ঢাকা রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৩শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬ইং ২৩শে কার্তিক, ১৪৩২বাং

নলছিটিতে পুলিশের ওপর হামলা, ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ


নলছিটিতে পুলিশের ওপর হামলা, ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ

ঝালকাঠির নলছিটিতে পুলিশের ওপর হামলা চালিয়ে ছাত্রলীগের এক নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এই অভিযোগটি তার পরিবারের সদস্য ও স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে দায়ের করা হয়েছে।

এ ঘটনায় পুলিশের একটি পিকআপ ভ্যানও ভাঙচুর করা হয়। রোববার (৮ নভেম্বর) দুপুরে উপজেলার দপদপিয়া ফেরিঘাট এলাকায় এই ঘটনা সংঘটিত হয়।

ছিনিয়ে নেওয়া ব্যক্তি হলেন দপদপিয়া ইউনিয়ন ছাত্রলীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি ও ইউপি সদস্য মো. সিরাজ মোল্লা।

আরও পড়ুন: শেরপুর গারো পাহাড়ে অবৈধ বালু পরিবহনের অভিযোগে ৬ জন আটক

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সিরাজ মোল্লার বিরুদ্ধে একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল।

দুপুরের দিকে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগের নেতৃত্বে পুলিশের একটি দল দপদপিয়া ফেরিঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করে। পরে তার তিন ভাইসহ স্থানীয় আরও কয়েকজন পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নিয়ে যান। হামলার সময় পুলিশের পিকআপ ভ্যানটি ভাঙচুর করা হয় এবং কয়েকজন পুলিশ সদস্য আহত হন।

নলছিটি থানার ওসি তৌহিদুজ্জামান সোহাগ বলেন, ‘সিরাজ মোল্লার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। তাকে গ্রেফতার করার পর তার পরিবারের সদস্যরা তাকে ছিনিয়ে নিয়ে যান। ছিনিয়ে নেওয়া আসামিকে পুনরায় গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন: ঝালকাঠিতে পুলিশের ওপর হামলা, গাড়ি ভেঙে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নিলেন স্বজন-সমর্থকেরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাতারবাড়ির উন্নয়ন প্রকল্পে ১৫০ বিলিয়ন ডলার, ২৬ লাখ ৫০ হাজার কর্মসংস্থান হবে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৫৪ পি.এম


মাতারবাড়ির উন্নয়ন প্রকল্পে ১৫০ বিলিয়ন ডলার, ২৬ লাখ ৫০ হাজার কর্মসংস্থান হবে

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার জানিয়েছেন, মাতারবাড়িতে বাস্তবায়িত বিভিন্ন উন্নয়ন প্রকল্পের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। এছাড়া, ক্ষতিগ্রস্তদের মধ্যে যোগ্য ব্যক্তিদের চাকরি ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে। বর্তমান সরকারের সময় মাতারবাড়িতে নতুন উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। গভীর সমুদ্রবন্দর নির্মাণ সম্পন্ন হলে দেশের অর্থনীতিতে ব্যাপক পরিবর্তন আসবে।

রোববার (৮ নভেম্বর) সকালে কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়িতে মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) অধীনে বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও নির্ধারিত স্থান পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

পরিদর্শনের সময় মুখ্য সচিব মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র, গভীর সমুদ্রবন্দর, ভূমিভিত্তিক এলএনজি টার্মিনাল, এলপিজি টার্মিনাল ও এলপিজি স্টোরেজ, তৃতীয় ভাসমান এলএনজি টার্মিনাল, মিডার অফিস নির্মাণের স্থান এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য চিহ্নিত এলাকা পরিদর্শন করেন।

এ সময় এবিএম আব্দুস সাত্তার বলেন, বিগত সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণে এসব প্রকল্প যথাযথভাবে এগিয়ে যেতে পারেনি। তবে বর্তমান সরকার দ্রুততার সাথে প্রকল্পগুলোর কাজ এগিয়ে নেওয়ার জন্য উদ্যোগী হয়েছে। এ লক্ষ্যে কাজ চলছে।

পরিদর্শনের সময় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, স্থানীয় সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ, মিডার সদস্য মোহাম্মদ সারোয়ার আলমসহ বিভিন্ন প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মিডা কর্তৃপক্ষ জানিয়েছে, মহেশখালীর চারটি ইউনিয়নের প্রায় ৩২ হাজার একর এলাকাকে চারটি কৌশলগত হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এই চারটি হাব হলো—গভীর সমুদ্রবন্দর ও লজিস্টিকস, বিদ্যুৎ ও জ্বালানি, শিল্প উৎপাদন এবং মৎস্য প্রক্রিয়াকরণ ও বিপণন।

কর্তৃপক্ষ আরও জানায়, মাতারবাড়ি বন্দরে টার্নিং বেসিন ও টার্মিনাল নির্মাণের কাজ চলমান রয়েছে। এসব উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হলে বাংলাদেশের অর্থনীতিতে প্রায় ১৫০ বিলিয়ন মার্কিন ডলার যুক্ত হবে। পাশাপাশি দেড় লাখ প্রত্যক্ষ ও ২৫ লাখ পরোক্ষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।

মিডার তথ্যমতে, এসব প্রকল্পে প্রায় ৬৫ বিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ হবে। এর মধ্যে ৫ বিলিয়ন মার্কিন ডলারের বৈদেশিক বিনিয়োগ আসবে বলে আশা করছে সংস্থাটি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁদপুরের ব্যবসায়ীদের অনলাইনে ইলিশ বিক্রিতে জেলা প্রশাসনের লাইসেন্স নিতে হবে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৫৫ পি.এম


চাঁদপুরের ব্যবসায়ীদের অনলাইনে ইলিশ বিক্রিতে জেলা প্রশাসনের লাইসেন্স নিতে হবে

ঢাকা, ৮ নভেম্বর, ২০২৬ : চাঁদপুরের ইলিশের সুনামকে কাজে লাগিয়ে অনলাইনে প্রতারণা বন্ধ করার পাশাপাশি ইলিশ মাছের মান ও ন্যায্যমূল্য নিশ্চিত করার উদ্দেশ্যে জেলা প্রশাসন ব্যবসায়ীদের জন্য লাইসেন্স দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে।

এ লক্ষ্যে, আগ্রহী ব্যবসায়ীদের ১৫ নভেম্বরের মধ্যে নির্ধারিত ফরমে আবেদন করার জন্য বলা হয়েছে। পাশাপাশি, প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করে ৩০ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে লাইসেন্স গ্রহণ করতে হবে।

চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান স্বাক্ষরিত এক বিশেষ বিজ্ঞপ্তিতে গত বুধবার (৪ নভেম্বর) এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, চাঁদপুর দেশের মধ্যে সুস্বাদু ইলিশের জন্য পরিচিত। ইলিশের স্বাদ ও সুনাম অক্ষুণ্ন রাখার পাশাপাশি এর মূল্য নিয়ন্ত্রণে জেলা প্রশাসন বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে। তবে, চাঁদপুরের ইলিশের নাম ব্যবহার করে কিছু অসাধু ব্যবসায়ী ভুয়া ফেসবুক পেজ খুলে দেশবাসীর সঙ্গে প্রতারণা করছে।

এ ধরনের প্রতারণা রোধ করার জন্য অনলাইনে ইলিশ মাছ বিক্রির জন্য ব্যবসায়ীদের লাইসেন্স দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আগ্রহী ব্যবসায়ীদের জেলা প্রশাসকের কার্যালয় থেকে যোগ্যতা সাপেক্ষে নির্ধারিত আবেদন ফরম (পরিশিষ্ট-ক) সংগ্রহ করে ১৫ নভেম্বরের মধ্যে আবেদন করতে হবে। একই সঙ্গে, পরিশিষ্ট-খ-তে উল্লেখিত প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করে ৩০ নভেম্বরের মধ্যে লাইসেন্স গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।

এ বিষয়ে বিস্তারিত তথ্য ও আবেদনসংক্রান্ত নির্দেশনা চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে জানা যাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বুড়িগঙ্গায় জবি ছাত্রলীগের নিষিদ্ধ নৌকা মিছিল, শেখ হাসিনার দেশে ফেরার আশা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৫৫ পি.এম


বুড়িগঙ্গায় জবি ছাত্রলীগের নিষিদ্ধ নৌকা মিছিল, শেখ হাসিনার দেশে ফেরার আশা

রাজধানীর সদরঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীতে নৌকা মিছিল অনুষ্ঠিত হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের দ্বারা। আওয়ামী লীগ সভাপতি এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার প্রত্যাশা জানিয়ে এই মিছিলের আয়োজন করা হয়।

রবিবার (৮ নভেম্বর) সকালে নিষিদ্ধঘোষিত এই সংগঠনের জবি শাখার সাংগঠনিক সম্পাদক আশিক-ই-আতাহার মেসবাহ এবং যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসানের নেতৃত্বে এ নৌকা মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলের আয়োজন সম্পর্কে আশিক-ই-আতাহার মেসবাহ বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার ডিসেম্বর মাসে স্বদেশ প্রত্যাবর্তনের বার্তা জানাতে আমরা এ নৌকা মিছিলের আয়োজন করেছি। ডিসেম্বর আমাদের বিজয়ের মাস। এ মাস আমাদের স্মরণ করিয়ে দেয় বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও জনগণের অধিকারের গুরুত্ব।’

তিনি আরও বলেন, শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন নিয়ে যে আলোচনা রয়েছে, তা বাস্তবায়নে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ দৃঢ়প্রতিজ্ঞ। তিনি উল্লেখ করেন, শেখ হাসিনা ২০২৬ সালের ডিসেম্বর মাসে দেশে ফেরার ইচ্ছার কথা একাধিক সাক্ষাৎকারে জানিয়েছেন।

আশিক-ই-আতাহার মেসবাহ আরো যোগ করেন, ‘আমরা বিশ্বাস করি, বঙ্গবন্ধুকন্যা যা বলেন, তা করে দেখান। বাংলাদেশের কোটি কোটি মানুষ আজ তার অপেক্ষায় রয়েছে।’

বিজয়ের মাসের প্রত্যাশা তুলে ধরে তিনি বলেন, ডিসেম্বর বিজয়ের চেতনার মাস। এ মাসে দেশে শান্তি, ন্যায়বিচার, মানবিক মর্যাদা ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হবে বলে প্রত্যাশা তাদের।

‘ইতিহাসের শিক্ষা হোক বিভেদ নয়, সহাবস্থান; প্রতিহিংসা নয়, ন্যায়বিচার; সংঘাত নয়, শান্তিপূর্ণ রাজনৈতিক সমাধান’—যোগ করেন এই ছাত্রলীগ নেতা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সোনাদিয়া গভীর সমুদ্রবন্দর না হওয়ায় বাংলাদেশ কৌশলগত সম্ভাবনা হারিয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৫৬ পি.এম


সোনাদিয়া গভীর সমুদ্রবন্দর না হওয়ায় বাংলাদেশ কৌশলগত সম্ভাবনা হারিয়েছে

সোনাদিয়ায় আন্তর্জাতিক মানের গভীর সমুদ্রবন্দর নির্মাণের জন্য ১৮ মিটার গভীরতার প্রাকৃতিক সুযোগ থাকা সত্ত্বেও মাতারবাড়ী বন্দরকে ১৩ দশমিক ৪ মিটার ড্রাফটের বিকল্প হিসেবে গ্রহণ করায় বাংলাদেশ একটি বড় কৌশলগত সম্ভাবনা হারিয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। তিনি বলেন, "দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো বাংলাদেশকে এখন মাতারবাড়ী বন্দর নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে।"

রোববার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ‘নেক্সাস ডিফেন্স অ্যান্ড জাস্টিস’ আয়োজিত ‘মাতারবাড়ী সমুদ্রবন্দর: ভূ-রাজনৈতিক ও কৌশলগত পর্যালোচনা’ শীর্ষক গোলটেবিল সংলাপে তিনি এসব কথা বলেন।

হামিদুর রহমান আযাদ আরও বলেন, ২০০৯ সালে কক্সবাজারের সোনাদিয়ায় গভীর সমুদ্রবন্দর নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেখানে ১৮ মিটার প্রাকৃতিক গভীরতা থাকায় বড় মাদার ভেসেল সরাসরি ভেড়ানোর সুযোগ ছিল। তিনি উল্লেখ করেন, বন্দরটি নির্মিত হলে বাংলাদেশ আঞ্চলিক বাণিজ্যের একটি আন্তর্জাতিক কেন্দ্রে পরিণত হতে পারত।

২০১৪ সালে চীন এ প্রকল্পে অর্থায়নে প্রস্তুত থাকলেও আঞ্চলিক ও ভূরাজনৈতিক পরাশক্তির চাপের কারণে তৎকালীন সরকার প্রকল্পটি বাস্তবায়ন থেকে সরে আসে বলে দাবি করেন তিনি।

তিনি বলেন, সোনাদিয়া প্রকল্প বাতিলের ক্ষেত্রে পরিবেশ, ইকোট্যুরিজম, কচ্ছপ ও পাখির আবাসস্থল এবং পলি জমার বিষয়টি সামনে আনা হয়েছিল। তবে এসব যুক্তির আড়ালে মূলত আন্তর্জাতিক ভূরাজনীতি কাজ করেছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে বাংলাদেশের কৌশলগত অবস্থান ও আঞ্চলিক বাণিজ্যে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারত।

মাতারবাড়ী বন্দর প্রসঙ্গে তিনি বলেন, শুরুতে এটি গভীর সমুদ্রবন্দর হিসেবে পরিকল্পিত ছিল না। মূলত ১২০০ মেগাওয়াটের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের জন্য কয়লা আমদানির জেটি ও অবকাঠামো নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল। পরবর্তী সময়ে সোনাদিয়া প্রকল্প বাদ পড়ার পর মাতারবাড়ীকে গভীর সমুদ্রবন্দরে রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়।

তিনি আরও বলেন, সোনাদিয়ার ১৮ মিটার প্রাকৃতিক গভীরতার বিপরীতে মাতারবাড়ী বন্দরের ড্রাফট ১৩ দশমিক ৪ মিটার। ফলে পলি অপসারণ ও নিয়মিত ড্রেজিংয়ের ওপর এ বন্দরের সক্ষমতা নির্ভরশীল থাকবে। তিনি বলেন, বন্দর না হওয়ার চেয়ে মাতারবাড়ী বন্দর হওয়া অবশ্যই ভালো, কিন্তু সোনাদিয়ায় যে সম্ভাবনা ছিল, মাতারবাড়ী দিয়ে তা পূরণ হবে না। এটি বাংলাদেশের বড় ধরনের কৌশলগত সুযোগ হারানোর উদাহরণ।

জাতীয় স্বার্থের পরিবর্তে দলীয় রাজনীতি ও বিদেশি শক্তির স্বার্থকে প্রাধান্য দেওয়ার কারণে দেশের ভূ-অর্থনৈতিক ও প্রতিরক্ষাসংক্রান্ত বিষয়ে স্বাধীন সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও মন্তব্য করেন এই জামায়াত নেতা।

নেক্সাস ডিফেন্স অ্যান্ড জাস্টিসের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোহাম্মদ হাসান নাসিরের সভাপতিত্বে গোলটেবিল সংলাপে আরও বক্তব্য দেন সাবেক মেজর জেনারেল আমসা আমিন, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরান, মানবাধিকারকর্মী, গবেষক ও রাজনৈতিক বিশ্লেষক রুবি আমাতুল্লাহ, ড. সিব্বির মাহমুদ এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি শহিদুল ইসলাম প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%