০৬:৪৪ পি.এম
ভারতের লোকসভার আসন পুনর্বিন্যাস বা নির্বাচনী এলাকার সীমানা নতুন করে নির্ধারণের সরকারি উদ্যোগের বিরুদ্ধে বিরোধী দলগুলো কঠোর অবস্থান গ্রহণ করেছে। আগামী ৩০ নভেম্বর শুরু হতে যাওয়া পার্লামেন্টের বিশেষ অধিবেশনে এই ইস্যুতে বড় ধরনের রাজনৈতিক সংঘাতের সম্ভাবনা দেখা দিয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) কংগ্রেসের পার্লামেন্টারি কৌশল নির্ধারণ কমিটির বৈঠকে বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী স্পষ্টভাবে জানিয়ে দেন যে, পার্লামেন্টে আসনের সংখ্যা কম থাকলেও প্রস্তাবিত বিলের বিরুদ্ধে তাদের বিরোধিতা চলতে থাকবে। তিনি মন্তব্য করেন, বিজেপি এই উদ্যোগটি নিজেদের রাজনৈতিক লাভের জন্য গ্রহণ করছে।
বৈঠক শেষে কংগ্রেসের সংসদ সদস্য গৌরব গগৈ জানান, তারা লোকসভার বর্তমান আসনসংখ্যা অপরিবর্তিত রেখে নারীদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণ চালু করার পক্ষে। তিনি অভিযোগ করেন, নারীদের আসন সংরক্ষণের জন্য সীমানা পুনর্বিন্যাসের কোনো প্রয়োজন নেই; বরং সরকারের উদ্দেশ্য হলো ভোটারদের কোথায় ভোট দিতে হবে তা নিয়ন্ত্রণ করা এবং নির্বাচন কমিশনকে একটি হাতের পুতুল হিসেবে ব্যবহার করা।
আরও পড়ুন: মোদি সরকারের আমলে ভারতে খ্রিস্টানদের বিরুদ্ধে বিদ্বেষমূলক অপরাধ ৪০৮ শতাংশ বেড়েছে
অন্যদিকে, শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রিসভা সব রাজ্যে সমান হারে লোকসভার আসন ৫০ শতাংশ বৃদ্ধি করার প্রস্তাবে অনুমোদন দিয়েছে, যাতে মোট আসন সংখ্যা বেড়ে ৮৫০ হতে পারে এবং ২০৫১ সাল পর্যন্ত রাজ্যগুলোর আসন অনুপাত অপরিবর্তিত থাকবে। এর আগে, গত এপ্রিল মাসে জনগণনার শর্তে আনা সংবিধানের ১৩১তম সংশোধনী বিল বিরোধীদের আপত্তির কারণে আটকে গিয়েছিল। নতুন প্রস্তাবে বিরোধীদের আপত্তি কতটা মোকাবিলা করা সম্ভব হবে, তা নিয়ে সংশয় রয়ে গেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন