ঢাকা মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৫শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ইং ২৫শে কার্তিক, ১৪৩২বাং

বাংলাদেশ ন্যায্য প্রত্যাশা নিয়ে যাচ্ছে আনতালিয়ায়


বাংলাদেশ ন্যায্য প্রত্যাশা নিয়ে যাচ্ছে আনতালিয়ায়

জাতিসংঘের ৩১তম জলবায়ু পরিবর্তন সম্মেলন (কপ-৩১) গতকাল শুরু হয়েছে এবং এটি আগামী ২০ নভেম্বর পর্যন্ত তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত হবে। এই সম্মেলনে প্রায় ২০০টি দেশের প্রতিনিধি, রাষ্ট্র ও সরকারপ্রধান, নীতিনির্ধারক, জলবায়ু বিশেষজ্ঞ, গবেষক এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন। আনতালিয়ার বিশাল প্রদর্শনী কেন্দ্রে দুই সপ্তাহব্যাপী এই সম্মেলনের সভাপতিত্ব করছে তুরস্ক, তবে আলোচনায় নেতৃত্ব দিচ্ছে অস্ট্রেলিয়া। আয়োজক দেশ নির্ধারণ নিয়ে বিরোধের সমাধানে একটি অস্বাভাবিক সমঝোতার মাধ্যমে এই ব্যবস্থা গৃহীত হয়েছে। এবারের সম্মেলনকে ‘বাস্তবায়নের সম্মেলন’ হিসেবে তুলে ধরা হচ্ছে, যেখানে বছরের পর বছর ধরে দেওয়া প্রতিশ্রুতি ও উচ্চাভিলাষী ঘোষণাগুলোকে বাস্তব পদক্ষেপে রূপ দেওয়ার লক্ষ্য রয়েছে।

বাংলাদেশের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল সম্মেলনে অংশ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে যাচ্ছে। প্রতিনিধিদলে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, পরিবেশমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুইজন পররাষ্ট্রমন্ত্রী এবং বন ও পরিবেশবিষয়ক বিশেষ সহকারী ড. মোঃ সাইমুম পারভেজ অন্তর্ভুক্ত থাকবেন। প্রধানমন্ত্রী আজ তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়বেন এবং ১২ নভেম্বর সম্মেলনের মূল অধিবেশনে বক্তব্য দেওয়ার পর দেশে ফিরবেন। সম্মেলনের ফাঁকে তিনি উজবেকিস্তানের প্রেসিডেন্ট, চীনের ভাইস প্রেসিডেন্ট, যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সহকারী প্রশাসকসহ বিভিন্ন দেশের সরকারপ্রধান ও প্রতিনিধিদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। তুরস্কের সঙ্গে সামগ্রিক দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন বিষয়, বিশেষ করে বাণিজ্য, বিনিয়োগ ও প্রতিরক্ষা সহযোগিতা আলোচনায় গুরুত্ব পাবে। বগুড়ায় ড্রোন কারখানা স্থাপনের বিষয়ে তুরস্কের সহযোগিতার সম্ভাবনাও আলোচনায় আসতে পারে, যদিও কারখানার চূড়ান্ত অবস্থান এখনো নির্ধারিত হয়নি। গতকাল সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন নবনিযুক্ত পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী।

সম্মেলনে গ্রিন জোন ও ব্লু জোন নামে দুটি গুরুত্বপূর্ণ অঞ্চল থাকবে। গ্রিন জোনে বাংলাদেশের পাট ও পাটজাত পণ্যের সম্ভাবনা তুলে ধরা হবে এবং বাংলাদেশ ও তুরস্কের মধ্যে পাট ও পাটজাত পণ্য নিয়ে চুক্তির বিষয়টি রয়েছে। ব্লু জোনে ১২ ও ১৩ নভেম্বর জলবায়ু পরিবর্তনবিষয়ক বিভিন্ন আলোচনা অনুষ্ঠিত হবে, যেখানে পাটভিত্তিক পরিবেশবান্ধব ও জীবাণুবিয়োজ্য পলিমার পণ্যের সম্ভাবনা তুলে ধরা হবে। এ আয়োজনের সভাপতিত্ব করছে অস্ট্রেলিয়া। সম্মেলনস্থলে বাংলাদেশ সরকারের উদ্যোগে ১০০ বর্গমিটার আয়তনের একটি প্যাভিলিয়ন স্থাপন করা হচ্ছে, যেখানে বাংলাদেশের জলবায়ু ঝুঁকি, অভিযোজন অভিজ্ঞতা, এনডিসি ৩.০, জাতীয় অভিযোজন পরিকল্পনা, জলবায়ু অর্থায়ন, ক্ষয়ক্ষতি, কার্বন বাজার, নবায়নযোগ্য জ্বালানি এবং স্থানীয় জনগোষ্ঠীর উদ্যোগ তুলে ধরা হবে। প্যাভিলিয়নটি অভিজ্ঞতা বিনিময়, নীতিগত সংলাপ ও আন্তর্জাতিক সহযোগিতার সুযোগ তৈরিতে ব্যবহার করা হবে; পাশাপাশি থাকবে একটি জুট প্যাভিলিয়ন।

আরও পড়ুন: বগুড়ায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে অটোভ্যানে আগুন লাগিয়েছে দুর্বৃত্তরা

বাংলাদেশের মূল লক্ষ্য হলো আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে কার্যকর সহযোগিতা নিশ্চিত করা। জলবায়ু পরিবর্তনের জন্য বাংলাদেশের দায় মাত্র ০.০৫ শতাংশ হলেও দেশটি এর ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হচ্ছে। কৃষিজমির পরিমাণ কমে আসা, পরিবেশগত বিপর্যয়, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, লবণাক্ততার ঝুঁকি এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের প্রভাব আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে তুলে ধরা হবে। এই বৈপরীত্য তুলে ধরে জলবায়ু ন্যায়বিচার ও ক্ষতিপূরণের দাবি জোরালো করা হবে। উন্নত দেশগুলো বাংলাদেশকে জলবায়ু সহযোগিতার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে সেই সহায়তা সব সময় পাওয়া যায় না। বাংলাদেশ এবার শুধু নিজেদের চাহিদা নয়, উন্নত দেশগুলো বাস্তবে কী ধরনের সহযোগিতা দেবে, সেটিও স্পষ্টভাবে তুলে ধরতে চায়। বিশেষ করে জলবায়ু ক্ষতিপূরণ, অর্থায়ন এবং প্রযুক্তি হস্তান্তরের বিষয়গুলোতে প্রধানমন্ত্রী গুরুত্ব দেবেন।

কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ জলবায়ু অভিযোজনের জন্য বরাদ্দ তহবিল তিনগুণ করার দাবি জানাবে। পাশাপাশি জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলায় অর্থায়ন বাড়ানো, বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির হার ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখার লক্ষ্য এবং অভিযোজনের জন্য প্রয়োজনীয় অর্থ নিশ্চিত করার বিষয়গুলোও তুলে ধরা হবে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু অনুদানভিত্তিক জলবায়ু অর্থায়ন বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন। তিনি জানিয়েছেন, বিশেষ করে অভিযোজন ও জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলায় ঋণের বোঝা না বাড়িয়ে অনুদান বৃদ্ধি এবং জলবায়ু তহবিলের আবেদন ও অনুমোদন প্রক্রিয়া সহজ করার দাবি জানানো হবে। মন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের অর্থনৈতিক ক্ষতির পরিমাণ বছরে প্রায় ১৫ দশমিক ২ বিলিয়ন ডলার। পরিবেশ অধিদপ্তরের পরিচালক মির্জা শওকত আলী জানিয়েছেন, ২০২২ সালে প্রণীত জাতীয় অভিযোজন পরিকল্পনা (এনএপি) বাস্তবায়নের জন্য এখনো সেভাবে আন্তর্জাতিক অর্থায়ন পাওয়া যায়নি; ২৭টি এলডিসি দেশের মধ্যে বাংলাদেশও প্ল্যান জমা দিয়েছে। তিনি ২০২৪ সালের কপ-২৯ সম্মেলনের বাকু সিদ্ধান্তের প্রসঙ্গ টেনে বলেন, নিউ কালেক্টিভ কোয়ান্টিফাইড গোল (এনসিকিউজি)-এর অধীনে ২০৩৫ সাল নাগাদ মোট জলবায়ু অর্থায়ন হবে ৩০০ বিলিয়ন ডলার, যার মধ্যে সহনশীলতা অর্থায়ন উল্লেখযোগ্য পরিমাণে আসা এবং তা তিনগুণ হওয়া বাংলাদেশ চায়। তিনি আরও বলেন, বাংলাদেশ সরকার নিজেই এডিপি থেকে প্রতি বছর প্রায় ৪.২ বিলিয়ন ডলার জলবায়ু সম্পর্কিত বাজেটে বরাদ্দ দেয় এবং জাতীয় পর্যায়ের প্রস্তুতি ও সক্ষমতার দিক থেকে বাংলাদেশ এলডিসি ও অন্যান্য উন্নয়নশীল দেশের চেয়ে ভালো অবস্থায় আছে।

এদিকে এর আগে প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. মোঃ সাইমুম পারভেজ সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে জানিয়েছেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার মতামত এবং জলবায়ু বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে বাংলাদেশের অবস্থানপত্র তৈরি করা হয়েছে। স্বল্পোন্নত দেশগুলোর জোট, জি-৭৭ এবং সমমনা জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর সঙ্গে সমন্বয় করে বাংলাদেশ প্রতিনিধিদল জাতীয় স্বার্থে কাজ করবে। তিনি বলেন, কপ-৩১ সম্মেলন থেকে বাংলাদেশের প্রত্যাশা হলো অর্থায়ন ও বাস্তবায়ন সহায়তায় সুনির্দিষ্ট অগ্রগতি, যা জলবায়ু ঝুঁকি মোকাবিলা করে মানুষের জীবন ও জীবিকা সুরক্ষায় কাজে আসবে। ব্রিফিংয়ে তিনি আরও জানান, জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও লবণাক্ততার ঝুঁকিতে থাকা দেশগুলোর সঙ্গে যোগাযোগ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী তুরস্কের প্রধান প্রতিনিধির পাশাপাশি অস্ট্রেলিয়া, কানাডা, ইংল্যান্ড এবং বার্বাডোসসহ বিভিন্ন অংশীদার দেশের প্রতিনিধিদের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা করতে পারেন।

বিশেষজ্ঞদের মতে, নেপালসহ চার দেশ নিয়ে গঠিত আঞ্চলিক জোট বিবিআইএনকে কাজে লাগিয়ে দক্ষিণ এশিয়ার জলবায়ুজনিত ক্ষয়ক্ষতির চিত্র আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে পারে বাংলাদেশ। সেন্টার ফর পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের (সিপিআরডি) প্রধান নির্বাহী মো. শামসুদ্দোহা উল্লেখ করেন, নেপাল ও ভুটান কপের এজেন্ডায় অন্তর্ভুক্ত করার জন্য একটি যৌথ বিবৃতি দিয়েছে, কিন্তু সেখানে বাংলাদেশের কোনো উল্লেখ নেই। তিনি মনে করেন, কূটনৈতিকভাবে এ বিষয়ে বাংলাদেশের যে পরিমাণ তৎপরতা ও ভূমিকা রাখার কথা ছিল, তা সেভাবে করা হয়নি। তার মতে, নেপালের জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি বাংলাদেশকেও ক্ষতিগ্রস্ত করবে; তাই বাংলাদেশকে বাদ দিয়ে নেপাল, ভুটান ও ভারতের কোনো ধরনের আঞ্চলিক জোটে যাওয়া উচিত হবে না। তিনি আরও পরামর্শ দেন, তিন বছর পর স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের পরও যেন বাংলাদেশ জলবায়ু অর্থায়ন থেকে বঞ্চিত না হয়, সে বিষয়ে এখন থেকেই উদ্যোগ নিতে হবে; জলবায়ু অর্থায়ন নির্ধারিত হওয়া উচিত একটি দেশের ঝুঁকিপূর্ণ অবস্থার প্রেক্ষাপটে।

আরও পড়ুন: রেললাইনে আগুন দেওয়ার সময় ছাত্রদল আটক করল ২ নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে

জলবায়ু বিশেষজ্ঞ আইনুন নিশাত কপ সম্মেলনের আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া ব্যাখ্যা করে বলেন, এখানে আলোচনার দুটি স্পষ্ট ধারা রয়েছেÑব্লু এরিয়া, যেখানে রাষ্ট্রপ্রধান ও প্রতিনিধিরা প্যারিস চুক্তি ও বৈশ্বিক আইন ধরে নীতিগত মূল আলোচনা করেন, এবং গ্রিন এরিয়া, যেখানে সাধারণ নাগরিক সমাজ, এনজিও ও বিভিন্ন প্রতিনিধিরা দাবি তোলে। তিনি মনে করেন, বাংলাদেশের জন্য আলাদা করে আলোচনার সুযোগ সীমিত; মূল আলোচনা ও দর-কষাকষি হয় রাষ্ট্রীয় পর্যায়ে, যেখানে সরকার প্রধান, পরিবেশমন্ত্রী, পরিবেশ প্রতিমন্ত্রী, পরিবেশ সচিব ও মন্ত্রণালয়ের কর্মকর্তারা মূল দায়িত্বে থাকবেন। দ্বিপক্ষীয় বৈঠকে রাষ্ট্রপ্রধানরা নিজেদের সমস্যা ও অর্থায়নের বিষয়টি তুলে ধরে প্রভাব ফেলতে পারেন।

বুয়েটের পানি ও বন্যা ব্যবস্থাপনা ইনস্টিটিউটের অধ্যাপক একেএম সাইফুল ইসলামের মতে, প্যারিস চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের সরে যাওয়া, বৈশ্বিক যুদ্ধবিগ্রহ এবং তেলসমৃদ্ধ দেশগুলোর বাধার কারণে জলবায়ু অর্থায়ন ও নির্গমন হ্রাসের উদ্যোগ চ্যালেঞ্জের মুখে পড়েছে। তিনি বলেন, এবারের সম্মেলনে উপকূলীয় অভিযোজন ও জাতীয় অভিযোজন পরিকল্পনা বাস্তবায়নে অর্থায়ন, জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলায় সরাসরি অনুদান ও প্রযুক্তিগত সহায়তা, অর্থায়নের নতুন লক্ষ্য এবং জ্বালানি খাতের পরিবর্তনে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য বিকল্প জীবিকা ও সামাজিক নিরাপত্তার বিষয়গুলো আলোচনায় আসতে পারে।

আন্তর্জাতিক প্রেক্ষাপটে দেখা যায়, পরিচ্ছন্ন জ্বালানিতে বিশ্বব্যাপী বিনিয়োগ বাড়লেও এর সুফল সমানভাবে বণ্টিত হচ্ছে না। জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী, চীন ছাড়া উদীয়মান ও উন্নয়নশীল অর্থনীতির দেশগুলোতে বিশ্বের প্রায় দুই-তৃতীয়াংশ মানুষের বসবাস, অথচ ২০২৫ সালে বৈশ্বিক পরিচ্ছন্ন জ্বালানি বিনিয়োগের মাত্র ১৮ শতাংশ পেয়েছে এসব দেশ। আফ্রিকায় নবায়নযোগ্য জ্বালানির বিপুল সম্ভাবনা থাকা সত্ত্বেও বিনিয়োগ কম এবং প্রায় ৬০ কোটি মানুষ এখনো বিদ্যুৎ সুবিধার বাইরে রয়েছে। জাতিসংঘের জলবায়ু পদক্ষেপ ও ন্যায্য রূপান্তরবিষয়ক বিশেষ উপদেষ্টা সেলউইন হার্টের মতে, উন্নয়নশীল দেশগুলোর জন্য সবচেয়ে বড় বাধাগুলোর একটি হলো বিনিয়োগের অর্থ জোগাড় করা; একই প্রযুক্তি ব্যবহার করেও এসব দেশে নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পের অর্থায়ন উন্নত দেশের তুলনায় কয়েক গুণ বেশি ব্যয়বহুল হতে পারে। ঋণের বোঝায় জর্জরিত দেশগুলোর জন্য পরিস্থিতি আরও কঠিন। বিজ্ঞানীরা সতর্ক করেছেন, বিশ্ব তাপমাত্রা বৃদ্ধির ক্ষেত্রে প্যারিস চুক্তির ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস সীমা সাময়িকভাবে অতিক্রম হতে পারে, যাকে ‘ওভারশুট’ বলা হয়; তবে হার্টের মতে, এটি লড়াই শেষ হয়ে যাওয়া নয়, বরং দ্রুত কার্বন নিঃসরণ কমানো এবং ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীকে সুরক্ষা দেওয়ার জন্য আরও জরুরি পদক্ষেপ নেওয়ার সংকেত।

বিভিন্ন ভূ-রাজনৈতিক বিশ্লেষক এবং পরিবেশবিদদের মতে, কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের অবস্থান স্পষ্ট। জলবায়ু ন্যায়বিচারের দাবিকে জোরালো করা, অভিযোজন তহবিল তিনগুণ করা, ক্ষয়ক্ষতিতে অনুদানভিত্তিক অর্থায়ন নিশ্চিত করা, প্রযুক্তি হস্তান্তর এবং আন্তর্জাতিক তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা। পাশাপাশি পাট ও পাটজাত পণ্যের সম্ভাবনা এবং পাটভিত্তিক পরিবেশবান্ধব পলিমার পণ্যের প্রচারের মাধ্যমে বাংলাদেশ তার বাস্তবায়ন-ভিত্তিক অগ্রাধিকার তুলে ধরতে চায়। সম্মেলন থেকে বাংলাদেশ কতটুকু অর্থায়ন বা সহযোগিতা আদায় করতে পারবে, তা পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয় বিস্তারিত বলতে পারবে; তবে বাংলাদেশের মূল লক্ষ্য হলো আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে কার্যকর সহযোগিতা নিশ্চিত করা এবং জলবায়ু ঝুঁকি মোকাবিলায় মানুষের জীবন ও জীবিকা সুরক্ষায় সুনির্দিষ্ট অগ্রগতি অর্জন করা।

আরও পড়ুন: রাজধানীতে ককটেল বিস্ফোরণ, একাধিক বাসে আগুন; তিনজন গ্রেপ্তার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আমরা রাজপথে আছি, রাজপথেই সব ষড়যন্ত্রের মোকাবিলা করতে হবে - প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৫২ এম


আমরা রাজপথে আছি, রাজপথেই সব ষড়যন্ত্রের মোকাবিলা করতে হবে - প্রধানমন্ত্রী

বিএনপির চেয়ারম্যান, প্রধানমন্ত্রী তারেক রহমান দলীয় সংসদ সদস্যদের উদ্দেশ্যে বলেছেন, “বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি, রাজপথে আমাদের থাকতে হবে, রাজপথেই সব ষড়যন্ত্রের মোকাবিলা করতে হবে।” গতকাল বিকেলে সংসদের সরকারদলীয় সভাকক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরুর আগে তিনি এ মন্তব্য করেন। সভায় উপস্থিত একাধিক সদস্য এ তথ্য জানিয়েছেন।

সম্প্রতি আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করার কথা জানিয়েছেন। গতকাল নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে তাঁর নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য লন্ডনভিত্তিক আইনি পরামর্শক প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের পক্ষ থেকে একটি আবেদন করা হয়েছে বলে রয়টার্সের এক খবরে জানানো হয়েছে। গতকাল জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের সভায় শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গ উঠলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার। তবে প্রধানমন্ত্রী এ বিষয়ে কোনো বক্তব্য দেননি।

বিএনপির সংসদীয় দলের সভায় উপস্থিত একাধিক সূত্র জানায়, স্থানীয় সরকার ও যোগাযোগ মন্ত্রণালয়ের অধীন চলমান সড়ক উন্নয়নকাজ, জ্বালানি ও বিদ্যুৎ পরিস্থিতি এবং রমজান সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। এ সময় প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রীদের কাছে নিজ নিজ মন্ত্রণালয়ের কার্যক্রমের বিস্তারিত জানতে চান। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন।

এদিকে সংসদ অধিবেশনে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের ছয়টি শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের চিকিৎসায় ছয়টি হাসপাতাল নির্মাণ করা হবে। প্রধানমন্ত্রী বলেন, “মাননীয় স্পিকার আপনি জানলে খুশি হবেন আপনার মাধ্যমে সমগ্র সংসদ এবং দেশবাসীর সামনে আমি তুলে ধরতে চাই যে, এরই মধ্যে শ্রমিক-শ্রমজীবী মানুষের সু-চিকিৎসার সুবিধার জন্য সরকার প্রতিটা ১০০ বেডের করে ছয়টি হাসপাতাল নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে।” তিনি বলেন, “বাংলাদেশের মোটামুটি যে শিল্প অঞ্চলগুলো আছে, যেমন টঙ্গী, আশুলিয়া, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ, সাভার, চট্টগ্রাম। ইনিশিয়ালি আমরা এই ছয়টি জায়গায় ১০০ বেডের করে একটি করে হাসপাতাল তৈরি করবো যা শুধু আমাদের শ্রমিক ভাইদের চিকিৎসার সুবিধা প্রদান করবে।” শ্রমিকদের জন্য ডেডিকেটেড হাসপাতাল তৈরির তথ্য জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এই হাসপাতালগুলো আমরা নামকরণ করবো।

বিগত সময়ে দেশের জ্বালানি-শিল্প ধ্বংস করা হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “আমরা দেখেছি কীভাবে বাংলাদেশের জ্বালানি ব্যবস্থাকে বিদেশ নির্ভর করে ফেলা হয়েছিল। কীভাবে বাংলাদেশের খনিজ সম্পদকে দেশের মানুষের স্বার্থে ব্যবহার করা হয়নি। সবকিছুকে আমদানি নির্ভর করে ফেলা হয়েছিল।” তিনি আরও বলেন, “আমরা দেখেছি কীভাবে বাংলাদেশের শিল্পের বিকাশ না ঘটিয়ে বাংলাদেশকে আমদানি নির্ভর করে ফেলা হয়েছিল। কীভাবে এমন সব ইচ্ছাকৃতভাবে পলিসি গ্রহণ করা হয়েছিল যার ফলে বাংলাদেশের শিল্পের বিকাশ করতে পারেনি স্বাভাবিকভাবে।” সরকারপ্রধান বলেন, “মাননীয় স্পিকার কিছুদিন আগেই এই সংসদের একটি অধিবেশনে মাননীয় বিরোধীদলীয় নেতাও বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা নিয়ে তার কনসার্ন তুলে ধরেছিলেন।” প্রধানমন্ত্রী বলেন, “বাংলাদেশের চিকিৎসার ক্ষেত্রে দেখেছি স্বৈরাচার চিকিৎসা ব্যবস্থাকে পরিকল্পিতভাবে ধ্বংস করেছে। বাংলাদেশের মানুষকে বাধ্য করেছিল বিশেষ কোনো একটি দেশে গিয়ে চিকিৎসা নেওয়ার জন্য।” বর্তমান সরকার বাংলাদেশের মানুষের দ্বারা নির্বাচিত একটি সরকার এবং এই দেশের প্রত্যেকটি শ্রেণি-পেশার মানুষের জন্য বর্তমান সরকার কাজ করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কালিয়াকৈরে ফের কাভার্ড ভ্যানে আগুন লাগার ঘটনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৫২ এম


কালিয়াকৈরে ফের কাভার্ড ভ্যানে আগুন লাগার ঘটনা

গাজীপুরের কালিয়াকৈরে দুই যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনার তিন ঘণ্টা পর মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা আরেকটি কাভার্ড ভ্যানে দুর্বৃত্তরা আগুন লাগিয়েছে। সোমবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পশ্চিম চান্দরা এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। পুলিশও ঘটনাস্থল পরিদর্শন করেছে। একই দিনে পৃথক তিনটি যানবাহনে আগুন দেওয়ার ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এলাকাবাসী জানিয়েছেন, সোমবার রাত সাড়ে ১০টার দিকে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানে আগুন জ্বলতে দেখে তারা। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়ার পর দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

কাভার্ড ভ্যানের মালিক নাবিল আহমেদ জানিয়েছেন, কয়েক দিন ধরে গাড়িটি ওই স্থানে রাখা ছিল। ওয়ালটনের ভাড়ায় চলত গাড়িটি। হঠাৎ করে কে বা কারা গাড়িতে আগুন দিয়েছে, খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি গাড়িটি পুড়ে ছাই হয়ে গেছে।

কালিয়াকৈর থানার এসআই সানোয়ার হোসেন বলেন, গাড়িতে আগুন দেওয়ার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নারায়ণগঞ্জে ঝুট গুদামে অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৫৩ এম


নারায়ণগঞ্জে ঝুট গুদামে অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের জালকুঁড়ি এলাকায় গার্মেন্টসের ওয়েস্টেজ ঝুট ব্যবসার একটি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সোমবার (৯ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে প্রবল ঝড় ও বৃষ্টির সময় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঝড় ও বৃষ্টির সময় জালকুঁড়ি ঝুটপট্টির একটি গুদামে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে আগুন পুরো গুদামে ছড়িয়ে পড়ে, যার ফলে আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে রাস্তায় বেরিয়ে আসেন।

খবর পেয়ে ফতুল্লার শিবু মার্কেট মডার্ণ ফায়ার স্টেশনের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। তাদের এক ঘণ্টার প্রচেষ্টায় রাত ১১টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে, ততক্ষণে গুদামে মজুদকৃত বিপুল পরিমাণ ওয়েস্টেজ কাপড় (ঝুট) পুড়ে যায়।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানিয়েছেন, প্রবল ঝড় ও বৃষ্টির সময় বজ্রপাতের কারণে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রামগঞ্জে ছাত্রদলের মেয়াদোত্তীর্ণ দুই কমিটি বিলুপ্ত, নতুন কমিটি শিগগিরই ঘোষণা হবে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৫৩ এম


রামগঞ্জে ছাত্রদলের মেয়াদোত্তীর্ণ দুই কমিটি বিলুপ্ত, নতুন কমিটি শিগগিরই ঘোষণা হবে

লক্ষ্মীপুরের রামগঞ্জ ছাত্রদলের মেয়াদোত্তীর্ণ দুইটি কমিটি বিলুপ্ত করা হয়েছে। এই কমিটিগুলো হলো রামগঞ্জ উপজেলা এবং পৌরসভা। উল্লিখিত দুইটি কমিটি ৫ বছর ৮ মাস ২৫ দিন ধরে কার্যকর ছিল।

সোমবার (৯ নভেম্বর) রাত ১২টার দিকে জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক (দপ্তরের বিশেষ দায়িত্ব) আকবর হোসেন মুন্না বিষয়টি নিশ্চিত করেছেন।

ছাত্রদল নেতা মুন্নার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের সিদ্ধান্ত অনুযায়ী রামগঞ্জ উপজেলা ও পৌরসভা ছাত্রদলের কমিটি মেয়াদোত্তীর্ণ হয়েছে। এই কারণে কমিটিগুলো বিলুপ্ত ঘোষণা করা হলো। শিগগিরই এই দুই ইউনিটের নতুন কমিটি ঘোষণা করা হবে। জেলা ছাত্রদলের আহবায়ক আবুল বারাকাত সৌরভ এবং সদস্য সচিব হাসিবুর রহমান অভি এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।

দলীয় সূত্র জানাচ্ছে, ২০২১ সালের ১৬ ফেব্রুয়ারি জহির রায়হান বাবুকে আহবায়ক এবং রাকিব হাসানকে সদস্য সচিব মনোনীত করে রামগঞ্জ উপজেলার ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছিল। একইদিন শাহিন আলম মুন্নাকে আহবায়ক এবং হুমায়ুন কবির সাদ্দামকে সদস্য সচিব মনোনীত করে রামগঞ্জ পৌরসভার ১৯ সদস্যের কমিটি গঠন করা হয়েছিল। উল্লেখযোগ্য যে, বাবু ও মুন্না জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়কের দায়িত্ব পালন করছেন।

জেলা ছাত্রদল নেতা আকবর হোসেন মুন্না বলেন, "মেয়াদোত্তীর্ণ হওয়ায় কমিটিগুলো বিলুপ্ত করা হয়েছে। শীঘ্রই নতুন নেতৃত্ব দিয়ে কমিটি ঘোষণা করা হবে। সংগঠকে শক্তিশালী ও গতিশীল করতে দক্ষ নেতৃত্ব গড়ে তোলা হবে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%