ঢাকা শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ইং ১৪ই কার্তিক, ১৪৩৩বাং

মা হয়েছি বলে অভিনয় ছাড়ব কেন? বললেন পরিণীতি চোপড়া


মা হয়েছি বলে অভিনয় ছাড়ব কেন? বললেন পরিণীতি চোপড়া

মাতৃত্ব একটি নতুন অধ্যায়, তবে মা হওয়ার ফলে কি অভিনয়জীবনে ইতি টানতে হবে? এই ধারণার সঙ্গে একমত নন বলিউডের অভিনেত্রী পরিণীতি চোপড়া। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, সন্তান জন্ম দেওয়ার কারণে কাজের সুযোগ হারাতে চান না। বরং সংসার, সন্তান এবং পেশাগত জীবনের মধ্যে ভারসাম্য বজায় রেখে আরও ভালো কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন। নতুন ওয়েব সিরিজ ট্রাস্ট নো ওয়ান (Trust No One)-এ অভিনয়, অন্তঃসত্ত্বা অবস্থায় শুটিংয়ের অভিজ্ঞতা, স্বামী রাঘব চাড্ডার সহযোগিতা এবং মাতৃত্বের পর ক্যারিয়ার নিয়ে নিজের ভাবনা শেয়ার করেছেন এই অভিনেত্রী।

চিত্রনাট্যটি হাতে পাওয়ার পর পরিণীতির অভিজ্ঞতা ছিল বিশেষ। তিনি জানান, বই পড়া তার অন্যতম প্রিয় অভ্যাস, তবে মাঝে মাঝে মনোযোগ অন্যদিকে চলে যায়। তাই অনেক সময় অন্য কাউকে দিয়ে পড়তে পছন্দ করেন। কিন্তু যখন সিদ্ধার্থ পি মালহোত্রা ও রেনসিল ডি’সিলভা সিরিজটির চিত্রনাট্য পাঠান, তখন তিনি শহরের বাইরে ছিলেন। তার ধারণা ছিল, পুরো চিত্রনাট্য শেষ করতে দু-তিন দিন লাগবে। কিন্তু বাস্তবে মাত্র আড়াই ঘণ্টায় এক বসায় পুরো চিত্রনাট্য পড়ে শেষ করেন।

শেষ পাতা পড়ার পর পরিণীতির মনে হয়েছিল, এই সিরিজে অভিনয় করতেই হবে। গল্পের আকর্ষণ তাকে বিশেষভাবে টেনেছিল। কাজটির সঙ্গে যুক্ত মানুষের প্রতি তার আশাবাদও ছিল। পরিণীতির মতে, চিত্রনাট্য এতটাই ভালো ছিল যে প্রস্তাব ফিরিয়ে দেওয়ার কোনো কারণই ছিল না। নেটফ্লিক্সের মতো আন্তর্জাতিক প্ল্যাটফর্মে কাজের সুযোগ, প্রযোজক সিদ্ধার্থ পি মালহোত্রা এবং পরিচালক রেনসিল ডি’সিলভার মতো অভিজ্ঞদের সঙ্গে কাজ করার সম্ভাবনা—সব মিলিয়ে প্রকল্পটি তার কাছে বিশেষ হয়ে উঠেছিল।

আরও পড়ুন: শাহরুখ ভক্তরা পেল মন খারাপ করার খবর

ট্রাস্ট নো ওয়ান সিরিজের শুটিংয়ের সময় পরিণীতি অন্তঃসত্ত্বা ছিলেন। জীবনের এমন গুরুত্বপূর্ণ সময়ে কাজ চালিয়ে যাওয়া সহজ ছিল না। তবে শুটিংয়ের পরিবেশ এবং সহকর্মীদের সহযোগিতা তার অভিজ্ঞতাকে অনেকটাই সহজ করে দিয়েছিল। তিনি জানান, শুটিংয়ের সময় ইউনিটের সবাই তার শারীরিক অবস্থার প্রতি বিশেষ যত্নশীল ছিলেন। কাজের পরিবেশে বাড়তি চাপ ছিল না, বরং সবাই একে অপরকে সহযোগিতা করেছেন। ফলে শুটিংয়ের সময়সূচি সামলাতে বড় কোনো সমস্যার মুখে পড়তে হয়নি।

পরিবারের সদস্যরাও এই সময়ে পরিণীতির পাশে ছিলেন। বিশেষ করে স্বামী রাঘব চাড্ডার সহযোগিতার কথা বলতে গিয়ে তার কণ্ঠে কৃতজ্ঞতা ফুটে ওঠে। সুখবরটি শোনার পর রাঘব শিমলায় ছুটে গিয়েছিলেন। পরিণীতির মা, শাশুড়ি এবং ভাইয়েরাও তাকে দেখতে সেখানে পৌঁছে যান। পরিবারের সবার উপস্থিতি নিয়ে মজার ছলে পরিণীতি বলেন, পরিস্থিতি দেখে মনে হচ্ছিল, তার পুরো পরিবারই যেন শুটিংয়ে চলে এসেছে!

মা হওয়ার পরও কাজের সুযোগ চান পরিণীতি। মাতৃত্বের অভিজ্ঞতা তার জীবনকে নতুনভাবে সাজিয়েছে। তবে মা হওয়ার কারণে অভিনয় থেকে দূরে সরে যাওয়ার কোনো ইচ্ছা তার নেই। বরং সন্তান জন্মের পর একজন অভিনেত্রীর কাজের সুযোগ কমে যেতে পারে—এই আশঙ্কাই তাকে বেশি ভাবায়। পরিণীতির মতে, মা হওয়া জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অভিজ্ঞতা। কিন্তু সেই অভিজ্ঞতার কারণে পেশাগত জীবনে পিছিয়ে পড়তে হবে, এমনটা হওয়া উচিত নয়।

বলিউডে মাতৃত্বের পরও নিয়মিত কাজ করে চলেছেন এমন অভিনেত্রীর সংখ্যা বাড়ছে। বিষয়টিকে ইতিবাচক পরিবর্তন হিসেবে দেখেন পরিণীতি। উদাহরণ হিসেবে আলিয়া ভাট, দীপিকা পাড়ুকোন এবং তার দিদি প্রিয়াঙ্কা চোপড়ার নাম উল্লেখ করেছেন। পরিণীতির মতে, তাদের প্রজন্মের অভিনেত্রীরা মাতৃত্বের পরও নিজেদের কাজ চালিয়ে যেতে পারছেন, যা আনন্দের বিষয়। প্রিয়াঙ্কা যেমন বলিউডের বাইরেও আন্তর্জাতিক চলচ্চিত্রে কাজ করছেন, তেমনই অন্য অভিনেত্রীরাও নিজেদের পেশাগত জায়গা ধরে রেখেছেন। তার বিশ্বাস, তারা এখন ভালো কাজ করছেন এবং অভিজ্ঞতার সঙ্গে সঙ্গে আরও ভালো কাজ করার সুযোগও তৈরি হচ্ছে।

আরও পড়ুন: তামান্নার শরীর নিয়ে বিতর্কিত মন্তব্যের কড়া জবাব

পরিণীতি কাজের পাশাপাশি ব্যক্তিগত জীবনকেও গুরুত্ব দেন। পরিবার, বন্ধু, ভ্রমণ, ছুটি কাটানো, উৎসব কিংবা একান্তে নিজের জন্য কিছুটা সময়—জীবনের এই ছোট ছোট আনন্দগুলো তার কাছে কম গুরুত্বপূর্ণ নয়। তবে মা হওয়ার পর সময়ের হিসাব অনেকটাই বদলে গেছে। এখন নিজের কাজের পাশাপাশি সন্তানের প্রয়োজন এবং পরিবারের দায়িত্বও সমান গুরুত্ব পায়। তাই জীবনের ভারসাম্য বজায় রাখার বিষয়টি আগের চেয়ে আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।

পরিণীতির কাছে সাফল্য মানে শুধু পেশাগত অর্জন নয়; বরং জীবনের বিভিন্ন দিককে একসঙ্গে এগিয়ে নিয়ে যাওয়া। কাজের ব্যস্ততার মধ্যেও প্রিয়জনদের সময় দেওয়া এবং নিজের ভালো থাকার দিকে নজর রাখা—এই দুইয়ের সমন্বয়ই তার কাছে গুরুত্বপূর্ণ।

ছেলের দায়িত্ব মা-বাবার দুজনেরই

রাজনীতির ব্যস্ততায় সময় কাটে রাঘব চাড্ডার, অন্যদিকে অভিনয়, শুটিং ও প্রচারের কাজে ব্যস্ত থাকেন পরিণীতি। ফলে তাদের ছোট্ট ছেলের দেখাশোনা কীভাবে হয়, তা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে। এ বিষয়ে পরিণীতির উত্তর একেবারেই স্পষ্ট— সন্তানের দায়িত্ব তারা দুজন সমানভাবে ভাগ করে নিয়েছেন।

আরও পড়ুন: অপেশাদার চর্চা আমাকে কষ্ট দেয়: দীঘি

অভিনেত্রীর কথায়, তারা দুজনেই মা-বাবা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তাই সন্তানের দায়িত্বও দুজনেরই। পরিণীতি যখন কাজে ব্যস্ত থাকেন, তখন রাঘব ছেলের সঙ্গে সময় কাটান। আবার রাঘবের কাজ থাকলে সন্তানের দায়িত্ব সামলান পরিণীতি। অর্থাৎ, সংসার ও সন্তান পালনের দায়িত্বকে তারা একজনের ওপর চাপিয়ে দেননি। বরং নিজেদের কাজের সময় এবং প্রয়োজন বুঝে দায়িত্ব ভাগ করে নেওয়ার পথ বেছে নিয়েছেন।

স্বামীর এই সহযোগিতা পরিণীতির কাছে বিশেষভাবে মূল্যবান। কারণ, অভিনয়ের ব্যস্ততা সব সময় একই রকম থাকে না। কোনো দিন শুটিং বা কাজের চাপে ক্লান্ত হয়ে পড়েন তিনি। তখন রাঘবের আশ্বাস তাকে নতুন করে সাহস জোগায়। পরিণীতি জানান, এমন অনেক দিন যায়, যখন কাজের শেষে তিনি একেবারে ক্লান্ত হয়ে পড়েন। কিন্তু কাজ চালিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করলে রাঘব তাকে আশ্বস্ত করেন, তিনি নিশ্চিন্তে কাজে যেতে পারেন, বাকি সব দায়িত্ব তিনি সামলে নেবেন।

অভিনয় আর রাজনীতি—দুজনের জগৎ আলাদা

পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডার পেশাগত জগৎ সম্পূর্ণ আলাদা। একজন অভিনয়ের সঙ্গে যুক্ত, অন্যজন রাজনীতির মানুষ। সংসারে তাদের বোঝাপড়া ভালো হলেও কাজের ক্ষেত্রে একে অপরকে পরামর্শ দেওয়ার অভ্যাস খুব একটা নেই। রাজনীতির জটিল হিসাব, সংসদীয় বক্তৃতা কিংবা নির্বাচনের বিষয়ে নিজের বিশেষ জ্ঞান নেই বলেই জানান পরিণীতি। তাই এসব বিষয়ে রাঘবকে পরামর্শ দেওয়ার প্রশ্ন ওঠে না। অন্যদিকে সিনেমার চিত্রনাট্য বা অভিনয়ের জগতেও রাঘবের অভিজ্ঞতা সীমিত।

আরও পড়ুন: ‘পরশমণি’ ছবিতে গানের মাধ্যমে সমাজ ও অবিচারের বিরুদ্ধে পাঁচ নারীর প্রতিবাদ

এই প্রসঙ্গে মজার একটি ঘটনাও শোনান অভিনেত্রী। কোথাও তার নিজের গান বাজছিল, অথচ গানটি যে তারই, তা রাঘবকে আলাদা করে জানাতে হয়েছিল তাকে! ঘটনাটি বলতে গিয়ে হেসে ফেলেন পরিণীতি। তার বক্তব্য, কাজের ক্ষেত্রে দুজনের জগৎ আলাদা থাকাই ভালো। একে অপরের পেশাগত পরিসরে অযথা হস্তক্ষেপ না করেও যে ভালো বোঝাপড়া বজায় রাখা যায়, তাদের সম্পর্ক যেন তারই উদাহরণ।

মাতৃত্বের সঙ্গে স্বপ্নের সহাবস্থান

পরিণীতি চোপড়ার সাম্প্রতিক অভিজ্ঞতার গল্পে উঠে এসেছে একাধিক গুরুত্বপূর্ণ দিক। অন্তঃসত্ত্বা অবস্থায় শুটিং চালিয়ে যাওয়ার অভিজ্ঞতা, মা হওয়ার পরও নিজের পেশাগত পরিচয় ধরে রাখার দৃঢ় ইচ্ছা, স্বামী রাঘব চাড্ডার সহযোগিতা, পরিবারের সমর্থন এবং দায়িত্ব ভাগ করে নেওয়ার বাস্তব চিত্র।

তাঁর বক্তব্যের মূল সুর একটাই— মাতৃত্ব জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় হলেও তা কোনো নারীর পেশাগত স্বপ্নের সমাপ্তি হতে পারে না। একজন নারী একই সঙ্গে মা এবং সফল পেশাজীবী হতে পারেন, যদি তার কাজের সুযোগ থাকে এবং পরিবার ও কর্মক্ষেত্র থেকে প্রয়োজনীয় সহযোগিতা মেলে।

আরও পড়ুন: স্বামীকে কাছে না পেয়ে মনখারাপ কারও, কেউ আবার উচ্ছ্বসিত! করওয়া চৌথে বলি তারকাদের অনুভূতি

পরিণীতির কাছে তাই মা হওয়া মানে অভিনয়জীবন থেকে সরে দাঁড়ানো নয়। বরং জীবনের নতুন দায়িত্বকে সঙ্গে নিয়েই এগিয়ে চলা। আর সেই পথচলায় নিজের পরিচয়, ভালোবাসার মানুষদের সময় দেওয়া এবং কাজের প্রতি দায়বদ্ধতা—সবকিছুকেই সমান গুরুত্ব দিতে চান তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাথনায়াকের সেঞ্চুরি, শ্রীলঙ্কাকে জেতাতে পারল না

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ ইং

১২:৩৬ এম


রাথনায়াকের সেঞ্চুরি, শ্রীলঙ্কাকে জেতাতে পারল না

সপ্তাহখানেক আগে ত্রিদেশীয় সিরিজের অধীনে ইংল্যান্ডের বিরুদ্ধে ৪৩০ রান তাড়ায় শ্রীলঙ্কার রেকর্ড গড়া জয়কে নেতৃত্ব দেন পভন রাথনায়াকে। ওই ম্যাচে রাথনায়া ১৩০ রান করেছিলেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ইংল্যান্ড তাদের জন্য ৩৮৭ রানের লক্ষ্য নির্ধারণ করে। রান তাড়ায় রাথনায়া আজ ঝোড়ো সেঞ্চুরি করেন। তবে তার ৭৭ বলের ১১৮ রানের ইনিংস শ্রীলঙ্কাকে জয় এনে দিতে পারেনি।

গাদ্দাফি স্টেডিয়ামে ২৯ বল বাকি থাকতে শ্রীলঙ্কাকে ৩৩১ রানে অলআউট করে ইংল্যান্ড ৫৫ রানে জয়লাভ করে। ত্রিদেশীয় সিরিজে এটি ইংল্যান্ডের জন্য প্রথম জয়, যা তাদের জন্য কিছুটা স্বস্তির কারণ। আগের তিন ম্যাচের তিনটিতেই পরাজিত হয়ে তারা ফাইনাল থেকে ছিটকে গিয়েছিল। ৩১ অক্টোবরের ফাইনালে পাকিস্তান ও শ্রীলঙ্কা মুখোমুখি হবে।

রাথনায়া সেঞ্চুরি করলেও ১১ রানের আক্ষেপে ভুগতে হয়েছে দলপতি কুশাল মেন্ডিসকে। তাদের দুজনের মধ্যে ৮০ রানের একটি জুটি গড়ে ওঠে। এরপর জানিথ লিয়ানাজ ২৭ ও সাহান আরাচিগে ৩০ রান করে রাথনায়াকে সমর্থন দেন। অষ্টম ব্যাটার হিসেবে রাথনায়া দলীয় ৩২৯ রানে আউট হলে শ্রীলঙ্কার জয়ের আশা মূলত ফিকে হয়ে যায়।

পরবর্তী দুই উইকেটে শ্রীলঙ্কা আর মাত্র ২ রান সংগ্রহ করতে সক্ষম হয়। ইংল্যান্ডের পক্ষে লিয়াম ডওসন ৪টি ও সনি বেকার ২টি উইকেট নেন, এছাড়া স্যাম কুরান, হেনরি ক্রোকোম্বে ও জো রুট একটি করে উইকেট লাভ করেন।

ইংল্যান্ড বড় সংগ্রহ অর্জন করে বেন ডাকেটের সেঞ্চুরিতে। তার ১৩২ বলে ১৬৭ রানের ইনিংসে ৭৪ রান করে সহায়তা করেন টম ব্যান্টন। এদিন ইশান মালিঙ্গা লজ্জার সম্মুখীন হন। তিনি দ্বিতীয় লঙ্কান হিসেবে ওয়ানডে ক্রিকেটে এক ইনিংসে একশর বেশি রান খরচ করেন, ১০১ রানের বিনিময়ে মাত্র এক উইকেট নেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মধ্যবর্তী নির্বাচনে চাপের মুখে ট্রাম্পের হোয়াইট হাউস

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ ইং

১২:৩৭ এম


মধ্যবর্তী নির্বাচনে চাপের মুখে ট্রাম্পের হোয়াইট হাউস

হোয়াইট হাউসের ওভাল অফিসের পাশে অবস্থিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ডাইনিং রুম। এখানে বসে তিনি টেলিভিশন দেখেন, ফোনকল করেন এবং প্রিন্ট করা খবর, প্রবন্ধ ও নথিপত্রের স্তূপ থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করেন। পুরো ঘরটি কাগজে ঠেসে রয়েছে। প্রেসিডেন্টের সহকারী নাটালি হার্পের কাজ করার জন্য অল্প জায়গা রাখা হয়েছে। যখন প্রেসিডেন্টের নির্ধারিত ডেস্কে বসেন না, তখন তিনি এখানে কাজ করেন।

অন্যদিকে, আমেরিকার ফেডারেল হাউজিং ফিন্যান্স এজেন্সির শীর্ষ কর্মকর্তা বিল পালটি এখানে কিছু সময় কাজ করেন। তিনি ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যমের জন্য এআইয়ে তৈরি বিভিন্ন ছবি ও মিম সরবরাহ করেন। এছাড়া প্রচারের জন্য বিভিন্ন পোস্টারও তৈরি করেন। সম্প্রতি তিনি ওহাইওর রিপাবলিকান সিনেটর জন হাস্টেডের জন্য একটি পোস্টার তৈরি করেছেন, যা দেখে ট্রাম্প প্রশংসা করেছেন। পোস্টারটি ট্রাম্পের এয়ারফোর্স ওয়ান ব্যবহার করে প্রদর্শনের জন্য প্রস্তুত করা হয়েছে।

অনুসারী, খবরের কাগজের কাটিং, পোস্টার ও ভক্তদের পাঠানো শিল্পকর্মের মধ্য থেকে ক্রমেই নির্বাচনের ফলাফল নিয়ে অনিশ্চিত হয়ে পড়ছেন ট্রাম্প। আগামী সপ্তাহে অনুষ্ঠিতব্য নির্বাচনে আমেরিকার আইনসভা কংগ্রেসের উভয়কক্ষে তার দল রিপাবলিকান পার্টির হেরে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

নির্বাচনে রিপাবলিকান পার্টির অনেক প্রার্থী ট্রাম্পের নীতিমালা, আচরণ ও তার প্রশাসনের বিরুদ্ধে ওঠা ব্যক্তিগত স্বার্থ হাসিলের অভিযোগ থেকে নিজেদের দূরে রাখার চেষ্টা করছেন। সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রের তথ্যানুসারে, হাড্ডাহাড্ডি লড়াই হতে যাওয়া বিভিন্ন আসনে ট্রাম্পকে জনসভা ও প্রচার না চালানোর জন্য তার সহযোগীদের পরামর্শ দিয়েছেন বেশ কয়েকজন রাজনৈতিক উপদেষ্টা ও রিপাবলিকান পার্টির ভিন্ন ভিন্ন গ্রুপ। তাদের মতে, এর মাধ্যমে ট্রাম্প ভালো কিছু করার বদলে রিপাবলিকান প্রার্থীদের জন্য লড়াইকে আরো কঠিন করে তুলবেন।

কিন্তু নেতিবাচক মন্তব্যকারীদের ওপর ক্ষুব্ধ ও চাপের মুখে থাকা ট্রাম্প তার অজনপ্রিয়তা প্রকাশ করা সব জরিপ প্রত্যাখ্যান করছেন। একই সঙ্গে তার সমালোচনা করা বিভিন্ন খবরের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছেন। সামগ্রিক পরিস্থিতিতে বিষণ্ণতার এক অন্ধকারে ডুবে আছেন তিনি। মধ্যবর্তী নির্বাচনে জয়ের মাধ্যমে তার প্রতি জনগণের সমর্থন অক্ষুণ্ণ রাখার প্রমাণ স্থাপনে দেশজুড়ে প্রচার চালাচ্ছেন তিনি। বুধবার ওহাইওতে এমন এক প্রচার চালান ট্রাম্প।

ট্রাম্প এখনো বিশ্বাস করেন, রিপাবলিকান পার্টিতে তার আধিপত্য কঠিন রাজনৈতিক পরিস্থিতি মোকাবিলার জন্য যথেষ্ট। কিন্তু হোয়াইট হাউসে এর মধ্যে বিষণ্ণতা ছড়িয়ে পড়েছে। নিউ ইয়র্ক টাইমস এ বিষয়ে ট্রাম্প প্রশাসনের ১৬ সাবেক ও বর্তমান কর্মীর সঙ্গে কথা বলেছে। তবে তারা নিজেদের পরিচয় প্রকাশে অস্বীকার করেছেন।

তারা জানান, নির্বাচনের সম্ভাব্য ফলাফল নিয়ে শঙ্কা, রিপাবলিকান পার্টির অভ্যন্তরীণ মতবিরোধ নিয়ে উত্তেজনা ও কংগ্রেসের নিয়ন্ত্রণ হারালে ভবিষ্যৎ পরিস্থিতি নিয়ে আশঙ্কায় হোয়াইট হাউসে ট্রাম্প ও তার সহযোগীরা চাপে রয়েছেন।

তবে হোয়াইট হাউসের এক মুখপাত্র ড্যানিয়েল আলভারেজ বলেন, নিজেদের লক্ষ্যের বিষয়ে প্রেসিডেন্ট ও তার সহযোগীরা ঐক্যবদ্ধ রয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেন, ‘হোয়াইট হাউসে শুধু একটি টিমই রয়েছে এবং তারা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও আমেরিকার জনগণের জন্য কাজ করার লক্ষ্যে দায়িত্ব পালন করছেন।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাকিস্তান হাউসে ১৫ সদস্যের বাংলাদেশের সাংস্কৃতিক প্রতিনিধিদলকে সংবর্ধনা

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ ইং

১২:৩৮ এম


পাকিস্তান হাউসে ১৫ সদস্যের বাংলাদেশের সাংস্কৃতিক প্রতিনিধিদলকে সংবর্ধনা

পাকিস্তান সফররত ১৫ সদস্যের সাংস্কৃতিক প্রতিনিধিদলকে পাকিস্তান হাউসে সংবর্ধনা প্রদান করা হয়েছে, যা বাংলাদেশের শিল্প-সংস্কৃতির সমৃদ্ধ ঐতিহ্যকে তুলে ধরার উদ্দেশ্যে। এ অনুষ্ঠানে বাংলাদেশের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

দ্বিপক্ষীয় সাংস্কৃতিক বিনিময় কর্মসূচির অংশ হিসেবে ১৬ থেকে ১৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত পাকিস্তান সফর করে ১৫ সদস্যের বাংলাদেশের সাংস্কৃতিক প্রতিনিধিদলটি। সফরের সময় ইসলামাবাদে তাদের পরিবেশনায় বাংলাদেশের শিল্প, সংগীত ও সংস্কৃতির বৈচিত্র্য প্রদর্শিত হয়। প্রতিনিধিদলের পরিবেশনা দর্শকদের কাছ থেকে ব্যাপক প্রশংসা অর্জন করে।

এই ১৫ সদস্যের প্রতিনিধিদলে ছিলেন প্রখ্যাত চিত্রশিল্পী ও ছাপচিত্রশিল্পী মো. আবদুস সাত্তার। সংগীতশিল্পীদের মধ্যে ছিলেন পিয়াল হাসান, ইশা খান, এথুন বাবু, মোহাম্মদ জামাল উদ্দিন নাসের ও নাজনীন চৌধুরী। নৃত্যশিল্পী হিসেবে প্রতিনিধিদলে অংশ নেন ফারহানা চৌধুরী, মেহবুবা মাহনূর চাঁদনী, আবদুর রশিদ স্বপন ও গোলাম মোস্তফা।

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় সাংস্কৃতিক বিনিময় কর্মসূচির আওতায় আয়োজিত এ সফর দুই দেশের শিল্পী ও সাংস্কৃতিক অঙ্গনের মধ্যে যোগাযোগ এবং সাংস্কৃতিক পরিচিতি বিনিময়ের একটি সুযোগ সৃষ্টি করেছে। ইসলামাবাদে বাংলাদেশের শিল্পীদের পরিবেশনার প্রশংসা দেশের শিল্প-সংস্কৃতির আন্তর্জাতিক পরিচিতি তুলে ধরার ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ।

পাকিস্তান হাউসে অনুষ্ঠিত সংবর্ধনায় সাংস্কৃতিক প্রতিনিধিদলের সদস্যদের পাশাপাশি বাংলাদেশের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তাদের উপস্থিতি সফরের গুরুত্বকে আরো বাড়িয়ে তোলে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মার্কিন জেনারেলের বিরুদ্ধে ইরান-ইউক্রেন যুদ্ধের তথ্য ফাঁসের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ ইং

১২:৫৬ এম


মার্কিন জেনারেলের বিরুদ্ধে ইরান-ইউক্রেন যুদ্ধের তথ্য ফাঁসের অভিযোগ

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন, গোপন সামরিক তথ্য অনুমতি ছাড়া ফাঁসের অভিযোগে তদন্তের পর এক কর্মকর্তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করেছে। একই সঙ্গে, বিষয়টি সম্ভাব্য আইনি পদক্ষেপের জন্য দেশের বিচার বিভাগের কাছে পাঠানো হয়েছে। খবরটি আনাদোলুর মাধ্যমে প্রকাশিত হয়েছে।

পেন্টাগনের মুখপাত্র শন পারনেল বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন। তিনি উল্লেখ করেন, বিমানবাহিনীর বিশেষ তদন্ত দপ্তরের (এয়ার ফোর্স অফিস অব স্পেশাল ইনভেস্টিগেশনস) দীর্ঘ তদন্তের পর স্পর্শকাতর তথ্যের সুরক্ষা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পারনেল আরও জানান, এই ঘটনার পাশাপাশি আরও কয়েকটি মামলা বিচার বিভাগের কাছে পাঠানো হয়েছে। তবে তদন্তের স্বার্থে অভিযুক্ত ব্যক্তির নাম বা বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

এর আগে বুধবার মার্কিন সংবাদমাধ্যমগুলো জানায়, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জয়েন্ট স্টাফ থেকে সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল ব্রেট সিলভিয়াকে তার পদ থেকে সরিয়ে দিয়েছেন। তিনি জয়েন্ট স্টাফের কৌশল, পরিকল্পনা ও নীতিবিষয়ক অধিদপ্তর—‘জে-৫’-এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

বৃহস্পতিবার সিবিএস নিউজ ও ফক্স নিউজ পেন্টাগনের এক নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তার বরাত দিয়ে জানায়, ইরান ও ইউক্রেনের যুদ্ধসংক্রান্ত গোপন তথ্য সাংবাদিকদের কাছে ফাঁস করার অভিযোগ সিলভিয়ার বিরুদ্ধে উঠেছে।

পারনেল বলেন, ‘গোপন তথ্য কারও ব্যক্তিগত সম্পত্তি নয়। ব্যক্তিগত, রাজনৈতিক বা পেশাগত সুবিধা নেওয়ার জন্য এসব তথ্য ফাঁস করা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের ওপর অর্পিত আস্থার সঙ্গে বিশ্বাসঘাতকতা।’ তবে সিলভিয়ার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে তদন্তের চূড়ান্ত ফল বা বিচার বিভাগের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৪
মাগরিব ০৫:২১
ইশা ০৬:৩৩
সূর্যোদয় : ০৬:০৩ সূর্যাস্ত : ০৫:২১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%