০৩:৫৬ পি.এম
লঘু চাপের কারণে ঝালকাঠিতে বৃষ্টির ফলে সবজির বাজারে নেতিবাচক প্রভাব পড়েছে। স্থানীয়ভাবে উৎপাদিত ধানসহ সব ধরনের শাখ-সবজির আবাদ ক্ষতির সম্মুখীন হয়েছে। শীতকালীন বিভিন্ন সবজির দাম তুলনামূলকভাবে বেশি দামে বিক্রি করছেন বিক্রেতারা।
শনিবার (২১ নভেম্বর) ভোরে শহরের প্রধান বড়বাজারসহ বিভিন্ন বাজার পরিদর্শন করে দেখা গেছে, প্রতি কেজি ফুলকপি ৩০ থেকে ৪৫ টাকা, পাতাকপি ৩৫ থেকে ৪৫ টাকা, শালগম ৪০ থেকে ৬০ টাকা, বেগুন ৮০ টাকা, কাঁচা মরিচ ৪০ থেকে ৬০ টাকা, শিম ৭০ থেকে ১০০ টাকা, ভটভটি ৩৫ থেকে ৪০ টাকা এবং মুলা ৪০ টাকায় বিক্রি হচ্ছে।
এছাড়া আকারভেদে প্রতিটি লাউ ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। প্রায় সব ধরনের সবজির দাম কেজি প্রতি ১০ থেকে ১৫ টাকা বেশি।
আরও পড়ুন: জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রধান দায়িত্ব: এমপি খোকন
বিক্রেতাদের বক্তব্য, গত দুই দিনের বৃষ্টির ফলে স্থানীয় উৎপাদন কমে গেছে। ফলে তাদের আমদানি করা সবজির ওপর নির্ভর করতে হচ্ছে। পাইকারি বাজারে সবজি কিনতে তাদের বেশি দাম দিতে হচ্ছে। এর ফলে খুচরা বাজারে দাম বাড়ছে। বৃষ্টি কমলেও এর প্রভাব আরও ১৫ দিন থাকতে পারে। ফলে দাম আরও বাড়ার সম্ভাবনা রয়েছে, যা ক্রেতাদের জন্য বাড়তি খরচের কারণ হবে।
টানা দুই দিনের বৃষ্টিতে রবি শস্যের আবাদ নিয়ে চরম উদ্বেগ দেখা দিয়েছে। যদি বৃষ্টিপাত অব্যাহত থাকে, তবে মাঠের আধাপাকা ধানসহ সব ধরনের শাখ-সবজি চাষ মারাত্মক ক্ষতির সম্মুখীন হবে।
ঝালকাঠি সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আলী আহম্মেদ জানিয়েছেন, এই অসময়ের বৃষ্টির কারণে ধান ও শাক-সবজিসহ সব ধরনের কৃষি ক্ষতির মুখে পড়েছে। এ অবস্থায় ক্ষেতে যাতে পানি জমে না থাকে, সে জন্য নালা কেটে পানি সরিয়ে দিতে হবে। আর ধানের ক্ষেতে স্থায়ী জলাবদ্ধতা তৈরি হলে তিন থেকে চার ছড়া ধান একসাথে করে বেঁধে দাঁড় করিয়ে দিতে হবে।
আরও পড়ুন: হিলি ইমিগ্রেশনে ল্যাগেজ স্ক্যানার ও আধুনিক যাত্রী ছাউনি নির্মাণের পরিকল্পনা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন