১১:২৫ এম
ঢাকা একসময় ছিল খাল, পুকুর ও জলাভূমির একটি নগরী। বর্তমানে সেই জলজ ও প্রাকৃতিক ঐতিহ্য বিলুপ্তির পথে রয়েছে। অনিয়ন্ত্রিত নগরায়ণ এবং আবাসন প্রকল্পের চাপের কারণে ঢাকার ফুসফুস হিসেবে পরিচিত প্রাকৃতিক জলাধারগুলো হারিয়ে যাচ্ছে। এর ফলে ভূগর্ভস্থ পানির স্তর দ্রুত হারে কমে যাচ্ছে।
রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টারের (আরডিআরসি) ২০২১ সালের সমীক্ষা অনুযায়ী, ১৯৮৫ সালে ঢাকায় প্রায় ২ হাজার পুকুর ছিল, কিন্তু বর্তমানে টিকে আছে মাত্র ২৪১টি। রাজউকের ডিটেইলড এরিয়াপ্ল্যান (ডিএপি) ২০২২-এর তথ্যমতে, ১ হাজার ৫২৮ বর্গকিলোমিটার এলাকায় ৩ হাজার ৪৬৪টি পুকুর ও জলাশয়ের উল্লেখ রয়েছে, যার মধ্যে কেন্দ্রীয় ঢাকায় টিকে আছে মাত্র ২০০-২০৫টি। স্যাটেলাইটভিত্তিক গবেষণায় দেখা যায়, ঢাকা মহানগর এলাকায় জলাশয়ের আয়তন ২০০৪ সালে ৬৮ দশমিক ৯২ বর্গকিলোমিটার (প্রায় ২২ শতাংশ) ছিল, যা ২০২১ সালে নেমে এসেছে মাত্র ২৯ দশমিক ৪১ বর্গকিলোমিটারে (প্রায় ৯ শতাংশ)। নগর-পরিকল্পনাবিদদের মতে, একটি ভারসাম্যপূর্ণ নগরের ১২-১৫ শতাংশ এলাকায় জলাশয় থাকা উচিত, কিন্তু বর্তমানে ঢাকায় তা মাত্র ২-৫ শতাংশের নিচে রয়েছে। জলাশয়গুলোর সংখ্যা কমে যাওয়ার ফলে ভূগর্ভস্থ পানির স্তরে সরাসরি প্রভাব পড়েছে। ১৯৯৬ সালে যেখানে ঢাকা শহরের পানির স্তর গড়ে ২৫ মিটার গভীরে ছিল, ২০২৪-২০২৫ সালের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, তা ৮৬-৯০ মিটার বা তারও নিচে নেমে গেছে। বার্ষিক অবনমন হার প্রায় দু-তিন মিটার।
সিঙ্গাপুরে ২০০০-এর দশকের শুরুতে বেশিরভাগ খাল ও জলাশয় কংক্রিটের নালায় পরিণত হয়েছিল। ২০০৬ সালে দেশটি 'অ্যাকটিভ, 'বিউটিফুল, ক্লিন (এবিসি) ওয়াটারস' কর্মসূচি চালু করে। ২০০৯ সালে বিশান-আং মো কিও পার্কসহ শতাধিক প্রকল্পের মাধ্যমে জলাশয়গুলোকে শুধুমাত্র পানি নিষ্কাশনের মাধ্যম হিসেবে নয়, বরং বিনোদন ও পরিবেশবান্ধব কমিউনিটি স্পেসে রূপান্তর করা হয়। চীন ২০১২ সালের বেইজিং বন্যার পর ২০১৫ সালে 'স্পঞ্জ সিটি' ধারণা বাস্তবায়ন শুরু করে। এতে পুকুর, জলাভূমি ও ছিদ্রযুক্ত ফুটপাত তৈরির মাধ্যমে বৃষ্টির পানি স্থানীয়ভাবে ধরে রাখা এবং ভূগর্ভে প্রবেশ করানোর ব্যবস্থা করা হয়। ফলে এক দশকের ব্যবধানে চীনের প্রধান শহরগুলোতে জলাবদ্ধতা ও পানির সংকট উল্লেখযোগ্যভাবে কমেছে। ঢাকাকে ভবিষ্যৎ বিপর্যয় থেকে রক্ষা করতে হলে এখনই বিদ্যমান পুকুর, জলাশয় ও উন্মুক্ত স্থান রক্ষা করতে হবে এবং দখল হয়ে যাওয়া জলাশয় ও পুকুর উদ্ধারের পরিকল্পনা নিতে হবে। একই সঙ্গে ভূগর্ভস্থ পানির স্তর ঠিক রাখতে চীন, সিঙ্গাপুরসহ অন্যান্য দেশের উদাহরণ পর্যালোচনা করে পদক্ষেপ গ্রহণ করতে হবে।
আরও পড়ুন: বিদেশে কর্মরত সরকারি কর্মীদের সন্তানদের জন্য শিক্ষা ভাতা বাড়লো
লেখক: শিক্ষার্থী, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি (ঢাকা কলেজ)
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন