শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং
০৬:৫৩ পি.এম
গাজা উপত্যকায় নারী ও কিশোরীদের ওপর হামলা চালানোর পাশাপাশি আরোপিত পরিস্থিতি ফিলিস্তিনিদের জীবন ও ভবিষ্যৎ ধ্বংস করার উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে বলে জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটির প্রকাশিত একটি বিস্তারিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, অবরুদ্ধ গাজায় নারী ও শিশুদের ওপর চলমান নিপীড়ন ও ক্ষয়ক্ষতি ফিলিস্তিনিদের বিরুদ্ধে চলমান গণহত্যার অবিচ্ছেদ্য অংশ।
২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত সংগৃহীত তথ্য এবং ২২৮টি গভীর সাক্ষাৎকারের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। এতে গাজার নারী ও কিশোরী, প্রত্যক্ষদর্শী, স্বাস্থ্যকর্মী, জাতিসংঘের কর্মী এবং বেসরকারি সংস্থার প্রতিনিধিদের বক্তব্যের পাশাপাশি যাচাইকৃত ছবি, ভিডিও, চিকিৎসা নথিপত্র ও স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করা হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ২০২৬ সালের ১ অক্টোবর পর্যন্ত গাজায় নিহত ৭৪ হাজার ২৩৭ জন ফিলিস্তিনির মধ্যে প্রায় ৩০ শতাংশ নারী ও শিশু। সংঘাতের শুরুর দিকে দুই বছরে গড়ে প্রতিদিন প্রায় ৩০ জন নারী ও শিশু নিহত হয়েছেন। পাশাপাশি বাস্তুচ্যুতি, অনাহার ও অবরোধের কারণে পরোক্ষভাবে অসংখ্য নারী ও শিশুর প্রাণহানি ঘটেছে।
অ্যামনেস্টির মতে, গাজার মাতৃস্বাস্থ্য ও প্রজনন স্বাস্থ্যসেবা ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে। নবজাতকদের ইনকিউবেটর ভাগাভাগি করে ব্যবহার করতে বাধ্য হওয়া, চিকিৎসা সরঞ্জামের তীব্র সংকট এবং নিরাপদ মাতৃত্বের সুযোগ না থাকায় প্রতিরোধযোগ্য মৃত্যু বাড়ছে। অনেক নারী মানসিক ট্রমা ও অনিশ্চয়তার কারণে সন্তান নেওয়ার পরিকল্পনাও বাদ দিতে বাধ্য হচ্ছেন। সংস্থাটি মনে করে, ইসরায়েলের পদক্ষেপগুলো গাজায় ফিলিস্তিনিদের মধ্যে জন্মহার রোধ করার মতো পরিস্থিতি তৈরি করেছে, যা গণহত্যা সনদের আওতায় তদন্তের দাবি রাখে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, গাজার ৯০ শতাংশেরও বেশি মানুষ একাধিকবার বাস্তুচ্যুত হয়েছেন। অনেক নারী পরিবার-পরিজন হারিয়ে একাই সংসারের হাল ধরতে বাধ্য হয়েছেন এবং নিখোঁজ স্বজনদের খোঁজে অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। গত বছরের অক্টোবরে তথাকথিত যুদ্ধবিরতি চুক্তির পরও গাজায় গণহত্যামূলক কর্মকাণ্ড ও বেসামরিক মানুষের ওপর ক্ষয়ক্ষতি বন্ধ হয়নি বলে প্রতিবেদনে সতর্ক করা হয়েছে।
গাজার উইমেন্স অ্যাফেয়ার্স সেন্টারের পরিচালক আমাল সিয়াম প্রতিবেদনে বলেছেন, গাজার কোনো নারীকে ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করা হলে তারা পাল্টা জানতে চান, কীসের ভবিষ্যৎ?
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অবিলম্বে ফিলিস্তিনিদের বিরুদ্ধে সব ধরনের লঙ্ঘন বন্ধ, মানবিক সহায়তা ও পুনর্গঠনের পথ সুগম করা এবং ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞাসহ কূটনৈতিক ও অর্থনৈতিক চাপ প্রয়োগের জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে। সংস্থাটি জানায়, প্রতিবেদন প্রকাশের আগে গত ৩০ সেপ্টেম্বর ইসরায়েলি কর্তৃপক্ষ ও হামাসের রাজনৈতিক ব্যুরোর কাছে এসব পর্যবেক্ষণ পাঠানো হলেও প্রকাশের সময় পর্যন্ত কোনো সাড়া পাওয়া যায়নি। সূত্র: আল জাজিরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
"নয়া সাহিত্য বিকশিত হোক'—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাট লেখক ফোরামের তিন দশক পূর্তি উৎসব শুরু হয়েছে। দুই দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের প্রথম দিনে জেলা কবি, লেখক ও সাহিত্যিকদের মিলনমেলায় অনুষ্ঠানস্থল মুখরিত হয়ে ওঠে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জয়পুরহাট লেখক ফোরামের সভাপতি আজিজুল হক বিশ্বাস। উদ্বোধনী বক্তব্য প্রদান করেন কবি ও জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবুবকর সিদ্দিক।
প্রথম পর্বে সাহিত্যের বিভিন্ন শাখায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ গুণীজনদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্তদের মধ্যে রয়েছেন—লোক কাব্যগীতি: সিকতা কাজল, গল্প ও কবিতায় কবি হোসনে পারভীন পপি, সাব্যসাচী কবি মহসিন আলী রাজু, তরুণ কবি হায়্যুল কাইয়ুম।
এছাড়া সাহিত্যে অবদানের জন্য মরণোত্তর সম্মাননা পদক পান প্রয়াত কবি সুজন হাজারী ও কবি সামসোজ্জোহা বকুল। গুণীজনদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন কবি, লেখক ও সচিব সানোয়ার জাহান ভূঁইয়া।
উৎসবে বক্তব্য রাখেন কবি, লেখক ও সচিব সানোয়ার জাহান ভূঁইয়া, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদুল হাসান, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, নটরডেম কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক ম. নুরুন্নবী, সরকারি বালিকা বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষিকা ও কবি নাসরিন আক্তার, সংগঠনের সাধারণ সম্পাদক কবি সোহেল সাহেল, সহ সভাপতি কবি ও সাংবাদিক বাবু বসুধা কবি লিলি শেঠ, জিনা পন্ডিত, আশফাকুজ্জামান, কবি আবুল বাসার এবং স্কুলছাত্রী রাবেয়া জান্নাত।
সাহিত্য আড্ডার পাশাপাশি অনুষ্ঠানে মনোজ্ঞ আবৃত্তি ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। সচিব কবি সানোয়ার জাহান ভূঁইয়ার একটি কবিতা আবৃত্তি করে শোনান জান্নাতুল ফেরদৌস মৌ। জেলা বিএনপির আহ্বায়ক রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা পাঠ করেন এবং নিনাদ আবৃত্তি পরিষদের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ কবিতা আবৃত্তি করেন। অনুষ্ঠানে ঢাকা থেকে আগত কবি সোহেল মল্লিকও অংশগ্রহণ করেন।
ঐতিহ্যবাহী পুঁথি পাঠ, বিয়ের গীত ও সংগীত পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লাল মাটিয়া কলেজের অধ্যাপক ও কবি সৈয়দা নাজনীন।
জয়পুরহাট ছাড়াও ঢাকা, চট্টগ্রাম, বগুড়া ও নওগাঁসহ দেশের বিভিন্ন জেলা থেকে আগত কবি ও সাহিত্যিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজনটি এক প্রাণবন্ত সাহিত্য উৎসবে রূপ নেয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা ও প্রবীণ ফটোসাংবাদিক আতাউর রহমান আতার শারীরিক অবস্থার খোঁজ নিতে তাঁর বাসায় গিয়েছেন সিলেট-১ (মহানগর ও সদর) আসনের সংসদ সদস্য এবং বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে তিনি প্রবীণ এই ফটোসাংবাদিকের মেন্দিবাঘস্থ বাসভবনে যান এবং তাঁর চিকিৎসার খোঁজ নেন। এ সময় মন্ত্রী আতাউর রহমান আতার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন এবং পরিবারের সদস্যদের পাশে থাকার আশ্বাস দেন।
পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীসহ স্থানীয় নেতৃবৃন্দ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দেশে অশান্তি সৃষ্টির উদ্দেশ্যে যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। তিনি সকল ধরনের ষড়যন্ত্রকারীদের ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বান জানান।
শুক্রবার বিকেলে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসের শহীদ এসআই শিরুমিয়া মিলনায়তনে ‘বাংলাদেশ পুলিশ জুডো, কারাতে, তায়কোয়ানডো ও উশু চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এর চূড়ান্ত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইজিপি পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দৃঢ় প্রত্যয় ও মনোবল নিয়ে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। তিনি উল্লেখ করেন, খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশ ঘটে এবং মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ক্রীড়াক্ষেত্রে নৈপুণ্য প্রদর্শনের জন্য নিয়মিত অনুশীলনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত আইজি (ফিন্যান্স) ও বাংলাদেশ পুলিশ জুডো, কারাতে, তায়কোয়ানডো ও উশু ক্লাবের সভাপতি মো. আকরাম হোসেন। এ সময় অতিরিক্ত আইজি (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ সদস্য এবং দর্শকেরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন এআইজি (হেলথ, ওয়েলফেয়ার অ্যান্ড পেনশন) ও ক্লাবের সাধারণ সম্পাদক এ এন এম মারুফ আবদুল্লাহ।
অনুষ্ঠানে শিশুরা একটি ডিসপ্লে প্রদর্শন করে। পরে আইজিপি বিভিন্ন ইভেন্টের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
চূড়ান্ত প্রতিযোগিতায় জুডো ও উশু—উভয় ইভেন্টেই চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এবং রানার্সআপ হয়েছে চট্টগ্রাম রেঞ্জ। তায়কোয়ানডোতে চ্যাম্পিয়ন হয়েছে খুলনা মহানগর পুলিশ (কেএমপি) এবং রানার্সআপ হয়েছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)। অন্যদিকে কারাতে ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম রেঞ্জ এবং রানার্সআপ হয়েছে সিএমপি।
গত ৮ নভেম্বর (রোববার) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে এ প্রতিযোগিতা শুরু হয়েছিল।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
আগামীকাল শনিবার (২৮ নভেম্বর) রাজশাহীর বেশ কিছু এলাকায় সাড়ে ৫ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ থাকবে না। নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) রাজশাহীর কাশিয়াডাঙ্গা বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে এই তথ্য জানানো হয়েছে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ৩৩ কেভি লাইনের নিকটবর্তী গাছপালার শাখা-প্রশাখা কর্তনের জন্য শনিবার পর্যায়ক্রমে সাড়ে ৫ ঘণ্টা নেসকো রাজশাহীর কাশিয়াডাঙ্গা বিক্রয় ও বিতরণ বিভাগের (বিবিবি) আওতাধীন বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
শনিবার সকাল ৮টা থেকে সকাল ১০টা পর্যন্ত এবং সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পর্যায়ক্রমে মিয়াপুর টু কাশিয়াডাঙ্গা ৩৩ কেভি ও হড়গ্রাম টু কাশিয়াডাঙ্গা ৩৩ কেভি ফিডারের আওতাধীন ১১ কেভি মিয়াপুর, দামকুড়া, কসবা, নবগঙ্গা, আই-বাঁধ ও রায়পাড়া ফিডারের সব এলাকায় বিদ্যুৎ থাকবে না। একই দিন দুপুর ১২টা ৩০ মিনিট থেকে দুপুর ২টা পর্যন্ত ৩৩ কেভি এসিআই গোদরেজ ফিডারের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
যদি নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হয়, তবে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ পুনরায় সচল করা হবে। কর্তৃপক্ষ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে সাময়িক এই অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ