রপন্থি গোষ্ঠী ওই পথকে জিম্মি করতে পারে।

তবে কূটনৈতিক সূত্রগুলোর মতে, ইরানের ভেতরেও এ বিষয়ে মতভেদ রয়েছে। ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) একটি অংশ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর অবস্থান চাইলেও অন্য অংশ আন্তর্জাতিক সহযোগিতার পক্ষে।

এদিকে উপসাগরীয় ও ইউরোপীয় কয়েকটি দেশ আইএমওর বৈঠকে হরমুজ প্রণালীতে জাহাজে হামলার জন্য ইরানের নিন্দা জানিয়ে একটি প্রস্তাব উত্থাপন করে। তবে রাশিয়া ও চীন সেই প্রস্তাব সমর্থন করেনি। রাশিয়ার মতে, প্রস্তাবটি সংকটের মূল কারণ উপেক্ষা করেছে। আর চীন বলেছে, এটি একপেশে এবং আইএমওর দায়িত্বের সীমা অতিক্রম করেছে।

সম্প্রতি যুক্তরাষ্ট্র ইরানের ১৫০টির বেশি স্থাপনায় হামলা চালানোর পর উত্তেজনা আরও বেড়েছে। জবাবে ইরান কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে হামলা চালায়।

কূটনীতিকদের মতে, বর্তমানে বিরোধের দুটি মূল বিষয় রয়েছে। একটি হলো হরমুজ প্রণালি পুনরায় চালুর সময় এর নিয়ন্ত্রণ কার হাতে থাকবে। অন্যটি হলো দীর্ঘমেয়াদে প্রণালিটির ব্যবস্থাপনা কীভাবে পরিচালিত হবে এবং মালাক্কা প্রণালির মডেল সেখানে প্রয়োগ করা সম্ভব কি না।

গত মাসে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে স্বাক্ষরিত যুদ্ধবিরতির রূপরেখায় ইরান ৬০ দিনের জন্য কোনো ধরনের অতিরিক্ত ফি ছাড়াই বাণিজ্যিক জাহাজ চলাচল নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে। একই সঙ্গে দীর্ঘমেয়াদি ব্যবস্থাপনা নিয়ে ওমানের মধ্যস্থতায় আলোচনায় বসতেও সম্মত হয়েছে।

তবে আইএমওর মহাসচিব আর্সেনিও দোমিঙ্গেজের উদ্যোগে দক্ষিণাঞ্চলীয় নৌপথ খুলে দেওয়ার একটি পরিকল্পনায় প্রথমে সম্মতি দিলেও পরে ইরান সেই সিদ্ধান্ত থেকে সরে আসে। ফলে আটকে পড়া হাজারো নাবিককে সরিয়ে নেওয়ার জাতিসংঘের পরিকল্পনা স্থগিত করতে হয়।

অন্যদিকে যুক্তরাষ্ট্র এখনো বাণিজ্যিক জাহাজগুলোকে দক্ষিণাঞ্চলীয় নৌপথ ব্যবহার করতে উৎসাহিত করছে। মার্কিন সেন্ট্রাল কমান্ডের দাবি, মে মাসের শুরু থেকে তাদের সহায়তায় ৮০০টির বেশি বাণিজ্যিক জাহাজ এবং প্রায় ৩৮ কোটি ব্যারেল অপরিশোধিত তেল নিরাপদে হরমুজ প্রণালি অতিক্রম করেছে।

এদিকে আইআরজিসির নৌবাহিনী এক বিবৃতিতে বলেছে, ‘হরমুজ প্রণালি ও এ অঞ্চলে বিদেশি শক্তির কোনো ভূমিকা নেই।’ বর্তমানে কূটনীতিকরা খতিয়ে দেখছেন, ইরান সব জাহাজকে উত্তর দিকের পথ ব্যবহার করতে বাধ্য করতে চায়, নাকি দক্ষিণাঞ্চলীয় রুট ব্যবহার করলেও আগে তেহরানের অনুমতি নেওয়ার শর্ত আরোপ করতে চায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আমির খানের বিয়ের খবর নিয়ে ভারতে প্রতিবাদ-বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০৭:০৩ পি.এম


আমির খানের বিয়ের খবর নিয়ে ভারতে প্রতিবাদ-বিক্ষোভ

তৃতীয় বিয়ে নিয়ে নতুন এক বিতর্কে জড়িয়ে পড়েছেন বলিউড অভিনেতা আমির খান। ভারতে বিহারের একটি স্থানে তার বিরুদ্ধে বিক্ষোভ করেছে হিন্দুত্ববাদী সংগঠন বজরং দলের একটি অংশ।

বিক্ষোভকারীরা অভিনেতার বিরুদ্ধে অভিযোগ তুলেছে ‘লাভ জিহাদ’-এর। তারা কুশপুত্তলিকা দাহ করে এবং সরকারের কাছে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানায়।

নিউজ এইটিনসহ ভারতের বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বিহারের ফোরবেসগঞ্জ এলাকায় সম্প্রতি এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। সেখানে বিক্ষোভকারীরা আমির খানের বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্লোগান দিয়েছেন। এই ঘটনার ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

বজরং দলের নেতা মনোজ সোনি এক বিবৃতিতে অভিযোগ করেন, ‘আমির খান বারবার হিন্দু নারীদের বিয়ে করছেন। তাদের গর্ভবতী করছেন। কেন তিনি মুসলিম কোনো নারীকে বিয়ে করেন না? এটা হিন্দুদের বিরুদ্ধে একটি ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয়।’

তিনি আরও বলেন, ‘হিন্দু নারীদের তিনি মুসলিম ধর্মে কনভার্ট করছেন না ঠিকই, কিন্তু সন্তানদের নাম রাখছেন নিজের ধর্মের নাম অনুসারে। কেন শুধুমাত্র বারবার হিন্দু মেয়েদের প্রেমে পড়েন তিনি? যদি বিয়েও করেন তাহলে কেন বারবার ডিভোর্স করেন?’

মনোজ সোনির অভিযোগ, এসব ঘটনার মাধ্যমে সমাজের সম্প্রীতি ক্ষুণ্ন হচ্ছে। তিনি সরকারের কাছে আমির খানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

আমিরের তৃতীয় বিয়ে নিয়ে লেখিকা তসলিমা নাসরিনও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন তুলেছেন। তিনি অভিনেতার বারবার হিন্দু নারীকে বিয়ে করার বিষয়টিকে নিয়ে মন্তব্য করেছেন।

তবে বজরং দল বা অন্যদের উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে এখন পর্যন্ত আমির খান কোনো প্রকাশ্য প্রতিক্রিয়া জানাননি।

ব্যক্তিগত জীবনে, আমির খান ১৯৮৬ সালে রিনা দত্তকে বিয়ে করেছিলেন, যা ২০০২ সালে বিচ্ছেদ ঘটে। পরে ২০০৫ সালে তিনি চলচ্চিত্র নির্মাতা কিরণ রাওকে বিয়ে করেন, কিন্তু ২০২১ সালে সেই দাম্পত্যও শেষ হয়। সম্প্রতি দীর্ঘদিনের বন্ধু গৌরী স্প্র্যাটকে বিয়ে করে এই বলিউড অভিনেতা তৃতীয়বারের মতো বৈবাহিক জীবনে পা রেখেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আদালত নয়, সালিশেই শেষ হলো দুই ভাইয়ের ২০ বছরের জমি বিরোধ

আন্তর্জাতিক ডেস্ক

কুড়িগ্রাম প্রতিনিধি

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০৭:০৪ পি.এম


আদালত নয়, সালিশেই শেষ হলো দুই ভাইয়ের ২০ বছরের জমি বিরোধ

কুড়িগ্রাম সদর উপজেলার জমিজমা সংক্রান্ত প্রায় ২০ বছরের বিরোধের অবসান ঘটেছে আপন দুই ভাইয়ের মধ্যে।

স্থানীয় জনপ্রতিনিধিদের এবং সদর থানা পুলিশের উদ্যোগে আলোচনার মাধ্যমে বিরোধের মীমাংসা হওয়ার ফলে দুই পরিবারে স্বস্তি ফিরে এসেছে।

শনিবার (১১ জুলাই) দুপুরে সদর উপজেলার ভোগডাঙা ইউনিয়নে আয়োজন করা এক সালিশ বৈঠকে উভয় পক্ষের সম্মতি নিয়ে বিরোধের নিষ্পত্তি করা হয়। দীর্ঘদিনের দ্বন্দ্বের অবসান ঘটায় দুই পরিবারের সদস্য এবং স্থানীয়রা সন্তুষ্টি প্রকাশ করেন।

স্থানীয় সূত্রে পাওয়া খবর অনুযায়ী, ভোগডাঙা ইউনিয়নের বিশ্বাসের খামার এলাকার বাসিন্দা দুই সহোদর মো. আমির হোসেন এবং মো. জহুরুল ইসলাম এর মধ্যে বাড়ির সীমানা, আবাদি জমি এবং চলাচলের রাস্তা নিয়ে প্রায় দুই দশক ধরে বিরোধ চলছে। বিষয়টি নিয়ে একাধিকবার দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটে। মারামারিতে উভয় পক্ষের লোকজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাসেবা গ্রহণ করেছেন।

এSalish বৈঠকে উপস্থিত ছিলেন ভোগডাঙা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাঈদুর রহমান, স্থানীয় ইউপি সদস্য মো. মাজেদুল ইসলাম এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ।

সালিশ বৈঠকে উভয় পক্ষ ভবিষ্যতে এ ধরনের কোনো বিরোধ বা অপ্রীতিকর ঘটনার পুনরাবৃত্তি হবে না এমনও অঙ্গীকার করেছেন। তারা শান্তিপূর্ণভাবে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে চলার প্রত্যয়ও ব্যক্ত করেছেন।

মো. আমির হোসেন জানান, “আমাদের বাবা প্রায় ২৬ বছর আগে মারা যান। তারপর আমরা ভাইয়েরা পারিবারিকভাবে জমি ভাগ করে নিই। কিছু দিন পর বিভিন্ন বিষয় নিয়ে আমার ছোট ভাইয়ের সঙ্গে বিরোধ দেখা দেয়। দীর্ঘদিনের সেই বিরোধ আজ আলোচনার মাধ্যমে শেষ হয়েছে, এতে আমরা সবাই আনন্দিত।”

ভোগডাঙা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাঈদুর রহমান বলেছেন, “দীর্ঘদিনের এই বিরোধের কারণে দুই পরিবারের পারস্পরিক সম্পর্কের অবনতি ঘটেছিল। প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি এবং সমাজের প্রবীণ ব্যক্তিদের আন্তরিক প্রচেষ্টা দ্বারা আলোচনা শেষে উভয় পক্ষ সমঝোতায় পৌঁছেছে।”

কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, জমিজমা নিয়ে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। দুই পক্ষের অভিযোগ পাওয়ার পর স্থানীয় জনপ্রতিনিধিদের সহায়তায় আলোচনা মাধ্যমে বিষয়টির শান্তিপূর্ণ সমাধান করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কৃষি কর্মকর্তাকে হুমকির ঘটনায় যুবদল নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০৭:০৫ পি.এম


কৃষি কর্মকর্তাকে হুমকির ঘটনায় যুবদল নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা

মাগুরার শালিখায় এক কৃষি কর্মকর্তাকে ঝুলিয়ে পেটানোর হুমকি দেওয়ার ঘটনায় যুবদলের সদস্য সচিব মুন্সী নয়নুজ্জামান নয়ন বহিষ্কৃত হয়েছেন।

শনিবার (১১ জুলাই) দুপুরে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় দপ্তর থেকে যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, পেশিশক্তি প্রদর্শন করে শালিখা উপজেলার এক কৃষি কর্মকর্তাকে হুমকি দেওয়ার সুস্পষ্ট প্রমাণ পাওয়ায় কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম এমপির সিদ্ধান্ত অনুযায়ী মুন্সী নয়নুজ্জামান নয়নকে প্রাথমিক সদস্য পদসহ সদস্য সচিবের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

স্থানীয় কৃষি বিভাগ ও উপজেলা যুবদলের সূত্র অনুযায়ী, শালিখা উপজেলার আড়পাড়া ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা পলাশ কুমার রায়ের কাছে কৃষি প্রণোদনার জন্য ২০০ জনের একটি তালিকা দেন নয়ন। এর মধ্যে ১৫০ জন প্রণোদনা পেলেও বাকি ৫০ জন বাদ পড়েন। এই বিষয়টি নিয়ে কথা বলতে গিয়ে কয়েকদিন আগে ফোনে কৃষি কর্মকর্তা পলাশ কুমার রায়কে ঝুলিয়ে পেটানোর হুমকি দেন বলে অভিযোগ ওঠে।

শুক্রবার ওই কথোপকথনের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে কেন্দ্রীয় যুবদল তদন্ত করে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পর তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

তবে অভিযোগ অস্বীকার করে মুন্সী নয়নুজ্জামান নয়ন বলেন, এটি রাজনৈতিক প্রতিপক্ষের ষড়যন্ত্র। তথ্যপ্রযুক্তির অপব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তার সঙ্গে কৃষি কর্মকর্তার কথোপকথনের একটি ভুয়া অডিও তৈরি করা হয়েছে এবং সেটি ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%