ঢাকা রবিবার, ০১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৬ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০১ই নভেম্বর, ২০২৬ইং ১৬ই কার্তিক, ১৪৩২বাং

জাপান থেকে আসা ফ্লাইটের চাকায় অজ্ঞাত মরদেহ


জাপান থেকে আসা ফ্লাইটের চাকায় অজ্ঞাত মরদেহ

একটি বিমানের চাকার অংশে লুকিয়ে ভ্রমণের চেষ্টা করা হয়েছে। যদিও এটি শুনতে অবাক লাগছে, সম্প্রতি এমন একটি মর্মান্তিক ঘটনা প্রকাশ পেয়েছে। জাপানের টোকিও থেকে ছেড়ে আসা একটি ফ্লাইটের ‘হুইল ওয়েল’ বা চাকার খোপ থেকে উদ্ধার করা হয়েছে এক অজ্ঞাত মরদেহ।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে, ফ্লাইটটি মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে (কেএলআইএ-২) অবতরণ করে। অবতরণের কিছু সময় পর, বিমানের চাকার খোপ খোলার দায়িত্বে থাকা ইঞ্জিনিয়ারিং কর্মীরা সেখানে একটি সন্দেহজনক তীব্র দুর্গন্ধ পান এবং তারা পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে জিন্স ও সাদা শার্ট পরিহিত ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে।

নিহত ওই ব্যক্তির বয়স আনুমানিক ২০-এর কোঠায় বলে ধারণা করা হচ্ছে। তবে কর্তৃপক্ষ নিশ্চিত হতে পারেনি, তিনি নারী নাকি পুরুষ এবং কোন দেশের নাগরিক। মরদেহের সঙ্গে কোনো পরিচয়পত্র বা নথিপত্র পাওয়া যায়নি।

আরও পড়ুন: আইজিপি আলী হোসেন ফকির ইন্টারপোলের বায়োসিকিউরিটি সম্মেলনে যোগ দিতে ফ্রান্স গেলেন

প্রাথমিক তদন্ত শেষে পুলিশের ফরেনসিক দল জানিয়েছে, মরদেহটি উদ্ধারের অন্তত ৭২ ঘণ্টারও (তিন দিন) বেশি সময় আগে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। বর্তমানে তার সঠিক পরিচয় শনাক্তকরণ এবং মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে জোরদার তদন্ত চলছে।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টঙ্গীতে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার ১১

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

০৩:১৫ পি.এম


টঙ্গীতে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার ১১

গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম থানা এলাকা থেকে পুলিশ চারটি মামলার আসামি এবং ওয়ান্টভুক্ত শীর্ষ মাদক কারবারি মিজান ওরফে ‘কুত্তা মিজান’ (৩৪)-সহ মোট ১০ জনকে গ্রেপ্তার করেছে। শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে এক সাংবাদিক সম্মেলনে পুলিশ এই তথ্য প্রকাশ করে।

 

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন টঙ্গী পশ্চিম থানার ওসি মো. আরিফুর রহমান। গ্রেপ্তার হওয়া মিজান হাজী মাজার এলাকার আতাব উদ্দিন ওরফে জানু মিয়ার ছেলে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার (২৮ আগস্ট) দিবাগত রাতে একটি বিশেষ অভিযানের মাধ্যমে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানের সময় তার কাছ থেকে এক কেজি হেরোইন, দুই হাজার পাঁচশ পিস ইয়াবা এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

টঙ্গী পশ্চিম থানার এসআই সাহিদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত ‘বিশেষ অভিযান-৮১’ চলাকালীন রাত আনুমানিক ৩টা ১৫ মিনিটের দিকে টঙ্গী বাটা গেট সংলগ্ন শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়াম গেটের সামনে অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানের ফলে মিজানকে গ্রেপ্তার করা সম্ভব হয়।

গ্রেপ্তারকৃত মিজানের বিরুদ্ধে পূর্বে ২টি মাদক মামলা, ১টি দ্রুত বিচার আইনের মামলা এবং ১টি অন্যান্য মামলাসহ মোট ৪টি মামলা রয়েছে। একই অভিযানে মাদক সংশ্লিষ্টতার অভিযোগে আরো ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে টঙ্গী পশ্চিম থানার ওসি মো. আরিফুর রহমান জানান, গ্রেপ্তার আসামির কাছ থেকে উদ্ধার হওয়া এক কেজি হেরোইন যার মূল্য কোটি টাকা এবং ২৫০০ পিছ ইয়াবা উদ্ধার হয়েছে। একই সময়ে আরো ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে মামলাগুলি দায়ের শেষে আদালতে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লেক অন্টারিওর নাম বদলে ‘লেক আমেরিকা’ করার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

০৩:২০ পি.এম


লেক অন্টারিওর নাম বদলে ‘লেক আমেরিকা’ করার নির্দেশ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লেক অন্টারিওর নাম পরিবর্তন করে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ দিয়েছেন, যা কানাডার সঙ্গে চলমান বাণিজ্যযুদ্ধকে আরও তীব্র করে তুলেছে। কানাডা তার এই সিদ্ধান্তের বিরুদ্ধে তাৎক্ষণিক প্রতিবাদ জানিয়েছে।

এই জলভাগটি উত্তর আমেরিকার দুই দেশের সীমান্তে অবস্থিত, এবং ট্রাম্পের এই পদক্ষেপ কানাডাকে নিয়ে তার ব্যঙ্গ-বিদ্রূপকে আরও বাড়িয়েছে। তিনি একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন।

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ট্রাম্পের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে বলেছেন, "হ্রদটির নাম সবসময়ই লেক অন্টারিও থাকবে।"

দীর্ঘদিনের দুই মিত্র দেশের মধ্যে বাণিজ্য আলোচনা গত সপ্তাহে ভেস্তে যাওয়ার পর ট্রাম্পের এই পদক্ষেপ এসেছে। এরপর যুক্তরাষ্ট্র ও কানাডা একে অপরের পণ্যের ওপর পাল্টাপাল্টি শুল্ক আরোপ করেছে।

হোয়াইট হাউসে নির্বাহী আদেশে স্বাক্ষর করার সময় ৮০ বছর বয়সী রিপাবলিকান ট্রাম্প সাংবাদিকদের বলেন, "অবিলম্বে লেক অন্টারিওর নাম পরিবর্তন করে লেক আমেরিকা করা হবে।"

এএফপির এক সাংবাদিক জানতে চান, কেন যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ দেশগুলোর বদলে একটি মিত্র দেশের বিরুদ্ধে এমন ব্যবস্থা নেওয়া হচ্ছে। ট্রাম্পের জবাব ছিল, "কানাডার কর্মকর্তারা আমাদের সঙ্গে খুব খারাপ আচরণ করেছেন। তারা বাজে মানুষ।"

ওভাল অফিসে ট্রাম্পের ডেস্কের পেছনে দুটি মানচিত্র ছিল। একটিতে হ্রদটির ওপর লাল অক্ষরে ‘লেক আমেরিকা’ লেখা ছিল। অন্যটির শিরোনাম ছিল, ‘মেকিং দ্য গ্রেট লেকস ইভেন গ্রেটার’।

কানাডার পাল্টা জবাব

আয়তনের দিক থেকে লেক অন্টারিও পাঁচটি গ্রেট লেকের মধ্যে সবচেয়ে ছোট। যুক্তরাষ্ট্র ও কানাডার সীমান্তজুড়ে বিস্তৃত এই হ্রদটি কানাডার অন্টারিও প্রদেশ এবং যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের সঙ্গে সংযুক্ত।

লেকটির নাম পরিবর্তনের উদ্যোগ ২০২৫ সালের জানুয়ারিতে মেক্সিকো উপসাগরের নাম একতরফাভাবে ‘গালফ অব আমেরিকা’ করার ট্রাম্পের সিদ্ধান্তের মতো। ওই সিদ্ধান্তও মেক্সিকো প্রত্যাখ্যান করেছিল।

কার্নি পাল্টা যুক্তি দিয়ে বলেন, "লেকটির নাম প্রায় ৪০০ বছরের পুরোনো— যুক্তরাষ্ট্র ও কানাডা উভয় দেশ প্রতিষ্ঠারও আগের। নামটি একটি আদিবাসী শব্দ থেকে এসেছে, যার অর্থ ‘হ্রদটি সুন্দর, হ্রদটি বড়।’"

এক্সে দেওয়া এক পোস্টে কার্নি বলেন, "আমরা জানি, আমেরিকা পরিবর্তিত হচ্ছে।"

সাম্প্রতিক দিনগুলোতে ট্রাম্পের বিরুদ্ধে কার্নির কঠোর অবস্থান কানাডায় প্রশংসিত হয়েছে।

কানাডার সবচেয়ে বড় শহর টরন্টো লেকটির উত্তর-পশ্চিম তীরে অবস্থিত। সেখানে কানাডীয় ও মার্কিন নাগরিক—দুই দেশের মানুষই ট্রাম্পের সিদ্ধান্তের সমালোচনা করেছেন।

টরন্টোর পশ্চিমে কিচেনারে বসবাসকারী মার্ক উইকার বলেন, "এটাই ট্রাম্পের স্বভাব। তিনি একজন দাদাগিরি করা মানুষ, উসকানি দেন এবং বিরোধ বাধান।"

আলবার্টা প্রদেশ থেকে টরন্টোতে বেড়াতে আসা জেক মারচুক বলেন, "তিনি শুধু আমাদের উসকে দেওয়ার চেষ্টা করছেন।"

নিউ জার্সির বাসিন্দা মেগান স্মিথ সরাসরি বলেন, "এতে তাকে শুধু বোকাই মনে হচ্ছে।"

ট্রাম্পের নির্বাহী আদেশে মার্কিন স্বরাষ্ট্র দপ্তরকে ৩০ দিনের মধ্যে সরকারি ভৌগোলিক নামকরণ ব্যবস্থায় হ্রদটির নামের সব তথ্য পরিবর্তন করতে বলা হয়েছে। একই সঙ্গে কেন্দ্রীয় সরকারের সব দপ্তরকে হ্রদটির নাম ‘লেক আমেরিকা’ হিসেবে ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে।

আদেশে নাম পরিবর্তনের পক্ষে যুক্তি হিসেবে বলা হয়েছে, হ্রদটির সবচেয়ে গভীর অংশ যুক্তরাষ্ট্রের অংশে। ফলে যুক্তরাষ্ট্র ‘হ্রদের পানির মোট আয়তনের বেশিরভাগের দাবি রাখে।’

ইরান যুদ্ধ ও দেশের অর্থনৈতিক দুরবস্থার কারণে ট্রাম্পের জনপ্রিয়তা কমে যাওয়ার মধ্যে এবং নভেম্বরে গুরুত্বপূর্ণ মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে তিনি বলেন, অনেক দিন ধরেই তিনি লেকটির নাম পরিবর্তনের কথা ভাবছিলেন।

এমনকি যুক্তরাষ্ট্রের সীমান্তবর্তী মহাসাগরগুলোর নামও পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

তিনি বলেন, "আমাদের একটি উপসাগর আছে এবং একটি হ্রদ আছে। এখন আমাদের শুধু একটি মহাসাগর দরকার। তাই হয়তো আটলান্টিক অথবা প্রশান্ত মহাসাগরের নামও পরিবর্তন করতে হবে। হয়তো দুটোরই নাম বদলে দেব।"

দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পর ট্রাম্প তার বিভিন্ন অস্বাভাবিক ভূখণ্ডগত দাবির কারণে একের পর এক মিত্র দেশকে বিরক্ত করেছেন। এর মধ্যে কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য করার দাবিও রয়েছে।

এছাড়া ন্যাটোর মিত্র ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডের ওপরও দাবি জানিয়েছেন ট্রাম্প। ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্র আটক করার পর ভেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্রের একটি অঙ্গরাজ্য করার কথাও বলেছেন তিনি।

সাম্প্রতিক দিনগুলোতে ইরান ও ওমানের মধ্যবর্তী হরমুজ প্রণালীকেও যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে পরিণত করার কথা বলেছেন ট্রাম্প। তেহরানের সঙ্গে যুদ্ধ এখনো চলমান থাকা সত্ত্বেও তিনি এমন দাবি করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বের প্রথম সৌরবিদ্যুৎচালিত অ্যাম্বুলেন্স তৈরি করেছেন শিক্ষার্থীরা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

০৩:২৪ পি.এম


বিশ্বের প্রথম সৌরবিদ্যুৎচালিত অ্যাম্বুলেন্স তৈরি করেছেন শিক্ষার্থীরা

নেদারল্যান্ডসের একদল শিক্ষার্থী আফ্রিকার প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার জন্য বিশ্বের প্রথম সৌরবিদ্যুৎচালিত অ্যাম্বুলেন্স তৈরি করেছেন। এই বিশেষ অ্যাম্বুলেন্সের নাম ‘স্টেলা জুভা’, যা সৌর প্যানেল ব্যবহার করে, গাড়ি চালানোর পাশাপাশি ভেতরের চিকিৎসা সরঞ্জামেও বিদ্যুৎ সরবরাহ করবে।

অ্যাম্বুলেন্সটি তৈরি করেছে আইন্দহোভেন ইউনিভার্সিটি অব টেকনোলজির ২৩ জন শিক্ষার্থী। এর মূল লক্ষ্য হচ্ছে বিদ্যুৎ সরবরাহ সীমিত এমন প্রত্যন্ত এলাকায় জরুরি চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া। সৌরবিদ্যুৎ ব্যবহারের মাধ্যমে প্রচলিত জ্বালানির ওপর নির্ভরতা কমানো সম্ভব হবে এবং বিদ্যুৎবিহীন এলাকাতেও চিকিৎসা সরঞ্জাম চালানো সম্ভব হবে।

অ্যাম্বুলেন্সটিতে রয়েছে এক্স-রে মেশিন, আলট্রাসাউন্ড স্ক্যানার, স্বয়ংক্রিয় বৈদ্যুতিক শক দেওয়ার যন্ত্র (এইডি) এবং জরুরি চিকিৎসার জন্য প্রয়োজনীয় বিভিন্ন সরঞ্জাম। এর ফলে রোগীকে হাসপাতালে নেওয়ার পরিবর্তে ঘটনাস্থলেই প্রাথমিক পরীক্ষা ও জরুরি চিকিৎসা দেওয়ার সুযোগ সৃষ্টি হবে।

‘স্টেলা জুভা’ একটি দুই আসনের যান। এর সর্বোচ্চ গতি ঘণ্টায় প্রায় ১২০ কিলোমিটার। তবে এর মূল গুরুত্ব গতি নয়; বরং দুর্গম ও বিদ্যুৎ-সুবিধাবঞ্চিত এলাকায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার সক্ষমতা।

প্রকল্পটির পরবর্তী ধাপে অ্যাম্বুলেন্সটি কেনিয়ায় পরীক্ষামূলকভাবে চালানোর পরিকল্পনা রয়েছে। নির্মাতা দল আফ্রিকার স্বাস্থ্য সংস্থা আমরেফ হেলথ আফ্রিকার সঙ্গে সহযোগিতা করবে এ কাজে।

উদ্ভাবকদের আশা, সফলভাবে পরীক্ষিত হলে সৌরবিদ্যুৎচালিত এই অ্যাম্বুলেন্স আফ্রিকার প্রত্যন্ত অঞ্চলের মানুষের জরুরি স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ বৃদ্ধি করবে। বিশেষ করে যেখানে জ্বালানি ও বিদ্যুতের সংকটের কারণে প্রচলিত অ্যাম্বুলেন্স ও চিকিৎসা সরঞ্জাম পরিচালনা কঠিন, সেখানে এটি কার্যকর বিকল্প হয়ে উঠতে পারে।

সূত্র: ইউরোনিউজ ও সিএনএন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এমপি বাবুলের উদ্যোগে ভাঙ্গা মহিলা কলেজ সরকারিকরণের উদ্যোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

০৩:৩১ পি.এম


এমপি বাবুলের উদ্যোগে ভাঙ্গা মহিলা কলেজ সরকারিকরণের উদ্যোগ

ফরিদপুর-৪ (ভাঙ্গা–সদরপুর–চরভদ্রাসন) আসনের সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম বাবুল, যিনি জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, তার উদ্যোগে ভাঙ্গা পৌরসদরে অবস্থিত ভাঙ্গা মহিলা কলেজের সরকারিকরণের প্রক্রিয়া চলমান রয়েছে।

গত ২২ আগস্ট, প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ মো. উজ্জ্বল হোসেনের স্বাক্ষরিত একটি চিঠিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয় যে, ১৩ আগস্ট ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম বাবুল ভাঙ্গা উপজেলার পৌরসদরে অবস্থিত ‘ভাঙ্গা মহিলা কলেজ’ সরকারিকরণের জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছেন। এর পরিপ্রেক্ষিতে কলেজটির সরকারিকরণের সম্ভাব্যতা যাচাই করে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ এবং এ বিষয়ে অগ্রগতি প্রতিবেদন প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানোর জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।

ভাঙ্গা মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. সফি উদ্দীন মোল্লা বলেন, “ভাঙ্গা মহিলা কলেজ সরকারিকরণের উদ্যোগ নেওয়ায় ফরিদপুর-৪ আসনের এমপি মো. শহিদুল ইসলাম বাবুলকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।”

তিনি জানান, ১৯৯৭ সালে স্থানীয় জনগণের উদ্যোগে কলেজটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পাঁচ বছর পরেও কলেজটি এমপিওভুক্ত ও স্বীকৃতি পায়নি। পরে ২০০২ সালের ৪ মে ভাঙ্গায় বিএনপি আয়োজিত এক জনসভায় তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া ভাঙ্গা মহিলা কলেজকে স্বীকৃতিসহ এমপিওভুক্ত করার ঘোষণা দেন। এরপর এক সপ্তাহের মধ্যে কলেজটি স্বীকৃতিসহ এমপিওভুক্ত হয়।

২০০৪ সালে কলেজটি ডিগ্রি পর্যায়ে উন্নীত হয়। প্রতিষ্ঠার পর থেকে কলেজটির ফলাফলও সন্তোষজনক বলে জানান অধ্যক্ষ। ২০২৫ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষায় কলেজটির পাসের হার ছিল প্রায় ৮৩ শতাংশ।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, সম্প্রতি এক অনুষ্ঠানে সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম বাবুল ভাঙ্গা মহিলা কলেজ সরকারিকরণের উদ্যোগের কথা জানান।

শুক্রবার, নিজের ফেসবুক স্ট্যাটাসেও বিষয়টি উল্লেখ করেন সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল। তিনি লেখেন, ভাঙ্গা পৌরসভায় অবস্থিত মহিলা কলেজটি সরকারিকরণের কাজ এগিয়ে চলছে। কলেজটি বিএনপির ২০০১–২০০৬ মেয়াদের সরকারের সময় এমপিওভুক্ত করা হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠিয়েছেন। এ উদ্যোগের মাধ্যমে কলেজটি সরকারিকরণের স্বপ্ন শিগগিরই বাস্তবে রূপ নেবে বলে আশা প্রকাশ করেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৭
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৩
মাগরিব ০৫:২০
ইশা ০৬:৩২
সূর্যোদয় : ০৬:০৪ সূর্যাস্ত : ০৫:২০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%