বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ ইং
০৯:১৫ পি.এম
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ভুয়া তথ্য ব্যবহার করে জন্ম নিবন্ধন করার চেষ্টা করার অভিযোগে মো. আবুল কালাম (৪২) নামের এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে উপজেলার ৪ নম্বর খাড়েরা ইউনিয়ন পরিষদে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযুক্তকে দণ্ডাদেশ প্রদান করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানজিল কবির।
দণ্ডপ্রাপ্ত আবুল কালাম কসবা উপজেলার শাহপুর গ্রামের তোরাফ আলীর ছেলে। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, আবুল কালাম তিনটি জন্ম নিবন্ধনের আবেদনে মিথ্যা তথ্য দিয়ে নিবন্ধন করার চেষ্টা করেন। আবেদনে একজন ব্যক্তিকে তাঁর পিতা এবং দুই নারীকেই তাঁর মেয়ে হিসেবে উল্লেখ করা হয়। পরে আবেদনের তথ্য যাচাই করতে গিয়ে বিষয়টি ধরা পড়ে।
খাড়েরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনিরুজ্জামান যাচাই করে দেখতে পান, আবেদনে পিতা হিসেবে উল্লেখ করা ব্যক্তির কোনো ছেলে সন্তান নেই। একইভাবে, মেয়ে হিসেবে উল্লেখ করা দুই নারীর নামেও তাঁর কোনো কন্যাসন্তান নেই।
পরে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তাঁর নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানজিল কবির ঘটনাস্থলে গিয়ে বিষয়টি যাচাই করেন। যাচাইয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়। এ সময় আবুল কালাম নিজের অপরাধ স্বীকার করলে ভ্রাম্যমাণ আদালত তাঁকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
কসবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানজিল কবির বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, সঠিক ও যথাযথ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিত করতে এ ধরনের অভিযান ও আইনি ব্যবস্থা অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মার্কিন যুক্তরাষ্ট্রের অব্যাহত চাপ এবং হুমকি সত্ত্বেও, ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার থেকে সরে আসবে না এবং নিজেদের সঞ্চিত ইউরেনিয়ামের মজুদ কারও হাতে হস্তান্তর করবে না বলে স্পষ্টভাবে জানিয়েছে ইরান।
ইরানের পরমাণু শক্তি সংস্থার (এইওআই) প্রধান মোহাম্মদ এসলামি এক বিবৃতিতে এই ঘোষণা দেন। তিনি উল্লেখ করেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক শিল্প এবং সামগ্রিক পরমাণু প্রক্রিয়ার একটি অবিচ্ছেদ্য অংশ। এ সংক্রান্ত সমস্ত কার্যক্রম আন্তর্জাতিক নিরাপত্তা নীতি ও নির্দেশিকার আওতায় পরমাণু অপ্রসারণ চুক্তি (এনপিটি)-র অধীনে পরিচালিত হচ্ছে।
ইরানের পারমাণবিক কর্মসূচি এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিত করার আলোচনা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসলামি বলেন, “আরও একবার ইউরেনিয়াম সমৃদ্ধকরণের বিষয়টি তোলা হয়েছে এবং এটিকে আলোচনার এজেন্ডায় রাখার দাবি করা হচ্ছে। তবে সমৃদ্ধকরণ পরমাণু প্রক্রিয়ার এমন একটি অঙ্গ, যা আলাদা করা সম্ভব নয়। সমৃদ্ধকরণ না থাকলে পরমাণু শিল্পের অস্তিত্বই থাকে না।”
মার্কিন প্রশাসনের কঠোর সমালোচনা করে তিনি আরও বলেন, “এমনকি খোদ আমেরিকানরাও তাদের জাতীয় উন্নয়ন, জাতীয় নিরাপত্তা এবং প্রতিরক্ষা সংক্রান্ত নথিপত্রে পারমাণবিক প্রযুক্তিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। বিশ্বজুড়ে দেশগুলো যখন এটি অনুসরণ করছে, তখন ইরানের বিষয়ে তাদের এই দাবিগুলো মূলত প্রতারণা ও মিথ্যাচার ছাড়া আর কিছুই নয়।”
ইরানের বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রযাত্রায় পরমাণু খাত একটি চালিকাশক্তি হিসেবে কাজ করছে উল্লেখ করে মোহাম্মদ এসলামি স্পষ্ট ভাষায় জানান, ইরানিদের এই অধিকার থেকে পিছু হটার কোনো সুযোগ নেই।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কুশল মেন্ডিস শ্রীলঙ্কার নতুন টেস্ট অধিনায়ক হিসেবে নিযুক্ত হয়েছেন। বৃহস্পতিবার সকালে ধনঞ্জয়া ডি সিলভার দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর পর তিনি এই পদটি গ্রহণ করেন। মেন্ডিসের অধীনে নভেম্বরের পাকিস্তান সফরে দুই ম্যাচের সিরিজ হবে, যা তার প্রথম দায়িত্ব হিসেবে বিবেচিত হবে।
ধনাঞ্জয়া ডি সিলভার অধীনে ফেব্রুয়ারি ২০২৪ থেকে আগস্ট ২০২৬ পর্যন্ত ১৮টি টেস্টে নেতৃত্ব দেওয়া হয়েছে। নেতৃত্ব ছাড়ার সময় তিনি মন্তব্য করেন, "নতুন প্রজন্মকে দায়িত্ব দেওয়ার সময় এসেছে।" তবে তিনি নির্বাচনের জন্য এখনও উপলব্ধ থাকবেন।
মেন্ডিস শ্রীলঙ্কার ১৯তম টেস্ট অধিনায়ক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। গত মে মাসে তাকে সাদা বলের দুই সংস্করণে অধিনায়ক করা হয়েছিল। সবকিছু ঠিক থাকলে, পাকিস্তান সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টির পাশাপাশি প্রথমবারের মতো টেস্ট দলের অধিনায়কত্ব করতে দেখা যাবে তাকে।
মেন্ডিসের ৭৫ টেস্টে রান ৪৮৩৬, যা শ্রীলঙ্কার হয়ে এই ফরম্যাটে ১২তম সর্বোচ্চ। বর্তমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে শ্রীলঙ্কার শীর্ষ দুইয়ে ওঠার সম্ভাবনা নেই বললেই চলে। ফলে নতুন চক্র শুরু হওয়ার আগে মেন্ডিসের হাতে নিজেকে গড়ে তোলার সময় থাকবে।
ডি সিলভা অধীনে শ্রীলঙ্কা এ বছর দুটি সিরিজেই ১-০ ব্যবধানে পরাজিত হয়েছে—প্রথমে ওয়েস্ট ইন্ডিজে এবং পরে ঘরে ভারতের বিপক্ষে। তার সময়কালে শ্রীলঙ্কার রেকর্ড ছিল ৭ জয়, ৮ হার ও ৩ ড্র। সবচেয়ে বড় সমস্যা ছিল টেস্ট ম্যাচের সংখ্যা কম হওয়া।
২০২৫ সালের জুনে বাংলাদেশকে ১-০ ব্যবধানে হারানোর পর শ্রীলঙ্কার টেস্ট সূচিতে পুরো এক বছর কোনো ম্যাচ ছিল না। বর্তমান ডব্লিউটিসি চক্রেও তারা মাত্র ১২টি টেস্ট খেলছে, যা সর্বনিম্ন। ডি সিলভা বারবার বলেছেন, "এমন ফাঁকা সূচি টেস্ট বিশেষজ্ঞদের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করছে।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
শিক্ষার্থীদের চাকরির বাজারে আরো দক্ষ করে গড়ে তোলার উদ্দেশ্যে আগামী বছরের জানুয়ারি থেকে দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে বিষয়ভিত্তিক কোর্সের পাশাপাশি তিনটি বিশেষ দক্ষতা উন্নয়নমূলক কোর্স চালুর উদ্যোগ গ্রহণের কথা জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন।
ইউজিসি সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত এক আলোচনা সভায় তিনি এ বিষয়ে মন্তব্য করেন।
ড. মামুন উল্লেখ করেন, বর্তমানে শুধুমাত্র বিষয়ভিত্তিক জ্ঞান অর্জন করলেই শিক্ষার্থীদের চাকরির বাজারে সফলতা নিশ্চিত হয় না। একাডেমিক শিক্ষার পাশাপাশি তথ্যপ্রযুক্তি, চাকরির প্রস্তুতি, যোগাযোগ দক্ষতা, পেশাগত আচরণ ও নৈতিকতা বিষয়েও শিক্ষার্থীদের দক্ষতা অর্জন করা প্রয়োজন। এই উদ্দেশ্যে আগামী জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীদের জন্য ICT (Information and Communication Technology) & AI (Artificial intelligence), Employability Skill এবং Ethics and Professionalism—এই তিনটি বিশেষ কোর্স চালু করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এসব কোর্স শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞানের সঙ্গে আধুনিক কর্মক্ষেত্রে প্রয়োজনীয় দক্ষতা অর্জনে সহায়তা করবে।
তরুণদের জন্য সরকারের বিভিন্ন কর্মমুখী উদ্যোগের কথা উল্লেখ করে তিনি জানান, তরুণদের কর্মসংস্থান ও দক্ষতা বৃদ্ধিতে বর্তমান সরকার বিভিন্ন কর্মমুখী উদ্যোগ গ্রহণ করেছে। শিক্ষা ও প্রশিক্ষণের সঙ্গে কর্মসংস্থান, উদ্যোক্তা সৃষ্টি, প্রযুক্তিগত দক্ষতা এবং শিল্পখাতের চাহিদার সমন্বয় ঘটানোই এসব উদ্যোগের অন্যতম লক্ষ্য।
তিনি আরো বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ শুধুমাত্র চাকরির জন্য প্রস্তুত করা নয়; বরং তাদের এমনভাবে গড়ে তুলতে হবে, যাতে তারা পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে নতুন দক্ষতা অর্জন করতে পারে, নিজের কর্মসংস্থান তৈরি করতে পারে এবং অন্যদের জন্যও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার ৬ নং আওরাবুনিয়া ইউনিয়ন ওলামা দলের উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৮ অক্টোবর, ২০২৬) বিকেল ৪টায় উপজেলার আকনেরহাট বাজারে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
৬ নং আওরাবুনিয়া ইউনিয়ন ওলামা দলের আহ্বায়ক মাওলানা মোঃ ইলিয়াছ হোসেনের সভাপতিত্বে এবং সদস্য সচিব মাওলানা আব্দুর রহিমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঁঠালিয়া উপজেলা ওলামা দলের আহ্বায়ক ক্বারী মোঃ নেয়ামত উল্লাহ।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ৬ নং আওরাবুনিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল গফুর মাওলানা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাঁঠালিয়া উপজেলা ওলামা দলের সদস্য সচিব মাওলানা ইসমাইল, কাঁঠালিয়া সদর ইউনিয়ন ওলামা দলের নেতা মাওলানা আনোয়ার ও মাওলানা জাহিদুল ইসলাম।
আলোচনা সভায় বক্তারা ওলামা দলের ৪৭ বছরের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরে দলীয় আদর্শ বাস্তবায়ন এবং দেশ ও জাতির কল্যাণে আলেম-ওলামাদের ঐক্যবদ্ধ ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন। আলোচনা শেষে দেশ, জাতি ও দলের সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ