০৩:৫১ পি.এম
‘খামারি বাঁচলে বাঁচবে দেশ’ এবং ‘সৃষ্টি হবে কর্মসংস্থান, স্বনির্ভর হবে বাংলাদেশ’- এই দুটি জনগুরুত্বপূর্ণ ও সময়োপযোগী স্লোগানকে সামনে রেখে নওগাঁয় বাংলাদেশ পোল্ট্রি খামারি সংগঠনের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) বেলা ১১টায় সদর উপজেলার মাদরাসা মার্কেটের তৃতীয় তলায় কেক কেটে, ফিতা টেনে ও দোয়া মাহফিলের মাধ্যমে নতুন এই কার্যালয়টি উদ্বোধন করা হয়।
রাজশাহী বিভাগের প্রান্তিক পর্যায়ের পোল্ট্রি খামারিদের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।
আরও পড়ুন: জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রধান দায়িত্ব: এমপি খোকন
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পোল্ট্রি খামারি সংগঠনের রাজশাহী বিভাগীয় সমন্বয় কমিটির সভাপতি মো. জিল্লুর রহমান বাবলা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যালয়টির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সভাপতি মুহাম্মদ শফিকুল ইসলাম লিটন।
এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শৈলগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন। রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় পোল্ট্রি খামারিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের মূল পর্বে রাজশাহী বিভাগীয় কমিটির পূর্ণাঙ্গ রূপরেখা ও শীর্ষ নেতৃত্বের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। সংগঠনের কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সভাপতি মুহাম্মদ শফিকুল ইসলাম লিটন উপস্থিত খামারিদের সর্বসম্মতিক্রমে রাজশাহী বিভাগীয় কমিটির সভাপতি হিসেবে মো. জিল্লুর রহমান বাবলা, সাধারণ সম্পাদক হিসেবে আব্দুর রশিদ সেন্টু এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. তারিকুল ইসলাম সাজুর নাম ঘোষণা করেন। নতুন এই কমিটির নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেন উপস্থিত খামারিরা।
আরও পড়ুন: হিলি ইমিগ্রেশনে ল্যাগেজ স্ক্যানার ও আধুনিক যাত্রী ছাউনি নির্মাণের পরিকল্পনা
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ পোল্ট্রি খামারি সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মুহাম্মদ শফিকুল ইসলাম লিটন দেশের অর্থনীতি ও পুষ্টি নিরাপত্তায় পোল্ট্রি খাতের অপরিসীম গুরুত্ব তুলে ধরেন।
তিনি উল্লেখ করেন, দেশের সাধারণ মানুষের আমিষের চাহিদা পূরণ এবং গ্রামীণ অর্থনীতিকে সচল রাখতে পোল্ট্রি খামারিরা দিনরাত পরিশ্রম করে চলেছেন। প্রান্তিক খামারিদের ন্যায্য অধিকার আদায়, পোল্ট্রি ফিড ও বাচ্চার বাজার নিয়ন্ত্রণ এবং খামারিদের যেকোনো সংকটে ঐক্যবদ্ধভাবে পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এই সংগঠন কাজ করে যাচ্ছে। রাজশাহী বিভাগীয় কার্যালয় উদ্বোধনের মাধ্যমে এই অঞ্চলের খামারিদের দীর্ঘদিনের একটি সাংগঠনিক দাবি পূরণ হলো। এই কার্যালয়টি খামারিদের সুখ-দুঃখ ও সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করবে।
বিশেষ অতিথির বক্তব্যে শৈলগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পোল্ট্রি শিল্পের প্রসারে স্থানীয় পর্যায়ে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, পোল্ট্রি খাত দেশের বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের অন্যতম প্রধান মাধ্যম হয়ে উঠেছে। খামারিরা টিকে থাকলে গ্রামীণ জনপদে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে এবং দেশ অর্থনৈতিকভাবে আরও স্বনির্ভর হয়ে উঠবে।
সভাপতির বক্তব্যে সদ্য ঘোষিত রাজশাহী বিভাগীয় কমিটির সভাপতি মো. জিল্লুর রহমান বাবলা কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং উপস্থিত সব খামারির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আরও পড়ুন: ‘শুধু সরকারি উদ্যোগে শহর নান্দনিক করা সম্ভব নয়’
তিনি বলেন, নওগাঁয় বিভাগীয় কার্যালয় স্থাপিত হওয়ায় এখন থেকে রাজশাহী বিভাগের সব জেলার খামারিরা সহজেই সাংগঠনিক ছায়াতলে আসতে পারবেন।
এ সময় নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সেন্টু এবং সাংগঠনিক সম্পাদক মো. তারিকুল ইসলাম সাজুসহ সবাইকে সঙ্গে নিয়ে খামারিদের স্বার্থরক্ষায় নিরলসভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি এবং দেশের পোল্ট্রি শিল্পের উত্তরোত্তর সমৃদ্ধি ও খামারিদের মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
আরও পড়ুন: ভোলায় ছয় লাখ শিশুর জন্য মাত্র দুইজন বিশেষজ্ঞ চিকিৎসক
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন