০৬:২৩ এম
ঢাকা, ৯ অক্টোবর, ২০২৬ : হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১ কোটি ৭৪ লাখ টাকা মূল্যের স্বর্ণের পেস্ট উদ্ধার সংক্রান্ত মামলায় গ্রেপ্তার হওয়া আরমান উদ্দিন সিদ্দিকীর জন্য আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে।
আজ শুক্রবার, পুলিশ আরমানকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করে। তদন্তের সুষ্ঠু কার্যক্রম নিশ্চিত করার জন্য তদন্তকারী কর্মকর্তা তার ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
বিমানবন্দর থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার (জিআরও) কর্মকর্তা এসআই আবু বক্কর বাসসকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: রংপুরে আইনশৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণে এমপি বেলালের গুরুত্বারোপ
মামলার এজাহার অনুযায়ী, গত ৮ অক্টোবর শারজাহ থেকে এয়ার অ্যারাবিয়ার একটি ফ্লাইট (জি৯-৫১৮) দিয়ে ঢাকায় আসেন আরমান উদ্দিন সিদ্দিকী (৩৬)। গোপন তথ্যের ভিত্তিতে কাস্টমসের প্রিভেন্টিভ টিম বিমানবন্দরে তাকে নজরদারিতে রাখে। পরে ইমিগ্রেশন সম্পন্ন করার পর, তিনি ব্যাগেজ বেল্ট-২ এলাকায় আসলে সন্দেহের ভিত্তিতে তার দেহ তল্লাশি করা হয়।
এ সময় তার পায়ুপথ থেকে সাদা স্কচটেপে মোড়ানো তিনটি ডিম্বাকৃতির প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেটগুলোর ভেতরে ছিল ২৪ ক্যারেটের ১ হাজার ২৯০ গ্রাম ওজনের স্বর্ণের পেস্ট, যার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৭৪ লাখ টাকা।
এ ঘটনায় কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা এইচ এম মামুন কায়সার বাদী হয়ে বিমানবন্দর থানায় মামলা দায়ের করেন।
আরও পড়ুন: ফরিদপুর জেলা পরিষদ নিজেদের চাহিদা মিটিয়ে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দেবে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন