ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

১১ বিলিয়ন ডলারে আবুধাবিতে গড়ে উঠছে সুস্থতার ‘স্বর্গরাজ্য’


১১ বিলিয়ন ডলারে আবুধাবিতে গড়ে উঠছে সুস্থতার ‘স্বর্গরাজ্য’

বর্তমান ব্যস্ত পৃথিবীতে, শারীরিক ও মানসিক সুস্থতার প্রতি মানুষের মনোযোগ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তাই সাময়িক ছুটি কাটানোর জন্য নয়, এবার দৈনন্দিন জীবনযাপনের প্রতিটি মুহূর্তকে দীর্ঘমেয়াদে স্বাস্থ্যকর ও আনন্দময় করে তুলতে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে গড়ে উঠছে এক অনন্য দ্বীপ। এই দ্বীপটির নাম ‘ফাহিদ আইল্যান্ড’, যেখানে সম্পূর্ণ সুস্থতা ও ভালো থাকার ধারণা নিয়ে একটি আধুনিক আবাসন প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এই প্রকল্পটি মানুষের জীবনযাত্রার ধারণাই বদলে দিতে সক্ষম হবে।

আবুধাবি সরকারের মালিকানাধীন রিয়েল এস্টেট কোম্পানি আলদার ডেভেলপমেন্টের অধীনে ৪০ বিলিয়ন আমিরাতি দিরহাম বা প্রায় ১১ বিলিয়ন মার্কিন ডলারের ব্যয়ে একটি বিশাল প্রকল্প গড়ে উঠছে। প্রাকৃতিক পরিবেশে নির্মাণ করা হচ্ছে এই ফাহিদ দ্বীপ, যেখানে প্রায় ৬ হাজারেরও বেশি বাড়ি নির্মাণ করা হবে। প্রকল্পটির লক্ষ্য ২০২৯ সালের মধ্যে সম্পূর্ণভাবে চালু করা। ২.৭ মিলিয়ন বর্গমিটার বিস্তৃত এই দ্বীপে থাকবে ১১ কিলোমিটার দীর্ঘ উপকূলরেখা এবং তিনটি প্রধান আবাসিক এলাকা। এই আবাসিক এলাকাগুলোতে থাকবে সাধারণ অ্যাপার্টমেন্ট থেকে শুরু করে অতি-বিলাসবহুল ভিলা। প্রকল্পের অ্যাপার্টমেন্টগুলোর দাম ১৯ লাখ দিরহাম থেকে শুরু হয়ে বিলাসবহুল বাড়ির ক্ষেত্রে ৭৬ লাখ দিরহাম পর্যন্ত যেতে পারে।

আলদার ডেভেলপমেন্টের ঊর্ধ্বতন কর্মকর্তা এমা ম্যাকক্রিরি ব্রিন জানান, এই প্রকল্পের প্রত্যেকটি নকশা ও বাণিজ্যিক সিদ্ধান্ত মানুষের শারীরিক ও মানসিক সুস্থতার কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে। সুস্বাস্থ্যের মূল ভিত্তি হলো চারপাশের অনুকূল পরিবেশ। আর তাই ফাহিদ দ্বীপের বুক চিরে তৈরি হচ্ছে ১০ কিলোমিটার দীর্ঘ একটি ‘বার্ম পার্ক’। এটি হবে একটি সবুজ বাফার জোন, রানিং ট্র্যাক এবং তিনটি সাইক্লিং রুট। পুরো দ্বীপজুড়ে থাকবে ১৫ কিলোমিটার দীর্ঘ একটি সুসংযুক্ত হাঁটার পথ, যার ৭০ শতাংশেরও বেশি অংশ থাকবে ছায়াবৃত। এর ফলে তীব্র গরমের মধ্যেও বাসিন্দারা সহজেই হেঁটে চলাফেরা করতে পারবেন।

আরও পড়ুন: ডিজেল রপ্তানি বাড়াতে চায় ভারত, শোধনাগারগুলো সক্ষমতা বাড়াচ্ছে

বাসিন্দাদের সন্তানদের শিক্ষার জন্য, ২০২৮ সালের সেপ্টেম্বরে এখানে যুক্তরাজ্যের বিখ্যাত ‘কিংস কলেজ স্কুল উইম্বলডন’-এর একটি শাখা চালু হবে। এই শিক্ষাপ্রতিষ্ঠানটি হবে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র এবং জেনারেল সার্ভিসেস অ্যাডমিনিস্ট্রেশন উদ্ভাবিত ‘ফিটওয়েল’ স্বাস্থ্যকর বিল্ডিং সনদে স্বীকৃতিপ্রাপ্ত বিশ্বের প্রথম স্কুল। শুধু স্কুলই নয়, ফাহিদ আইল্যান্ড প্রকল্প হিসেবে পৃথিবীর এই বৈশ্বিক স্বাস্থ্য সূচকে সর্বোচ্চ থ্রি-স্টার রেটিং পেয়েছে, যা একটি বিশ্ব রেকর্ড।

স্বাস্থ্যকর জীবনযাত্রার নামে কেবল একটি ভবনে জিম বা স্পা তৈরি করে সেটিকে ‘ওয়েলনেস’ নাম দেওয়ার যে বাণিজ্যিক প্রবণতা রয়েছে, তার বিষয়ে কড়া সমালোচনা করেছেন এমা ম্যাকক্রিরি ব্রিন। তিনি বলছেন, সুস্থতা মানে কেবল ব্যায়ামাগার নয়; এটি এমন পরিবেশ তৈরি করা, যা মানুষকে প্রতিদিন সচেতনভাবে স্বাস্থ্যকর সিদ্ধান্ত নিতে উদ্দীপনা জোগাবে। ফাহিদ আইল্যান্ড মূলত সেই লক্ষ্যেই একটি দীর্ঘমেয়াদি এবং টেকসই জীবনযাত্রার অনন্য উদাহরণ সৃষ্টি করতে যাচ্ছ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কানাডার সঙ্গে প্রাণিসম্পদ ও খাদ্য নিরাপত্তায় সহযোগিতা জোরদারে আগ্রহী বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

০৩:৩৮ পি.এম


কানাডার সঙ্গে প্রাণিসম্পদ ও খাদ্য নিরাপত্তায় সহযোগিতা জোরদারে আগ্রহী বাংলাদেশ

প্রাণিসম্পদ উন্নয়ন, নিরাপদ প্রাণিজ খাদ্য উৎপাদন, খাদ্য নিরাপত্তা ও আন্তর্জাতিক বাণিজ্যে সক্ষমতা বৃদ্ধি লক্ষ্য নিয়ে কানাডার সঙ্গে সহযোগিতা আরও সম্প্রসারণে বাংলাদেশ গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে।

কানাডা সফররত মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল মঙ্গলবার স্থানীয় সময় বিকেলে কানাডার রাজধানী অটোয়ায় কানাডিয়ান ফুড ইনস্পেকশন এজেন্সির (সিএফআইএ) কার্যালয়ে দেখা করেন মহাপরিচালক ড. পার্থি মুথুকুমারাসামি ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে। এই বৈঠকে সহযোগিতার কথা জানানো হয়।

বাংলাদেশ প্রতিনিধিদলে ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান ও উপপরিচালক মো. শরিফুল হক।

আজ ঢাকায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বৈঠকে প্রাণিসম্পদ উন্নয়ন, খাদ্য নিরাপত্তা, প্রাণিস্বাস্থ্য, ভেটেরিনারি সেবা, পশুখাদ্যের মান নিয়ন্ত্রণ, রোগ নজরদারি, গবেষণা, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, স্যানিটারি ও ফাইটোস্যানিটারি ব্যবস্থা অর্থাৎ খাদ্য, প্রাণী ও উদ্ভিদস্বাস্থ্য সুরক্ষা বিষয়ক আন্তর্জাতিক মানদণ্ড বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ ছাড়া বৈঠকে প্রাণিজ পণ্যের বাণিজ্য সম্প্রসারণ, কারিগরি সহযোগিতা বৃদ্ধি, তথ্য ও অভিজ্ঞতা বিনিময়, দক্ষ মানবসম্পদ উন্নয়ন, আধুনিক পরীক্ষাগার ও খাদ্য পরিদর্শন ব্যবস্থা উন্নয়নে যৌথভাবে কাজ করার বিষয়ে উভয় পক্ষ আগ্রহ প্রকাশ করে।

মাধ্যমিক পদক্ষেপের অধীনে সচিব মো. দেলোয়ার হোসেন বলেন, আন্তর্জাতিক মানসম্পন্ন নিরাপদ প্রাণিজ খাদ্য উৎপাদন ও রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে বাংলাদেশ সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। কানাডিয়ান ফুড ইনস্পেকশন এজেন্সির কারিগরি সহযোগিতা বাংলাদেশের সক্ষমতা আরও শক্তিশালী করার জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

কানাডিয়ান ফুড ইনস্পেকশন এজেন্সির মহাপরিচালক ড. পার্থি মুথুকুমারাসামি বাংলাদেশ প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে খাদ্য নিরাপত্তা, প্রাণিস্বাস্থ্য ও নিয়ন্ত্রক সক্ষমতা উন্নয়নে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর আগ্রহ প্রকাশ করেন।

তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, ভবিষ্যতে দুই দেশের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মধ্যে জ্ঞান, প্রযুক্তি ও অভিজ্ঞতা বিনিময় আরও বৃদ্ধি পাবে। বৈঠকের শেষে উভয় পক্ষ প্রাণিসম্পদ ও খাদ্য নিরাপত্তা খাতে দীর্ঘমেয়াদি সহযোগিতা আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করে। এই বৈঠকের মাধ্যমে বাংলাদেশ এবং কানাডার মধ্যকার প্রাণিসম্পদ উন্নয়ন, নিরাপদ খাদ্য উৎপাদন ও আন্তর্জাতিক বাণিজ্য সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা প্রকাশ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে ইসলামী আন্দোলনের প্রতিনিধিদল

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

০৩:৪০ পি.এম


ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে ইসলামী আন্দোলনের প্রতিনিধিদল

ঢাকায় নিযুক্ত ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদির আমন্ত্রণে ইসলামী আন্দোলন বাংলাদেশের একটি প্রতিনিধিদল ইরান দূতাবাসে সৌজন্য সাক্ষাৎ করেছে।

এ সাক্ষাৎটি বুধবার (১৫ জুলাই) অনুষ্ঠিত হয়। এর মাধ্যমে বাংলাদেশ ও ইরানের দ্বিপক্ষীয় সম্পর্ক, আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি, অর্থনৈতিক সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

বৈঠকে উভয় পক্ষ দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো জোরদার ও বহুমাত্রিক করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করে।

সাক্ষাতে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের (পীর সাহেব চরমোনাই) পক্ষ থেকে সাম্প্রতিক সংঘাতে ক্ষতিগ্রস্ত ইরানের সরকার ও জনগণের প্রতি সমবেদনা জানানো হয়। একই সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহতদের রুহের মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়। প্রতিনিধিদল অবিলম্বে যুদ্ধ বন্ধ, মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা এবং ইরানে স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসার প্রত্যাশার কথাও জানায়।

বৈঠকে বাংলাদেশ ও ইরানের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ, সরাসরি বিমান যোগাযোগ চালু, ব্যবসা-বাণিজ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং বিনিয়োগের সুযোগ বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। পাশাপাশি ইরানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি ছাত্রদের জন্য উচ্চশিক্ষা ও বৃত্তির সুযোগ আরো সম্প্রসারণের ওপর গুরুত্ব দেওয়া হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দলের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ও সাবেক রাষ্ট্রদূত আলহাজ গোলাম মসীহ। প্রতিনিধিদলে আরো ছিলেন ইসলামী যুব আন্দোলনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইমতিয়াজ আহমেদ সজল এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্যসচিব ও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. রাজন সিকদার।

সাক্ষাৎ শেষে উভয় পক্ষ পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা অব্যাহত রাখার আগ্রহ প্রকাশ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দীর্ঘদিনের ভোগান্তির পর জিব্রাল্টার-স্পেন সীমান্তে তল্লাশি বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

০৩:৪৩ পি.এম


দীর্ঘদিনের ভোগান্তির পর জিব্রাল্টার-স্পেন সীমান্তে তল্লাশি বন্ধ

দীর্ঘদিনের ভোগান্তির কারণ হয়ে থাকা সীমান্ত তল্লাশি তুলে নেওয়ার মাধ্যমে বুধবার স্পেন এবং ব্রিটিশ ভূখণ্ড জিব্রাল্টারের মধ্যে নতুন একটি অধ্যায় শুরু হয়েছে।

এএফপির এক সাংবাদিক সীমান্ত এলাকা উপস্থিত থেকে জানান, মধ্যরাতের কয়েক মিনিট পর প্রথমবারের মতো স্পেন থেকে আসা একাধিক মানুষ ও যানবাহন কোনো তল্লাশি ছাড়া সীমান্ত পার হয়ে গেছে।

বিষয়টি নিয়ে খবর বার্তা সংস্থা এএফপি জানিয়েছে। এ উপলক্ষে সেখানে কয়েকশ’ মানুষ জড়ো হন এবং স্পেনের পতাকা উড়িয়ে দেন। এ সময় জিব্রাল্টারের মুখ্যমন্ত্রী ফ্যাবিয়ান পিকার্ডো বলেছেন, ‘ইউরোপ ফিরে এসেছে।’

আইবেরীয় উপদ্বীপের দক্ষিণ প্রান্তে অবস্থিত স্বশাসিত ব্রিটিশ ভূখণ্ড জিব্রাল্টারে বর্তমানে প্রায় ৪০ হাজার মানুষ বসবাস করছেন। কিন্তু প্রতিদিন স্পেনের বিভিন্ন স্থান থেকে সীমান্ত পার হয়ে প্রায় ১৫ হাজার ৫০০ কর্মী সেখানে কাজের জন্য যান।

ব্যস্ত সময়ে সীমান্তে প্রায়ই দীর্ঘ যানজট সৃষ্টি হতো। বিশেষ করে ব্রিটেন ও স্পেনের মধ্যে উত্তেজনা বাড়লে নথিপত্র যাচাইয়ের কারণে ভোগান্তি আরও বেড়ে যেত। স্পেন এই ভূখণ্ডের ওপর নিজেদের সার্বভৌমত্ব দাবি করে, যা ‘দ্য রক’ নামেও পরিচিত।

তবে, ২০২০ সালে ব্রিটেন ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে যাওয়ার পর ব্রাসেলস ও লন্ডনের মধ্যে হওয়া এক চুক্তির আওতায় এবার সীমান্ত নিয়ন্ত্রণ তুলে নেওয়া হলো।

মঙ্গলবার ব্রাসেলসে চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে। ওই অনুষ্ঠানে ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্য প্রধান মারোস সেফচোভিচ, ব্রিটেন ও স্পেনের মন্ত্রীরা এবং জিব্রাল্টারের মুখ্যমন্ত্রী পিকার্দো উপস্থিত ছিলেন।

এর আগে এক রেডিও সাক্ষাৎকারে স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস বলেন, এই চুক্তি জিব্রাল্টার এবং সংলগ্ন স্পেনীয় অঞ্চলের জন্য ‘নতুন যুগের সূচনা করবে’ এবং ‘বিপুল সুযোগ’ তৈরি করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ধার না পেয়ে গৃহশিক্ষিকার মাথায় ১০ কোপ, আটক ছাত্রীর মা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

০৩:৪৬ পি.এম


ধার না পেয়ে গৃহশিক্ষিকার মাথায় ১০ কোপ, আটক ছাত্রীর মা

কিশোরগঞ্জের ভৈরবে টাকা ধার না পাওয়ার কারণে এক গৃহশিক্ষিকাকে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে এক শিক্ষার্থীর মায়ের বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত প্রিয়া বেগমকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

ঘটনাটি ঘটে সোমবার (১৩ জুলাই) সকালে ভৈরব উপজেলার শিবপুর ইউনিয়নের পানাউল্লাহচর এলাকায়। বর্তমানে আহত গৃহশিক্ষিকা সিঁথি সীমিতা চিকিৎসাধীন আছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।

পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা যায়, সিঁথি সীমিতা স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলে পড়ান এবং বাড়িতে গিয়ে শিক্ষার্থীদের প্রাইভেট পড়ান। সোমবার সকালে তিনি নিয়মিতের মতো বায়েজিদ মিয়ার বাড়িতে তার মেয়েকে পড়াতে যান। তিনি পড়ানো শেষ করে বাড়িতে ফেরার সময় ভুলবশত তার ছাতা সেখানে ফেলে চলে আসেন। পরে ছাতা আনতে আবার যখন বাড়িতে প্রবেশ করেন, তখন শিক্ষার্থীর মা প্রিয়া বেগম দা দিয়ে তাকে এলোপাতাড়ি কোপ দেন বলে অভিযোগ করা হয়েছে। শিক্ষিকার চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান এবং অভিযুক্ত প্রিয়া বেগমকে আটক করে পুলিশের কাছে তুলে দেন।

আহত শিক্ষিকার পরিবারের দাবি, কয়েকদিন আগে প্রিয়া বেগম সিঁথি সীমিতার কাছে ২০ হাজার টাকা ধার চেয়েছিলেন। কিন্তু টাকা দিতে রাজি না হওয়ায় তিনি ক্ষুব্ধ হয়ে পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছেন।

এ ঘটনায় আহত শিক্ষিকার শ্বশুর মো. শিশু মিয়া বাদী হয়ে ভৈরব থানায় প্রিয়া বেগমকে একমাত্র আসামি করে মামলা দায়ের করেছেন। তিনি বলেন, "টাকা ধার না দেওয়ায় পরিকল্পিতভাবে আমার পুত্রবধূকে দা দিয়ে কুপিয়ে মাথা ও হাতে গুরুতর জখম করা হয়েছে। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।"

মামলার এজাহারে ধার চাওয়ার বিষয়টি উল্লেখ না থাকার বিষয়ে শিশু মিয়া বলেন, "ঘটনার পরপরই মামলা দায়ের করায় তখন আহত শিক্ষিকার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। পরে তার কাছ থেকেই ধার চাওয়ার বিষয়টি জানতে পারি।"

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিমন বোস জানান, ঘটনার পর মামলা হয়েছে। মূল অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%