০৫:৫৮ পি.এম
‘ইসাব ফায়ার ইন্টারন্যাশনাল ম্যারাথন-১০২’ ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে সম্পন্ন হয়েছে। এই ম্যারাথনের আয়োজন করা হয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জরুরি হটলাইন নম্বর ১০২ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং জরুরি সেবার গুরুত্ব তুলে ধরার জন্য।
ম্যারাথনটি শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় শুরু হয়। এতে দেশ-বিদেশের প্রায় সাড়ে ৫ হাজার দৌড়বিদ চারটি ক্যাটাগরিতে অংশগ্রহণ করেন। ক্যাটাগরিগুলো হলো ২১.১ কিলোমিটার, ১০ কিলোমিটার, ৫ কিলোমিটার এবং শিশুদের জন্য ১.০২ কিলোমিটার।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ, এসইউপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: এবিজি মিডিয়া কাপ লটারি: চূড়ান্ত ৮ গ্রুপে কোন গ্রুপে কোন দল?
দৌড় শেষে সকাল ৮টায় রানাররা পূর্বাচলের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ডে সমবেত হন। সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে ফায়ার সার্ভিসের সদস্য, স্বেচ্ছাসেবক ও দৌড়বিদরা সংগীত পরিবেশন করেন।
অনুষ্ঠানে চিফ রেস মার্শাল ও ঢাকা বিভাগের উপপরিচালক মো. ছালেহ উদ্দিন সূচনা বক্তব্য দেন। ম্যারাথনের টাইটেল স্পন্সর ইলেকট্রনিকস সেফটি অ্যান্ড সিকিউরিটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইসাব) প্রতিনিধি এবং ফুড পার্টনার ইনডালজের প্রতিনিধি শুভেচ্ছা বক্তব্য রাখেন।
এছাড়া বক্তব্য দেন রেস ডিরেক্টর ও পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মো. মাহমুদুল হাসান, পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লেফটেন্যান্ট কর্নেল এম এ আজাদ আনোয়ার এবং পরিচালক (প্রশাসন ও অর্থ) মো. শহীদ আতাহার হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ আয়োজক, স্পন্সর প্রতিষ্ঠান ও অংশগ্রহণকারী দৌড়বিদসহ সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, "অগ্নিকাণ্ড, দুর্ঘটনা ও অন্যান্য জরুরি পরিস্থিতিতে দ্রুত ফায়ার সার্ভিসের সহায়তা পেতে ১০২ হটলাইন নম্বরটি সাধারণ মানুষের কাছে পরিচিত করে তোলাই এ উদ্যোগের অন্যতম প্রধান উদ্দেশ্য।"
আরও পড়ুন: বসুন্ধরা গ্রুপ ক্রীড়াঙ্গনের সংস্কৃতি ও চিন্তাভাবনা পাল্টে দিয়েছে
ম্যারাথনে অংশগ্রহণকারীরা ব্যাপক উৎসাহ-উদ্দীপনা প্রকাশ করেন এবং প্রতিবছর এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে স্পন্সর প্রতিষ্ঠানের প্রতিনিধি, রেস মেন্টর, চিফ রেস মার্শাল ও অতিথি দৌড়বিদদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। পরে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়, যেখানে পুরস্কার হিসেবে ক্রেস্ট ও নগদ অর্থ দেওয়া হয়।
২১.১, ১০ ও ৫ কিলোমিটার ক্যাটাগরিতে মোট ৪০ জন দৌড়বিদ পোডিয়াম অর্জন করেন। অন্যদিকে, শিশুদের জন্য আয়োজিত ১.০২ কিলোমিটার দৌড়ে অংশ নেওয়া সব শিশুকে পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানের শেষ পর্বে অংশগ্রহণকারীদের উৎসাহিত করতে র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। এতে সাধারণ পুরস্কারের পাশাপাশি ২০টি ফায়ার এক্সটিংগুইশার দেওয়া হয়।
আরও পড়ুন: মুশফিকুর রহিম আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যাচ্ছেন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন