বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং
০৮:৩৮ পি.এম
চাঁদপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা এবং মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর ২০২৬) দিনব্যাপী দুটি পৃথক পর্বে এই সভাগুলি সম্পন্ন হয়। সকালে চাঁদপুর পুলিশ লাইন্সের মাল্টিপারপাস শেডে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন চাঁদপুরের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, যেখানে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ খায়রুল কবীর উপস্থাপনা করেন। পরে অপরাহ্নে পুলিশ অফিস সম্মেলন কক্ষে জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
এই সভায়ও সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, যেখানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর সঞ্চালনা করেন। উভয় সভায় উপস্থিত ছিলেন চাঁদপুর পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার, জেলার সকল থানার অফিসার ইনচার্জ (ওসি), ডিআইও-১ (জেলা বিশেষ শাঁখা), জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ, শহর ও যানবাহন শাখার পুলিশ পরিদর্শক, কোর্ট পুলিশ পরিদর্শক, পুলিশ লাইন্সের আরআই এবং রিজার্ভ অফিসের আরআইসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বিদেশে উচ্চশিক্ষা, গবেষণা ও শিক্ষকতায় নিয়োজিত খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক ৮১ শিক্ষার্থীকে প্রথমবারের মতো Appreciation Letter (প্রশংসাপত্র) প্রদান করেছে বিশ্ববিদ্যালয়ের Office of International Affairs (OIA)। এই স্বীকৃতি ‘KU Global Scholars Initiative’-এর আওতায় দেওয়া হয়েছে, যার উদ্দেশ্য সাবেক শিক্ষার্থীদের সঙ্গে প্রাতিষ্ঠানিক যোগাযোগ স্থাপন, আন্তর্জাতিক গবেষণা সহযোগিতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ শিক্ষার্থীদের জন্য মেন্টরশিপের সুযোগ তৈরি করা।
বুধবার (২৫ নভেম্বর) খুলনা বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে এই Appreciation Letter প্রদান করা হয়। প্রথমে সাতজন শিক্ষার্থীকে সরাসরি চিঠি দেওয়া হয় এবং পরবর্তীতে আরও ৭৪ জনকে চিঠি পাঠানো হয়। মোট ৮৬ জন শিক্ষার্থী এ স্বীকৃতি লাভ করেছেন।
Office of International Affairs সূত্রে জানা যায়, বিদেশে উচ্চশিক্ষা ও গবেষণায় যুক্ত খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের একটি সমন্বিত নেটওয়ার্ক গড়ে তোলার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে একটি গুগল ফর্ম তৈরি করে তাঁদের তথ্য সংগ্রহ করা হয়। প্রথম চার-পাঁচ দিনের মধ্যে ৩০ থেকে ৪০ জনের সাড়া পাওয়া যায়, যা পরে ৮১-তে পৌঁছায়।
সংগৃহীত তথ্য অনুযায়ী, খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা বর্তমানে যুক্তরাষ্ট্র, জাপান, দক্ষিণ কোরিয়া, জার্মানি, অস্ট্রেলিয়া, কানাডা, ভারত, ডেনমার্ক, সুইডেন, চীন, ফিনল্যান্ড, আয়ারল্যান্ড, সৌদি আরব, তুরস্ক, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে উচ্চশিক্ষা ও গবেষণায় নিয়োজিত রয়েছেন। তাঁদের মধ্যে অনেকে বিশ্বের বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স, পিএইচডি ও পোস্টডক্টরাল গবেষণা করছেন। কেউ শিক্ষকতা ও গবেষণা সহকারী হিসেবেও কাজ করছেন।
তাঁদের উচ্চশিক্ষার অর্থায়নে রয়েছে MEXT Scholarship, Erasmus Mundus, DAAD-EPOS, Global Korea Scholarship, ICCR, Chinese Government Scholarship, Hong Kong PhD Fellowship Scheme-সহ বিভিন্ন আন্তর্জাতিক বৃত্তি। পাশাপাশি Graduate Research Assistantship, Graduate Teaching Assistantship, Professor Funding এবং বিশ্ববিদ্যালয়ভিত্তিক ফেলোশিপের মাধ্যমে অনেকে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।
উদ্যোগটির বিষয়ে Office of International Affairs-এর পরিচালক অধ্যাপক ড. মো. আশিক উর রহমান বলেন, বিদেশে উচ্চশিক্ষা, গবেষণা ও শিক্ষকতায় নিয়োজিত বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগের কোনো প্রাতিষ্ঠানিক কাঠামো আগে ছিল না। যদিও বিভিন্ন অনানুষ্ঠানিক সূত্রে তাঁদের অবস্থান ও কার্যক্রম সম্পর্কে জানা গেছে, তবে সমন্বিতভাবে তাঁদের তথ্য সংরক্ষণ ও যোগাযোগের ব্যবস্থা ছিল না। এসব গ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয়ের সম্পদ এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে তাঁরা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করছেন। তাঁদের সঙ্গে প্রাতিষ্ঠানিক সম্পর্ক গড়ে তোলাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।
তিনি বলেন, ‘KU Global Scholars Initiative’-এর মাধ্যমে বিদেশে অবস্থানরত গ্র্যাজুয়েটদের সঙ্গে একটি নেটওয়ার্ক গড়ে তোলার পাশাপাশি তাঁদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত করার পরিকল্পনা রয়েছে। এসব গ্র্যাজুয়েট ভবিষ্যৎ শিক্ষার্থীদের জন্য মেন্টর হিসেবে কাজ করতে পারবেন। একই সঙ্গে তাঁদের মাধ্যমে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণাপ্রতিষ্ঠানের সঙ্গে একাডেমিক পার্টনারশিপ এবং যৌথ গবেষণার সুযোগ তৈরি হতে পারে। এতে আন্তর্জাতিক গবেষণা ও প্রকাশনার সংখ্যা বৃদ্ধির পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।
আগে এ ধরনের উদ্যোগ নেওয়া না হওয়ার বিষয়ে তিনি বলেন, আন্তর্জাতিকীকরণের ক্ষেত্রে নিজেদের গ্র্যাজুয়েটদের যে ভূমিকা ও দায়বদ্ধতা রয়েছে, তা অন্য কোনো মাধ্যমে একইভাবে পাওয়া সম্ভব নয়। তিনি নিজেও বিদেশে পড়াশোনা ও শিক্ষকতার অভিজ্ঞতা থেকে বিষয়টি উপলব্ধি করেছেন। বিদেশে বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলন আয়োজন এবং বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা তাঁকে নিজেদের সাবেক শিক্ষার্থীদের সম্পৃক্ত করার প্রয়োজনীয়তা উপলব্ধি করতে সহায়তা করেছে। তাঁর মতে, বিশ্ববিদ্যালয়ের প্রতি সাবেক শিক্ষার্থীদের যে আবেগ ও দায়বদ্ধতা রয়েছে, সেটিকে কাজে লাগিয়ে আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্র আরও সম্প্রসারণ করা সম্ভব।
বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক পরিচিতি বৃদ্ধিতে এ উদ্যোগের ভূমিকা সম্পর্কে অধ্যাপক ড. মো. আশিক উর রহমান বলেন, বিদেশে অবস্থান করলেও এসব গ্র্যাজুয়েট তাঁদের বিশ্ববিদ্যালয়ের পরিচয় ধারণ করছেন। তাঁরা বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণাপ্রতিষ্ঠানে খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করছেন। তাঁদের মাধ্যমে খুলনা বিশ্ববিদ্যালয়ের নাম আন্তর্জাতিক পরিমণ্ডলে ছড়িয়ে পড়বে এবং বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের সঙ্গে নতুন যোগাযোগ ও সহযোগিতার সুযোগ তৈরি হবে।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় দিবস খুলনা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংশ্লিষ্ট সবার জন্য আবেগ ও উদ্যাপনের একটি বিশেষ উপলক্ষ। বিদেশে অবস্থানরত গ্র্যাজুয়েটদের অর্জনকে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে উদ্যাপন এবং যাঁরা সরাসরি উপস্থিত হতে পারেননি তাঁদেরও উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত রাখার বিষয়টি বিবেচনা করেই এ দিন Appreciation Letter পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, ‘KU Global Scholars Initiative’-এর আওতায় ভবিষ্যতে বিদেশে অবস্থানরত খুলনা বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটদের তথ্যভান্ডার সমৃদ্ধ করা, তাঁদের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখা, বর্তমান শিক্ষার্থীদের মেন্টরশিপ দেওয়া এবং আন্তর্জাতিক পর্যায়ে গবেষণা ও একাডেমিক সহযোগিতার সুযোগ সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ২৬ নভেম্বর, ২০২৬ : সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হাম উপসর্গে আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১০৯ জন।
আজ বৃহষ্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৭ জন। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট সন্দেহজনক হামরোগীর সংখ্যা ২ লাখ ৬১ হাজার ৫৩৫ জন।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ১০২ জন, এবং গত ১৫ মার্চ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত মোট নিশ্চিত হামরোগীর সংখ্যা ২৬ হাজার ৪৭৬ জন।
গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ৩৪ হাজার ২৮০ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২ লাখ ২৫ হাজার ২৬৮ জন।
গত ২৪ ঘণ্টায় সাতজনসহ গত ১৫ মার্চ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত হাম উপসর্গে মোট ১ হাজার ২৬৫ জনের মৃত্যু হয়েছে।
এছাড়াও, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে একজনসহ এ পর্যন্ত নিশ্চিত হামে ১০৬ জনের মৃত্যু হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে গোপন তথ্যের ভিত্তিতে একটি অভিযান পরিচালনা করে পুলিশ ৮৬ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির হিসাবের খাতা সহ বাচ্চু মিয়া (৫০) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। আজ বৃহস্পতিবার বিকেলে চাতলপাড় পুলিশ তদন্ত কেন্দ্রের সাব-ইন্সপেক্টর আশরাফুল আলমের নেতৃত্বে পুলিশ উপজেলার ভলাকুট ইউনিয়নের খাগালিয়া পুরাতন আখড়া বাজারের পশ্চিমে মগলেন নদীর দক্ষিণ পাড় থেকে তাকে আটক করে।
গ্রেফতার হওয়া বাচ্চু মিয়া গোয়ালনগর ইউনিয়নের কদমতলী গ্রামের অণু মিয়ার ছেলে। চাতলপাড় পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবু হেনা মোহাম্মদ মোস্তফা রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবা বিক্রির সময় বাচ্চু মিয়াকে হাতেনাতে আটক করা হয়।
অভিযানের সময় তার দেহ তল্লাশি করে ৮৬ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির হিসাবের খাতা এবং একটি কাঠের নৌকা উদ্ধার করা হয়েছে। পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত বাচ্চু মিয়ার বিরুদ্ধে নাসিরনগর থানায় ৩টি সহ মোট ৪টি মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি আবেগঘন পোস্টের মাধ্যমে তিনি জানান যে, গীতিকার মহসিন মেহেদীর সঙ্গে তিনি আলাদা হচ্ছেন। পোস্টে তিনি উল্লেখ করেন, ‘মেহেদী এবং আমি আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। যে পথচলা একসময় আমাদের কাছে সবকিছু ছিল, তা আজ শেষ হলো।’
এই পোস্টটি প্রকাশিত হওয়ার পর শোবিজ অঙ্গনে গুঞ্জন শুরু হয় যে, ন্যান্সি বিচ্ছেদের পথে হাঁটছেন। এর কিছুক্ষণ পর দেখা যায়, ফেসবুক থেকে পোস্টটি মুছে ফেলা হয়েছে এবং পরে ন্যান্সির ব্যক্তিগত অ্যাকাউন্টটিও ডিঅ্যাক্টিভেট করা হয়েছে। যখন এ নিয়ে নানা জল্পনা-কল্পনা চলছিল, তখন বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় এক বেসরকারি গণমাধ্যমের কাছে ন্যান্সি বিষয়টি খোলাসা করেন। তিনি জানান, তাদের ডিভোর্স বা বিচ্ছেদ ঘটেনি।
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই শিল্পী পোস্টটি সরিয়ে নেওয়া ও অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করার বিষয়ে বলেন, ‘ফেসবুকের পোস্ট সরিয়ে নিয়েছি, এটা সত্য এবং অ্যাকাউন্টও ডিঅ্যাক্টিভেট করেছি। কিন্তু কেন করেছি, তার অবশ্যই কারণ রয়েছে।’
তিনি আরও বলেন, আমি ফেসবুক পোস্টে ‘আমাদের আলাদা’ হওয়ার কথা বলেছি। সেটা যে কারণে হোক, আমি লিখেছি। কিন্তু সেই শব্দটিকে ভিন্নভাবে উপস্থাপন করা হবে, তা বুঝতে পারিনি। আমারও ভুল হতে পারে, হয়তো বিষয়টি সেভাবে বোঝাতে পারিনি। এ কারণে পোস্টটি সরিয়ে নিয়েছি, যাতে এ নিয়ে আর বিভ্রান্তি না ছড়ায়।
অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করার বিষয়ে ন্যান্সি জানান, বিভ্রান্তি কমাতে পোস্ট মুছে ফেলার পরও তিনি দেখেন, কিছু মানুষ বিষয়টি নিয়ে নানা ধরনের নেতিবাচক কথা বলছেন। তাই বাধ্য হয়ে অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করেছেন এই গায়িকা।
বিচ্ছেদের গুঞ্জন নাকচ করে ন্যান্সি বলেন, ‘আমি আলাদা হওয়ার কথা উল্লেখ করেছি। আলাদা হওয়া আর ডিভোর্স এক নয়। বিষয়টি কিছু সংবাদমাধ্যম এমনভাবে উপস্থাপন করেছে, যেন বেশ আগে ডিভোর্স হয়ে গেছে আমাদের। আমি আপাতত তার (মহসিন মেহেদী) থেকে আলাদা থাকছি। মানুষ তো মান-অভিমান করেও আলাদা থাকে। আমাদের মধ্যকার বিষয়টি ঠিক এতটুকুই।’
উল্লেখ্য, ২০২১ সালের আগস্টের শেষ দিকে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে পারিবারিক আয়োজনে গীতিকার মহসিন মেহেদীর সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হন ন্যান্সি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ