সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
০১:০৩ এম
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে একজন চিকিৎসকের, যার নাম আঁচল রায় (৩০)।
রবিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তার মৃত্যুর বিষয়টি জানানো হয়।
আঁচল রায় নোয়াখালী মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি লাভ করেন। তিনি ৪২তম বিবিএস (স্বাস্থ্য) ক্যাডারের একজন কর্মকর্তা ছিলেন এবং মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী রেজিস্ট্রারের (নিউরোলজি) দায়িত্ব পালন করছিলেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আঁচল রায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। রবিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। তার বয়স ছিল ৩০ বছর।
আঁচল রায়ের অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
এক শোকবার্তায় স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ডা. আঁচল রায়ের অকাল মৃত্যুতে স্বাস্থ্য পরিবার একজন নিবেদিতপ্রাণ চিকিৎসককে হারাল। তাঁর মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত।’
মন্ত্রী প্রয়াত আঁচল রায়ের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দর্শনা থানা এলাকার রাতের অন্ধকারে নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মশাল মিছিল এবং সরকারবিরোধী কর্মকাণ্ডের ঘটনায় সন্ত্রাসী মামলার আসামি উপজেলা ছাত্রলীগ নেতা আরিফুল হোসেন আরিফ মল্লিক (৪২) গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে দর্শনা পৌরসভার শ্যামপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি দর্শনা পৌরসভার শ্যামপুর গ্রামের মৃত তনু মল্লিকের পুত্র এবং দামুড়হুদা উপজেলা ছাত্রলীগের সভাপতি।
পুলিশের সূত্রে জানা গেছে, গত ৩ সেপ্টেম্বর রাতে দর্শনা থানা এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা একটি মশাল মিছিলের আয়োজন করে। মিছিলে তারা সরকারবিরোধী ও সন্ত্রাসী কার্যক্রমের ঘোষণা দেয়। এই ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যাপকভাবে ভাইরাল হয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি হয়। পরদিন দর্শনা থানার একজন কর্মকর্তা বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখ করে এবং ২৫-৩০ জন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে সরকারবিরোধী ও সন্ত্রাসী কার্যক্রম আইনে একটি মামলা দায়ের করেন। ওই মামলার প্রেক্ষিতে দামুড়হুদা উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম আরিফ মল্লিককে গ্রেফতার করে পুলিশ।
দর্শনা থানার ওসি মোহাম্মদ নজরুল ইসলাম জানান, রোববার রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা পৌর এলাকার শ্যামপুর গ্রামে অভিযান পরিচালনা করা হয়। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দামুড়হুদা উপজেলা সভাপতি আরিফুল ইসলাম আরিফকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য সন্ত্রাসী ও নাশকতা প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
লক্ষ্মীপুর জেলার বিভিন্ন স্থানে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে পরিচালিত বিশেষ অভিযানে পুলিশ রামগতি ও কমলনগর থানা এলাকা থেকে মোট ১০০ জনকে আটক করেছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত ৫ ঘণ্টার এই অভিযানে কমলনগর থানায় ৫৬ জন এবং রামগতি থানায় ৪৪ জনকে আটক করা হয়।
জেলার পুলিশ সুপার মো. আবু তারেকের নির্দেশে থানা ও ডিবি পুলিশ একত্রে রামগতি ও কমলনগরের বিভিন্ন অপরাধপ্রবণ স্থানে অভিযান পরিচালনা করে। অভিযানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সরাসরি অংশগ্রহণ করেন।
অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মো. রায়হান আটক হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, তরুণ ও উঠতি বয়সের কিশোররা যাতে অপরাধের সঙ্গে জড়িত না হয়, সেই উদ্দেশ্যে এ অভিযান অব্যাহত থাকবে। বর্তমানে তাদের অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতা যাচাই-বাছাই করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সময়ের প্রবাহ তার নিজস্ব নিয়মে অব্যাহত থাকে। এই প্রবাহের মধ্যে ঘটে নানা ঘটনা, দুর্ঘটনা, এবং মনীষী ও সাধারণ মানুষের জন্ম-মৃত্যুর মাধ্যমে মানবসভ্যতা সমৃদ্ধ হয়, যা ইতিহাসের ভিত্তি গড়ে তোলে। যদি বছরগুলো পেছনে ফিরে দেখি, প্রতিটি দিনের সঙ্গে জড়িয়ে থাকে এমন অনেক ঘটনা ও ব্যক্তিত্ব, যেগুলি ইতিহাসে বিশেষ গুরুত্ব বহন করে।
আজ ২৮ সেপ্টেম্বর, সোমবার। চলুন ইতিহাসের পাতায় নজর দিয়ে জানি—এই দিনে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, বিশিষ্টজনদের জন্ম ও মৃত্যু।
ঘটনাবলী
১৮৬৫ সালে এলিজাবেথ গ্যারেট এন্ডারসন প্রথম শল্যাচিকিৎসক হিসেবে ব্রিটেনে নিবন্ধিত হন।
১৯০৬ সালে হংকং এ প্রবল ঘূর্ণিঝড়ে দশ হাজার লোকের মৃত্যু ঘটে।
১৯২৩ সালে বুলগেরিয়ায় ফ্যাসিস্টবিরোধী একটি অভ্যুত্থান সংঘটিত হয়।
১৯২৮ সালে স্যার অ্যালেকজান্ডার ফ্লেমিং প্রথমবারের মতো পেনিসিলিন আবিষ্কারের ঘোষণা দেন।
১৯৯৬ সালে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ একটি প্রস্তাব পাশ করে মুসলমানদের প্রথম ক্বেবলা আল আকসা মসজিদের নীচে খননকাজ বন্ধ করার জন্য ইহুদীবাদী ইসরাইলের প্রতি আহ্বান জানায়।
আজ যাদের জন্ম হয়েছিল:
১৫৭৩ সালে ইতালীয় অনন্য চিত্রশিল্পী মাইকেল এঞ্জেলোর জন্ম হয়।
১৭৪৬ সালে প্রাচ্যতত্ত্ববিদ ও এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা উইলিয়াম জোনস জন্মগ্রহণ করেন।
১৯২৯ সালে ভারতের স্বনামধন্য কন্ঠশিল্পী লতা মঙ্গেশকর জন্মগ্রহণ করেন।
১৯৭৫ সালে অস্ট্রেলিয়ান ক্রিকেটার স্টুয়ার্ট ক্লার্ক জন্মগ্রহণ করেন।
১৯৮২ সালে ভারতীয় ক্রিড়াবিদ অভিনভ বিন্দ্রা জন্মগ্রহণ করেন।
আজ যাদের মৃত্যু হয়েছিল:
১৯৩৬ সালে সাহিত্যিক শেখ ফজলল করিমের ইন্তেকাল ঘটে।
১৮৯৫ সালে ফরাসি রসায়নবিদ ও অণুজীববিজ্ঞানী লুই পাস্তুরের মৃত্যু হয়।
১৯০২ সালে ফরাসি ঔপন্যাসিক এমিল জোলার মৃত্যু ঘটে।
১৯৫৩ সালে মার্কিন জ্যোতির্বিদ এডউইন হাবলের মৃত্যু হয়।
১৯৭০ সালে মিশরের প্রেসিডেন্ট জামাল আব্দুন নাসের মৃত্যুবরণ করেন।
১৯৮৯ সালে ফিলিপাইনের সাবেক রাষ্ট্রপতি ফার্দিনান্দ মার্কোসের মৃত্যু ঘটে।
১৯৯৬ সালে আফগান সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ নাজিবুল্লাহ মৃত্যুবরণ করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সহকারী শিক্ষক নিয়োগে অনিয়ম, দলীয়করণ এবং পুলিশ ভেরিফিকেশনের নামে যোগ্য প্রার্থীদের বাতিলের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রশিবির।
রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফি এবং অফিস সম্পাদক আব্দুস সালাদের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। এতে সংগঠনটির দুই শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
মিছিলে তারা ‘২৪ এর অঙ্গিকার, চাকরি পাবে মেধা যার’, ‘চাকরীতে দলীয়করণ, চলবে না, চলবে না’, ‘শিক্ষাঙ্গনে দলীয়করণ, চলবে না, চলবে না’, ‘নিয়োগে বৈষম্য, মানি না, মানবো না’, ‘কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, মেধার জন্য কোন কার্ড?’, ‘কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, চাকরী দিবে দলীয় কার্ড!’ ‘কার্ড বাবার অনেক গুণ, সবখানে দলীয়করণ’সহ বিভিন্ন স্লোগান দেয়।
এসময় বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফি বলেন, সরকার ক্ষমতায় আসার পর শিক্ষক নিয়োগ বন্ধ ও পুলিশ ভেরিফিকেশনের নামে মেধাবী শিক্ষার্থীদের হয়রানি করছে। এমপিওভুক্ত শিক্ষক নিয়োগে এনটিআরসিএর প্রক্রিয়া পাশ কাটিয়ে দলীয়করণ ও স্বজনপ্রীতির চেষ্টা করা হয়েছে এবং ভাইভায় নম্বর বাড়িয়ে মেধার পরিবর্তে দলীয় বিবেচনাকে প্রাধান্য দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। সরকার বারবার হাসিনার মতো স্বজনপ্রীতি কায়েম করে পেছনের দিকে যেতে চায়। সরকারকে আমরা এটা বলতে চাই যে চব্বিশের যেই গণঅভ্যুত্থান হয়েছে, সে অভ্যুত্থানের অন্যতম অঙ্গীকার ছিল মেধাবীদেরকে নিয়োগ দেওয়া।
তিনি আরও বলেন, আমরা সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা এদেশের মেধাবী শিক্ষার্থী যারা, তাদেরকে হয়রানি না করে তাদেরকে নিয়োগ দিন। প্রাইমারি নিয়োগ পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছে, তাদেরকে পুলিশ ভেরিফিকেশনের নামে হয়রানি করা হয়েছে। বিভিন্ন জেলায় জেলায় মেধাবী শিক্ষার্থীদেরকে বাদ দেয়া হয়েছে। সরকারের প্রতি এসব হয়রানি ও নিয়োগে বৈষম্য বন্ধ করে মেধাবীদের নিয়োগ দেওয়ার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, চাঁদাবাজি ও টেন্ডারবাজি বন্ধ এবং জুলাই সনদ ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানের অঙ্গীকার বাস্তবায়ন করতে হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ