সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৪:৫৯ পি.এম
ইসরায়েলি নির্মাতা ইউভাল আব্রাহাম ও র্যাচেল জোর গাজা যুদ্ধকে কেন্দ্র করে নতুন প্রামাণ্যচিত্র ‘নাজা’ নির্মাণ করেছেন। তাদের পূর্ববর্তী কাজ ‘নো আদার ল্যান্ড’ অস্কার পুরস্কার অর্জন করেছিল। নতুন ছবিটি ভেনিস চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হওয়ার পর দীর্ঘ সময় ধরে করতালি পায় এবং বিশেষ জুরি পুরস্কারও লাভ করে। সম্প্রতি নিউইয়র্ক চলচ্চিত্র উৎসবেও ছবিটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
‘নাজা’ ছবিতে গাজা যুদ্ধ, ইসরায়েলি সামরিক বাহিনীর কার্যক্রম এবং যুক্তরাষ্ট্রের সহায়তার বিষয়গুলো তুলে ধরা হয়েছে। ছবিটি মুক্তির পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এটিকে ‘ইহুদি বিদ্বেষী’ হিসেবে অভিহিত করেন। দেশটির সংস্কৃতিমন্ত্রী মিকি জোহর নির্মাতাদের নাগরিকত্ব বাতিলের হুমকি দেওয়ার কথাও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তবে ইসরায়েলি হিসেবে এমন একটি ছবি নির্মাণের কারণ ব্যাখ্যা করেছেন দুই নির্মাতা। নিউইয়র্কে ছবিটির প্রদর্শনীর পর দর্শকদের সঙ্গে আলোচনায় ইউভাল আব্রাহাম জানান, যুক্তরাষ্ট্রে ছবিটি প্রদর্শনের উদ্দেশ্য ছিল ইসরায়েলি সামরিক বাহিনীকে দেওয়া মার্কিন সহায়তা নিয়ে রাজনৈতিক আলোচনা সৃষ্টি করা। তিনি আরও বলেন, আসন্ন ইসরায়েলি নির্বাচনের আগে দেশের সমাজে নতুন প্রশ্ন তোলাও তাদের লক্ষ্য।
সহ-নির্মাতা র্যাচেল জোর বলেন, ইসরায়েলি সমাজে গাজা যুদ্ধের বাস্তবতা আড়াল করার প্রবণতা ভাঙতে চেয়েছেন তারা। তাদের মতে, সাধারণ মানুষের সামনে যুদ্ধের ঘটনাগুলো আরও স্পষ্টভাবে তুলে ধরাই ছিল এই নির্মাণের অন্যতম উদ্দেশ্য।
‘নাজা’ নির্মাণে গাজা যুদ্ধে অংশ নেওয়া ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর ২৪ জন সাবেক সেনাসদস্যের গোপন সাক্ষাৎকার ব্যবহার করা হয়েছে। ছবিতে যুদ্ধের বিভিন্ন দিক, বেসামরিক মানুষের প্রাণহানি এবং ইসরায়েলি সমাজের প্রতিক্রিয়া নিয়ে নির্মাতাদের বক্তব্য তুলে ধরা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকার গণপরিবহনের শৃঙ্খলা ও যাত্রীসেবার মান নিশ্চিত করার জন্য বাস কোম্পানিগুলোকে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিতে চান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। যদি এই সময়ের মধ্যে সেবার মান উন্নত করা না হয়, তবে সংশ্লিষ্ট রুটে নতুন কোম্পানি গঠন করা হবে। যদি তাতেও কাজ না হয়, তাহলে প্রয়োজনে রুট বাতিল করে সরকারি ব্যবস্থাপনায় বাস পরিচালনার উদ্যোগ নেওয়ার কথাও তিনি জানিয়েছেন।
সোমবার (২৮ সেপ্টেম্বর) তেজগাঁও সড়ক ভবনের অডিটরিয়ামে বাস রুট রেশনালাইজেশন কার্যক্রমের আওতায় বাসমালিকদের সঙ্গে অনুষ্ঠিত আলোচনা সভায় এসব কথা বলেন মন্ত্রী।
মন্ত্রী বাসমালিকদের উদ্দেশে বলেন, বাসের মান, যাত্রীসেবা ও শৃঙ্খলা নিশ্চিত করা কোম্পানির দায়িত্ব। যদি কোনো মালিক বাসের যথাযথ সংস্কার না করেন অথবা চালক-কর্মচারীরা নিয়ম না মানেন, তাহলে সেই দায় কোম্পানিকে নিতে হবে।
শেখ রবিউল আলম আরও বলেন, "আমি কোনো বাসমালিক চিনব না, কোম্পানি চিনব। বাসটি আপনার কোম্পানির অধীনে চলে।" তিনি উল্লেখ করেন, যদি মালিক মানসম্মতভাবে বাস সংস্কার না করেন, যাত্রীর সুবিধা নিশ্চিত না করেন, চালক কথা না শুনলে এবং কর্মচারীরা শৃঙ্খলা না মানলে, সেই বাসের দায় তাদের নিতে হবে। তিনি সতর্ক করেন যে, তা নিশ্চিত করতে না পারলে ওই মালিকের বাস কোম্পানিতে রাখা হবে না।
মন্ত্রী বলেন, রাষ্ট্রকে চ্যালেঞ্জ করে ব্যবসা করার সুযোগ কারও নেই। নির্দিষ্ট সময়ের মধ্যে এসব পরিবর্তন চাইবেন। তা না হলে প্রয়োজনে নতুন কোম্পানি গঠন করবেন। যদি তাতেও মানসম্মত সেবা নিশ্চিত করা না যায়, তবে রুট বাতিল করে সরকারি পর্যায় থেকে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবেন।
বাসমালিকদের লোকসানের যুক্তির জবাবে মন্ত্রী বলেন, আগে মানসম্মত সেবা নিশ্চিত করতে হবে, এরপর ভাড়া সমন্বয়ের বিষয়টি বিবেচনা করা হবে। যাত্রীদের নিরাপত্তা, শৃঙ্খলা ও আরামদায়ক যাতায়াত নিশ্চিত করতে পারলে প্রয়োজন অনুযায়ী ভাড়া সমন্বয়ে সরকার আলোচনা করবে। তিনি বলেন, "আপনারা মানসম্মত যাত্রী পরিবহন নিশ্চিত করুন। নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করুন। বাসে চড়তে মানুষকে আগ্রহী করার মতো পরিবেশ তৈরি করুন।"
মন্ত্রী শেখ রবিউল আলম উল্লেখ করেন যে, সেবার মান না বাড়িয়ে শুধু ভাড়া বাড়ানোর দাবি গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, "কোনো ব্যবসায় প্রত্যাশা অনুযায়ী লাভ না হলে সেই ব্যবসা চালিয়ে যেতেই হবে, এমন নিশ্চয়তা নেই।" তিনি সতর্ক করেন, যাত্রীদের ওপর চাপ তৈরি করে ব্যবসা পরিচালনা করা যাবে না।
ঢাকার গুরুত্বপূর্ণ সড়কে চার্জিং অটোরিকশার চলাচল নিয়ন্ত্রণে নীতিমালা করা হচ্ছে বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, নির্দিষ্ট এলাকা ও নিয়মের মধ্যে এসব যান চলাচলের ব্যবস্থা করা হবে। গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকায় তাদের চলাচল নিয়ন্ত্রিত হতে পারে। এ বিষয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।
উপযুক্ত চালকদের দ্রুত ড্রাইভিং লাইসেন্স দেওয়ার বিষয়েও উদ্যোগ নেওয়া হবে বলে জানান শেখ রবিউল আলম। তিনি বলেন, বাস কোম্পানিগুলোকে দক্ষ, প্রশিক্ষিত ও শারীরিক-মানসিকভাবে সক্ষম চালক চিহ্নিত করে বিআরটিএতে পাঠাতে হবে। তিনি বলেন, "আপনারা উপযুক্ত চালক চিহ্নিত করে পাঠান।" তিনি চালকদের নিয়ম ও দক্ষতা সম্পর্কে জানার ওপর গুরুত্বারোপ করেন।
ঢাকার বিভিন্ন স্থানে বাসস্টপেজ চিহ্নিত করা এবং সেগুলোর মান উন্নয়নে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষকে (ডিটিসিএ) দায়িত্ব দেওয়ার কথা জানান মন্ত্রী। তিনি বলেন, রুটভিত্তিক বাস কোম্পানিগুলোকে সঙ্গে নিয়ে বাসস্টপেজ চিহ্নিত করতে হবে। পরে সিটি করপোরেশনের মাধ্যমে সেগুলো যাত্রীবান্ধব করার উদ্যোগ নেওয়া হবে।
বাসের সেবার মান উন্নত করতে কোম্পানির ব্যয় ও মালিকদের কাছ থেকে নেওয়া বিভিন্ন অর্থের পরিমাণ কমানোর পরামর্শ দেন মন্ত্রী। তিনি বলেন, নতুন বা ভালো বাস যুক্ত করতে মালিকদের কাছ থেকে নেওয়া ফি এবং অন্যান্য খরচ কমানোর বিষয়টি বিবেচনা করা যেতে পারে।
শেখ রবিউল আলম বলেন, "আপনারা হয়তো তিন-চার মাস আগের মতো আয় করতে পারবেন না।" তবে তিনি অনৈতিকভাবে কালেকশন করা হলে সেটা কমিয়ে দেওয়ার পরামর্শ দেন। তিনি বলেন, মালিকের কাছ থেকে গাড়ি বুকিং ফি বেশি নেওয়া হলে, ট্রিপপ্রতি বেশি টাকা নেওয়া হলে, সেটা কমিয়ে দিতে হবে।
পরিবহনের মালিকদের উদ্দেশে তিনি বলেন, বাসের সেবার মান উন্নত করা এবং শ্রমিকদের জীবনমান পরিবর্তনে উদ্যোক্তা হিসেবে তাদের দায়িত্ব রয়েছে। সরকার পরিবহনের মালিকদের সঙ্গে নিয়েই পরিবর্তন আনতে চায়। তবে অনিয়ম, গাফিলতি ও অসহযোগিতা কোনোভাবেই বরদাশত করা হবে না।
মন্ত্রী আরও বলেন, এক দিনে বা এক মাসে সব পরিবর্তন সম্ভব নয়। তবে এ উদ্যোগ থেকে সরে আসবে না সরকার। মালিকদের বিকশিত হওয়ার সুযোগ দেওয়া হবে, কিন্তু অনিয়ম ও অব্যবস্থাপনা মেনে নেওয়া হবে না।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ হেলাল উদ্দিনের (৫৪) মরদেহ উদ্ধার করা হয়েছে। এর ফলে নিহতের সংখ্যা এখন ৫ জনে পৌঁছেছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে সোনারগাঁয়ের মেঘনা নদীর শাখা নদী মারিখালীর রতনপুর ব্রিজের নিচে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়, যা নিখোঁজের চারদিন পর ঘটে।
বৈদ্যেরবাজার নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক শাহ কামাল বিষয়টি নিশ্চিত করে জানান, ‘নিখোঁজ হেলাল উদ্দিনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আর কেউ নিখোঁজ নেই। ট্রলার ডুবির ঘটনায় দুর্ঘটনার জনিত একটি মামলা দায়ের করা হয়েছে।’
এর আগে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত ও শনিবার সকালে সোনারগাঁওয়ের মেঘনা নদী থেকে একই পরিবারের তিন ভাইবোনের মরদেহ উদ্ধার করা হয়। নিহতদের মধ্যে রয়েছেন হেলাল উদ্দিনের মেয়ে সামিয়া আক্তার (১৭) এবং দুই ছেলে সজীব হোসেন (২৪) ও সামিন হোসেন (৫)। একই সঙ্গে ঘটনার দিন রাশিদা বেগম (৪০) নামের এক নারীর মরদেহও উদ্ধার করা হয়। তারা কুমিল্লার হোমনা উপজেলার শ্রীমদ্দি গ্রামের বাসিন্দা।
নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকালে কুমিল্লার হোমনার শ্রীমুদ্দি গ্রাম থেকে সোনারগাঁওয়ের হাড়িয়া বৈদ্যেপাড়া গ্রামের শাহ পরানের মেয়ে সাজিয়া আক্তারের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে ট্রলারে করে আসছিলেন ১৩ আত্মীয়স্বজন। ট্রলারটিতে দুটি গরু ও একটি খাসি ছিল। সোনাময়ী এলাকায় আমান সিমেন্ট কোম্পানির কারখানার কাছে পৌঁছালে নদীতে ঝোড়ো বাতাস শুরু হয়। এর ফলে নদীতে বড় ঢেউ সৃষ্টি হলে ট্রলারে পানি উঠতে শুরু করে এবং এক পর্যায়ে তা ডুবে যায়।
এ সময় কাছাকাছি থাকা আমান সিমেন্ট কারখানার একটি ট্রলার দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে। তারা আট জনকে জীবিত উদ্ধার করে। আধাঘণ্টা পর নদী থেকে রাশিদা বেগমের মরদেহ উদ্ধার করা হলেও চার জন নিখোঁজ হন। পরে আরও তিন জনের মরদেহ উদ্ধার করা হয়। এখনও একজন নিখোঁজ আছেন।
ট্রলারডুবির কারণ হিসেবে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ‘ট্রলারটিতে ধারণক্ষমতার বেশি যাত্রী তোলা হয়েছিল। সেটিতে ১৩ জন যাত্রী ও দুটি গরু এবং খাসি উঠানো হয়েছিল। ওই অবস্থায় নদী পার হওয়ার সময় ঝড় শুরু হলে ট্রলারটি ডুবে যায়। এছাড়া দুর্ঘটনার সময় ট্রলারের পাশে একটি নৌযান সহযোগিতা করতে চাইলেও ট্রলারের মাঝি কোন সহযোগিতা নেননি বলে অভিযোগ রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ফরাসি সিনেটের আংশিক নির্বাচনে কট্টর ডানপন্থী দল ন্যাশনাল র্যালি এবং তাদের সহযোগীরা অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। নির্বাচনে দলটি মোট ১৪টি আসন নিশ্চিত করেছে। এটি দলটির ইতিহাসে সিনেটে নিজেদের সংসদীয় গ্রুপ গঠনের জন্য একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
দ্য গার্ডিয়ানের প্রতিবেদনের ভিত্তিতে, বিজয়ের প্রতিক্রিয়ায় ফরাসি কট্টর ডানপন্থী নেত্রী মেরিন লে পেন মন্তব্য করেছেন যে, ২০২৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনে পূর্বে অনুষ্ঠিত আংশিক সিনেট নির্বাচনে দলের ঐতিহাসিক বিজয় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
এই সাফল্যকে কাজে লাগিয়ে ঐতিহ্যগত ডানপন্থী রাজনীতিবিদদের তাদের সাথে জোটবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন দলটির প্রধান বার্ডেলা।
মেয়র ও কাউন্সিলরসহ স্থানীয় কর্মকর্তাদের পরোক্ষ ভোটে কট্টর ডানপন্থী দলটি ১০ আসনের বেশি অর্জন করে। সিনেটে দলটির এই অগ্রগতি আগামী প্রেসিডেন্ট নির্বাচনের আগে সংসদের দ্বিতীয় কক্ষে তাদের আরো বেশি পরিচিতি ও তহবিল পেতে সহায়তা করবে।
দুই দফা প্রেসিডেন্টের পর এমানুয়েল ম্যাক্রোঁ পদত্যাগের প্রস্তুতি নিচ্ছেন, ফলে লে পেন বর্তমানে জনমত জরিপে এগিয়ে রয়েছেন বলে জানা গেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দিনাজপুরের চিরিরবন্দরে স্বর্ণালংকার চুরির ঘটনায় মামলা দায়েরের পর পুলিশ চুরি যাওয়া স্বর্ণের খন্ডিত অংশ উদ্ধার করেছে। এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
চিরিরবন্দর থানা পুলিশের সূত্রে জানা গেছে, গত ২৫ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টার মধ্যে উপজেলার আউলিয়াপুকুর ইউনিয়নের একজন জোছনা বেগমের বাড়িতে অলংকার চুরির ঘটনা ঘটে। জোছনা বেগম থানায় মামলা দায়ের করার পর পুলিশ অনুসন্ধান শুরু করে এবং উপজেলার কারেন্ট হাট বাজারে চন্দন চন্দ্র রায়ের মালিকানাধীন ‘কৃষ্ণ জুয়েলার্স’ নামের স্বর্ণের দোকানে অভিযান চালিয়ে চুরি যাওয়া স্বর্ণালংকারের একটি খন্ডিত অংশ উদ্ধার করে। দোকান মালিক চন্দন রায়কে আটক করা হয়, কারণ তিনি স্বর্ণালংকারগুলি গলিয়ে ফেলায় জড়িত ছিলেন। পরবর্তীতে তার দেয়া তথ্যের ভিত্তিতে চুরির সাথে জড়িত অপর দুজনকে আটক করা হয়।
আটককৃতদের মধ্যে রয়েছে- উপজেলার আউলিয়াপুকুর ইউনিয়নের উত্তর ভোলানাথপুর পশ্চিমপাড়ার মোঃ আজিজুল ইসলামের ছেলে মোঃ সোহেল রানা (২৫) এবং একই এলাকার মোঃ সাইদুর রহমান সাইদুর কানার ছেলে মোঃ আলমগীর বাদশাহ (২৪)।
থানার অফিসার ইনচার্জ মাহমুদুন নবী জানান, গতকাল ২৮ সেপ্টেম্বর সোমবার চুরির ঘটনায় মামলা রুজু করার পর তথ্য প্রযুক্তির ব্যবহার করে দ্রুত ওই জুয়েলার্সে অভিযান চালিয়ে কিছু স্বর্ণালংকার উদ্ধার করা হয়। চুরির ঘটনায় আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ