বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং
০৭:১৬ পি.এম
বলিউডের অভিনেত্রী কিয়ারা আদভানি ঢাকাই সিনেমায় কাজ করতে পারেন, এমন সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু করেছেন প্রযোজক আরশাদ আদনান। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একটি পোস্ট সিনেপ্রেমী দর্শকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছে।
বুধবার (১৮ নভেম্বর) প্রযোজক আরশাদ আদনান তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি শেয়ার করেন। ছবির ক্যাপশনে তিনি উল্লেখ করেন, "নেক্সট"।
এই পোস্টের মন্তব্যের অংশে প্রতিক্রিয়া জানিয়েছেন ঢালিউডের প্রযোজক ও পরিচালক দেবাশীষ বিশ্বাস। তিনি মন্তব্যে লেখেন, "কিয়ারা আদভানি"।
এরপর থেকেই ভক্তদের মধ্যে আলোচনা চলছে যে আসন্ন ‘মহব্বত’ সিনেমায় শাকিব খানের বিপরীতে নায়িকার চরিত্রে কিয়ারা আদভানি দেখা যেতে পারেন। আলোচনা চলছে, সিনেমায় পাকিস্তানের অভিনেত্রীও থাকতে পারেন। তবে এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে ‘মহব্বত’ সিনেমার শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। সবকিছু ঠিক থাকলে সিনেমাটি ২০২৭ সালের ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ১৯ নভেম্বর, ২০২৬ : বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ডেনিম বাজারে শীর্ষ রপ্তানিকারক দেশের অবস্থান বজায় রেখেছে।
বর্তমান ২০২৬ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে, বাংলাদেশ ইউরোপের বাজারে মোট ডেনিম আমদানির প্রায় ৩০ শতাংশ সরবরাহ করেছে। বৈশ্বিক বাজারের প্রতিযোগিতা এবং চাহিদার পরিবর্তনের মধ্যেও দেশের তৈরি পোশাক শিল্পের সক্ষমতা এবং আন্তর্জাতিক বাজারে অবস্থানের প্রতিফলন এটি।
ইউরোপীয় পরিসংখ্যান সংস্থা ইউরোস্ট্যাটের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম নয় মাসে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো মোট ৩৪২ কোটি ইউরো মূল্যের ডেনিম পণ্য আমদানি করেছে। আগের বছরের একই সময়ের তুলনায় এটি ৩ দশমিক ২৪ শতাংশ কম। এই সময়ে বাংলাদেশ থেকে আমদানি কমে ১০১ কোটি ইউরোতে দাঁড়িয়েছে। তবে, বাজারে বাংলাদেশ ২৯ দশমিক ৪৮ শতাংশ হিস্যা নিয়ে শীর্ষ সরবরাহকারী হিসেবে অবস্থান ধরে রেখেছে।
গত বছরের একই সময়ে ইইউর ডেনিম বাজারে বাংলাদেশের হিস্যা ছিল ৩০ দশমিক ১৮ শতাংশ। অর্থাৎ, সামগ্রিক বাজার সংকোচনের পাশাপাশি প্রতিযোগী দেশগুলোর রপ্তানি বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশের বাজার হিস্যায় কিছু পরিবর্তন এসেছে।
ইউরোস্ট্যাটের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, বাংলাদেশের পর দ্বিতীয় বৃহত্তম ডেনিম সরবরাহকারী দেশ পাকিস্তান। পাকিস্তান চলতি বছরের প্রথম নয় মাসে ইইউতে ৬০ কোটি ৯৭ লাখ ইউরো মূল্যের ডেনিম রপ্তানি করেছে। দেশটির বাজার হিস্যা ১৭ দশমিক ৮৫ শতাংশ।
অন্যদিকে, তুরস্কের রপ্তানি ২০ দশমিক ২৭ শতাংশ কমে ৪৯ কোটি ৮১ লাখ ইউরোতে নেমেছে। দেশটির বাজার হিস্যা আগের বছরের ১৭ দশমিক ৭০ শতাংশ থেকে কমে ১৪ দশমিক ৫৮ শতাংশ হয়েছে।
এ সময়ে মিসরের ডেনিম রপ্তানি ৩৪ দশমিক ৯৭ শতাংশ বেড়ে ২২ কোটি ৫৭ লাখ ইউরো এবং চীনের রপ্তানি ২০ দশমিক ২৩ শতাংশ বেড়ে ২৩ কোটি ৫ লাখ ইউরোতে পৌঁছেছে। মিসরের রপ্তানি বেড়েছে ৫ কোটি ৮৪ লাখ ৯০ হাজার ইউরো, যা একই সময়ে বাংলাদেশের রপ্তানি কমার পরিমাণের প্রায় সমান।
বাংলাদেশ অ্যাপারেল ভয়েসের (বিএভি) প্রধান নির্বাহী কর্মকর্তা মহিউদ্দিন রুবেল বাসসকে জানান, তুরস্ক ও পাকিস্তানের বাজার হিস্যা কমলেও বাংলাদেশ সেই সুযোগ পুরোপুরি কাজে লাগাতে পারেনি। তবে, বছরের শেষ দিকে ইউরোপীয় ইউনিয়নের ডেনিম বাজারে ইতিবাচক প্রবণতা দেখা গেছে। আগস্টে বাজারটি ১১ দশমিক ৯১ শতাংশ এবং সেপ্টেম্বরে ৩ দশমিক ৬৬ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে। সেপ্টেম্বরে বাংলাদেশ থেকে ডেনিম আমদানি আগের বছরের একই মাসের তুলনায় শূন্য দশমিক ৭০ শতাংশ বেড়ে ১৪ কোটি ৩১ লাখ ২০ হাজার ইউরোতে দাঁড়িয়েছে।
সামগ্রিকভাবে ইউরোপের ডেনিম বাজারে বাংলাদেশের শীর্ষ অবস্থান দেশের রপ্তানি খাতের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন। একই সঙ্গে, প্রতিযোগী দেশগুলোর দ্রুত অগ্রগতি এবং বাজারের পরিবর্তিত পরিস্থিতি বিবেচনায় নিয়ে পণ্যের বৈচিত্র্য, উৎপাদন সক্ষমতা এবং প্রতিযোগিতার দক্ষতা বাড়ানোর প্রয়োজনীয়তাও এই চিত্র তুলে ধরেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশ প্রথম ইনিংসে ৪০০ রান সংগ্রহ করে। প্রতিপক্ষের এমন বড় সংগ্রহের পর স্বাগতিক দক্ষিণ আফ্রিকার জন্য চাপ অনুভব করার কথা ছিল। তবে জোহানেসবার্গে সেই চাপকে অতিক্রম করে প্রোটিয়ারা উল্টো দাপুটে জয় অর্জন করেছে। বাংলাদেশের বিশাল সংগ্রহকে অতিক্রম করে লিড নেওয়া এবং শেষ পর্যন্ত ৯ উইকেটের জয়; দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমার কাছে এই সাফল্য বিশেষ গুরুত্ব বহন করে। কারণ, জোহানেসবার্গের মাঠে এর আগে এমন পরিস্থিতিতে টেস্ট জয়ের নজির তাদের ছিল না।
ম্যাচের শুরুতে বাংলাদেশ ৪০০ রান করে লড়াইয়ের ভিত্তি স্থাপন করে। কিন্তু দক্ষিণ আফ্রিকা ৫৫৭ রান করে ১৫৭ রানের লিড নেয়। এরপর বাংলাদেশকে ১৬৮ রানে গুটিয়ে দিয়ে জয়লাভের জন্য স্বাগতিকদের মাত্র ১২ রানের লক্ষ্য নির্ধারণ করে। বাভুমার মতে, কঠিন পরিস্থিতিতে নিজেদের পরিকল্পনায় অবিচল থাকার মাধ্যমেই তারা এই সাফল্য অর্জন করেছে।
ম্যাচ শেষে চাপ সামলানোর কৌশল নিয়ে প্রোটিয়া অধিনায়ক বলেন, ‘চাপ সব সময়ই থাকে। আমার মনে হয়, নিজের মনে চাপটাকে কীভাবে দেখছি বা কীভাবে গ্রহণ করছি, সেটাই আসল বিষয়। দল হিসেবে আমরা কী করছি, তা নিয়ে মানুষের প্রত্যাশা ক্রমাগত বাড়তেই থাকবে। আমরা যেভাবে এই চাপ সামলানোর চেষ্টা করি, তা হলো নিজেদের লক্ষ্যের প্রতি মনোযোগ ধরে রাখা এবং আমরা যা অর্জন করতে চাই, সেদিকেই মনোযোগ দেওয়া।’
প্রথম ইনিংসে ৪০০ রান হজম করেও জয় পাওয়াকে আলাদা অর্জন হিসেবে দেখছেন বাভুমা। তাঁর ভাষায়, ‘প্রথম ইনিংসে প্রতিপক্ষের ৪০০ রানের পরও জয় পাওয়া আমাদের জন্য বিশেষ কিছু। এই মাঠে দক্ষিণ আফ্রিকা এর আগে কখনও এমন পরিস্থিতিতে টেস্ট ম্যাচ জেতেনি। তবে আমরা সেই ইতিহাস বদলে দিয়েছি। সেই সময় আমরা ম্যাচের নিয়ন্ত্রণ হারিয়ে বাংলাদেশকে আবার খেলায় ফিরে আসার সুযোগও দিতে পারতাম।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসের প্রেস উইংয়ে মিনিস্টার (প্রেস) পদে সাংবাদিক গোলাম মোর্তোজা আরও এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ লাভ করেছেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় সংশ্লিষ্ট প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রস্তাবনার ভিত্তিতে আগের চুক্তির ধারাবাহিকতায় গোলাম মোর্তোজাকে ২১ নভেম্বর ২০২৬ থেকে ২০ নভেম্বর ২০২৭ পর্যন্ত এক বছরের জন্য পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়েছে।
সচিব পদমর্যাদায় মিনিস্টার (প্রেস) পদে তাকে নিয়োগ দেওয়া হয়েছে। তবে নিয়োগের শর্ত অনুযায়ী, তাকে অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগ করতে হবে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলার কাস্টমস হাউজে প্রায় দেড় বছর ধরে নিলাম প্রক্রিয়া সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে। এর ফলে ব্যবসায়ীদের আমদানিকৃত সাড়ে ৩শ’ থেকে ৪শ’ কোটি টাকার মূল্যবান পণ্য খোলা আকাশের নিচে রোদ-বৃষ্টিতে পড়ে নষ্ট হচ্ছে। এতে বন্দর জেটি ও ইয়ার্ডে তীব্র পণ্যজট সৃষ্টি হয়েছে এবং বড় ধরনের রাজস্ব ঘাটতির আশঙ্কা দেখা দিয়েছে।
আমদানি ও কাস্টমস আইন অনুযায়ী, বিদেশ থেকে পণ্য আমদানির পর নির্ধারিত সময়ের মধ্যে শুল্ক-কর পরিশোধ করে খালাস না করলে তা কাস্টমসের অনুকূলে চলে যায়। নিয়ম অনুযায়ী, বন্দর জেটিতে ইনভেন্টরির পর আমদানিকারকরা পণ্য খালাসে সর্বোচ্চ ৩০ দিন সময় পান। এই সময়ের মধ্যে খালাস না হলে পণ্যগুলো নিলামযোগ্য হিসেবে গণ্য হয়। আইনে প্রতি মাসে নিয়মিত অন্তত এক থেকে দুটি নিলাম আয়োজন করে বিক্রয়লব্ধ অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয়ার বিধান থাকলেও মোংলা কাস্টমসে তা কেবল কাগজে-কলমেই সীমাবদ্ধ রয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, ২০২৫ সালের মাঝামাঝি সময়ে একটি নামমাত্র নিলাম অনুষ্ঠিত হয়েছিল। এরপর ওই বছরের ১২ অক্টোবর বড় পরিসরে আরেকটি নিলামের উদ্যোগ নেয়া হলেও শেষ পর্যন্ত মামলা জটিলতায় তা ভেস্তে যায়। তখন থেকেই পুরো নিলাম প্রক্রিয়া থমকে আছে।
বর্তমানে মোংলা বন্দরের বিভিন্ন ইয়ার্ড ও জেটিজুড়ে নিলামের অপেক্ষায় থাকা পণ্যের দীর্ঘ সারি দেখা যাচ্ছে। কাস্টমস ও বন্দর সূত্র জানায়, দীর্ঘ স্থবিরতার কারণে আটকে থাকা পণ্যের মধ্যে রয়েছে জাপান, সিঙ্গাপুর ও অন্যান্য দেশ থেকে আমদানিকৃত বিভিন্ন ব্র্যান্ডের প্রায় ২৫০টি নামীদামি ও বিলাসবহুল গাড়ি, যা রোদে পুড়ে ও বৃষ্টিতে ভিজে নষ্ট হওয়ার উপক্রম হয়েছে।
এছাড়া ২০০টিরও বেশি কনটেইনারে বিভিন্ন বাণিজ্যিক পণ্য আটকে আছে। এর মধ্যে ৬০ কনটেইনার গ্যাস সিলিন্ডার, ৩৩ কনটেইনার উন্নত মানের কাগজ এবং ১০ কনটেইনার খেলনাসহ অন্যান্য মেশিনারিজ পণ্য রয়েছে। পাশাপাশি বন্দর জেটিতে পলি ও জং পড়ে নষ্ট হচ্ছে দুটি ড্রেজার এবং বিভিন্ন ধরনের ভারী শিল্পকারখানার যন্ত্রাংশ। ব্যবসায়ীদের ধারণা, সব মিলিয়ে এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে ৩শ’ থেকে ৪শ’ কোটি টাকা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ