১২:৩২ পি.এম
গত বুধবার, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘বন্ধু’ হিসেবে উল্লেখ করে তাকে আন্তরিকভাবে কাছে টেনেছিলেন। এর পরের দিন, শুক্রবার, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পুতিনকে ‘খুনি’ বলে অভিহিত করেন।
জেলেনস্কি সিএনএন-কে বলেন, "আমাদের কাছে তিনি একজন শত্রু এবং অবশ্যই আমাদের কাছে তিনি একজন খুনি। আর আমি মনে করি, বিশ্বের অধিকাংশ মানুষের কাছেই তিনি একজন খুনি।"
গত বুধবার চীনে ট্রাম্প ও পুতিনের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়; এটি ২০২৫ সালের আগস্টের পর তাদের প্রথম সাক্ষাৎ। বৈঠকে, ট্রাম্প পুতিনকে ‘বন্ধু’ বলে সম্বোধন করেন এবং রুশ প্রেসিডেন্ট ইংরেজিতে জবাব দেন, "আপনার সাথে দেখা হয়ে ভালো লাগল।"
আরও পড়ুন: তাজমহল দেখতে চেয়েছিলেন পাক মন্ত্রী, মেলেনি অনুমতি
শুক্রবার, হোয়াইট হাউসে একটি সংবাদ সম্মেলনে ট্রাম্প পুতিন এবং চীনা নেতা শি চিনপিংয়ের সঙ্গে তার সুসম্পর্কের প্রশংসা করেন। তিনি বলেন, "পুতিনের সাথে আমার দারুণ সম্পর্ক রয়েছে। এটি খুবই ভালো একটি বিষয়। প্রেসিডেন্ট শির সাথেও আমার দারুণ সম্পর্ক রয়েছে। এটি ভালো দিক, আর এর কারণেই আমাদের দেশ নিরাপদ আছে।"
ট্রাম্পের কাছে প্রশ্ন করা হয়, তিনি কি পুতিনকে আমেরিকার বন্ধু বলে বিশ্বাস করেন; এর জবাবে তিনি বলেন, "আমি আমেরিকার হয়ে কথা বলতে পারব না। তবে আমাদের খুব ভালো সম্পর্ক, যা আমাদের বাড়তি অনেক শক্তি জোগায়।"
উল্লেখযোগ্য যে, ২০২২ সালের ফেব্রুয়ারিতে পুতিনের বাহিনী ইউক্রেনে সর্বাত্মক হামলা চালায়, যার ফলে শুরু হওয়া ভয়াবহ যুদ্ধে কয়েক লাখ মানুষ নিহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে ওয়াশিংটন কিয়েভের প্রধান সমর্থক ছিল। কিন্তু গত বছরের শুরুতে ট্রাম্প পুনরায় ক্ষমতায় ফেরার পর থেকে ইউক্রেনের জন্য সামরিক সহায়তা ব্যাপকভাবে কমিয়ে দিয়েছেন। সম্প্রতি যুক্তরাষ্ট্র রাশিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও রাশিয়া থেকে ডিজেল আমদানি করেছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি শান্তি প্রক্রিয়া চলছে।
আরও পড়ুন: নেতানিয়াহুর বিরুদ্ধে বিরোধী জোট ঐক্য ধরে রাখতে পারবে?
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন