শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
১০:৩৬ পি.এম
ভারতের সীমান্তে চলে যাওয়ার কারণে বিএসএফ কর্তৃক আটক ৫ বাংলাদেশিকে ফেরত দেওয়া হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় বাংলাদেশ বিজিবি আলাইপুর ক্যাম্পের মাধ্যমে তাদের ১১ দিন পর মুক্তি দেওয়া হয়।
৭ সেপ্টেম্বর রাজশাহীর বাঘা সীমান্তের বাংলাবাজার এলাকা থেকে পাট কিনে ফেরার পথে ভুলবশত: ভারতীয় সীমানায় প্রবেশ করে রাজশাহীর বাঘা উপজেলার দুই মাঝিসহ তিনজন পাট ব্যবসায়ী। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের নৌকায় থাকা পাটসহ ৫ জনকে আটক করে। পরে বাংলাদেশ বিজিবি আলাইপুর ক্যাম্পের সঙ্গে যোগাযোগ করা হলে ৯ সেপ্টেম্বর বিকালে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর জানানো হয় যে, তাদের ফেরত দেওয়া হবে না এবং সরকারিভাবে আবেদন করতে হবে।
আটক হওয়া ব্যক্তিদের স্বজনরা রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদের সঙ্গে যোগাযোগ করেন। সংসদ সদস্য আবু সাইদ চাঁদ ১৩ সেপ্টেম্বর সকালে রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমারের সঙ্গে বৈঠক করেন এবং আটকদের পরিবারের কাছে তাদের ফিরে আনার বিষয়ে আশ্বস্ত করেন। এরপর প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পর বাংলাদেশ বিজিবি আলাইপুর ক্যাম্পের মাধ্যমে ১১ দিন পর বিএসএফ তাদের ফেরত দেয়।
মুক্তিপ্রাপ্ত ব্যক্তিরা হলেন-বাঘা উপজেলার আলাইপুর এলাকার গোলাম মোস্তফার ছেলে মোশারফ হোসেন (২২), ইউনুস মন্ডলের ছেলে শাহাবুল আলী (৪২), শাজাহান আলীর ছেলে বাবর আলী (৪৫) এবং একই এলাকার নৌকার মাঝি জামাল হোসেনের ছেলে আসাদুল ইসলাম (৪১) ও সামাদ আলীর ছেলে সাইফুল ইসলাম (৫৮)।
বিএসএফের হাতে আটক ৫ বাংলাদেশি ১১ দিন পর ফেরত আসার পর রাজশাহী-৬ বাঘা-(চারঘাট) আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ সহ স্থানীয়দের সঙ্গে তারা ছবি তুলেন।
এ বিষয়ে মুক্তিপ্রাপ্ত মোশারফ হোসেনের পিতা গোলাম মোস্তফা বলেন, "এমপি ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে কথা বলে ব্যবস্থা করে দিয়েছেন।" তিনি আরও জানান, এর আগে এমপি তাদের ফিরিয়ে আনার ব্যাপারে আশ্বাস দিয়েছিলেন।
অন্যদিকে মুক্তিপ্রাপ্ত আসাদুল ইসলামের ভাই সাহারুল ইসলাম বলেন, "আমার ভাইসহ ৫ জনকে ভারতের রানীনগর থানায় রাখা হয়েছিল। ১১ দিন সেখানে থাকার পর মুক্তি পেয়ে আমাদের কাছে এসেছেন।"
আলাইপুর বিওপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার মাকসুদুর রহমান জানান, "বিএসএফের সঙ্গে কথা হয়েছে। তারা (বিএসএফ) ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে বিষয়টিকে কূটনৈতিক বা প্রশাসনিক প্রক্রিয়ায় মুক্ত করে আমাদের মাধ্যমে তাদের ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।"
এ বিষয়ে রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ বলেন, "রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে কথা হয়। তাদের জাতীয় পরিচয়পত্র ও প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন জমা দেওয়ার পর তাদের ফেরত আনার বিষয়ে আশ্বাস দিয়েছিলেন। প্রশাসনিক প্রক্রিয়ায় মুক্ত হয়ে তাদের ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি। সামাজিক মাধ্যমে ব্যক্তিজীবনের বিভিন্ন অনুভূতি ও ভালো লাগার মুহূর্তগুলো ভক্তদের সঙ্গে ভাগ করে নিতে দেখা যায় তাকে।
এবার তিনি ভারতীয় অভিনেতা রনিত রায়ের একটি ভিডিও শেয়ার করে আবারও আলোচনায় এসেছেন, যিনি তার ‘প্রথম ক্রাশ’ হিসেবে পরিচিত।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) পরীমনি নিজের ফেসবুক পেজে রনিত রায়ের একটি ভিডিও পোস্ট করেন। ভিডিওতে অভিনেতাকে গভীর মনোযোগের সঙ্গে বাঁশি বাজাতে দেখা যায়। ভিডিওটির সঙ্গে রনিত রায় লিখেছেন, "যাদের ছাড়া আপনি বাঁচতে পারবেন না, তাদেরকেই আপনি তৈরি করছেন আপনাকে ছাড়া বাঁচতে শেখার জন্য।"
রনিত রায়ের বাঁশির সুরের সঙ্গে এই আবেগঘন ক্যাপশনই সম্ভবত পরীমনির ভালো লেগেছে। তাই ভিডিওটি নিজের ওয়ালে শেয়ার করে তিনি অভিনেতার নামের পাশে একটি লাল হৃদয়ের ইমোজি যুক্ত করেছেন।
পরীমনির ব্যক্তিজীবন নিয়ে বরাবরই অনুরাগীদের আগ্রহ রয়েছে। বিশেষ করে তার প্রথম প্রেম ও প্রথম ক্রাশ সম্পর্কে কৌতূহল কম নয়। কয়েক বছর আগে এক সাক্ষাৎকারে তিনি জীবনের ‘প্রথম সবকিছু’ নিয়ে কথা বলার সময় এ প্রশ্নের উত্তরও দিয়েছিলেন।
প্রথম ক্রাশ সম্পর্কে জানতে চাইলে পরীমনি সরাসরি বলেছিলেন, "ক্রাশ! রনিত রায়।" অর্থাৎ ভারতীয় অভিনেতা রনিত রায়কেই তিনি নিজের প্রথম ক্রাশ হিসেবে উল্লেখ করেছিলেন। ‘আদালত’ সিরিজে কেডি পাঠক চরিত্রে অভিনয়ের মাধ্যমে বাংলাদেশি দর্শকদের কাছে রনিত রায় বেশ পরিচিত হয়ে উঠেছেন।
পর্দায় নিয়মিত অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমে নিজের পছন্দ ও ভালো লাগার নানা মুহূর্ত শেয়ার করেন পরীমনি। এবারও পছন্দের অভিনেতার বাঁশি বাজানোর ভিডিও শেয়ার করে সেই ভালো লাগার প্রকাশ ঘটালেন এই চিত্রনায়িকা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
১১ সেপ্টেম্বর বেলা ১১টা ৪০ মিনিটে গুলশানে একত্রিত হন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীরা। দলটির প্রায় দুই শতাধিক নেতাকর্মী অংশ নেন মাত্র ১ মিনিটের ঝটিকা মিছিলে। নগরের গুরুত্বপূর্ণ এলাকায় কীভাবে তারা একত্রিত হলেন, তা নিয়ে উঠেছে নানা প্রশ্ন।
বিশেষ করে গুলশানের নিরাপত্তা ব্যবস্থায় গোয়েন্দা সংস্থা, আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। সামনে এসেছে সংস্থাগুলোর পুরোপুরি ব্যর্থতার চিত্র। মূলত পুলিশের সঙ্গে আঁতাত করেই গুলশানে আওয়ামী লীগ ঝটিকা মিছিল করেছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বেসরকারি টেলিভিশন যমুনা টেলিভিশনে প্রচারিত এক অনুসন্ধানী প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, গুলশানে ঝটিকা মিছিলের আগের রাতে এর রুট প্ল্যান নির্ধারণ করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। এজন্য রাতেই অনলাইনে মিটিং করেন দলের নেতাকর্মীরা। নেওয়া হয় মিছিলের বিশেষ প্রস্তুতি। মিটিং শেষে তারা অনলাইনে বেশকিছু চ্যাটিং করেন।
এতে গুলশান থানার বেশ কয়েকজন পুলিশ সদস্যের সহযোগিতার আশ্বাসের বিষয়টি নিশ্চিত করা হয়। এছাড়াও মিছিল স্থলে কোনো পুলিশ সদস্য না থাকার বিষয়টিও নিশ্চিত করা হয়। উলটো পুলিশ সদস্য তাদের ব্যাকআপ দেবে বলে তাদের চ্যাটিংয়ে উঠে আসে বলে প্রতিবেদনে দাবি করা হয়।
একই সঙ্গে মিছিলের সময় কোন কোন এলাকায় পুলিশ থাকবে না, তাও তাদের নিশ্চিত করা হয়। মূলত ওই বৈঠক থেকে পরদিন গুলশানের মিছিলের রুট প্ল্যান চূড়ান্ত করা হয়। এ বিষয়টি জানতেই পারেনি গোয়েন্দা সংস্থাগুলো।
আওয়ামী লীগের মিছিলের পর প্রশ্নের মুখে পড়েছে গুলশান থানা পুলিশ। অনুসন্ধানে তাদের নিষ্ক্রিয় থাকার বিষয়ে সত্যতাও পাওয়া গেছে। বিশেষ করে ঘটনার দিন কেন একটি ইউনিটকে ডিউটিতে রাখা হলো, দুটি ইউনিটকে কেন প্যারেডে পাঠানো হয়েছিল, কেন গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশ সদস্যরা দায়িত্বে ছিলেন না, কেন সাদা ও সিভিল পোশাকে রাস্তায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছিলেন না- এসব প্রশ্নও উঠছে। যদিও এ ঘটনার পর ১৬ সেপ্টেম্বর ডিএমপির গুলশান বিভাগের উপকমিশনার এম তানভীর আহমেদ ও গুলশান থানার ওসি মো. দাউদ হোসেনকে প্রত্যাহার করা হয়। আর ঘটনার পর স্বরাষ্ট্রমন্ত্রী জানান বিষয়টি নিয়ে গোয়েন্দা তথ্য ছিল।
পুলিশ হয়তো ধারণা করতে পারেনি জুমার নামাজের সময় তারা এমন জমায়েত করতে পারে। তবে মিছিলের আগে পুলিশের কাছে যদি এমন তথ্য থাকতই তাহলে কেন আগে থেকে ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়নি।
এ বিষয়ে নিরাপত্তা বিশেষজ্ঞ মেজর জেনারেল (অব.) মনিরুল ইসলাম আকন্দ বলেন, গুলশান একটি গুরুত্বপূর্ণ এলাকা। এখানে বিদেশি রাষ্ট্রদূত ও প্রধানমন্ত্রীসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা থাকেন। এই স্থানে বেশি নজরদারি করতে হবে। গোয়েন্দা সংস্থাগুলোর বিশেষ নজরদারি আরও বাড়ানো প্রয়োজন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের বাজারে তীব্র অস্থিরতা দেখা দিয়েছে। দেশের ইতিহাসে ডিজেলের গড় খুচরা মূল্য সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশন (এএএ)-এর সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, মার্কিন যুক্তরাষ্ট্রে বর্তমানে প্রতি গ্যালন (প্রায় ৩.৮ লিটার) ডিজেলের গড় মূল্য ৬.৪৪ ডলার।
আমেরিকান এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের (ইআইএ) তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, গত বছরের একই সময়ের তুলনায় ডিজেলের দাম প্রায় ৭০ শতাংশ বেড়ে গেছে।
বিশ্বরাজনীতি ও সরবরাহে সংকট
আন্তর্জাতিক বাজার বিশ্লেষকরা জানাচ্ছেন, বিশ্বজুড়ে জ্বালানি তেলের সরবরাহ অস্বাভাবিকভাবে সংকুচিত হওয়ার কারণে এই রেকর্ড মূল্যবৃদ্ধি ঘটছে। এর পেছনে দুটি প্রধান ভূ-রাজনৈতিক কারণ রয়েছে:
১. ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ: মধ্যপ্রাচ্যে ইরান এবং মার্কিন-ইসরায়েলি বাহিনীর মধ্যে চলমান সামরিক সংঘাতের ফলে মধ্যপ্রাচ্য থেকে বিশ্ববাজারে খনিজ তেল সরবরাহ মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।
২. রুশ শোধনাগারে ইউক্রেনের হামলা: ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়ার গুরুত্বপূর্ণ কয়েকটি তেল শোধনাগারে ইউক্রেনীয় বাহিনীর সাম্প্রতিক হামলার ফলে বিশ্বজুড়ে ডিজেল ও পরিশোধিত জ্বালানির সংকট আরও তীব্র আকার ধারণ করেছে।
অর্থনীতি ও মূল্যস্ফীতিতে প্রভাব
যুক্তরাষ্ট্রে পণ্য পরিবহন ও বাণিজ্যিক যাতায়াতের জন্য ডিজেল একটি প্রধান উৎস। মার্কিন বাজারে ডিজেলের এই নজিরবিহীন মূল্যবৃদ্ধির ফলে পরিবহন খরচ ব্যাপকভাবে বৃদ্ধি পাবে। ফলস্বরূপ, খাদ্যপণ্যসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম বাড়িয়ে মার্কিন অর্থনীতিতে নতুন করে মূল্যস্ফীতির চাপ সৃষ্টি হতে পারে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পটুয়াখালীর বাউফলে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করার পাশাপাশি এক ব্যবসায়ীকে জীবন্ত পুড়িয়ে মারার হুমকি দেওয়ার অভিযোগে ফরিদ গাজী নামক স্থানীয় বিএনপি নেতাকে পুলিশ গ্রেফতার করেছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) তাকে পটুয়াখালী আদালতে পাঠানো হয়েছে।
ভুক্তভোগী ব্যবসায়ী গোবিন্দ চন্দ্র মণ্ডল (৫৩) বাউফল সদর ইউনিয়নের বিলবিলাস এলাকার বাসিন্দা এবং গৌরাঙ্গ চন্দ্র মণ্ডলের ছেলে। তিনি ঢাকায় আবাসন (ল্যান্ড) ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন।
অভিযোগের সূত্রে জানা যায়, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে গোবিন্দ চন্দ্র মণ্ডলের পক্ষে প্রচারণামূলক পোস্টার ও ফেস্টুন এলাকায় লাগানো হয়। এর পরপরই ফরিদ গাজী তার কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ফরিদ গাজী মোবাইল ফোনে তাকে জীবন্ত পুড়িয়ে মারার হুমকি দেন। ফোনালাপে ওই বিএনপি নেতাকে বলতে শোনা যায়, ‘আমি আপনাকে জীবন্ত পুড়াইয়া মারমু।’
ব্যবসায়ী গোবিন্দ চন্দ্র মণ্ডল জানান, এই হুমকির পর থেকে তিনি এবং তার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত ফরিদ গাজী বাউফল উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য।
তবে উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ এ বিষয়ে জানান, ফরিদ গাজীর নাম মূল আহ্বায়ক কমিটির তালিকায় ছিল না। জাতীয় সংসদ নির্বাচনের আগে উপজেলা কমিটিতে নতুন করে যাদের অন্তর্ভুক্ত করা হয়, তাদের মধ্যে তিনি সদস্য পদ পান। বিষয়টি জেলা কমিটিকে অবহিত করা হয়েছে এবং তারা এ বিষয়ে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবেন।
পটুয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান টোটনের সঙ্গে বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাউফল থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, আমি বর্তমানে ছুটিতে আছি। তবে লিখিত অভিযোগ পাওয়ার পরপরই অভিযুক্ত ফরিদ গাজীকে গ্রেফতার করা হয়েছে এবং শুক্রবার তাকে আদালতে পাঠানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ