ঢাকা শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২বঙ্গাব্দ ০৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ইং ৩১শে আশ্বিন, ১৪৩২বাং

সিলেটে মাদক-চোরাচালান দমনে অভিযান, ৬০ লাখ টাকার মাদক উদ্ধার


সিলেটে মাদক-চোরাচালান দমনে অভিযান, ৬০ লাখ টাকার মাদক উদ্ধার

সিলেটের সীমান্তবর্তী উপজেলা গোয়াইনঘাটে আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও চোরাচালান নিয়ন্ত্রণে থানা পুলিশের কঠোর অবস্থান রয়েছে।

গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুকের নির্দেশনায় গত ৩ জুলাই থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত ৮১ দিনের মধ্যে বিভিন্ন অপরাধে ২৫৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, এ সময়ের মধ্যে মাদক মামলায় ৩২ জন, চোরাচালান মামলায় ২৩ জন, জিআর পরোয়ানায় ৬১ জন, জিআর সাজায় ১৩ জন, সিআর পরোয়ানায় ৪০ জন, সিআর সাজায় ১১ জন এবং নিয়মিত মামলায় ৬৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুন: সিলেটকে নান্দনিক ও শান্তির নগরী করার প্রতিশ্রুতি দিলেন বিকেএম প্রার্থী আতাউর

পুলিশের তথ্য অনুযায়ী, ২৮টি মাদক মামলায় ৩২ জনকে গ্রেপ্তার করা হয়। এসব অভিযানে উদ্ধার করা হয় ১৬০ লিটার চোলাই মদ, ২ হাজার ৫৭৫ বোতল ভারতীয় এসকাফ কফ সিরাপ, ১৬৭ বোতল ও ৪২ ক্যান বিভিন্ন ধরনের ভারতীয় মদ, ১ হাজার ৬৮০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৬১ দশমিক ৫ পুরিয়া গাঁজা। উদ্ধার করা এসব মাদকের আনুমানিক মূল্য ৬০ লাখ টাকার বেশি বলে পুলিশ জানিয়েছে।

গোয়াইনঘাট সীমান্তবর্তী উপজেলা হওয়ায় চোরাচালান রোধেও কঠোর অবস্থানে রয়েছে থানা পুলিশ। ১৭টি চোরাচালান মামলায় ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে বিভিন্ন ধরনের ভারতীয় চোরাই পণ্য ও চোরাচালানে ব্যবহৃত যানবাহন জব্দ করা হয়েছে। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ৩ লাখ ১২ হাজার ৫০০ শলাকা ভারতীয় নাসির বিড়ি, যার আনুমানিক মূল্য ৫ লাখ ২০ হাজার ২০০ টাকা; ১ হাজার ৯০০ কেজি ভারতীয় জিরা, যার আনুমানিক মূল্য ৯ লাখ ৫০ হাজার টাকা; ৯ হাজার ৮৭২ পিস বিভিন্ন কোম্পানির ভারতীয় চকলেট ও অন্যান্য সামগ্রী এবং ২২০ বোতল ভারতীয় অলিভ অয়েল, ডাবর আমলা হেয়ার অয়েল ও বিভিন্ন প্রসাধনী সামগ্রী। এছাড়া চোরাচালানে ব্যবহৃত একটি পুরোনো রেজিস্ট্রেশনবিহীন সিএনজি, একটি পিকআপ, একটি ডিআই পিকআপ, ইঞ্জিনচালিত কাঠ ও বারকি নৌকা এবং বিভিন্ন ব্র্যান্ডের মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।

পুলিশের দাবি, ধারাবাহিক অভিযানের ফলে মাদক ও চোরাচালানের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে চাপ তৈরি হয়েছে। একই সময়ে থানার কর্মকর্তাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে অপপ্রচারের অভিযোগও উঠেছে।

পুলিশের ভাষ্য, অপরাধ দমনে কঠোর অবস্থানের কারণে একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব অপপ্রচার চালাচ্ছে। তবে এসব অপপ্রচারে কান না দিয়ে অপরাধ দমনে অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন: দৃষ্টিপ্রতিবন্ধী শিশুদের জন্য ব্রেইল কোরআন ও সাদাছড়ি বিতরণ করলেন ছাত্রদল নেতা বাসিত

গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক বলেন, গোয়াইনঘাট উপজেলাকে মাদক, চোরাচালানসহ সব ধরনের অপরাধমুক্ত করতে থানা পুলিশ নিরলসভাবে কাজ করছে। তিনি সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান, কোনো অপপ্রচার বা বিভ্রান্তিকর তথ্যে কান না দিয়ে অপরাধ দমনে পুলিশকে সহযোগিতা করুন। তিনি আরও বলেন, সীমান্ত অপরাধ দমন ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের জিরো টলারেন্স নীতি এবং কঠোর অভিযান ভবিষতেও অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আগের মতোই দেশে খুন-সন্ত্রাস চলছে: রেজাউল করীম

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:৫৫ পি.এম


আগের মতোই দেশে খুন-সন্ত্রাস চলছে: রেজাউল করীম

বিএনপি যখন ক্ষমতায় আসে, তখন দেশের মধ্যে খুন, সন্ত্রাস এবং বিদেশে অর্থ পাচারসহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড চলমান রয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাইয়ের পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

মঙ্গলবার বিকালে শহরের চাষাঢ়ায় শহীদ মিনারে অনুষ্ঠিত সমাবেশে তিনি এই মন্তব্য করেন।

ইসলামী যুব আন্দোলনের নারায়ণগঞ্জ বন্দর থানার যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ আল আমিন বুলবুল হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়।

রেজাউল করীম বলেন, "চব্বিশের গণঅভ্যুত্থানের পর দেশবাসী সুন্দর বাংলাদেশ পাওয়ার আশা করেছিল; কিন্তু বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসার পর বাস্তবে তা হয়নি।" তিনি উল্লেখ করেন যে, বিগত সরকারের আমলের ধারাবাহিকতা এখনো অব্যাহত রয়েছে। তাই দেশে শান্তি ফিরিয়ে আনার লক্ষ্যে সন্ত্রাসী, চাঁদাবাজ এবং দুর্নীতিবাজদের প্রতিহত করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। তবে তিনি সতর্ক করে বলেন, "যদি সরকার কোন ব্যবস্থা না নেয়, তাহলে কঠোর আন্দোলন কর্মসূচি পালনের হুঁশিয়ারি দিচ্ছি।"

এছাড়া, তিনি জ্বালানি তেল ও গ্যাসের মূল্য বৃদ্ধির ফলে সাধারণ মানুষের জীবনযাত্রায় যে সংকট সৃষ্টি হয়েছে, তা তুলে ধরে সরকারকে জনবান্ধব সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান।

শহীদ জাহিদ আল আমিন বুলবুলের হত্যাকাণ্ডের ন্যায়বিচারের জোর দাবি জানান এবং অবিলম্বে সিফাত বাহিনীর জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের দায়িত্বশীল বুলবুলের হত্যাকারীদের দ্রুততম সময়ের মধ্যে ফাঁসিকাষ্ঠে ঝুলিয়ে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। তিনি বলেন, "আমার ভাইয়ের বিচার আদায় না করে আমরা কেউ রাজপথ ত্যাগ করবো না।"

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, "শহীদ বুলবুলের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না এবং যতদিন পর্যন্ত হত্যাকারীদের যথাযথ বিচার নিশ্চিত না হবে, ততদিন আন্দোলন অব্যাহত থাকবে।" তিনি বলেন, "সরকার যদি অপরাধীদের শাস্তি নিশ্চিতে কালক্ষেপণ বা টালবাহানা করে, তাহলে আরও কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।"

তিনি আরও বলেন, সারা দেশে ক্রমবর্ধমান নিরাপত্তাহীনতার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে এর দায়ভার নিতে হবে। তিনি সংবিধান এবং আইন সংসদে কেবল চর্চা না করে, তা রাষ্ট্র যথাযথভাবে প্রয়োগ করার জন্য তাকে স্মরণ করিয়ে দিতে চান।

সমাবেশে বক্তব্য রাখেন- সংগঠনের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মুহাম্মদ নেছার উদ্দিন, সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মাওলানা মুহাম্মদ দ্বীন ইসলাম।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শ্রীমঙ্গলে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:৫৫ পি.এম


শ্রীমঙ্গলে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি বাস এবং সিএনজিচালিত অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষের ফলে তিনজনের মৃত্যু ঘটেছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার লচনা এলাকায় সাতগাঁও হাইওয়ে থানার সামনে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় ইতোমধ্যে শনাক্ত হয়েছে। তিনি শ্রীমঙ্গল উপজেলার ভৈরবগঞ্জ বাজারসংলগ্ন মাজদিহি এলাকার অমৃত সিংয়ের ছেলে জয় সিং (২৩)। তবে নিহত অপর দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে শ্রীমঙ্গল থেকে মিরপুরের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ‘আলম এশিয়া পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস লচনা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এই সংঘর্ষের ফলে অটোরিকশাটি সম্পূর্ণরূপে দুমড়ে-মুচড়ে যায় এবং তিনজন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, রাত ৯টার দিকে তিনজনকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তাদের মৃত্যু ঘটেছিল। দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে সাতগাঁও হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, দুর্ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পকেটে থাকা জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) মাধ্যমে একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। বাকি দুজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

পুলিশ জানায়, নিহতদের মরদেহ বর্তমানে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। ময়নাতদন্ত ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গঙ্গাচড়ায় পরিমাপে ত্রুটি, দুই ফিলিং স্টেশনকে ৬০ হাজার টাকা জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:৫৫ পি.এম


গঙ্গাচড়ায় পরিমাপে ত্রুটি, দুই ফিলিং স্টেশনকে ৬০ হাজার টাকা জরিমানা

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় মোবাইল কোর্টের মাধ্যমে পরিচালিত এক অভিযানে দুইটি ফিলিং স্টেশনে পরিমাপে ত্রুটি ধরা পড়েছে, যার জন্য ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত এই অভিযানটি সম্পন্ন হয়।

এই অভিযানে বিএসটিআই, রংপুর-এর সহযোগিতায় বিভিন্ন ফিলিং স্টেশনের ডিজেল, অকটেন ও পেট্রোল সরবরাহকারী প্রতিটি ইউনিটের পরিমাপ পরীক্ষা করা হয়। পরীক্ষার সময় মেসার্স শিহাব ফিলিং স্টেশন-এর একটি ইউনিট এবং মেসার্স মামুনুর রশীদ পেট্রোলিয়াম-এর তিনটি ইউনিটে পরিমাপে ত্রুটি দেখা যায়।

এ কারণে, ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর ২৯ ও ৪৬ ধারা অনুযায়ী, মেসার্স শিহাব ফিলিং স্টেশনকে ১৫ হাজার টাকা এবং মেসার্স মামুনুর রশীদ পেট্রোলিয়ামকে ৪৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। ফলে, দুই প্রতিষ্ঠানকে মোট ৬০ হাজার টাকা (ষাট হাজার টাকা) জরিমানা করা হয়েছে।

একই সঙ্গে, উভয় ফিলিং স্টেশনকে গ্রাহকদের কাছে সঠিক পরিমাপে জ্বালানি সরবরাহ নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মো. হামিদুল ইসলাম জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জনস্বার্থে জ্বালানি বিক্রয়ে সঠিক পরিমাপ ও মান নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শাহরাস্তিতে কৃষিজমির টপসয়েল কাটায় ২ লাখ টাকা জরিমানা, ৩ ড্রেজার অকেজো

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:৫৬ পি.এম


শাহরাস্তিতে কৃষিজমির টপসয়েল কাটায় ২ লাখ টাকা জরিমানা, ৩ ড্রেজার অকেজো

চাঁদপুরের শাহরাস্তিতে অনুমোদন ছাড়া ড্রেজার ব্যবহার করে কৃষিজমির টপসয়েল ও মাটি উত্তোলনের জন্য ড্রেজারের মালিক পক্ষকে ২ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে তিনটি ড্রেজার অকেজো করা হয়েছে এবং অবৈধভাবে মাটি উত্তোলনে ব্যবহৃত প্রায় ১ হাজার ৫০০ ফুট পাইপ ধ্বংস করা হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়নের বিভিন্ন স্থানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করেন শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান।

আদালত সূত্র জানায়, কৃষিজমির টপসয়েল কেটে মাটি উত্তোলনের অপরাধে ড্রেজার মালিক পক্ষের প্রতিনিধি মো. রাজু (২২), সাং-রায়শ্রী উত্তরসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানে মনোহরপুর এলাকায় অবৈধভাবে মাটি উত্তোলনে ব্যবহৃত তিনটি ড্রেজার অকেজো করা হয়। এছাড়া নরিংপুর এলাকা থেকে মাটি উত্তোলনের কাজে ব্যবহৃত প্রায় ১ হাজার ৫০০ ফুট পাইপ বিনষ্ট করা হয়েছে।

অভিযান পরিচালনাকালে সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি অফিসের দায়িত্বপ্রাপ্ত ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা, উপজেলা আনসার সদস্য ও গ্রামপুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৪
মাগরিব ০৫:৩২
ইশা ০৬:৪৩
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%