০৫:৪৩ পি.এম
নাটোরের নলডাঙ্গা এলাকায় ট্রাকের ধাক্কায় গেদি বেগম (৫৬) নামের এক নারী প্রাণ হারিয়েছেন। রবিবার (২৫ অক্টোবর) বেলা পৌনে ১২টার দিকে নলডাঙ্গা পৌরসভার পূর্ব সোনাপাতিল রেলব্রিজের কাছে এই দুর্ঘটনা ঘটে।
নিহত গেদি বেগম রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলার নারায়নপুর গ্রামের মো. বনি ইসরাইলের স্ত্রী। এ ঘটনার পর নলডাঙ্গা থানা পুলিশ ঘাতক ট্রাক ও চালককে আটক করেছে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, রবিবার সকালে গেদি বেগম অটো ভ্যানে করে পাটুল থেকে দুর্গাপুরের দিকে যাচ্ছিলেন। নলডাঙ্গা-পাটুল পাকা রাস্তার ওপর পৌঁছানোর পর পেছন দিক থেকে আসা একটি ইঞ্জিনচালিত চার চাকার পাটবোঝাই ট্রাক ভ্যানটিকে ধাক্কা দেয়। এই সংঘর্ষে ভ্যান থেকে ছিটকে পড়ে গিয়ে ওই নারী ঘটনাস্থলেই নিহত হন।
আরও পড়ুন: শেরপুরে বাস-সিএনজির সংঘর্ষে জুয়েল মিয়া নিহত, আহত ৪
ঘটনার খবর পেয়ে নলডাঙ্গা ফায়ার সার্ভিস এবং নলডাঙ্গা থানার জরুরি ডিউটি অফিসার এসআই হেলাল উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তারা নিহতের মরদেহ এবং দুর্ঘটনায় জড়িত পাটবোঝাই ট্রাকটি চালকসহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
আটক চালক মো. কাইসার (৩৭) নাটোর সদর উপজেলার পণ্ডিতগ্রাম শিবপুর এলাকার মো. নুরুর ছেলে। তিনি পাট নিয়ে পণ্ডিতগ্রাম এলাকার সিদ্দিকের গোডাউনে যাচ্ছিলেন বলে জানা গেছে।
নলডাঙ্গা থানার ওসি মনোয়ার জাহান জানিয়েছেন, "আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।"
আরও পড়ুন: কেন্দুয়ায় পাচারের সময় ৩২ বস্তা সার জব্দ, চালক পালিয়েছে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন