মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং
০৭:৫২ এম
গাজীপুরের কালিয়াকৈরে দুই যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনার তিন ঘণ্টা পর মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা আরেকটি কাভার্ড ভ্যানে দুর্বৃত্তরা আগুন লাগিয়েছে। সোমবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পশ্চিম চান্দরা এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। পুলিশও ঘটনাস্থল পরিদর্শন করেছে। একই দিনে পৃথক তিনটি যানবাহনে আগুন দেওয়ার ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
এলাকাবাসী জানিয়েছেন, সোমবার রাত সাড়ে ১০টার দিকে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানে আগুন জ্বলতে দেখে তারা। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়ার পর দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
কাভার্ড ভ্যানের মালিক নাবিল আহমেদ জানিয়েছেন, কয়েক দিন ধরে গাড়িটি ওই স্থানে রাখা ছিল। ওয়ালটনের ভাড়ায় চলত গাড়িটি। হঠাৎ করে কে বা কারা গাড়িতে আগুন দিয়েছে, খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি গাড়িটি পুড়ে ছাই হয়ে গেছে।
কালিয়াকৈর থানার এসআই সানোয়ার হোসেন বলেন, গাড়িতে আগুন দেওয়ার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের জালকুঁড়ি এলাকায় গার্মেন্টসের ওয়েস্টেজ ঝুট ব্যবসার একটি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সোমবার (৯ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে প্রবল ঝড় ও বৃষ্টির সময় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঝড় ও বৃষ্টির সময় জালকুঁড়ি ঝুটপট্টির একটি গুদামে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে আগুন পুরো গুদামে ছড়িয়ে পড়ে, যার ফলে আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে রাস্তায় বেরিয়ে আসেন।
খবর পেয়ে ফতুল্লার শিবু মার্কেট মডার্ণ ফায়ার স্টেশনের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। তাদের এক ঘণ্টার প্রচেষ্টায় রাত ১১টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে, ততক্ষণে গুদামে মজুদকৃত বিপুল পরিমাণ ওয়েস্টেজ কাপড় (ঝুট) পুড়ে যায়।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানিয়েছেন, প্রবল ঝড় ও বৃষ্টির সময় বজ্রপাতের কারণে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জ ছাত্রদলের মেয়াদোত্তীর্ণ দুইটি কমিটি বিলুপ্ত করা হয়েছে। এই কমিটিগুলো হলো রামগঞ্জ উপজেলা এবং পৌরসভা। উল্লিখিত দুইটি কমিটি ৫ বছর ৮ মাস ২৫ দিন ধরে কার্যকর ছিল।
সোমবার (৯ নভেম্বর) রাত ১২টার দিকে জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক (দপ্তরের বিশেষ দায়িত্ব) আকবর হোসেন মুন্না বিষয়টি নিশ্চিত করেছেন।
ছাত্রদল নেতা মুন্নার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের সিদ্ধান্ত অনুযায়ী রামগঞ্জ উপজেলা ও পৌরসভা ছাত্রদলের কমিটি মেয়াদোত্তীর্ণ হয়েছে। এই কারণে কমিটিগুলো বিলুপ্ত ঘোষণা করা হলো। শিগগিরই এই দুই ইউনিটের নতুন কমিটি ঘোষণা করা হবে। জেলা ছাত্রদলের আহবায়ক আবুল বারাকাত সৌরভ এবং সদস্য সচিব হাসিবুর রহমান অভি এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।
দলীয় সূত্র জানাচ্ছে, ২০২১ সালের ১৬ ফেব্রুয়ারি জহির রায়হান বাবুকে আহবায়ক এবং রাকিব হাসানকে সদস্য সচিব মনোনীত করে রামগঞ্জ উপজেলার ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছিল। একইদিন শাহিন আলম মুন্নাকে আহবায়ক এবং হুমায়ুন কবির সাদ্দামকে সদস্য সচিব মনোনীত করে রামগঞ্জ পৌরসভার ১৯ সদস্যের কমিটি গঠন করা হয়েছিল। উল্লেখযোগ্য যে, বাবু ও মুন্না জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়কের দায়িত্ব পালন করছেন।
জেলা ছাত্রদল নেতা আকবর হোসেন মুন্না বলেন, "মেয়াদোত্তীর্ণ হওয়ায় কমিটিগুলো বিলুপ্ত করা হয়েছে। শীঘ্রই নতুন নেতৃত্ব দিয়ে কমিটি ঘোষণা করা হবে। সংগঠকে শক্তিশালী ও গতিশীল করতে দক্ষ নেতৃত্ব গড়ে তোলা হবে।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) রেললাইনে টায়ার জ্বালানোর সময় নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাকে হাতেনাতে আটক করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। এ ঘটনায় তাদের সঙ্গে থাকা আরেকজন পালিয়ে যেতে সক্ষম হন। পরে আটককৃত দুজনকে পুলিশে সোপর্দ করা হয়।
ঘটনাটি ঘটে সোমবার (৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ইয়াসিন মার্কেট সংলগ্ন রেললাইনে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, সোমবার দিবাগত রাত ১১টার দিকে বাকৃবির ইয়াসিন মার্কেট সংলগ্ন রেললাইনে আগুন দেওয়ার চেষ্টা করে নিষিদ্ধ ছাত্রলীগ। এ সময় আনন্দমোহন কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শৈবাল এবং অর্থ সম্পাদক নির্জনকে হাতেনাতে ধরে ফেলে ছাত্রদলের নেতাকর্মীরা। তাদেরকে আটক করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ে নেওয়া হয়। পরে ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাকৃবি শাখা ছাত্রদলের আহবায়ক মো আতিকুর রহমান, সদস্য সচিব মো. শফিকুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহবায়ক এ এম শোয়াইবসহ সংগঠনটির অন্যান্য নেতাকর্মী।
ছাত্রদল নেতৃবৃন্দ মন্তব্য করেন, "স্বৈরাচারের দোষররা এখন দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। জাতীয়তাবাদী ছাত্রদল কখনো তা বরদাস্ত করবে না। আজকে যারা বাকৃবিতে আগুন দেওয়ার চেষ্টা করেছে তাদেরকে পুলিশে দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে জাতীয়তাবাদী ছাত্রদল সর্বদা সজাগ রয়েছে।"
ঘটনার বিষয়ে বাকৃবির সহকারী প্রক্টর অধ্যাপক ড. কাজী ফরহাদ কাদির জানান, "আজ বিশ্ববিদ্যালয়ের ইয়াসিন মার্কেট সংলগ্ন রেললাইনে টায়ার জ্বালানোর সময় দুজনকে আটক করা হয়েছে, আরেকজন পালিয়ে গেছে। তারা আনন্দমোহন কলেজ শাখা ছাত্রলীগের নেতা বলে জানতে পেরেছি। পরবর্তীতে তাদেরকে পুলিশে হস্তান্তর করা হয়েছে।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজধানীর ফার্মগেট, আদাবর, মিরপুর ও যাত্রাবাড়ী, সিএমএম আদালত এলাকা, বুয়েটের আহসানউল্লাহ হলে, তিতুমীর কলেজের সামনে, বনানী কবরস্থান, গুলশান ও মহাখালীসহ বিভিন্ন স্থানে দুর্বৃত্তদের দ্বারা দফায় দফায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একই সঙ্গে কয়েকটি বাসেও আগুন লাগানো হয়। সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত এসব ঘটনা সংঘটিত হয়।
সোমবার সন্ধ্যা ৭টার দিকে ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে লাব্বাইক পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এছাড়া সাউথ ইস্ট ইউনিভার্সিটির সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে ৬টা ৪০ মিনিটের দিকে দাঁড়িয়ে থাকা লাব্বাইক পরিবহনের বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। সাউথ ইস্ট ইউনিভার্সিটির সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
রাত ৯টা ৪০ মিনিটের দিকে আদাবরের টোকিও স্কয়ারের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। অপরদিকে হাতিরঝিল থানার মগবাজার এলাকায় চেকপোস্টে ককটেল নিক্ষেপের সময় চারজনকে আটক করে পুলিশ।
এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান নিশ্চিত করেন। তিনি জানান, রাত ৯টা ৪০ মিনিটের দিকে আদাবরে টোকিও স্কয়ারের সামনে চারটি ককটেল বিস্ফোরণ ঘটে। তবে এসব বিস্ফোরণে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। অন্যদিকে, রাত সাড়ে ৯টার দিকে হাতিরঝিল থানার অধীন মগবাজার পুলিশ চেকপোস্টে ককটেল নিক্ষেপের চেষ্টা করলে চারজনকে আটক করা হয়।
রাত ৯টার দিকে মিরপুর ১১ নম্বরে পার্কিং করা বসুমতি পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বাসটির আসন, কাচ ও বডির বিভিন্ন অংশ পুড়ে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এলাকা, তিতুমীর কলেজের সামনে, বনানী কবরস্থান, গুলশান ও মহাখালীর সড়কে এসব বিস্ফোরণ ঘটে। এসব ঘটনার মধ্যে সিএমএম আদালত এলাকা ও তুরাগে পাঁচজনকে আটক করেছে পুলিশ। তিতুমীর কলেজের সামনে একজনকে আটক করেন শিক্ষার্থীরা।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ কমিশনার মহিউদ্দিন মাহমুদ সোহেল বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে রাত ১০টার দিকে তিতুমীর কলেজের গেটের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় শিক্ষার্থীরা একজনকে হাতেনাতে আটক করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।
এর আগে রাত ৯টার দিকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে সড়ক থেকে বনানী কবরস্থান গেটের সামনে একটি ককটেল বিস্ফোরণ ঘটে। রাত সাড়ে ৮টার দিকে গুলশান-১ থেকে মহাখালীর দিকে যাওয়ার সড়কে চেকপোস্টের আগে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। একই দিন রাত সাড়ে ১০টার দিকে পুলিশ প্লাজার সামনেও আরেকটি ককটেল বিস্ফোরণ ঘটে। দুটি ঘটনার সত্যতা নিশ্চিত করেন গুলশান থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ রেজাউল করিম।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানার নিয়ে মিছিলের প্রস্তুতিকালে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, তুরাগ থানা আওয়ামী লীগের অর্থবিষয়ক সম্পাদক মো. নূর হোসেন এবং হরিরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি মো. কবির উদ্দিন মেম্বারের নেতৃত্বে ২০ থেকে ২৫ জন মিছিলের উদ্দেশ্যে ব্যানারসহ এলাকায় অবস্থান করছেন। এ খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। এ সময় মিছিলের প্রস্তুতিকালে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— মো. কামরুল ইসলাম (২১), মো. হযরত আলী (২০) ও মো. মিথুল হাসান (১৯)।
এদিকে সোমবার রাত ১১টা ৪২ মিনিটের দিকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আহসানউল্লাহ হলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে জানালার কাচ ভেঙে কক্ষের ভেতরে ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বুয়েটের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আদিলুল ইসলাম আকিব জানান, আহসানউল্লাহ হলের ১৩৭ নম্বর কক্ষের জানালার পাশে ককটেলটি বিস্ফোরিত হয়। জানালার কাচ ভেঙে ককটেলের গুঁড়া তার বিছানায় গিয়ে পড়ে। তবে ঘটনার সময় তিনি বন্ধুর ১৩৪ নম্বর কক্ষে অবস্থান করায় রক্ষা পান।
তিনি আরও জানান, ঘটনাস্থলে মোট তিনটি ককটেল নিক্ষেপ করা হয়েছে। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়েছে এবং অপর দুটি অবিস্ফোরিত অবস্থায় পাওয়া গেছে। পরে পুলিশ এসে অবিস্ফোরিত ককটেল দুটি উদ্ধার করে। এ সময় বুয়েট প্রশাসনের লোকজনও সেখানে উপস্থিত ছিলেন বলে জানান তিনি।
এ ঘটনায় হলের শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ