০৯:৪০ পি.এম
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ পুত্রসন্তানের মা হয়েছেন। ঢাকার একটি হাসপাতালে তিনি সন্তানের জন্ম দিয়েছেন। তার ছেলের নাম রাখা হয়েছে ওহী বিন ওয়াদুদ। মা হওয়ার পর, এখন তার সময় কাটছে মূলত সন্তানের চারপাশে। নতুন অতিথির আগমনে মৌসুমীর প্রতিদিনের রুটিন ও ব্যস্ততা পরিবর্তিত হয়েছে।
সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় মৌসুমী হামিদ জানান, ‘মা হয়েছি। কিন্তু আমাদের ব্যক্তিগত কিছু কারণে তারিখটা বলতে চাই না।’ মা হওয়ার অনুভূতি প্রকাশ করতে গিয়ে অভিনেত্রী বলেন, ‘জীবনের এই সময়ের জন্য বহু প্রতীক্ষা করেছি। সন্তানকে প্রথম দেখা, স্পর্শ করা-এই অনুভূতি বোঝানো কঠিন। এখন শুধু এটাই মনে হচ্ছে, দারুণ সময় কাটছে। ছেলের সঙ্গে আমি নিজেকে মানিয়ে নিচ্ছি। ছেলের ঘুমানো, খাওয়ার সঙ্গেই আমার রুটিন। এমনও হয়, দুই ঘণ্টাও ঘুমানোর সময় পাই না।’
সন্তানের জন্মের পর প্রথম দুই দিন মৌসুমী ছেলেকে ঠিকমতো দেখার সুযোগ পাননি। পরে যখন ভালোভাবে দেখেছেন, তখন তিনি ছেলের চেহারায় নিজের ছাপ খুঁজে পেয়েছেন। এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘প্রথম দিন বুঝতে পারছিলাম, নড়াচড়া করছে। হাত-পা নাড়াচ্ছে। পরে যখন ভালো করে দেখলাম, তখন দেখি ছেলে আমার মতো হয়েছে। ছেলেটা সুস্থ থাকুক, ভালো থাকুক-এ জন্য সবার কাছে দোয়া চাই।’
আরও পড়ুন: পূর্ণিমার নতুন কনের সাজ, ফেসবুকে ২২ লাখ ভিউ
মা হওয়ার এই সময়ে মৌসুমী তার স্বামী আবদুল ওয়াদুদ, শাশুড়ি এবং পরিবারের অন্যান্য সদস্যদের কাছ থেকে সব ধরনের সহযোগিতা পাচ্ছেন। তাদের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
গত জুলাইয়ে মা হতে যাওয়ার সুখবরটি জানিয়েছিলেন মৌসুমী। সে সময় তিনি স্বামী আবদুল ওয়াদুদকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন। দীর্ঘদিনের বন্ধুত্বের সম্পর্ক থেকে বিয়ের সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়ে মৌসুমী বলেছিলেন, ১৪ বছরের পুরনো বন্ধু তারা। দুজনের চিন্তাভাবনায় মিল থাকায় একসঙ্গে পথচলার সিদ্ধান্ত নিয়েছেন।
লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে মৌসুমী হামিদ পরিচিতি লাভ করেন। তিনি এক যুগের বেশি সময় ধরে নাটকে অভিনয় করছেন। ছোটপর্দার পাশাপাশি চলচ্চিত্র ও ওয়েব কনটেন্টেও অভিনয় করেছেন এই তারকা।
তবে বর্তমানে মৌসুমী অভিনয়ের ব্যস্ততা থেকে দূরে থাকতে চান। তিনি সন্তানকে সময় দেওয়াকেই এখন সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘অনেকেই নিয়মিত অভিনয় করার প্রস্তাব দেন। কিন্তু এখন আমি সন্তানকে নিয়ে থাকতে চাই। আপাতত অভিনয় করতে পারব। আরো কয়েক মাস বিরতি নিয়ে অভিনয় শুরু করব।’
আরও পড়ুন: অনুপম খের: প্রয়োজনের বাইরে সম্পদের পেছনে ছোটা অর্থহীন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন