বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং
০৬:৪৬ পি.এম
চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক ঝুঁকি কমানো, অস্ত্রের বিস্তার রোধ এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহ স্থিতিশীল রাখার অঙ্গীকারের মাধ্যমে শেষ হয়েছে তিন দেশের নেতাদের ত্রিপক্ষীয় বৈঠক। বৃহস্পতিবার চীনের শেনঝেন থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হয়েছেন।
এয়ারফোর্স ওয়ানে করে চীন ছাড়ার আগে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বৈঠক শেষে তিন দেশের পক্ষ থেকে একটি যৌথ ‘শান্তি ঘোষণা’ প্রকাশ করা হয়েছে। এই ঘোষণায় পারমাণবিক ঝুঁকি কমানো এবং পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধে পারস্পরিক আলোচনা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
ঘোষণায় আন্তর্জাতিক নিরাপত্তা ও কৌশলগত স্থিতিশীলতা বজায় রাখার বিষয়েও তিন নেতা একমত হয়েছেন। বিশেষ করে পারমাণবিক অস্ত্রের বিস্তার ঠেকানো এবং এসব অস্ত্র ব্যবহারের ঝুঁকি কমাতে আলোচনা চালিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
বৈঠকে বৈশ্বিক জ্বালানি সরবরাহের বিষয়টিও গুরুত্ব পেয়েছে। যৌথ ঘোষণায় উল্লেখ করা হয়েছে, বিশ্ববাজারে জ্বালানির নিরবচ্ছিন্ন ও স্থিতিশীল সরবরাহ নিশ্চিত করা জরুরি। এ লক্ষ্যে পরিশোধিত পেট্রোলিয়ামজাত পণ্যের উৎপাদন ও সরবরাহ বাড়ানোর পরিকল্পনার কথাও জানানো হয়েছে।
তিন দেশের নেতারা বৈশ্বিক জ্বালানি প্রবাহের স্থিতিশীলতা বজায় রাখার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন। আন্তর্জাতিক বাজারে জ্বালানি সরবরাহ নিয়ে অনিশ্চয়তা এবং ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যে এ অঙ্গীকারকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
বিশ্বের তিন প্রভাবশালী দেশের নেতাদের এই বৈঠক এমন এক সময়ে অনুষ্ঠিত হলো, যখন বিভিন্ন অঞ্চলে সংঘাত, সামরিক উত্তেজনা এবং জ্বালানি সরবরাহ নিয়ে অনিশ্চয়তা বিরাজ করছে। ফলে পারমাণবিক নিরাপত্তা ও জ্বালানি সহযোগিতা নিয়ে তাদের যৌথ অঙ্গীকার বিশেষ গুরুত্ব পেয়েছে। ট্রাম্পের চীন ত্যাগের মধ্য দিয়ে তার এই সফরের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটেছে। এখন দেখার বিষয়, বৈঠকে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবে কতটা কার্যকর হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ১৯ নভেম্বর, ২০২৬ : চিকিৎসকের পরামর্শ ছাড়া এন্টিবায়োটিক ব্যবহারের কারণে মানবদেহে এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে।
ফলস্বরূপ, শেষ ভরসার এন্টিবায়োটিকও জীবাণুর কাছে পরাজিত হচ্ছে। এন্টিবায়োটিকের কার্যকারিতা কমছে এবং জীবাণুর শক্তি বাড়ছে। এর ফলে সংক্রমণের চিকিৎসা সংকটে পড়েছে। এমনকি গুরুতর সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত শক্তিশালী এন্টিবায়োটিক মেরোপেনেমও অনেক ক্ষেত্রে জীবাণুর বিরুদ্ধে কার্যকরী হচ্ছে না।
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) মাইক্রোবায়োলজি অ্যান্ড ইমিউনোলজি বিভাগের এক প্রতিবেদনে এ উদ্বেগজনক তথ্য প্রকাশিত হয়েছে।
বিএমইউর মাইক্রোবায়োলজি অ্যান্ড ইমিউনোলজি বিভাগের ২০২৫-২০২৬ সালের প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বহির্বিভাগ ও অন্তর্বিভাগের রোগীদের নমুনার ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে।
প্রতিবেদনটি নির্দেশ করে যে, নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রোগীদের শ্বাসনালির নমুনায় এ প্রতিরোধের হার ৯৫ শতাংশ ছাড়িয়ে গেছে।
এ বিষয়ে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি অ্যান্ড ইমিউনোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. আবু নাসের ইবনে সাত্তার মন্তব্য করেন যে, "এন্টিবায়োটিকের অপব্যবহার ও অসচেতন ব্যবহারের কারণে জীবাণু ক্রমেই ওষুধ প্রতিরোধী হয়ে উঠছে। ফলে এন্টিবায়োটিকের কার্যকারিতা কমছে এবং সংক্রমণের চিকিৎসা কঠিন হয়ে পড়ছে।"
প্রতিবেদনকালীন সময়ে মোট ৫০ হাজার ৮৪৪টি ক্লিনিক্যাল নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১৩ হাজার ২৫১টি নমুনায় ব্যাকটেরিয়া শনাক্ত হয়েছে।
প্রতিবেদনের সবচেয়ে উদ্বেগজনক তথ্য হলো, কার্বাপেনেম গ্রুপের এন্টিবায়োটিকের কার্যকারিতা কমে যাওয়া।
ছয়টি প্রধান জীবাণুর ১০ হাজার ৫৩৬টি নমুনার মধ্যে ৩ হাজার ৮১০টিতে মেরোপেনেম প্রতিরোধ পাওয়া গেছে। অর্থাৎ প্রতিরোধের হার ৩৬ দশমিক ২ শতাংশ, যা আগের বছরের ২৮ দশমিক ২ শতাংশের তুলনায় বেশি। ক্লেবসিয়েলার ক্ষেত্রে এ হার ২৭ দশমিক ৬ থেকে বেড়ে ৪০ শতাংশ এবং ই. কোলাইয়ের ক্ষেত্রে ১৪ থেকে বেড়ে ২০ দশমিক ৭ শতাংশ হয়েছে। অ্যাসিনেটোব্যাকটারের ৫৭ দশমিক ৫ শতাংশ এবং সিউডোমোনাসের ৫২ দশমিক ১ শতাংশ নমুনায় কার্বাপেনেম প্রতিরোধ পাওয়া গেছে।
রক্তের নমুনায় শনাক্ত ক্লেবসিয়েলার ৫৬ শতাংশ, অ্যাসিনেটোব্যাকটারের ৬২ দশমিক ১ শতাংশ এবং ই. কোলাইয়ের ৩৩ দশমিক ৩ শতাংশ মেরোপেনেমে সাড়া দিচ্ছে না।
আইসিইউ রোগীদের শ্বাসনালির নমুনায় ক্লেবসিয়েলা ও অ্যাসিনেটোব্যাকটারের ক্ষেত্রে প্রতিরোধের হার ৯৫ শতাংশ ছাড়িয়েছে।
মূত্রনালির সংক্রমণের প্রধান জীবাণু ই. কোলাইয়ের ক্ষেত্রেও প্রচলিত এন্টিবায়োটিকের কার্যকারিতা কমছে। এ জীবাণুর ৮২ দশমিক ৮ শতাংশ অ্যামোক্সিসিলিন, ৭৫ দশমিক ৫ শতাংশ সিপ্রোফ্লক্সাসিন এবং ৬২ দশমিক ২ শতাংশ সেফট্রিয়াক্সোনের বিরুদ্ধে প্রতিরোধী। নাইট্রোফিউরানটোইনের বিরুদ্ধে প্রতিরোধ এক বছরে ৩৩ দশমিক ৩ শতাংশ থেকে বেড়ে ৫০ দশমিক ১ শতাংশ হয়েছে।
এদিকে মেথিসিলিন-প্রতিরোধী স্ট্যাফাইলোকক্কাস অরিয়াসের (এমআরএসএ) হারও বৃদ্ধি পাচ্ছে। পুঁজ, ক্ষত, নাক ও কানের নমুনায় এ হার ২০২২-২৩ সালে ৯ দশমিক ৭ শতাংশ থেকে বেড়ে সর্বশেষ প্রতিবেদনে ২৬ দশমিক ৩ শতাংশে পৌঁছেছে। টাইফয়েডের জীবাণুর ক্ষেত্রেও সিপ্রোফ্লক্সাসিন প্রতিরোধের হার ৫০ শতাংশে পৌঁছেছে।
এ বিষয়ে বিএমইউ উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী বলেন, "চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া এন্টিবায়োটিকের সহজলভ্যতা প্রাপ্তি বন্ধ করতে হবে। যথেচ্ছভাবে এন্টিবায়োটিকের ব্যবহারের কারণে এন্টিমাইক্রোবিয়াল রেজিসট্যান্স ভয়াবহতা পর্যায়ে পৌঁছেছে। এরফলে রোগী যখন অসুস্থ হয়ে পড়ে এবং আরোগ্য লাভের জন্য এন্টিবায়োটিকের প্রয়োজন হয় তখন তা ব্যবহারে এন্টিবায়োটিক কাজ করে না। বর্তমানে এটা ভয়াবহ আকার ধারণ করছে। এ অবস্থা থেকে উত্তোরণে জনসচেতনতার কোনো বিকল্প নাই।"
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, প্রতিরোধী সংক্রমণের কারণে নিউমোনিয়া, সেপসিস্, যক্ষ্মার মতো সাধারণ সংক্রমণের চিকিৎসা কঠিন, কখনো অসম্ভব হয়ে পড়ছে। এতে মৃত্যুহার বাড়ছে, হাসপাতালে থাকার সময় দীর্ঘ হচ্ছে এবং দামি ও পার্শ্বপ্রতিক্রিয়াযুক্ত ওষুধের প্রয়োজন হচ্ছে, যা পরিবার ও স্বাস্থ্যব্যবস্থার ওপর বড় আর্থিক চাপ তৈরি করছে। ক্যান্সারের কেমোথেরাপি, অঙ্গ প্রতিস্থাপন, বড় অস্ত্রোপচার ও আইসিইউ চিকিৎসার সাফল্যও হুমকির মুখে।
প্রতিবেদনে কয়েকটি সুপারিশে বলা হয়েছে: এই অ্যান্টিবায়োগ্রাম তথ্যের ভিত্তিতে এন্টিবায়োটিকের নীতিমালা প্রণয়ন ও নজরদারি ব্যবস্থা সম্প্রসারণ; কমসূচক, সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ এবং ল্যাবরেটরি ব্যবস্থা শক্তিশালী করা; মানুষ ও প্রাণিস্বাস্থ্যে দায়িত্বশীল এন্টিবায়োটিক ব্যবহার নিশ্চিত করা এবং ২০৩০ সালের মধ্যে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স মোকাবিলায় ওষুধ-প্রতিরোধী ব্যাকটেরিয়া ও ছত্রাকজনিত রোগ নিয়ে গবেষণা জোরদার করা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
আজ সকালে তালতলী উপজেলা পরিষদের পায়রা হল রুমে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে কনসাল্টেটিভ সভা অনুষ্ঠিত হয়েছে।
কনসার্ণ ওয়ার্ল্ডওয়াইডের সহযোগিতায় আরএমএনসিএএইচ প্রকল্পের এর আওতায় এনএসএস।
সভায় সভাপতিত্ব করেন তালতলী উপজেলা নির্বাহী অফিসার অতীশ সরকার।এতে অন্যান্যর মধ্যে বক্তৃতা করেন তালতলী হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার সব্যসাচি দাস, তালতলী থানার অফিসার ইন চার্জ মো. সাইদুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইলিয়াস হোসেন খান, চেয়ারম্যান সমিতির সভাপতি ইউনুচ ফরাজি
চেয়ারম্যান সমিতির
সাধারণ সম্পাদক ফারুক খান,এনএসএস নির্বাহী পরিচালক শাহাবুদ্দিন পাননা।
সভায় প্রকল্প কার্যক্রম উপস্থাপন করেন প্রজেক্ট কোঅর্ডিনেটর -এএফএম সুজাউদৌলা এবং সঞ্চালনা করেন ডিপিসি মনোজ কুমার দাস ও টিজিইও সুরাইয়া আক্তার।
সভায় সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি,সাংবাদিক এনজিও প্রতিনিধিসহ উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ৫০ সদস্য অংশগ্রহণ করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বিশ্বের প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ, বিশিষ্ট ফকিহ এবং পাকিস্তানের শীর্ষস্থানীয় আলেম মুফতি মুহাম্মদ তাকি উসমানি বাংলাদেশে আসার জন্য প্রস্তুতি নিচ্ছেন। তিনি সাত দিনের সফরে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ধর্মীয়, শিক্ষামূলক এবং ইসলামি সম্মেলনে অংশগ্রহণ করবেন। ২২ থেকে ২৮ নভেম্বরের মধ্যে তার জন্য মোট ৯টি কর্মসূচি নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে আন্তর্জাতিক ইসলামি মহাসম্মেলন, দস্তারবন্দি অনুষ্ঠান, উলামা সম্মেলন, জুমার খুতবা এবং দরসে বুখারি। তার বাংলাদেশ সফর নিয়ে দেশের আলেম-উলামা, শিক্ষার্থী এবং ধর্মপ্রাণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে।
সাত দিনের সফরে ব্যস্ত কর্মসূচি
মুফতি মুহাম্মদ তাকি উসমানি পাকিস্তানের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান দারুল উলুম করাচির মহাপরিচালক এবং বেফাকুল মাদারিসিল আরাবিয়া পাকিস্তানের সভাপতি। মুসলিম বিশ্বের অন্যতম প্রভাবশালী এই আলেম ইসলামি আইনশাস্ত্র, ফিকহ, অর্থনীতি এবং সমসাময়িক বিভিন্ন বিষয়ে গবেষণা ও লেখালেখির জন্য বিশেষভাবে পরিচিত।
সফরের প্রধান সমন্বয়কারী মুফতি মিজানুর রহমান সাঈদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তার বাংলাদেশ সফরের বিস্তারিত কর্মসূচি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ২২ নভেম্বর থেকে শুরু হয়ে ২৮ নভেম্বর পর্যন্ত চলবে তার এই সফর। এ সময়ের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে আয়োজিত ৯টি ধর্মীয় ও শিক্ষামূলক অনুষ্ঠানে তিনি অংশ নেবেন।
মুফতি তাকি উসমানির বাংলাদেশ সফরের বিস্তারিত সময়সূচি:
২২ নভেম্বর, রোববার— খিলক্ষেতে আন্তর্জাতিক ইসলামি মহাসম্মেলন
বাংলাদেশে পৌঁছানোর পর মাগরিব অথবা এশার নামাজের পর রাজধানীর খিলক্ষেতে অবস্থিত শায়খ যাকারিয়া ইসলামি রিসার্চ সেন্টারের ১৫-সালা দস্তারবন্দি ও আন্তর্জাতিক ইসলামি মহাসম্মেলনে অংশ নেবেন মুফতি তাকি উসমানি।
২৩ নভেম্বর, সোমবার— গেন্ডারিয়ায় ৭০-সালা দস্তারবন্দি সম্মেলন
দ্বিতীয় দিন এশার নামাজের পর ঢাকার গেন্ডারিয়ার ধূপখোলা মাঠে অনুষ্ঠিত হবে জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদের ৭০-সালা দস্তারবন্দি সম্মেলন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি।
২৪ নভেম্বর, মঙ্গলবার— হাটহাজারী মাদ্রাসা সফর
সফরের তৃতীয় দিন সকাল ১০টায় চট্টগ্রামের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসা সফর করবেন মুফতি তাকি উসমানি।
২৫ নভেম্বর, বুধবার— নরসিংদীতে যাত্রাবিরতি ও সিলেটে উলামা সম্মেলন
সফরের চতুর্থ দিন বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত নরসিংদীর হেরিটেজ রিসোর্টে যাত্রাবিরতি করবেন তিনি। এরপর একই দিন এশার নামাজের পর সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত উলামা সম্মেলনে অংশ নেবেন।
২৬ নভেম্বর, বৃহস্পতিবার— বেফাক ও আল-হাইআতুল উলইয়ার যৌথ উলামা সম্মেলন
পঞ্চম দিন মাগরিবের নামাজের পর বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড (বেফাক) এবং আল-হাইআতুল উলইয়া লিল-জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের যৌথ আয়োজনে অনুষ্ঠিত উলামা সম্মেলনে যোগ দেবেন তিনি।
২৭ নভেম্বর, শুক্রবার— বায়তুল মোকাররমে জুমার খুতবা ও কেরানীগঞ্জে সম্মেলন
সফরের ষষ্ঠ দিন দুপুর ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার খুতবা ও সাধারণ বয়ান পেশ করবেন মুফতি তাকি উসমানি। একই দিন এশার নামাজের পর কেরানীগঞ্জের জামিয়া হাকিমুল উম্মতে আয়োজিত ইসলাহি সম্মেলনে অংশ নেবেন তিনি।
২৮ নভেম্বর, শনিবার— যাত্রাবাড়ীতে দরসে বুখারির মাধ্যমে সফরের সমাপ্তি
সফরের শেষ দিন মাগরিবের নামাজের পর রাজধানীর জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া যাত্রাবাড়ীতে দরসে বুখারি প্রদান করবেন মুফতি মুহাম্মদ তাকি উসমানি। এর মধ্য দিয়েই শেষ হবে তার সাত দিনের বাংলাদেশ সফর।
শারীরিক অবস্থা বিবেচনায় সফরসূচিতে পরিবর্তন
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, বার্ধক্যজনিত দুর্বলতা ও শারীরিক অবস্থা বিবেচনায় নিয়ে মুফতি তাকি উসমানির বাংলাদেশ সফরের কর্মসূচিতে কয়েক দফা পরিবর্তন আনা হয়েছে।
প্রাথমিক পরিকল্পনায় প্রতিদিন একাধিক অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা থাকলেও পরবর্তী সময়ে তাঁর স্বাস্থ্যের বিষয়টি গুরুত্ব দিয়ে কর্মসূচি পুনর্বিন্যাস করা হয়। গত ৬ নভেম্বর চূড়ান্ত সফরসূচি প্রণয়নের সময় অনুষ্ঠানের সংখ্যা কমিয়ে আনা হয়। একই সঙ্গে পূর্বনির্ধারিত কয়েকটি আয়োজনও বাদ দেওয়া হয়। আয়োজকদের মতে, সফরকালীন শারীরিক স্বাচ্ছন্দ্য ও বিশ্রামের বিষয়টি বিবেচনায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিশ্ববরেণ্য আলেম মুফতি মুহাম্মদ তাকি উসমানির বাংলাদেশ সফর দেশের দ্বীনি অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ আয়োজন হিসেবে বিবেচিত হচ্ছে। বিশেষ করে দস্তারবন্দি সম্মেলন, উলামা সমাবেশ, জুমার খুতবা এবং দরসে বুখারিতে তার অংশগ্রহণকে ঘিরে আলেম-উলামা, মাদ্রাসার শিক্ষার্থী এবং ধর্মপ্রাণ মানুষের মধ্যে আগ্রহ রয়েছে।
সাত দিনের এই সফরে দেশের বিভিন্ন অঞ্চলের ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে তার উপস্থিতি, আলোচনা এবং শিক্ষামূলক বক্তব্য শোনার সুযোগ তৈরি হবে। সব মিলিয়ে মুফতি তাকি উসমানির বাংলাদেশ সফর দেশের ইসলামি শিক্ষা ও ধর্মীয় অঙ্গনে তাৎপর্যপূর্ণ একটি আয়োজন হতে যাচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত এবং ইরান যুদ্ধের প্রেক্ষাপট সত্ত্বেও, রাতের বেলা একা হাঁটার জন্য বিশ্বের অন্যতম নিরাপদ দেশ হিসেবে সউদী আরব এবং প্রতিবেশী উপসাগরীয় দেশগুলো নিজেদের অবস্থান ধরে রেখেছে। বুধবার প্রকাশিত একটি বৈশ্বিক নিরাপত্তা জরিপ প্রতিবেদনে এ বিষয়টি উঠে এসেছে।
গ্যালাপের গ্লোবাল সেফটি রিপোর্ট অনুযায়ী, রাতের বেলা একা হাঁটার ক্ষেত্রে ব্যক্তিগত নিরাপত্তার সূচকে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) শীর্ষ অবস্থানে রয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, আমিরাতের এই জরিপটি ইরান যুদ্ধ শুরুর পূর্বে সম্পন্ন হয়েছিল। এছাড়া, বাহরাইন ও কুয়েতসহ উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) অন্যান্য দেশগুলোও শীর্ষ তালিকায় স্থান করে নিয়েছে। অঞ্চলটির সাম্প্রতিক অস্থিরতার মধ্যে উপসাগরীয় দেশগুলোর এই উচ্চ অবস্থানকে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ বলে অভিহিত করেছে গ্যালাপ।
জরিপের স্কোর ও আইনশৃঙ্খলা সূচকে, আমিরাত ১০০-এর মধ্যে ৯৫ পয়েন্ট পেয়ে সিঙ্গাপুরের সঙ্গে যৌথভাবে দ্বিতীয় অবস্থানে রয়েছে, যার শীর্ষে রয়েছে তাজিকিস্তান (৯৬ পয়েন্ট)। বাহরাইন ৯৩ পয়েন্ট অর্জন করেছে এবং কুয়েত ও সৌদি আরব প্রত্যেকে ৯২ পয়েন্ট পেয়েছে। আরব বিশ্বের অন্যান্য দেশের মধ্যে জর্ডান ৮৮, মিসর ও ইরাক ৮৬, আলজেরিয়া ৮৫, লিবিয়া ৮৩, তিউনিসিয়া ৮১ এবং মরক্কো ৮০ পয়েন্ট পেয়েছে। অন্যদিকে, লেবানন ৭৫ এবং ফিলিস্তিন ৭৩ পয়েন্ট পেয়ে তুলনামূলক নিচে অবস্থান করছে।
ইরান যুদ্ধ শুরুর পর ২০২৬ সালে পরিচালিত গ্যালাপের পৃথক জরিপগুলোতেও উপসাগরীয় অঞ্চলে ব্যক্তিগত নিরাপত্তাবোধ অত্যন্ত উচ্চমাত্রায় দেখা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরব, কুয়েত, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতের অন্তত প্রতি ১০ জন প্রাপ্তবয়স্কের মধ্যে ৯ জনই রাতের বেলা একা হাঁটার ক্ষেত্রে নিজেদের নিরাপদ মনে করেন। সূত্র: আরব নিউজ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ