প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যুক্তরাষ্ট্রের গত সপ্তাহের মধ্যবর্তী নির্বাচনের ফলাফল নিয়ে প্রশ্ন তুলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়লাভের পর তাদের অভিনন্দন জানিয়ে ফল মেনে নেওয়ার কথা বললেও, এক সপ্তাহের মধ্যে তিনি নিজের অবস্থান পরিবর্তন করেছেন।
স্থানীয় সময় সোমবার (৯ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্টে ট্রাম্প উল্লেখ করেন, ‘এই নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে কি কেউ সত্যিই বিশ্বাস করে? জরিপগুলো এত ভুল হলো কীভাবে?’
নির্বাচনের পূর্বে বিভিন্ন জনমত জরিপে ডেমোক্র্যাটদের ভালো ফলের ইঙ্গিত পাওয়া গিয়েছিল। এসব জরিপে বলা হয়েছিল, প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ নেওয়ার পাশাপাশি সিনেটেও জয়ের সম্ভাবনা রয়েছে দলটির। ফলস্বরূপ, নির্বাচনের ফলও ডেমোক্র্যাটদের পক্ষেই গেছে।
এর আগে ২০১৬, ২০২০ এবং ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে জনমত জরিপে রিপাবলিকানদের সমর্থন কম দেখানোর অভিযোগ করে আসছিল দলটি। তবে এবারের নির্বাচনে জরিপের ফল বিপরীতভাবে রিপাবলিকানদের জন্য প্রতিকূল হয়ে দাঁড়িয়েছে।
যুক্তরাষ্ট্রের গবেষণা সংস্থা পিউ রিসার্চের একটি প্রতিবেদনে বলা হয়েছে, গভর্নর ও সিনেটের ২৭টি আসনের মধ্যে ২৩টিতে নির্বাচনের পূর্বের জরিপে ডেমোক্র্যাটদের জয়ের ব্যবধান অন্তত ২ শতাংশ কম দেখানো হয়েছিল।
ট্রাম্প আরও অভিযোগ করেন, আগাম ভোটের কিছু ফল এত বেশি ছিল যে রিপাবলিকানদের জন্য জয়লাভ অসম্ভব হয়ে পড়ে। তবে নির্বাচনে কারচুপি বা কোনো ধরনের অনিয়মের পক্ষে তিনি কোনো প্রমাণ উপস্থাপন করেননি। গত কয়েকদিন ধরে ভোটার উপস্থিতির তথ্য নিয়ে প্রশ্ন তুলে বিভিন্ন গ্রাফ শেয়ার করেছেন তিনি।
মধ্যবর্তী নির্বাচনে প্রতিনিধি পরিষদ ও সিনেট, উভয় কক্ষেই বড় জয় পেয়েছে ডেমোক্র্যাটরা। ঐতিহ্যগতভাবে রিপাবলিকানদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত বেশ কয়েকটি এলাকায়ও জয়লাভ করেছে দলটি। নির্বাচনের ফল নিয়ে ট্রাম্পের এটাই প্রথম সরাসরি প্রশ্ন তোলা।
এর আগে গত রোববার (৮ নভেম্বর) সিবিএসের ‘সিক্সটি মিনিটস’ অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে নির্বাচনের ফল মেনে নেওয়ার ইঙ্গিত দেন ট্রাম্প। ডেমোক্র্যাটদের অভিনন্দন জানানোর বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, তাদের সঙ্গে কাজ করতেও তিনি আগ্রহী।
নির্বাচনে ডেমোক্র্যাটদের জয় নিশ্চিত হওয়ার পর সিবিএস নিউজের সঙ্গে ফোনালাপে তাদের অভিনন্দন জানান ট্রাম্প। পরে ফক্স নিউজকে বলেন, দলটি ‘ভালো করেছে’। গত সপ্তাহেও তিনি নিউইয়র্ক টাইমসকেও জানান, নির্বাচনের ফল তিনি নিঃসন্দেহে মেনে নিয়েছেন।
তবে ট্রাম্পের সর্বশেষ বক্তব্যে নির্বাচনে অনিয়মের অভিযোগ করেছেন। ট্রাম্পের এই বক্তব্যের সমালোচনা করেছেন ডেমোক্র্যাটদের সিনেট নেতা চাক শুমার। তিনি বলেন, ট্রাম্প আবারও নির্বাচন অস্বীকারের অবস্থানে ফিরবেন, সেটাই ছিল প্রত্যাশিত।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে শুমার লেখেন, ট্রাম্প যতই অভিযোগ করুন না কেন, সত্য বদলানো যাবে না। প্রেসিডেন্ট হিসেবে মেয়াদের শেষ দুই বছরে কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় ডেমোক্র্যাট কংগ্রেসের মুখোমুখি হতে হবে তাকে। এর কারণ ট্রাম্প নজিরবিহীনভাবে ব্যর্থ হয়েছেন।
মধ্যবর্তী নির্বাচনে পরাজয়ের পর রিপাবলিকান দলের নেতারাও ক্রমেই ট্রাম্পের কাছ থেকে নিজেদের দূরে সরিয়ে নিচ্ছেন। এমনকি ২০২৪ সালের নির্বাচনে ট্রাম্পকে সমর্থন করা রক্ষণশীল ভাষ্যকার মেগিন কেলিও তার নির্বাচনে কারচুপি অভিযোগের জবাবে এক্সে লিখেছেন, ‘এবার থামুন।’
তথ্যসূত্র: আল জাজিরা
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন